নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নে কবুতর চুরির অভিযোগে গণপিটুনিতে মো. সোহেল (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল (রোববার) রাতে ইউনিয়নের ভারগাঁও নন্দীপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. সোহেল বরিশাল জেলার বাসিন্দা। তিনি সোনারগাঁয়ের ভারগাঁও বেড়িবাঁধ এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় বসবাস করতেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল রাতে সাদিপুর ইউনিয়নের ভারগাঁও নন্দীপুর এলাকার বাসিন্দা মো. আলীর বাড়িতে কবুতর চুরি করতে ঢোকেন সোহেল। বিষয়টি বাড়ির মালিক টের পেয়ে ‘চোর চোর’ বলে চিৎকার শুরু করেন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে সোহেলকে ধরে ফেলেন। পরে উত্তেজিত জনতা তাকে পাশের নন্দীপুর নতুন মসজিদ এলাকায় নিয়ে গিয়ে গণপিটুনি দেয়।
এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সোনারগাঁ থানা পুলিশের পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।