নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক মামলায় দুইজন, মাদকসেবী চারজন, পরোয়ানাভুক্ত একজন এবং বৈষম্যবিরোধী মামলায় একজনসহ মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২ অক্টোবর) সোনারগাঁ থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তার চার মাদকসেবী হলেন, সোনারগাঁয়ের লাদুরচর মধ্যপাড়ার মৃত ওসমান গনির ছেলে মো. ফয়সাল (৩০), দড়িকান্দি এলাকার আব্দুল মালেকের ছেলে মো. মিলন (২৫), নুনেরটেক এলাকার মো. ইসলাম আলীর ছেলে মো. হোসেন আলী (২৫) এবং লক্ষ্মীপুরের রামগতি থানার চর আলেকব্যেন্দ্র গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে মো. জাকির (৪৫), যিনি বর্তমানে কাঁচপুর এলাকায় বসবাস করেন।
মাদক মামলায় গ্রেপ্তার দুজন হলেন, সোনারগাঁয়ের চর কামালদি এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে জাকির (৪৩) এবং লাদুরচর মধ্যপাড়া এলাকার মৃত লাল মিয়ার ছেলে মো. আনোয়ার হোসেন (৪৮)।
এ ছাড়া বৈষম্যবিরোধী মামলায় পঞ্চপ্রটি এলাকার সালাউদ্দিনের ছেলে মো. রবিন সরকার (২৭) এবং পরোয়ানাভুক্ত আসামি হিসেবে মনারবাগ এলাকার এরশাদ আলীর ছেলে মো. অমিত হাসানকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের দাবি, অভিযানে মাদক মামলায় গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে মোট ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে সোনারগাঁ থানা পুলিশ।



