নিজস্ব প্রতিবেদক :নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার সাবেক মেয়র ও বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির (বিসিডিএস) কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি সাদেকুর রহমান সাদেক ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে ঢাকায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স ও মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সাদেকুর রহমান সোনারগাঁ পৌরসভার সাবেক মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি আমিনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে তিনবার নির্বাচিত হয়েছিলেন।
২০১৫ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত সোনারগাঁ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী হিসেবে অংশ নিয়ে তিনি বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হন। পরবর্তীতে তাঁর নেতৃত্বে পৌর পরিষদ কার্যক্রম পরিচালিত হয়।
২০২২ সালের মে মাসে স্থানীয় সরকার মন্ত্রণালয় সোনারগাঁ পৌর পরিষদ বিলুপ্ত ঘোষণা করে। এর ফলে মেয়র হিসেবে সাদেকুর রহমানের দায়িত্বের অবসান ঘটে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) পৌরসভার প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।
সাদেকুর রহমান দীর্ঘদিন বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির (বিসিডিএস) কেন্দ্রীয় কমিটির সভাপতির দায়িত্বও পালন করেছেন।
২০১৮ সালের ডিসেম্বরে সোনারগাঁ জাদুঘরের সামনে গাড়িতে ধাক্কা লাগাকে কেন্দ্র করে এক নসিমন চালককে লাঠি দিয়ে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তিনি আলোচনায় আসেন। এ ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়েন এবং পরে পুলিশ তাঁকে সাময়িকভাবে আটক করেছিল বলে জানা যায়।
তাঁর মৃত্যুতে সোনারগাঁয়ের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী মহলে শোকের ছায়া নেমে এসেছে।



