Author: নিউজসোনারগাঁ২৪ডটকম

  • সোনারগাঁয়ে দাঁড়িপাল্লা প্রতীকের কর্মীদের উপর হামলার অভিযোগ, আহত ২

    সোনারগাঁয়ে দাঁড়িপাল্লা প্রতীকের কর্মীদের উপর হামলার অভিযোগ, আহত ২

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী প্রচারণাকালে দাঁড়িপাল্লা প্রতীকের কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় অন্তত দুইজন আহত হয়েছেন।
    অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে সোনারগাঁ থানাধীন সনমান্দী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নীলকান্দা গ্রামের একটি মসজিদের সামনে বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী প্রিন্সিপাল ড. ইকবাল হোসেন ভূঁইয়ার (দাঁড়িপাল্লা প্রতীক) পক্ষে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন কর্মীরা।
    এ সময় সনমান্দী ইউনিয়ন বিএনপির সভাপতি ছাফির উদ্দিন মজনুর ভাইসহ মুশফিকুর রহমান মোহন (৩৮), জাহিদুল ইসলাম সুমন (৩৬), রূপচাঁন (৪৫) এবং আরও ১০-১৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি একত্রিত হয়ে কর্মীদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।
    হামলায় কর্মী মোঃ তাজিবুর রহমানকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মেরে গুরুতর জখম করা হয়। তাকে রক্ষা করতে এগিয়ে গেলে কাজী নাসির উদ্দিনসহ অন্যদেরও মারধর করা হয়। এ সময় হামলাকারীরা ভয়ভীতি ও হুমকি দিয়ে নির্বাচনী প্রচারণা বন্ধ করে দেওয়ার চেষ্টা করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
    পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
    এ বিষয়ে প্রার্থী প্রিন্সিপাল ড. ইকবাল হোসেন ভূঁইয়ার সঙ্গে পরামর্শ করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীরা। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
    তবে অভিযোগের বিষয়ে বিএনপি নেতাকর্মীদের বক্তব্য পাওয়া যায়নি।

  • সোনারগাঁয়ের শম্ভুপুরা ইউনিয়নে ধানের শীষের পক্ষে বিশাল শোডাউন

    সোনারগাঁয়ের শম্ভুপুরা ইউনিয়নে ধানের শীষের পক্ষে বিশাল শোডাউন

    নিউজ সোনারগাঁ :  নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের পক্ষে শম্ভুপুরা ইউনিয়নে ব্যাপক প্রচার-প্রচারণা ও শক্তিশালী শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
    শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পাঁচটি গ্রামজুড়ে ধানের শীষ প্রতীকের সমর্থনে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় শত শত নেতাকর্মী ও সমর্থকরা মিছিল, গণসংযোগ ও পথসভায় অংশ নেন। পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
    শম্ভুপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব আব্দুল বাতেন সিকদার। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ যুব বিষয়ক সম্পাদক নোবেল মীর, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহজালাল সিকদার, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, কৃষক দল নেতা আকতার হোসেন, আশরাফুল আলম, মো. জামান, কামাল হোসেন, মোহাম্মদ মুকুল, মো. বেনিয়াম, মো. সোলেমান, মো. নাসির সরকার, শহীদুজ্জামান, মনির হোসেন, জুমন, ইমু, হোসাইন, ফজল করিম, মেহেদী, শাহ আলমসহ আরও কয়েকশ নেতাকর্মী।
    সভায় বক্তব্য রাখতে গিয়ে জাহাঙ্গীর আলম বলেন, দেশের মানুষ আজ গণতন্ত্র, ভোটাধিকার ও ন্যায়ের জন্য ধানের শীষের দিকে তাকিয়ে আছে। আজহারুল ইসলাম মান্নান একজন পরীক্ষিত ও জনপ্রিয় নেতা। এই আসনের উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের কোনো বিকল্প নেই।
    প্রধান অতিথি আব্দুল বাতেন সিকদার বলেন, শম্ভুপুরা ইউনিয়নের মানুষ পরিবর্তন চায়। ইনশাআল্লাহ ভোটাররা ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করবে।
    নেতাকর্মীরা জানান, সাধারণ মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। তারা প্রতিটি ঘরে ঘরে গিয়ে ধানের শীষের বার্তা পৌঁছে দিচ্ছেন এবং ভোটারদের সমর্থন কামনা করছেন।

  • সোনারগাঁয়ে “মিট উইথ জেন-জি” এর মুখোমুখি ড. ইকবাল হোসেন

    সোনারগাঁয়ে “মিট উইথ জেন-জি” এর মুখোমুখি ড. ইকবাল হোসেন

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তরুণ ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময়ে অংশ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী প্রিন্সিপাল মাওলানা ড. ইকবাল হোসেন।

    শুক্রবার (সন্ধ্যায়) উপজেলার টিপরদী পানামা রেস্টুরেন্টে “জেন জি’র মুখোমুখি” শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। তরুণ প্রজন্মের প্রশ্নের জবাব দেন তিনি এবং “কেমন সোনারগাঁ চাই” বিষয়কে কেন্দ্র করে খোলামেলা আলোচনা অনুষ্ঠিত হয়।
    অনুষ্ঠানে শিক্ষার্থীরা সোনারগাঁয়ের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, সন্ত্রাস ও চাঁদাবাজি, মাদক সমস্যা, ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা, অবকাঠামো উন্নয়ন, শিক্ষা বিস্তার, বেকারত্ব, কর্মসংস্থান এবং পথশিশুদের বাসস্থান ও পুনর্বাসনসহ নানা গুরুত্বপূর্ণ ইস্যু তুলে ধরেন।
    প্রশ্নের জবাবে ড. ইকবাল হোসেন বলেন, সোনারগাঁকে একটি নিরাপদ, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলা তার অঙ্গীকার। তিনি বলেন, “রাজনীতি মানুষের কল্যাণের জন্য। ক্ষমতার অপব্যবহার, চাঁদাবাজি বা দখলবাজির জায়গা রাজনীতিতে থাকা উচিত নয়। নির্বাচিত হলে আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থান নেওয়া হবে।”
    সোনারগাঁয়ের ইতিহাস ও ঐতিহ্য প্রসঙ্গে তিনি জানান, পানাম নগরীসহ ঐতিহাসিক স্থাপনাগুলো সংরক্ষণ ও পর্যটন শিল্প বিকাশে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। এতে স্থানীয়দের কর্মসংস্থান সৃষ্টি হবে বলেও তিনি উল্লেখ করেন।
    শিক্ষা খাতে তিনি আধুনিক ও মানসম্মত শিক্ষা বিস্তারের ওপর জোর দিয়ে বলেন, সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সুযোগ-সুবিধা বৃদ্ধি, প্রযুক্তিনির্ভর শিক্ষা এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ সহায়তা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি পথশিশু ও সুবিধাবঞ্চিতদের জন্য পুনর্বাসন ও আবাসনের ব্যবস্থা করার কথাও জানান তিনি।
    অনুষ্ঠানের শেষাংশে তরুণরা সরাসরি মতামত তুলে ধরেন এবং প্রার্থীর সঙ্গে ছবি তুলে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা শেষ হয়। আয়োজকরা জানান, তরুণ ভোটারদের সচেতন ও সম্পৃক্ত করতেই এ ধরনের আয়োজন করা হয়েছে।

  • খেলাফত আন্দোলনের এমপি প্রার্থীর পক্ষে বটগাছ প্রতীকে ভোট চাইলেন পীর সাহেব, মধুপুরে গণসংযোগ

    খেলাফত আন্দোলনের এমপি প্রার্থীর পক্ষে বটগাছ প্রতীকে ভোট চাইলেন পীর সাহেব, মধুপুরে গণসংযোগ

    নিউজ সোনারগাঁ: নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ) আসনে খেলাফত আন্দোলনের মনোনীত সংসদ সদস্য প্রার্থীর নান্নু মুন্সির পক্ষে বটগাছ প্রতীকে ভোট প্রার্থনা করে ব্যাপক গণসংযোগ ও মতবিনিময় সভা করেছেন পীর সাহেব।
    শুক্রবার বিকেলে সোনারগাঁ উপজেলার মধুপুর এলাকায় আয়োজিত এই গণসংযোগে স্থানীয় ধর্মপ্রাণ মানুষ, আলেম-ওলামা ও দলীয় নেতাকর্মীরা অংশ নেন। এ সময় পীর সাহেব বাড়ি বাড়ি গিয়ে সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বটগাছ প্রতীকে ভোট দিয়ে খেলাফত আন্দোলনের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।
    তিনি বলেন, “ইসলামী মূল্যবোধ ও ন্যায়ের সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে খেলাফত আন্দোলন রাজনীতি করছে। সৎ ও আদর্শবান নেতৃত্ব গড়ে তুলতে বটগাছ প্রতীকের প্রার্থীকে নির্বাচিত করা জরুরি।”
    গণসংযোগকালে তিনি আরও বলেন, জনগণের অধিকার রক্ষা, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠাই তাদের মূল লক্ষ্য।
    এ সময় স্থানীয় নেতৃবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, মধুপুরসহ পুরো সোনারগাঁ এলাকায় বটগাছ প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। তারা আশা প্রকাশ করেন, ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিয়ে খেলাফত আন্দোলনের প্রার্থীকে বিজয়ী করবেন।
    গণসংযোগ শেষে প্রার্থীর জন্য দোয়া ও মোনাজাত করা হয়।

  • সোনারগাঁয়ে নির্বাচনি প্রচারণায় হামলা ও বাধার অভিযোগ শ্রমিক নেতার বিরুদ্ধে

    সোনারগাঁয়ে নির্বাচনি প্রচারণায় হামলা ও বাধার অভিযোগ শ্রমিক নেতার বিরুদ্ধে

    নিউজ সোনারগাঁ : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে ফুটবল মার্কার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিনের নির্বাচনি প্রচারণায় বাধা প্রদান ও হামলার অভিযোগ উঠেছে।

    অভিযোগে জানা যায়, বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ১টার দিকে সোনারগাঁ থানাধীন পৌরসভার ৯নং ওয়ার্ডের ভট্টপুর গ্রামে ফুটবল মার্কার পক্ষে নির্বাচনি প্রচারণায় যান অন্তরা কর্মকার, ফাতেমা খানম ত্রিশা, স্বর্ণা আক্তার, ইমরান খান, মোঃ ইব্রাহিম, হিমেল ও গাড়িচালক নূর হোসেন।

    এসময় সোনারগাঁ থানার শ্রমিক দলের কর্মী মোশারফ হোসেন তাদের ওপর চড়াও হন বলে অভিযোগ করা হয়। তিনি ধাক্কাধাক্কি, হুমকি-ধামকি ও ভয়ভীতি প্রদর্শন করে প্রচারণায় বাধা দেন। একপর্যায়ে মোঃ ইব্রাহিমের কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পানিতে ফেলে দেন বলেও দাবি করেন ভুক্তভোগীরা। এছাড়া তাদের সঙ্গে মারমুখী আচরণ করে জোরপূর্বক ঘটনাস্থল থেকে বের করে দেওয়া হয়।

    এ বিষয়ে প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিনকে অবহিত করা হলে তিনি আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন বলে জানান সংশ্লিষ্টরা।
    ভুক্তভোগীরা জানিয়েছেন, ঘটনার ভিডিও ফুটেজ তাদের মোবাইলে সংরক্ষিত রয়েছে, যা তদন্তের স্বার্থে প্রদান করা হবে।

    এ ঘটনায় তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

  • জামায়েত ইসলাম মিথ্যাচার ও অপপ্রচার চালাচ্ছে

    জামায়েত ইসলাম মিথ্যাচার ও অপপ্রচার চালাচ্ছে

    নিউজ সোনারগা: নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ) আসনে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী ও রিক্সা প্রতীকের প্রার্থী শাহজাহান শিবলি অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী পরিকল্পিতভাবে মিথ্যাচার ও অপপ্রচার চালিয়ে তাকে নির্বাচনী মাঠে বিতর্কিত করার চেষ্টা করছে।

    বৃহস্পতিবার সকালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তুলে ধরেন। শিবলি বলেন, নারায়ণগঞ্জ-৩ আসনে ১১ দলীয় জোটের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। কিন্তু জামায়াতে ইসলামের প্রার্থী ইকবাল হোসেন জোটের সিদ্ধান্ত অমান্য করে পৃথকভাবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। তিনি দাবি করেন, জামায়াত ইসলাম তাকে সমর্থন দিয়েছে বলে প্রচার করা হলেও জোটের পক্ষ থেকে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
    তিনি আরও বলেন, জোট থেকে তাকে মনোনয়ন দেওয়ার পর ইকবাল হোসেন পূর্বে এক সংবাদ সম্মেলনে তাকে সমর্থন জানিয়ে বিপুল ভোটে জয়ী করার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু পরে মনোনয়ন প্রত্যাহারের কথা বলা হলে তিনি সময়ক্ষেপণ করেন। নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে মনোনয়ন প্রত্যাহারের চেষ্টা করলেও রিটার্নিং কর্মকর্তা তা গ্রহণ করেননি।

    শিবলির অভিযোগ, এই সুযোগে ইকবাল হোসেন নিজেকে প্রার্থী ঘোষণা করে অন্যায়ভাবে প্রচারণা শুরু করেছেন এবং বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে ভোটারদের মধ্যে বিভ্রান্তি তৈরি করছেন।

    তিনি জোটের সিদ্ধান্ত মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, “আমি ১১ দলীয় জোটের বৈধ ও একমাত্র মনোনীত প্রার্থী। বিভ্রান্তিমূলক প্রচারণায় কান না দিয়ে ভোটারদের সত্য জানার অনুরোধ করছি।”
    সংবাদ সম্মেলনে তিনি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

  • সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জের সরকারী কর্মচারীদের “দাঁড়িপাল্লা ও হ্যা” প্রতীকে ভোট চাইলেন প্রিন্সিপাল ড. ইকবাল হোসাইন ভূঁইয়া

    সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জের সরকারী কর্মচারীদের “দাঁড়িপাল্লা ও হ্যা” প্রতীকে ভোট চাইলেন প্রিন্সিপাল ড. ইকবাল হোসাইন ভূঁইয়া

    নিউজ সোনারগাঁ : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ) আসনে নির্বাচনী প্রচারণা জোরদার করেছেন ১১ দলীয় জোট সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া।

    তিনি জাতীয় সংসদ নির্বাচনী দায়িত্বে নিয়োজিত সকল কর্মকর্তা-কর্মচারী এবং এলাকার ভোটারদের উদ্দেশ্যে শুভেচ্ছা জানিয়ে বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

    এক বিবৃতিতে তিনি সোনারগাঁ – সিদ্ধিরগঞ্জবাসী ও সরকারী কর্মকর্তা ও কর্মচারীদের কাছে দাঁড়িপাল্লা প্রতীক এবং ‘হ্যাঁ’ ভোট প্রদানের আহ্বান জানান।

    তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণ ও এলাকার উন্নয়নে কাজ করার সুযোগ পেলে তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন।
    এসময় তিনি ভোটারদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করারও আহ্বান জানান।

  • সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক

    সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক

    সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক
    সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানকে বিজয়ী করতে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ–৩ (সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ) আসনে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
    বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে পাকুন্ডা এলাকায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
    জামপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম ভূইয়ার সভাপতিত্বে এবং ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আশিক ফেরদৌস তুষারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির ১নং সহ-সভাপতি ও জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিত মল্লিক।
    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মামুন, জামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম সানোয়ার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভুইঁয়া, উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক ফজলুর রহমান, জামপুর ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মকবুল হোসেন, ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক শাহিন শিকদার, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া, জামপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুজ্জামান, ইউপি সদস্য নাদিয়া নূর রানুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
    সভায় আল মুজাহিত মল্লিক বলেন, নারায়ণগঞ্জ–৩ আসনে ধানের শীষের প্রার্থী আজহারুল ইসলাম মান্নানকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনলে এলাকার রাস্তাঘাট, কালভার্টসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হবে। পাশাপাশি সাধারণ মানুষের সমস্যার সমাধানে কাজ করার অঙ্গীকার করেন তিনি।
    বক্তারা নেতাকর্মীদের ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়ানো এবং ধানের শীষ প্রতীকের পক্ষে গণজোয়ার তৈরির আহ্বান জানান।

  • বড় ভাইকে আরেকবার সুযোগ দেয়ার আহ্বান ছোট ভাইয়ের

    বড় ভাইকে আরেকবার সুযোগ দেয়ার আহ্বান ছোট ভাইয়ের

    নিউজ সোনারগাঁ :  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মো. রেজাউল করিমের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন তার ছোট ভাই এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক ও সিআইপি বজলুর রহমান।
    বুধবার বিকেলে সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের মঙ্গলেরগাঁও বটতলা, পাঁচানি ও চরগোয়ালদী এলাকায় ঘোড়া প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ ও প্রচারণা চালান তিনি।
    এ সময় বজলুর রহমান বলেন, অধ্যাপক মো. রেজাউল করিম দীর্ঘদিন ধরে সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জের মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামোসহ নানা ক্ষেত্রে তার অবদান এলাকার মানুষ জানে। তিনি কখনো এলাকার মানুষের সাথে প্রতারণা করেননি।
    তিনি আরও বলেন, এলাকার সার্বিক উন্নয়ন ও সৎ নেতৃত্ব নিশ্চিত করতে আগামী নির্বাচনে ঘোড়া প্রতীকে ভোট দিয়ে আমার বড় ভাই অধ্যাপক মো. রেজাউল করিমকে আরেকবার সুযোগ দেয়ার জন্য আমি এলাকাবাসীর প্রতি আন্তরিক আহ্বান জানাচ্ছি।
    প্রচারণাকালে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যায়।

  • সোনারগাঁয়ে ডাকাত সর্দার সাদ্দামকে আদালতে প্রেরণ

    সোনারগাঁয়ে ডাকাত সর্দার সাদ্দামকে আদালতে প্রেরণ

    ডাকাত সর্দার সাদ্দামকে আদালতে প্রেরণ, ডিবি পুলিশের অভিযানে গ্রেপ্তার
    সোনারগাঁয়ের আলোচিত ডাকাত সর্দার মোঃ সাদ্দামকে গ্রেপ্তারের পর আদালতে প্রেরণ করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
    পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোঃ ইব্রাহিম হোসেনের তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলমের নেতৃত্বে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত প্রায় ২টা ৩০ মিনিটে সোনারগাঁ থানার কাফুরদী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
    গ্রেপ্তারকৃত সাদ্দাম (৩৫) উপজেলার হাবিবপুর এলাকার মোঃ মোজাম্মেল হোসেনের ছেলে।
    ডিবি সূত্রে জানা গেছে, সাদ্দাম আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য ও দলনেতা হিসেবে দীর্ঘদিন ধরে সহযোগীদের নিয়ে বসতবাড়ি, মহাসড়ক, মিল-কারখানায় ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিল। তার বিরুদ্ধে ডাকাতি, ডাকাতির প্রস্তুতি, হত্যা, চুরি, মারামারি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র আইন ও দ্রুত বিচার আইনে মোট ৩৪টি মামলা বিভিন্ন আদালতে বিচারাধীন রয়েছে।
    গ্রেপ্তারের পর আইনগত প্রক্রিয়া শেষে তাকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

  • ১২ তারিখ সকালে ধানের শীষে ভোট দেবেন সকলে: আজহারুল ইসলাম মান্নান

    ১২ তারিখ সকালে ধানের শীষে ভোট দেবেন সকলে: আজহারুল ইসলাম মান্নান

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বলেছেন, আগামী ১২ তারিখ সকালে সবাই যেন ধানের শীষ প্রতীকে ভোট দেন। তিনি বলেন, “আপনাদের ভোটেই আমি নির্বাচিত হতে চাই এবং নির্বাচিত হলে সবসময় মানুষের পাশে থেকে কাজ করবো।”

    মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বিভিন্ন এলাকায় দিনব্যাপী গণসংযোগ ও ভোট প্রার্থনাকালে ভোটারদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি। চড়পাড়া এলাকা থেকে গণসংযোগ শুরু করে লাধুরচর, সেককান্দি সহ ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে গিয়ে নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে সমর্থন চান।
    এ সময় তিনি বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং উন্নয়নের প্রতিশ্রুতি দেন। স্থানীয়রা তাকে স্বতঃস্ফূর্তভাবে স্বাগত জানান এবং গণসংযোগে অংশ নেন।
    গণসংযোগে উপস্থিত ছিলেন নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাউর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
    আজহারুল ইসলাম মান্নান আরও বলেন, “সোনারগাঁয়ের প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে দিন-রাত গণসংযোগ ও উঠান বৈঠক চালিয়ে যাচ্ছি। আপনাদের দোয়া ও সমর্থন চাই, যেন ধানের শীষকে বিপুল ভোটে বিজয়ী করা যায়।”
    গণসংযোগে নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে পুরো এলাকায় প্রাণবন্ত নির্বাচনী পরিবেশ ও উৎসবমুখর আমেজ লক্ষ্য করা গেছে।

  • উৎসবমুখর পরিবেশে চাইল্ড প্যারাডাইস মডেল স্কুলের শিক্ষা সফর ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত

    উৎসবমুখর পরিবেশে চাইল্ড প্যারাডাইস মডেল স্কুলের শিক্ষা সফর ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত

    নিউজ সোনারগাঁ : আনন্দঘন পরিবেশে চাইল্ড প্যারাডাইস মডেল স্কুলের উদ্যোগে একদিনব্যাপী শিক্ষা সফর ও আনন্দ ভ্রমণ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ৭টায় স্কুল প্রাঙ্গণ থেকে সফরটির যাত্রা শুরু হয়। স্কুলের পরিচালক ও প্রধান শিক্ষক তাহিরা শবনম যোবায়দার সার্বিক তত্ত্বাবধানে শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত অংশগ্রহণে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সফরের শুভ সূচনা করা হয়।

    পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত জনপ্রিয় বিনোদন কেন্দ্র আনোয়ার ম্যাজিক আইল্যান্ড-এর উদ্দেশ্যে রওনা দেয় সফরকারী দল।

    শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত উপস্থিতিতে পুরো ভ্রমণটি হয়ে ওঠে প্রাণবন্ত, আনন্দঘন ও স্মরণীয়। গন্তব্যে পৌঁছে শিক্ষার্থীরা শৃঙ্খলাবদ্ধভাবে পার্কে প্রবেশ করে এবং দলবদ্ধভাবে পার্কের বিভিন্ন আকর্ষণীয় রাইড উপভোগ করে। শিশুদের আনন্দ-উচ্ছ্বাসে পুরো পার্ক এলাকা যেন প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে।

    দুপুরে মধ্যাহ্নভোজ শেষে সফরের অন্যতম আকর্ষণ ওয়াটার ল্যান্ডে অংশ নেয় শিক্ষার্থীরা। পানির রাজ্যে খেলাধুলা ও আনন্দ উল্লাসে তারা কাটায় কিছু অবিস্মরণীয় মুহূর্ত, যা শিশুদের মানসিক বিকাশ ও পারস্পরিক বন্ধন আরও দৃঢ় করে।

    ভ্রমণের শেষ পর্যায়ে শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয় শিক্ষণীয় আলোচনা, কুইজ প্রতিযোগিতা ও বিভিন্ন খেলাধুলার ইভেন্ট। এতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়, যা তাদের মাঝে উৎসাহ ও উদ্দীপনা বাড়িয়ে তোলে।

    এ সময় উপস্থিত ছিলেন, শিক্ষানুরাগী ও ক্রীড়া ব্যক্তিত্ব দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক মাজহারুল ইসলাম,  স্কুলের সহকারী প্রধান শিক্ষক ও দৈনিক কালবেলার সাংবাদিক রুবেল মিয়া, সিনিয়র শিক্ষিকা তারানা শারমিন, শিক্ষক জাহাঙ্গীর পাপেল, রিহাত নয়ন, সারোয়ার মাহমুদ শান্ত, লাভলী আক্তার, হ্যাপী আক্তার, মীম আক্তার, সামিয়া ইসলাম ও ডালিম হোসাইনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

    স্কুলের প্রধান শিক্ষক তাহিরা শবনম যোবায়দা জানান, এ ধরনের শিক্ষা সফর শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের বাইরেও বাস্তব জ্ঞান অর্জন, সামাজিকতা বৃদ্ধি এবং মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক ও আনন্দঘন কর্মসূচি অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

  • জামায়েত ও খেলাফত মজলিসের দুই প্রার্থী মাঠে, নারায়ণগঞ্জ-৩ আসনে ফের জমেছে নির্বাচন

    জামায়েত ও খেলাফত মজলিসের দুই প্রার্থী মাঠে, নারায়ণগঞ্জ-৩ আসনে ফের জমেছে নির্বাচন

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ) আসনে অবশেষে ১০ দলীয় জোট থেকে দুইজন প্রার্থীকে নির্বাচনে অংশ নেওয়ার অনুমতি দিয়েছে জোটের শরিক দলগুলো। এর ফলে কয়েকদিনের বিরতির পর ফের গণসংযোগে নেমেছেন জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের মনোনীত প্রার্থী ড. প্রিন্সিপ্যাল মো. ইকবাল হোসেন।

    স্থানীয় বিভিন্ন এলাকায় তিনি নেতাকর্মী ও সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং তার নির্বাচনী বার্তা তুলে ধরেন। গণসংযোগকালে তিনি সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচনের আহ্বান জানান।

    অন্যদিকে ১০ দলীয় জোটের শরিক দল খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মাওলানা শাহজাহান শিবলীও নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছেন। তিনি নিজ নিজ কর্মসূচির মাধ্যমে ভোটারদের কাছে যাচ্ছেন এবং সমর্থন আদায়ে প্রচারণা চালাচ্ছেন।

    দুই প্রার্থী মাঠে নামায় নারায়ণগঞ্জ-৩ আসনের রাজনৈতিক পরিস্থিতি আবারও চাঙ্গা হয়ে উঠেছে। ভোটারদের মধ্যেও আলোচনা ও আগ্রহ বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

  • ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি রোধে পুলিশ-আনসার যৌথ টহল, কমেছে অপরাধ

    ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি রোধে পুলিশ-আনসার যৌথ টহল, কমেছে অপরাধ

    নিউজ সোনারগাঁ : ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি ও ছিনতাই রোধে পুলিশের পাশাপাশি আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। কাঁচপুর থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত অন্তত চারটি গুরুত্বপূর্ণ স্পটে স্থায়ী টিমের পাশাপাশি রানিং টিমসহ একাধিক টিম কাজ করছে বলে জানিয়েছে সোনারগাঁ থানা পুলিশ।

    জানা গেছে, গত ৫ আগস্টের পর ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার কয়েকটি এলাকায় ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে যায়। বিশেষ করে টিপরদি, মোগরাপাড়া চৌরাস্তা, পিরোজপুর ইউনিয়ন পরিষদের সামনে এবং মেঘনা টোল প্লাজা এলাকায় প্রতিদিনই একাধিকবার ডাকাতির শিকার হতেন এই সড়কে চলাচলরত যাত্রী ও চালকরা।
    ডাকাতরা মূলত বিদেশ ফেরত যাত্রীবাহী গাড়িগুলোকে টার্গেট করত। তারা হঠাৎ করে কৃত্রিম যানজট সৃষ্টি করে ৮ থেকে ১০ জনের সংঘবদ্ধ দল নিয়ে গাড়ির গ্লাস ভেঙে যাত্রীদের ওপর হামলা চালিয়ে নগদ টাকা ও মালামাল লুট করে নিত। এতে অনেক মানুষ সর্বস্ব হারিয়েছেন। মাঝেমধ্যে ডাকাত আটক হলেও কোনোভাবেই ডাকাতির ঘটনা কমছিল না।
    পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অবশেষে কাঁচপুর থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত ৪ থেকে ৫টি স্পটে পুলিশের পাশাপাশি আনসার সদস্য মোতায়েন করা হয়। এর ফলে আগের তুলনায় মহাসড়কে ডাকাতির ঘটনা কিছুটা হলেও কমেছে বলে আশা প্রকাশ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
    মোগরাপাড়া চৌরাস্তার ব্যবসায়ীরা জানান, পুলিশ ও আনসার সদস্যদের যৌথ তৎপরতা শুরু হওয়ার পর মহাসড়কে ডাকাতির ঘটনা উল্লেখযোগ্যভাবে কমেছে। আগে দিন ও রাত যেকোনো সময় ডাকাতির আশঙ্কা থাকলেও গত কয়েকদিন ধরে পরিস্থিতির উন্নতি হয়েছে।
    এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহিববুল্লাহ জানান,
    “ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি রোধে আমরা পুলিশের পাশাপাশি আনসার সদস্য মোতায়েন করেছি। নিয়মিত টহল ও চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে। মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

  • ব্যক্তিগত আক্রমণ ও বিদ্রুপমূলক বক্তব্য পরিহারের আহ্বান সজিবের

    ব্যক্তিগত আক্রমণ ও বিদ্রুপমূলক বক্তব্য পরিহারের আহ্বান সজিবের

    নারায়ণগঞ্জ–৩ (সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ) আসনে ধানের শীষের প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের পক্ষে প্রচারণাকালে নেতাকর্মীদের প্রতি শালীনতা ও সংযম বজায় রাখার আহ্বান জানানো হয়েছে আজহারুল ইসলাম মান্নান পুত্র খাইরুল ইসলাম সজিব।

    রোববার এক বিবৃতিতে ধানের শীষের প্রধান নির্বাচনী এজেন্ট খাইরুল ইসলাম সজীব বলেন, কোনো নেতাকর্মী যেন কারও ব্যক্তিগত বিষয়ে মন্তব্য বা বিদ্রুপমূলক বক্তব্য জনগণের সামনে উপস্থাপন না করেন। তিনি জানান, প্রার্থী আজহারুল ইসলাম মান্নান ব্যক্তিগত আক্রমণের রাজনীতিতে বিশ্বাস করেন না এবং এ ধরনের বক্তব্য থেকে বিরত থাকতে তিনি সবসময় নেতাকর্মীদের নির্দেশ দিয়ে আসছেন।
    বিবৃতিতে আরও বলা হয়, কোনো ষড়যন্ত্রকারী মহলের উস্কানিতে কেউ যেন পা না দেন। শান্তিপূর্ণ ও ইতিবাচক রাজনীতির মাধ্যমেই জনগণের আস্থা অর্জন সম্ভব বলে উল্লেখ করা হয়।

    খাইরুল ইসলাম সজীব বলেন, “ধানের শীষ জনগণের আস্থার প্রতীক। আমরা সবাই ঐক্যবদ্ধ থেকে জনকল্যাণের স্বার্থে কাজ করতে চাই। ইনশাআল্লাহ, ধানের শীষের বিজয় নিশ্চিত হবে।”

    তিনি আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট সবাই বিষয়টি সদয় বিবেচনায় নিয়ে দায়িত্বশীল আচরণ করবেন।

  • সোনারগাঁয়ে দাঁড়িপাল্লা না রিকশা, ১০ দলীয় জোট অবশেষে যে সিদ্ধান্ত নিলেন

    সোনারগাঁয়ে দাঁড়িপাল্লা না রিকশা, ১০ দলীয় জোট অবশেষে যে সিদ্ধান্ত নিলেন

    নিউজ সোনারগাঁ : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে ১০ দলীয় জোটের প্রার্থী নির্বাচন নিয়ে চরম ধোঁয়াশা তৈরি হয়েছে। জোটভুক্ত জামায়াতে ইসলামের দাঁড়িপাল্লা প্রতীক ও খেলাফত মজলিসের রিক্সা প্রতীককে ঘিরে বিভক্তি এখন প্রকাশ্যে।

    জোটের দুই দলই দাবি করছে, এই আসনে তাদের প্রার্থীই চূড়ান্ত। ফলে ১০ দলীয় জোটের নেতাকর্মী ও ভোটারদের মধ্যে বিভ্রান্তি বাড়ছে। কখনো শোনা যাচ্ছে দাঁড়িপাল্লা প্রতীকে প্রার্থী আসছেন, আবার খেলাফত মজলিসের সমর্থকরা দাবি করছেন, রিক্সা প্রতীকই বহাল থাকবে।

    সূত্র জানায়, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জামায়াতে ইসলাম, এনসিপি, খেলাফত মজলিসসহ ১০টি দল নিয়ে একটি জোট গঠিত হয়। জোট ঘোষণার পর নারায়ণগঞ্জ-৩ আসনে খেলাফত মজলিসের প্রার্থী শাহজাহান শিবলিকে মনোনয়ন দেওয়া হয়। তবে এই সিদ্ধান্তের পর থেকেই জামায়াতে ইসলাম সমর্থকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।

    জামায়াত সমর্থকরা প্রার্থীর অগোচরে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে মানববন্ধন ও প্রচারণা শুরু করে। সর্বশেষ গত শনিবার বিকেলে যুবশক্তির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তুহিন মাহমুদের নেতৃত্বে মোগরা চৌরাস্তায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সেখানে নারায়ণগঞ্জ-৩ আসনের দায়িত্ব জামায়াত প্রার্থী ড. ইকবাল হোসেনকে দেওয়ার দাবি জানানো হয়।

    এর জবাবে আজ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী শাহজাহান শিবলি তার প্রার্থিতা বহাল রাখার দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেন।

    এই পরিস্থিতি কেন্দ্রীয় নেতাদের নজরে এলে বিষয়টি নিয়ে জোটের শীর্ষ পর্যায়ে আলোচনা শুরু হয়। নাম প্রকাশ না করার শর্তে এক কেন্দ্রীয় নেতা জানান, নারায়ণগঞ্জ-৩ আসনে জোটের মনোনীত প্রার্থীকে অনেক ভোটার চিনে না। পাশাপাশি বিএনপির শক্তিশালী প্রার্থীর বিপরীতে লড়াই করতে জামায়াতে ইসলামের মতো সংগঠিত ও শক্তিশালী প্রার্থী প্রয়োজন বলে স্থানীয় ভোটারদের বড় একটি অংশ মনে করছে।

    তিনি আরও জানান, ভোটারদের অসন্তোষ ও মাঠপর্যায়ের প্রতিক্রিয়া বিবেচনায় নিয়ে গত শনিবার রাতে ঢাকায় জোটের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে রিকশা প্রতীকের পরিবর্তে জামায়াত সমর্থিত ড. ইকবাল হোসেনকে নারায়ণগঞ্জ-৩ আসনে নির্বাচনে নামানোর বিষয়ে সিদ্ধান্তে পৌঁছানো হয়।

    সূত্র মতে, সেই সিদ্ধান্ত অনুযায়ী আজ খেলাফত মজলিসের প্রার্থী শাহজাহান শিবলি সংবাদ সম্মেলনের মাধ্যমে জামায়াতে ইসলামের প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিতে পারেন। তবে তিনি যদি তা না দেন, তাহলে আগামীকাল রবিবার থেকে কেন্দ্রীয় নির্দেশ অনুযায়ী জামায়াতে ইসলামের প্রার্থী প্রকাশ্যে নির্বাচনী মাঠে নামবেন।