নিউজ সোনারগাঁ : কুমিল্লার দাউদকান্দি এলাকায় একটি গাড়ি বিকল হয়ে পড়ার ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কয়েক কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। যানজট ধীরে ধীরে বিস্তৃত হয়ে নারায়ণগঞ্জের মোগরাপাড়া চৌরাস্তা এলাকা পর্যন্ত পৌঁছে গেছে বলে জানা গেছে। এ কারণে দীর্ঘ সময় ধরে আটকে পড়েছেন দূরপাল্লার যাত্রী ও সাধারণ মানুষ।
রোববার (২৪ মে) দুপুর থেকে মহাসড়কে যান চলাচল ধীরগতির হয়ে পড়ে। পরে বিকল গাড়িটি সরিয়ে নেওয়ার আগ পর্যন্ত একের পর এক যানবাহন আটকে গিয়ে দীর্ঘ যানজট তৈরি হয়। এতে বিশেষ করে শিশু, নারী ও বৃদ্ধ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
যানজটে আটকে থাকা কয়েকজন যাত্রী জানান, তীব্র গরমের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা সড়কে অপেক্ষা করতে হচ্ছে। অনেক যানবাহনে পর্যাপ্ত পানি ও বাতাসের ব্যবস্থা না থাকায় দুর্ভোগ আরও বেড়েছে। কেউ কেউ নির্ধারিত সময়ের গুরুত্বপূর্ণ গন্তব্যেও পৌঁছাতে পারেননি।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈদকে সামনে রেখে এমনিতেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। এর মধ্যে একটি গাড়ি বিকল হয়ে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে। সাম্প্রতিক সময়েও এই মহাসড়কের কয়েকটি অংশকে যানজটপ্রবণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যানজট নিরসনে কাজ করছে বলে জানা গেছে। তবে যানজট পুরোপুরি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগতে পারে। যাত্রীদের বিকল্প সড়ক ব্যবহার ও সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।
Tag: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণহানি
-

দাউদকান্দিতে গাড়ি বিকল, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কয়েক কিলোমিটার তীব্র যানজট: গরমে দুর্ভোগে যাত্রীরা
-

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি রোধে পুলিশ-আনসার যৌথ টহল, কমেছে অপরাধ
নিউজ সোনারগাঁ : ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি ও ছিনতাই রোধে পুলিশের পাশাপাশি আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। কাঁচপুর থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত অন্তত চারটি গুরুত্বপূর্ণ স্পটে স্থায়ী টিমের পাশাপাশি রানিং টিমসহ একাধিক টিম কাজ করছে বলে জানিয়েছে সোনারগাঁ থানা পুলিশ।
জানা গেছে, গত ৫ আগস্টের পর ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার কয়েকটি এলাকায় ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে যায়। বিশেষ করে টিপরদি, মোগরাপাড়া চৌরাস্তা, পিরোজপুর ইউনিয়ন পরিষদের সামনে এবং মেঘনা টোল প্লাজা এলাকায় প্রতিদিনই একাধিকবার ডাকাতির শিকার হতেন এই সড়কে চলাচলরত যাত্রী ও চালকরা।
ডাকাতরা মূলত বিদেশ ফেরত যাত্রীবাহী গাড়িগুলোকে টার্গেট করত। তারা হঠাৎ করে কৃত্রিম যানজট সৃষ্টি করে ৮ থেকে ১০ জনের সংঘবদ্ধ দল নিয়ে গাড়ির গ্লাস ভেঙে যাত্রীদের ওপর হামলা চালিয়ে নগদ টাকা ও মালামাল লুট করে নিত। এতে অনেক মানুষ সর্বস্ব হারিয়েছেন। মাঝেমধ্যে ডাকাত আটক হলেও কোনোভাবেই ডাকাতির ঘটনা কমছিল না।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অবশেষে কাঁচপুর থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত ৪ থেকে ৫টি স্পটে পুলিশের পাশাপাশি আনসার সদস্য মোতায়েন করা হয়। এর ফলে আগের তুলনায় মহাসড়কে ডাকাতির ঘটনা কিছুটা হলেও কমেছে বলে আশা প্রকাশ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
মোগরাপাড়া চৌরাস্তার ব্যবসায়ীরা জানান, পুলিশ ও আনসার সদস্যদের যৌথ তৎপরতা শুরু হওয়ার পর মহাসড়কে ডাকাতির ঘটনা উল্লেখযোগ্যভাবে কমেছে। আগে দিন ও রাত যেকোনো সময় ডাকাতির আশঙ্কা থাকলেও গত কয়েকদিন ধরে পরিস্থিতির উন্নতি হয়েছে।
এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহিববুল্লাহ জানান,
“ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি রোধে আমরা পুলিশের পাশাপাশি আনসার সদস্য মোতায়েন করেছি। নিয়মিত টহল ও চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে। মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।” -

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস খাদে, আহত অন্তত ১০
নিউজ সোনারগাঁ : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মালিবাগ জাঙ্গাল এলাকায় দোয়েল পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। বৃহস্পতিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোনারগাঁয়ের মোগরাপাড়া থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া বাসটি মালিবাগ এলাকায় পৌঁছালে হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি সড়কের পাশের খাদে পড়ে উল্টে যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালিয়ে নারী ও শিশুসহ অন্তত ১০ জন আহত যাত্রীকে উদ্ধার করে বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করেন।
খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
সোনারগাঁও ফায়ার সার্ভিসের অফিসার ইনচার্জ জাহিদ চৌধুরী বলেন, “বাসটি উল্টে থাকায় কেউ নিহত হয়েছেন কি না, তা এখনো নিশ্চিত নয়। আমাদের ডুবুরি দল তল্লাশি চালিয়েছে। ইতোমধ্যে একটি রেকার এসে পৌঁছেছে, আরেকটি রেকার আসার পথে রয়েছে। বাসটি তোলার পরই নিশ্চিত হওয়া যাবে কেউ ভেতরে আটকা ছিলেন কি না।”
এ ঘটনায় মহাসড়কের উভয় পাশে কিছু সময়ের জন্য যান চলাচলে সাময়িক বিঘ্ন সৃষ্টি হয়, পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
-

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছিনতাই: চার সদস্য গ্রেফতার, ব্যাগ ও মোবাইল উদ্ধার
নিউজ সোনারগাঁ : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ অংশে অভিযান চালিয়ে চার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ। সোমবার (৮ অক্টোবর) দিবাগত রাতে আষাড়িয়ার চর ব্রিজের পূর্ব পাশে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, ওই রাতে চট্টগ্রামগামী লেনে একটি সন্দেহভাজন সিএনজি (রেজি নং: নারায়ণগঞ্জ-থ-১১-৫৭৩৭) থামানোর সংকেত দিলে সিএনজিতে থাকা পাঁচজনের মধ্যে একজন পালিয়ে যায়। বাকী চারজনকে ঘটনাস্থলেই আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— রহমত (৩২), মুরাদ (৪৫), তুসার (৩২) ও মো. ছামিদুল ইসলাম (২৮)।
তল্লাশির সময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত তিনটি চাকু, সিএনজি যানবাহন, ভিকটিমের ব্যাগ, মোবাইল ফোন ও মহিলাদের হ্যান্ডব্যাগ উদ্ধার করা হয়।
পরে উদ্ধারকৃত মোবাইল ফোনে একটি ইনকামিং কল আসলে পুলিশের মাধ্যমে ভিকটিমের সঙ্গে যোগাযোগ স্থাপিত হয়। ভিকটিম থানায় উপস্থিত হয়ে চারজন আসামিকে শনাক্ত করেন এবং নিজের মালামাল চিহ্নিত করেন।
ঘটনাটি মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার এলাকায় সংঘটিত হওয়ায় কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ গ্রেফতারকৃত আসামি ও ভিকটিমকে গজারিয়া থানায় হস্তান্তর করে।
পরবর্তীতে ভিকটিম রাসেল শিকদার বাদী হয়ে গজারিয়া থানায় একটি মামলা দায়ের করেন।
এদিকে স্থানীয় সচেতন মহল বলছে, “এই ধরনের অপরাধীদের দ্রুত গ্রেফতার করা অবশ্যই প্রশংসনীয়, তবে প্রশাসনের মূল্যবান সময় নষ্ট করে তাদের গ্রেফতার করে আবার আইনের ফাঁকফোকর ব্যবহার করে জামিনে বেরিয়ে আসা একটি উদ্বেগজনক বিষয়। এতে তারা আরও বেপরোয়া হয়ে ওঠে।”
-

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অ্যাম্বুলেন্স-সিএনজির সংঘর্ষ, নারী নিহত, আহত ৪
নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা ব্রিজের প্রবেশমুখে রোববার বিকেলে অ্যাম্বুলেন্স ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন এবং চারজন আহত হয়েছেন।
নিহত নারী আলেয়া খাতুন (৬০), পিরোজপুর নাজিরপুর রঘুনাথপুর এলাকার মৃত মান্নান মিয়ার স্ত্রী। আহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি।
পুলিশ জানায়, মেঘনা টোলপ্লাজার উল্টো পথে মেঘনা ব্রিজে ওঠার সময় ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আলেয়া খাতুন মারা যান এবং সিএনজিতে থাকা অন্য পাঁচজন আহত হন।
স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
-

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত-১, আহত ১০
নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মল্লিকপাড়া এলাকায় যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে বাসে থাকা অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় বাসের আরও ১০ জন যাত্রী আহত হয়েছেন।
দুর্ঘটনার বিবরণ:
২৩ ডিসেম্বর (সোমবার) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, ঢাকার সিদ্দিকবাজার থেকে গজারিয়া যাওয়ার পথে কুমিল্লাগামী যাত্রীবাহী বাস ‘জৈনপুর এক্সপ্রেস’ একটি অ্যাম্বুলেন্সকে ওভারটেক করার সময় সংঘর্ষে লিপ্ত হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারে ধাক্কা খেয়ে উল্টে যায়।আহত যাত্রীদের অভিমত:
বাসের যাত্রী কামরুন্নাহার জানান, বাসটি মল্লিকপাড়া এলাকায় পৌঁছানোর পর অ্যাম্বুলেন্সটিকে ওভারটেক করার চেষ্টা করছিল। এই সময় সংঘর্ষ হলে বাসটি উল্টে যায়।পুলিশের বক্তব্য:
কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, দুর্ঘটনায় বাসে থাকা অজ্ঞাত পরিচয়ের এক যুবক ঘটনাস্থলেই নিহত হন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। নিহত যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।পুলিশ দুর্ঘটনাস্থলে উপস্থিত থেকে যান চলাচল স্বাভাবিক করেছে এবং দুর্ঘটনার বিষয়ে তদন্ত চলছে।