নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সনমান্দী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে স্থানীয় অধিবাসীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ, বানোয়াট সংবাদ প্রচার ও চাঁদাবাজির দাবির প্রতিবাদে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলার মামুরদী ও হরিহরদী গ্রামের সাধারণ মানুষের যৌথ উদ্যোগে এ প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। এতে শিক্ষক, ব্যবসায়ী ও তরুণসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে উপস্থিত বক্তারা অভিযোগ করেন, মামুরদী গ্রামের আল আমিন, শাহ জালাল, জাকির, শাহ আলম, গিয়াসউদ্দিন, সাইদ ও শফিকুল এবং হরিহরদী গ্রামের আল আমিন, মাসুম, ডা. সামসুল ও সাখাওয়াতসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য তথ্য ছড়ানো হচ্ছে। একই সঙ্গে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মিথ্যা অভিযোগ তুলে সামাজিকভাবে সম্মানহানি করা হচ্ছে।
প্রতিবাদ সভায় অভিযুক্ত ব্যক্তিরা নিজেরাও স্বশরীরে উপস্থিত থেকে বক্তব্য দেন। তারা তাদের বিরুদ্ধে আনীত সব অভিযোগ অস্বীকার করে বলেন, “কোনো তথ্য যাচাই-বাছাই না করে ভিত্তিহীনভাবে সংবাদ প্রকাশ ও অভিযোগ তোলা একটি চিহ্নিত মহল থেকে চালানো হচ্ছে। এতে আমরা সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছি।” তারা সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আসল সত্য উদঘাটন করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানান।
সমাবেশে উপস্থিত প্রবীণ ব্যক্তিত্বরা বলেন, কোনো তথ্য যাচাই-বাছাই ছাড়াই স্থানীয় একটি পোর্টালে আমাদের বিরুদ্ধে নিউজ করা হয়। এটি সম্পূর্ণ মিথ্যা নিউজ। আমরা এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিবো। আইন ও নীতিমালার বাইরে গিয়ে কারও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কোনো অভিযোগ থাকলে তা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া উচিত।
মানববন্ধন শেষে উপস্থিত এলাকাবাসী একটি সংক্ষিপ্ত বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি স্থানীয় প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে স্লোগান দেয় এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানায়।