নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের আড়াইহাজারে সন্তান জন্ম দেওয়ার প্রায় ছয় ঘণ্টার মধ্যে নারগিস আক্তার (৩৫) নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে। সোমবার (৫ অক্টোবর) রাতে আড়াইহাজার বাজারের বেসরকারি প্রবাসী কল্যাণ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
পরিবারের অভিযোগ, সন্তান প্রসবের পর অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলেও সময়মতো প্রয়োজনীয় চিকিৎসা না পাওয়ায় নারগিসের মৃত্যু হয়েছে।
স্বজনেরা জানান, নারগিসের এটি ছিল পঞ্চম সন্তান। এর আগে তাঁর চার সন্তানই স্বাভাবিকভাবে জন্ম নেয়। তবে এবার সন্তান প্রসবের আগে জটিলতার আশঙ্কায় তাঁকে সিজারিয়ান অস্ত্রোপচারের পরামর্শ দেওয়া হয়েছিল। পরিবারের দাবি, সেই পরামর্শ অনুযায়ী সিজারিয়ান না করে হাসপাতালে স্বাভাবিক প্রসব করানোর চেষ্টা করা হয়।
সন্তান প্রসবের পরপরই নারগিসের অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয় বলে জানান স্বজনেরা। তাঁদের অভিযোগ, রক্তক্ষরণ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কয়েক ঘণ্টা সময় চলে যায়। একপর্যায়ে তাঁর রক্তচাপ কমে যায়। পরে সন্তান জন্ম দেওয়ার প্রায় ছয় ঘণ্টার মধ্যে তাঁর মৃত্যু হয়।
নারগিসের স্বামী মিন্নত আলী অভিযোগ করে বলেন, ‘আমার স্ত্রীর চিকিৎসায় অবহেলা করা হয়েছে। ঘটনার পর স্থানীয়ভাবে চাপ প্রয়োগ করে আমাকে মামলা না করার জন্য বলা হয়েছে।’
তবে চিকিৎসায় কোনো ধরনের গাফিলতির অভিযোগ অস্বীকার করেছেন প্রবাসী কল্যাণ হাসপাতালের চেয়ারম্যান হরজত আলী। তিনি বলেন, ঢাকা মেডিকেল কলেজের গাইনি বিভাগের চিকিৎসক জাজভীন হাসান কেয়া ও নার্স আরিফা রোগীর চিকিৎসাসেবায় নিয়োজিত ছিলেন। চিকিৎসায় কোনো ত্রুটি ছিল না। তাঁরা রোগীকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করেছেন।
এদিকে ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হাসপাতালে গিয়েছিলেন বলে জানিয়েছেন আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাবজেল হোসেন। তিনি বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি। এ ঘটনায় কেউ অভিযোগ করলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় চিকিৎসায় অবহেলা ছিল কি না, তা নিয়ে তদন্তের দাবি জানিয়েছেন নিহত নারগিসের স্বজনেরা।



