সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: চট্টগ্রামের হাটহাজারীতে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া মো. গোলজার হোসেন (৫৫) নামের এক ব্যক্তির স্বজনদের সন্ধান চেয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় চিঠি দিয়েছে হাটহাজারী মডেল থানা পুলিশ।
সোনারগাঁ থানায় পাঠানো ওই চিঠি সূত্রে জানা যায়, হাটহাজারী থানা এলাকা থেকে অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তিকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৬ জুলাই সন্ধ্যা ৬টা ১২ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পরবর্তীতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সহায়তায় জাতীয় পরিচয়পত্রের তথ্য যাচাই করে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়। পরিচয়পত্র অনুযায়ী, তাঁর নাম মো. গোলজার হোসেন। বাবার নাম মো. আব্দুল মজিদ এবং মায়ের নাম মালেকজান। স্থায়ী ঠিকানা হিসেবে নারায়ণগঞ্জ জেলার মেঘনা এলাকার ‘বাজার চর’ উল্লেখ রয়েছে।
ঠিকানার সূত্র ধরে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে যোগাযোগ করেও এখন পর্যন্ত তাঁর পরিবারের কোনো খোঁজ পাওয়া যায়নি। এ অবস্থায় নিহত গোলজার হোসেনের পরিবার বা নিকটাত্মীয়দের খুঁজে বের করতে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মাধ্যমে স্থানীয়দের সহযোগিতা কামনা করেছে হাটহাজারী মডেল থানা পুলিশ। কোনো সহৃদয় ব্যক্তি তাঁর স্বজনদের পরিচয় জেনে থাকলে নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।