নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী বাজারে সরকারি খাস জমি দখল, পুরোনো গাছ কেটে ফেলা এবং সরকারি সড়ক ক্ষতিগ্রস্ত করে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাজার পরিচালনা কমিটির পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করা হয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করে আপাতত নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে স্থানীয় ভূমি অফিস।
বাজার পরিচালনা কমিটির অভিযোগ সূত্রে জানা যায়, বারদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম বাবু ও তাঁর সহযোগী বারদী ইউনিয়ন যুবলীগের সহ-শ্রম বিষয়ক সম্পাদক ওসমানের নেতৃত্বে একটি পক্ষ সরকারি জমি দখলের চেষ্টা করছে। বারদী মৌজার আরএস ৬ ও ৭ নম্বর দাগভুক্ত খাস জমিতে এ দখলপ্রক্রিয়া চালানো হচ্ছে বলে দাবি তাঁদের।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, জমি দখলের অংশ হিসেবে প্রায় ৫০ বছর বয়সী একটি সরকারি গাছ কেটে ফেলা হয়েছে। পাশাপাশি সরকারি রাস্তা ভেঙে সেখানে অবৈধভাবে ঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে বাজারের স্বাভাবিক পরিবেশ ও জনসাধারণের চলাচল বিঘ্নিত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় ব্যবসায়ীরা।
বারদী বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল হালিম জানান, দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট জমি ও গাছপালা সরকারি সম্পত্তি হিসেবে পরিচিত। সম্প্রতি গাছ কেটে রাস্তা ক্ষতিগ্রস্ত করে স্থাপনা নির্মাণের কাজ শুরু হওয়ায় তাঁরা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। জমিটি দখলমুক্ত করে সরকারি সম্পত্তি রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি। কমিটির সদস্য মো. বিল্লাল দ্রুত তদন্ত করে অবৈধ স্থাপনা অপসারণ এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
অন্যদিকে, সরকারি জমি দখল ও অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ অস্বীকার করেছেন সাবেক চেয়ারম্যান আবুল কাশেম বাবু। তিনি দাবি করেন, বিতর্কিত সম্পত্তিটি তাঁদের পূর্বপুরুষের। বাজার পরিচালনা কমিটি সরকারি জমি দাবি করে অভিযোগ করায় নির্মাণকাজ বন্ধ রয়েছে এবং ভূমি অফিসের চাহিদা অনুযায়ী শিগগিরই জমির প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া হবে।
এ বিষয়ে বারদী ইউনিয়ন ভূমি অফিসের নায়েব মো. রহমতুল্লাহ বলেন, বাজার কমিটির অভিযোগের পর ঘটনাস্থলে গিয়ে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ কারণে আপাতত নির্মাণকাজ বন্ধ রাখা হয়েছে এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় কাগজপত্রসহ ভূমি অফিসে হাজির হতে বলা হয়েছে।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত জানান, বিষয়টি তিনি মৌখিকভাবে অবগত হয়েছেন এবং হোয়াটসঅ্যাপে একটি লিখিত অভিযোগ পেয়েছেন। তবে এখনো মূল আবেদন হাতে পাননি। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।