নিউজ সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ বিভিন্ন মামলায় মোট ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) সোনারগাঁ থানা পুলিশের পরিচালিত এ অভিযানে মাদক মামলায় ৩ জন, মাদকসেবী ১৫ জন, চুরি মামলায় ৩ জন এবং ওয়ারেন্টভুক্ত ৩ জনকে গ্রেপ্তার করা হয়।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে মাদকসেবী হিসেবে আয়নাল হক (৪৫), গিয়াস উদ্দিন (৩৫), আবু তাহের (৫৪), সোহেল, জাহাঙ্গীর হোসেন সুমন (৩৯), কারুল (২৬), খবির হোসেন (৩৮), শামীম (৩৪), ইয়াছিন তমাল (২৮), আনোয়ার (৪৫), সজিব হোসেন (২৮), রিয়াদ হোসেন (২৩), লালচান (৩০), ইয়াদ আলী (২৫) ও আব্দুর রহমানকে (২৬) গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া মাদক মামলায় জাহাঙ্গীর হোসেন (৪২), মোক্তার মোল্লা (৪২) ও তাছলিমা (৩৬) গ্রেপ্তার হন।
অন্যদিকে, চুরি মামলায় জাকারিয়া (১৮), শরিফুল আলম বাবু (২০) ও ফরহাদকে (২২) গ্রেপ্তার করা হয়। পাশাপাশি বিভিন্ন মামলায় আদালতের পরোয়ানাভুক্ত আসামি হিসেবে জাবেদ মিয়া (৩৫), সিরাজুল ইসলাম ও মামুন মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে। মাদক ও অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।