নিজস্ব প্রতিবেদক :নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশের বিশেষ অভিযানে ১০৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ সোমবার (৯ নভেম্বর) সোনারগাঁ থানার বিভিন্ন এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে মাদক মামলায় ৩ জন, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ১ জন, ওয়ারেন্টভুক্ত ১ জন এবং ১১ জন মাদকসেবী রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএম-এর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর নেতৃত্বে থানা পুলিশের একাধিক টিম এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী এই বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে ১০৮ পিস ইয়াবাসহ গ্রেপ্তার মাদক কারবারিরা হলেন—মোসাঃ মিনু (৫০), ওসমান গণি (৪৫) ও রাব্বী হাসান ওরফে জুনায়েদ (২২)।
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার হয়েছেন চর ডলিয়া এলাকার আয়নাল হক (৬০)। এছাড়া আদালতের পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) আসামি মোসাঃ তাছলিমা আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে।
একই অভিযানে মাদক সেবনের দায়ে আটক ১১ জন হলেন—মোঃ শাওন (২৭), মোঃ মামুন (৩০), মোঃ মুন্না (২৫), মোঃ দিপু (২৮), রুবেল আহসান (২০), মোঃ রুয়েল আলী (৩৪), সুমন মিয়া (২৭), আকাশ (২০), মোঃ মাসুম (৩৫), মোঃ তামিম ইকবাল (২০) ও মোঃ শামীম (৩০)।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ জানান, অপরাধ দমন ও মাদক নির্মূলে পুলিশের এই নিয়মিত বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।