নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পূর্বশত্রুতার জেরে একটি মুদির দোকানে হামলা, ভাঙচুর, নগদ ৩ লাখ টাকা ও প্রায় ১০ লাখ টাকার মালামাল লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ১৬ জনের বিরুদ্ধে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ব্যবসায়ীর মেয়ে আইরিন আক্তার।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সোনারগাঁ থানাধীন মঙ্গলেরগাঁও এলাকায় ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে নাম উল্লেখ করা ব্যক্তিরা হলেন—মনির মেম্বার (৫৫), বাবু (২৩), জাহিদ (৩২), জুয়েল (৩০), যুবরাজ (১৮), শফিক (৪০), রোমান (১৮), আনোয়ার হোসেন (৩৫), আমির হোসেন (৪১) ও কমল হক (৩২)। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ১৬ জনকে অভিযুক্ত করা হয়েছে।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, পূর্বশত্রুতার জেরে অভিযুক্তদের সঙ্গে অভিযোগকারীর পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ২৭ অক্টোবর সন্ধ্যায় অভিযুক্তরা মঙ্গলেরগাঁও এলাকায় অভিযোগকারীর বাবার মালিকানাধীন মুদির দোকানে হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, ঘটনার সময় দোকানে মালিককে না পেয়ে অভিযুক্তরা দোকানটিতে ভাঙচুর চালান। পরে দোকান থেকে নগদ ৩ লাখ টাকা এবং প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যান বলে দাবি করেন অভিযোগকারী।
এ সময় অভিযুক্তরা ভবিষ্যতে সুযোগ পেলে প্রাণনাশের হুমকি দেন এবং লাশ গুম করে ফেলার ভয়ভীতি দেখান বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগকারী জানান, ঘটনার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে পরামর্শ এবং পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনের সঙ্গে আলোচনা করার কারণে থানায় অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে।
এ বিষয়ে সোনারগাঁ থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।