নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশের বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলা, মাদকসেবী, নিয়মিত মামলা ও পরোয়ানাভুক্তসহ বিভিন্ন অভিযোগে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় দিনব্যাপী এই অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) মোঃ হাবিবুর রহমানের (পিপিএম) নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিকের (পিপিএম) নেতৃত্বে থানা পুলিশের একাধিক টিম এই অভিযান পরিচালনা করে।
অভিযানে বৈষম্যবিরোধী মামলায় গ্রেফতার হয়েছেন সোনারগাঁয়ের হাতুরাপাড়া গ্রামের জাহিদ হাসান ও কাঁচপুর উত্তর পাড়া গ্রামের মাহমুদুল হাসান ওরফে সবুজ।
মাদক সেবনের অভিযোগে আটক ৭ জন হলেন— মোগড়াপাড়া ইউনিয়নের ভাগলপুর গ্রামের শাহীন (৪৭), চেংগাকান্দি গ্রামের উজ্জল (৩২), বন্দর থানার চর ইসলামপুর গ্রামের নূর মোহাম্মদ জনি (৩০), কাইকারটেক গ্রামের কাজী পিয়াল (২২), রংপুরের বদরগঞ্জ থানার গোপালপুর গ্রামের মজিবুল (২২), হাজীরহাট থানার সিটকাল্লাবন গ্রামের রবিউল (২৫) এবং মুন্সিগঞ্জের গজারিয়া থানার নতুনচুর গ্রামের সোলেইমান (৩৮)।
এ ছাড়া নিয়মিত মামলায় বারদী ইউনিয়নের ফুলদী গ্রামের সোহেল মিয়া (২৮) ও পিরোজপুর ইউনিয়নের পূর্ব কান্দারগাঁও গ্রামের তৌহিদকে (২০) গ্রেফতার করা হয়। তারা দুজনই বর্তমানে সোনারগাঁ পৌরসভা এলাকায় বসবাস করতেন। অন্যদিকে, আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি হিসেবে সেনপাড়া গ্রামের মোঃ সাগর মিয়া এবং ছোট সাদিপুর এলাকার মোঃ আসাদুজ্জামানকে আটক করে পুলিশ।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, “উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও অপরাধ নির্মূলে পুলিশের এই বিশেষ অভিযান চলমান রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আজই নারায়ণগঞ্জ বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।”