নিজস্প্র তিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে খড়বোঝাই একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রাকে থাকা সব খড় পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে উপজেলার জামপুর ইউনিয়নের মিরেরটেক বাজার এলাকায় এশিয়ান হাইওয়ে (ঢাকা–চট্টগ্রাম বাইপাস) সড়কে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দিনাজপুর থেকে খড়বোঝাই (ঢাকা মেট্রো-ট-১৫-২০৯৬) ট্রাকটি ভোর সাড়ে ৩টার দিকে মিরেরটেক বাজার জামে মসজিদের সামনে এসে পৌঁছায়। খড় নামানোর (আনলোড) অপেক্ষায় ট্রাকটি সড়কের পাশে দাঁড় করিয়ে ভেতরেই ঘুমিয়ে পড়েন চালক ও হেলপার।
ভোর সাড়ে ৫টার দিকে এক নারী পথচারী ট্রাকে আগুন জ্বলতে দেখে চালককে ডেকে তোলেন। ওই পথচারী জানান, এর কিছুক্ষণ আগে একটি মোটরসাইকেলে করে তিনজন দুর্বৃত্ত এসে ট্রাকটিতে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়।
আগুন লাগার বিষয়টি টের পেয়ে চালক ট্রাকটি রক্ষার জন্য প্রায় ১৫০ গজ সামনে এগিয়ে নিয়ে যান এবং রাস্তার পাশের পানিতে জ্বলন্ত খড় ফেলে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে সোনারগাঁ থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে সকাল সাড়ে ৭টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ট্রাকে থাকা সব খড় পুড়ে ছাই হয়ে যায়।
এ বিষয়ে সোনারগাঁ থানা-পুলিশ জানায়, অগ্নিসংযোগের ঘটনায় জড়িত দুর্বৃত্তদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।