সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মী, মাদক ব্যবসায়ী, ডাকাত এবং ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। শনিবার (১৪ নভেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের (পিপিএম) নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিকের (পিপিএম) নেতৃত্বে থানা এলাকায় বিশেষ অভিযান চালানো হয়।
অভিযানে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী যুবলীগের কাঁচপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি মাহমুদুল হাসানকে (৩০) গ্রেপ্তার করা হয়। তিনি কাঁচপুর উত্তর পাড়ার মো. শাহ জালালের ছেলে।
এছাড়া সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন— নিষিদ্ধ ঘোষিত সংগঠন সোনারগাঁ উপজেলা আওয়ামী যুবলীগের প্রচার সম্পাদক ও সনমান্দি ইউনিয়নের চরলাল গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মো. আবু ছিদ্দিক (৫০), শম্ভুপুরা ইউনিয়ন শেখ রাসেল কিশোর পরিষদের সাধারণ সম্পাদক ও চৌধুরীগাঁও গ্রামের মোক্তার হোসেনের ছেলে মো. খালিদ হাসান (৩০) এবং বারদী ইউনিয়ন আওয়ামী লীগের কার্যকরী সদস্য ও বারদী মিস্ত্রিপাড়া গ্রামের মৃত বজলুল হকের ছেলে মো. তাইজুল হক (৬৫)।
অন্যদিকে, ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাবিবপুর গ্রামের মৃত কাশেম মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী মো. জুয়েল মিয়াকে (২৫) গ্রেপ্তার করে পুলিশ। পাশাপাশি মাদক সেবনের দায়ে সোনাপুর গ্রামের মো. মুহিম রেজা মুন্না (২৫), ফতুল্লার ধর্মগঞ্জ পাকাপুল এলাকার মো. আবু বক্কর সিদ্দিক (৩২), ঢাকার শ্যামপুরের নারিন্দা এলাকার মো. সাগর হোসেন (২৯) এবং লক্ষ্মীপুরের রামগতি থানার চর আলেকজান্ডার এলাকার মো. জাকিরকে (৪০) আটক করা হয়।
একই অভিযানে ডাকাতি মামলার আসামি নেত্রকোনার আটপাড়া থানার আমাটি গ্রামের আমিনুলের ছেলে মুন্না হাসানকে (২৩) কাঁচপুর সেনপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এছাড়া নিয়মিত মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সোনারগাঁয়ের রামগোবিন্দের গাঁও এলাকার মৃত অখিল উদ্দিনের ছেলে আ. লতিফ (৬৫) এবং একই এলাকার মৃত অলিখ উদ্দিনের ছেলে মোক্তার হোসেনকে (৬০) গ্রেপ্তার করা হয়েছে।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তারকৃত ১২ জনকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে শনিবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।