ফরিদ হোসেন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় একটি গাছ বোঝাই ট্রাক উল্টে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) ভোর ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে মহাসড়কের এক পাশে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ যানজট তৈরি হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী, চালক ও কর্মজীবী মানুষ।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৬টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি গাছ বোঝাই ট্রাক মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের (ডিভাইডার) সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রাকটি রাস্তার মাঝখানে উল্টে যায় এবং ট্রাকে থাকা গাছের গুঁড়িগুলো সড়কের ওপর ছড়িয়ে পড়ে। ফলে ওই লেনে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
দুর্ঘটনার পর দীর্ঘ সময় ট্রাকটি সড়কে পড়ে থাকায় মহাসড়কের এক পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশের যৌথ প্রচেষ্টায় সড়কে ছড়িয়ে থাকা গাছের গুঁড়িগুলো সরানো হলে যান চলাচল কিছুটা শুরু হয়। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত মহাসড়কটি পুরোপুরি যানজটমুক্ত হয়নি।
যানজটের ভোগান্তির কথা জানিয়ে স্থানীয় বাসচালক রফিকুল বলেন, “সকাল ৬টায় ট্রাক উল্টে যানজট শুরু হওয়ার পর থেকে সড়ক স্থবির হয়ে আছে। কাঁচপুর থেকে মোগরাপাড়া পর্যন্ত আসতেই আমার প্রায় তিন ঘণ্টা সময় লেগেছে।”
অন্যদিকে, মেঘনা শিল্পাঞ্চলের একটি কারখানার শ্রমিক সবুজ বলেন, “সকাল ৭টায় আমার ডিউটি শুরু। যানজটে গাড়ি আটকে থাকায় বাধ্য হয়ে তিন কিলোমিটার পথ হেঁটে মোগরাপাড়া পর্যন্ত এসেছি। কারখানায় পৌঁছাতে এখনো আরও আধা ঘণ্টা লাগবে।”
এ বিষয়ে ঘটনাস্থলে উপস্থিত কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল রানা জানান, ভোরে ট্রাকটি উল্টে গাছগুলো সড়কে ছড়িয়ে পড়ায় এই যানজটের সৃষ্টি হয়েছে। ভোরবেলা গাছ সরানোর জন্য পর্যাপ্ত শ্রমিক না পাওয়ায় উদ্ধারকাজ শুরু করতে কিছুটা বিলম্ব হয়েছে। বর্তমানে শ্রমিকদের সহায়তায় গাছ সরানো হয়েছে এবং রেকারের মাধ্যমে দুর্ঘটনাকবলিত ট্রাকটি রাস্তা থেকে সরিয়ে যান চলাচল পুরোপুরি স্বাভাবিক করার চেষ্টা চলছে।