নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রাতের আঁধারে অস্ত্রধারী দুর্বৃত্তদের বুলডোজার হামলায় ক্ষতিগ্রস্ত এক অসহায় নারীর বাড়িঘর পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।
গতকাল (সোমবার) গভীর রাতে সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকায় বাড়ির মালিক ঘুমন্ত থাকা অবস্থায় প্রায় দেড় থেকে দুইশ অস্ত্রধারী দুর্বৃত্ত বুলডোজার নিয়ে অতর্কিত হামলা চালিয়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়।
আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান ক্ষতিগ্রস্ত পরিবারটির সার্বিক খোঁজখবর নেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জকে (ওসি) কঠোর ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।
পরিদর্শনকালে সংসদ সদস্য বলেন, “অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সমাজে কোনো ধরনের অন্যায়, জুলুম বা সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাশত করা হবে না।” তিনি যেকোনো অন্যায়ের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানান।
এ সময় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি ও এর অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন। স্থানীয় বাসিন্দারা এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।