নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত এক চিকিৎসককে মারধরের চেষ্টার অভিযোগে মোয়াজ্জেম হোসেন (৪০) নামে এক ফার্নিচার ব্যবসায়ীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে এ অপ্রীতিকর ঘটনা ঘটে।
আটক মোয়াজ্জেম হোসেন উপজেলার আমিনপুর ডাকঘরের ষোলপাড়া গ্রামের মোসলেম বেপারীর ছেলে। তিনি পেশায় একজন ফার্নিচার ব্যবসায়ী।
হাসপাতাল সূত্রে জানা যায়, দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগের ১০১ নম্বর কক্ষে রোগী দেখছিলেন আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মুস্তাফিজুর রহমান দিগন্ত। এ সময় তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে চিকিৎসকের ওপর চড়াও হন মোয়াজ্জেম। একপর্যায়ে তিনি ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন, টেবিলে সজোরে থাপ্পড় মারেন এবং চিকিৎসককে মারধরের উদ্দেশ্যে তেড়ে যান।
পরিস্থিতি বেগতিক দেখে তাৎক্ষণিকভাবে এগিয়ে আসেন হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আনসার সদস্যরা। আনসার বাহিনীর সহকারী প্লাটুন কমান্ডার (এপিসি) মো. আব্দুল্লাহ আল মামুন ও সদস্য মো. দেলোয়ার হোসেন দ্রুত অভিযুক্ত মোয়াজ্জেমকে হাতেনাতে আটক করেন।
পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে সোনারগাঁও থানা পুলিশকে অবহিত করা হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্তকে হেফাজতে নেয়।
একটি সরকারি সেবামূলক প্রতিষ্ঠানে দায়িত্ব পালনকালে চিকিৎসকের ওপর এমন হামলার চেষ্টার ঘটনায় হাসপাতালজুড়ে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি জানিয়েছেন।
সোনারগাঁও থানা পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।