Author: নিউজসোনারগাঁ২৪ডটকম

  • সোনারগাঁয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক আটক

    সোনারগাঁয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক আটক

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁয়ে ১৩ বছর বয়সী এক কিশোরী ধর্ষণ চেষ্টার অভিযোগে মো. শান্ত (২৫) নামে এক সৌদি প্রবাসী যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় সোনারগাঁ থানা পুলিশ উপজেলার সনমান্দি ইউনিয়নের নাজিরপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে।

    এঘটনায় ভূক্তভোগী ওই কিশোরীর মা বাদি হয়ে মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত যুবককে  বুধবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

    জানা যায়, উপজেলার সনমান্দি ইউনিয়নের নাজিরপুর গ্রামের আমির হোসেনের ছেলে সৌদি আরব প্রবাসী মো. শান্ত গত মঙ্গলবার দুপুরে ভূক্তভোগী ওই কিশোরী তার নানির বাড়ি যাওয়ার পথে প্রতিবেশী এক বোনকে দিয়ে তার ঘরে ডেকে নিয়ে যায়। এক পর্যায়ে বিভিন্ন কথার ছলে ওই কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এসময় ভূক্তভোগী কিশোরী ডাক চিৎকার দিলে অভিযুক্ত শান্তর মা ঘরে এসে ওই কিশোরীকে উদ্ধার করে। এ ঘটনায় মঙ্গলবার বিকেলে ওই কিশোীর মা বাদি হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ নাজিরপুর এলাকা থেকে সৌদী আরব প্রবাসী মো. শান্তকে গ্রেপ্তার করে। গতকাল বুধবার দুপুরে মামলা দায়ের করে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করে পুলিশ। পাশাপাশি ওই কিশোরীকে নারায়ণগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ২২ ধারায় জবানবন্দি দেওয়ার জন্য হাজির করা হয়।

    ভূক্তভোগী কিশোরীর মা জানান, অভিযুক্ত শান্ত সম্পর্কে তার চাচাতো ভাই। সৌদি আরব থেকে ৬ মাসের ছুটিতে সে বাড়িতে আসে। তার মেয়ের সঙ্গে এমন ঘটনায় তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

    সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খাঁন বলেন, প্রাথমিকভাবে ধর্ষণ চেষ্টা প্রমাণিত হওয়ায় মামলা গ্রহন করা হয়েছে। আসামী গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি ওই কিশোরীকেও জবানবন্দি দেওয়ার জন্য আদালতে হাজির করা হয়েছে।

  • সাদিপুর ইউনিয়নে বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    সাদিপুর ইউনিয়নে বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়নে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শতভাগ সাফল্য কামনায় এ মাহফিলের আয়োজন করা হয়।

    ২৫ মার্চ (মঙ্গলবার) বিকেলে সাদিপুর ইউনিয়নের নানাখী ঈদগাহ মাঠে ১ হাজার প্রান্তিক কৃষক ও সাধারণ জনগণকে নিয়ে এ গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান ভূঁইয়া মাসুম, এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুর রহমান সরকার

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি তাইজুল ইসলাম সরকার, ডা. মিজানুর রহমান, নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মো. সেলিম হোসেন দিপু, উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা ওমর ফারুক

    এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য হাফেজ ওলি, উপজেলা যুবদল নেতা সোহেল রানা, সাদিপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আলমগীর হোসেন, অধ্যাপক ইব্রাহিম, নাছির, সেরাজুল, মতিন, সিনিয়র যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম ভূঁইয়া, যুগ্ম সম্পাদক বিল্লাল, ইয়ানুছ, সাদিপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আওলাদ হোসেন, সদস্য সচিব পরশ

    এছাড়া সাদিপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সামসু, সাধারণ সম্পাদক এরশাদ, বিএনপি নেতা জজ মিয়া, সুমন, রোকনসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    ইফতারের আগে দলীয় নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার সুস্থতা, তারেক রহমানের সাফল্য এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেন।

    বক্তারা বলেন, বিএনপি দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করছে এবং দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যাবে। তারা সোনারগাঁ বিএনপির কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান।

    সাদিপুর ইউনিয়ন বিএনপির এই আয়োজন রাজনৈতিক ও সামাজিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে দল আরও সুসংগঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

  • জেলা কমিটিতে মান্নানসহ চারজন, স্থান পাইনি রেজাউল করিমসহ পন্থীদের

    জেলা কমিটিতে মান্নানসহ চারজন, স্থান পাইনি রেজাউল করিমসহ পন্থীদের

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি সম্প্রসারণ করে ৫ সদস্য থেকে ৩৩ সদস্যে উন্নীত করা হয়েছে। গত সোমবার (২৫ মার্চ) বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়। এর আগে, গত ২ ফেব্রুয়ারি অধ্যাপক মামুন মাহমুদকে আহ্বায়ক করে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছিল। বর্ধিত এই নতুন আহ্বায়ক কমিটিতে সোনারগাঁ থেকে মান্নানসহ ৪ জন বিএনপি নেতা স্থান পেয়েছেন। তারা হলেন, সোনারগাঁ থানা বিএনপি সভাপতি আজহারুল ইসলাম মান্নান, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, পৌরসভা বিএনপির সভাপতি মো. শাহজাহান মেম্বার ও থানা বিএনপির সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক মো. সেলিম হক রুমি। সোনারগাঁয়ের চার নেতার স্থান পাওয়ায় উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিশেষ করে মান্নান পন্থীরা আনন্দ প্রকাশ করেছেন। তারা নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অপরদিকে নবগঠিত কমিটিতে সোনারগাঁ থানা বিএনপির একাংশের সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিমসহ তার কোনো কর্মী সমর্থক।

    জানাগেছে, সোনারগাঁ থানা বিএনপি দীর্ঘদিন ধরে দুই ভাগে বিভক্ত। এক পক্ষে আছেন উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান ও সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন, অন্যপক্ষে রয়েছেন সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিমের অনুসারী নেতা থানা বিএনপির সাবেক সভাপতি খন্দকার আবু জাফর, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল ও শাহ আলম মুকুল। এছাড়া থানার কয়েকজন নেতা আবার রাজনীতি করেন সিদ্ধিরগঞ্জের সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিনের। জেলা কমিটিতে একক ভাবে থানা বিএনপির একাংশকে বাদ দিয়ে অপর অংশের একাধিক সমর্থক অর্ন্তভুক্ত করায় জেলা নেতাদের পক্ষপাতিত্ব মুলক আচারন মনে করছেন সাধারণ কর্মীরা। তারা জানান, যাদের কমিটিতে নেতা হয়েছে তারা সকলেই যোগ্য তবে আরো অনেক যোগ্য নেতা রয়েছে থানাতে তাদের কয়েকজনকেও অর্ন্তভুক্ত করা দরকার ছিলো। তাতে রাজনীতি একটা ব্যালেন্স হতো। 

    এইবারের জেলা আহ্বায়ক কমিটিতে শুধুমাত্র আজহারুল ইসলাম মান্নানপন্থীরা স্থান পেলেও, রেজাউল করিমের অনুসারীদের কেউ অন্তর্ভুক্ত হননি। তবে, এতে সোনারগাঁ বিএনপির দুই পক্ষের মধ্যে রাজনৈতিক টানাপোড়েন আরও বাড়তে পারে বলে মনে করছেন স্থানীয় বিশ্লেষকরা।

  • সোনারগাঁয়ে স্বপ্নজয়ী বাংলাদেশ এর উদ্যোগে স্বপ্নজয়ী শিশু শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    সোনারগাঁয়ে স্বপ্নজয়ী বাংলাদেশ এর উদ্যোগে স্বপ্নজয়ী শিশু শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

     

    পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্বপ্নজয়ী বাংলাদেশ এর উদ্যোগে স্বপ্নজয়ী পাঠশালার কোমলমতি শিশু শিক্ষার্থীদের মাঝে ইদ সামগ্রী বিতরণ করা হয়। আজ সকালে উপজেলার সাহাপুর এলাকায় সোনারগাঁ মহিলা সমবায় সমিতির মার্কেটের নিচ তলায় “স্বপ্নজয়ী পাঠশালা ” ক্যাম্পাসে সমিতির সভাপতি ও সোনারগাঁ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম রুমার সভাপতিত্বে ইদ সামগ্রী বিতরন করা হয়।

    ইদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সোনারগাঁ উপজেলা সমবায় অফিসার মিজানুর রহমান, বিশেষ অতিথি ছিলেন মহিলা সমবায় সমিতির সাধারন সম্পাদক রোকসানা আক্তার। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সমিতির কোষাধ্যক্ষ রুনা আক্তার, স্বপ্নজয়ী পাঠশালার শিক্ষক রোজী আক্তার, দলিল লিখক মোস্তাক আহমেদ, শিক্ষার্থী, অভিভাবক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    প্রধান অতিথির বক্তব্যে কোহিনুর ইসলাম রুমা বলেন, বাংলাদেশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাগরিকা নাসরিন এর সার্বিক তত্ত্বাবধানে স্বপ্নজয়ী পাঠশালা পরিচালিত হয়ে আসছে। তিনি সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর কোমলমতি শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করতে কাজ করছেন। তারই ধারাবাহিকতায় সমিতির উদ্যোগে সকল শিক্ষার্থীদের মাঝে ইদসামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়াও আমরা স্বপ্নজয়ী বাংলাদেশের উদ্যোগে অবহেলিত ও সুবিধা বঞ্চিত মানুষকে সহযোগিতা করা, মাদকাসক্তি প্রতিরোধে সচেতনতা তৈরি, দরিদ্র ও পথশিশুদের শিক্ষাসামগ্রী উপহার, নিরক্ষরতা দূরীকরণ, সেচ্ছায় রক্ত দান, শীতার্ত ব্যাক্তিদের কম্বল বিতরণ, জলবায়ু পরিবর্তন ও সমাজ কল্যাণ মূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছি।

  • সোনারগাঁ জি. আর. স্কুল অ্যান্ড কলেজে এর সভাপতি হলেন তুহিন মাহমুদ

    সোনারগাঁ জি. আর. স্কুল অ্যান্ড কলেজে এর সভাপতি হলেন তুহিন মাহমুদ

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁয়ের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সোনারগাঁ জি. আর. স্কুল অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির অ্যাডহক সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন শিক্ষাবিদ ও হামদর্দ বিশ্ববিদ্যালয়ের প্রভাষক তুহিন মাহমুদ

    শতবর্ষী এই প্রতিষ্ঠানটি ১৯০০ সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি ঐতিহাসিক পানাম নগরের সন্নিকটে অবস্থিত। তুহিন মাহমুদ একজন কোরআনের হাফেজ এবং শিক্ষাজীবনে দাখিল ও আলিম পরীক্ষায় গোল্ডেন এ+ অর্জনসহ বোর্ড স্কলারশিপ পেয়েছেন। তিনি ফাযিল (ইসলামিক থিওলজি) সম্পন্ন করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (IER) থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রি লাভ করেন।

    পেশাগত জীবনে তিনি একজন বেসরকারি উন্নয়ন সংস্থার সিনিয়র কর্মকর্তা, যিনি আন্তর্জাতিক যোগাযোগ ও গ্লোবাল পার্টনারশিপ ক্ষেত্রে কাজ করছেন। পাশাপাশি তিনি হামদর্দ বিশ্ববিদ্যালয়ে ইংরেজি ভাষার খণ্ডকালীন প্রভাষক হিসেবে পাঠদান করছেন।

    তুহিন মাহমুদ জার্মানি, ভারত ও মালয়েশিয়ার আন্তর্জাতিক সেমিনার ও প্রশিক্ষণে স্কলারশিপসহ অংশগ্রহণ করেছেন।

    নতুন কমিটি গঠনের আগে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় থেকে তার প্রাথমিক মনোনয়ন চিঠি জারি করা হয় এবং পরবর্তীতে ঢাকা শিক্ষা বোর্ডের অনুমোদনের মাধ্যমে অ্যাডহক কমিটি চূড়ান্ত অনুমোদন পায়

    শিক্ষার গুণগত মান উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে তুহিন মাহমুদ বলেন, “প্রতিষ্ঠানটিকে আধুনিক, মানসম্মত ও শিক্ষাবান্ধব পরিবেশে নিয়ে যেতে আমি সর্বোচ্চ প্রচেষ্টা চালাবো।” তাঁর নেতৃত্বে প্রতিষ্ঠানের অগ্রগতি ও শিক্ষার মানোন্নয়ন হবে বলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা আশাবাদী

  • দূর্নীতির দায়ে হারানো পদ ফিরে পেতে সংবাদ সম্মেলন

    দূর্নীতির দায়ে হারানো পদ ফিরে পেতে সংবাদ সম্মেলন

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লিখক শহীদ সরকারকে দুর্নীতির অভিযোগে বরখাস্ত করা হয়েছে। একইসঙ্গে তার দলিল লেখার সনদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তবে এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে রবিবার সকালে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন শহীদ সরকার ও তার সহযোগীরা।

    সংবাদ সম্মেলনে শহীদ সরকার দাবি করেন, তিনি দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে দলিল লিখক পেশায় নিয়োজিত থেকে সরকারের রাজস্ব আদায়ে ভূমিকা রেখে আসছেন। তিনি বাংলাদেশ দলিল লিখক সমিতির নির্বাচিত সহ-সাধারণ সম্পাদক এবং সোনারগাঁ সাব-রেজিস্ট্রি অফিসের ভেন্ডার সমিতির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

    তার ভাষ্যমতে, দলিল লিখক ও ভেন্ডার সমিতির নির্বাচনে বারবার বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় প্রতিপক্ষ একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছে। এসব অভিযোগের ভিত্তিতে তার সনদ বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে, যা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক বলে তিনি দাবি করেন।

    অভিযোগ ও তদন্ত প্রতিবেদন

    জানা গেছে, দলিল লিখক গাজী কামাল হোসেন ২০২৪ সালের ১ অক্টোবর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে শহীদ সরকার এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে একাধিক দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ দায়ের করেন। অভিযোগে শহীদ সরকারের বোন নকলনবিশ রূপালী ওরফে আছিয়া, লিপি আক্তার, রিনা আক্তার এবং ভাই মনির হোসেন সরকার ও পনির হোসেন সরকারের নাম উল্লেখ করা হয়।

    ২০২৪ সালের ২৪ ডিসেম্বর তদন্তে অভিযোগকারীর লিখিত বক্তব্য ও সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করা হয়। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় জেলা রেজিস্ট্রার খন্দকার জামিলুর রেজা স্বাক্ষরিত এক আদেশে শহীদ সরকারকে বরখাস্ত করা হয়।

    এছাড়া, আগামী ১৫ কার্যদিবসের মধ্যে দলিল লেখার মূল সনদ বাতিল পূর্বক আইনগত ব্যবস্থা কেন নেওয়া হবে না, সে বিষয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে উপযুক্ত জবাব না দিলে তার সনদ স্থায়ীভাবে বাতিল করা হবে।

    সংবাদ সম্মেলনে শহীদ সরকার তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে সনদ স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি জানান।

  • সোনারগাঁয়ে শীর্ষ ডাকাত ৬ মামলার আসামী রকমতুল্লাহ গ্রেপ্তার

    সোনারগাঁয়ে শীর্ষ ডাকাত ৬ মামলার আসামী রকমতুল্লাহ গ্রেপ্তার

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের উপজেলার পিরোজপুর এলাকার শীর্ষ ডাকাত ৬ মামলার আসামী রকমতুল্লাহকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ।

    শনিবার (২২ মার্চ) রাতে উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়াচর ছয়হিস্সা এলাকায় এএসআই কামরুজ্জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত রকমতুল্লাহ ওই এলাকার মৃত আবদুল রকমানের ছেলে।

    সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মফিজুর রহমান জানান, রকমতুল্লাহর বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা রয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে এবং আইনশৃঙ্খলা উন্নয়নে অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

  • সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সের টয়লেট থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

    সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সের টয়লেট থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমার্জেন্সি টয়লেট থেকে অজ্ঞাত এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২২ মার্চ) দুপুরে হাসপাতালের টয়লেটের পাইপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. শারমিন আক্তার তিথী জানান, সকালে হাসপাতালের ইমার্জেন্সি টয়লেট ব্লক হয়ে যাওয়ার খবর পেয়ে কর্মীরা পাশের নির্মাণাধীন আরেকটি টয়লেটের পাইপ দিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করেন। এ সময় তারা পাইপের ভেতর নবজাতকের মরদেহ দেখতে পান। এটি হাসপাতালের ভেতর থেকে কেউ ফেলেছে নাকি বহিরাগত কেউ এসে ফেলে গেছে, তা এখনো নিশ্চিত নয়। ঘটনার পরপরই থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

    সোনারগাঁ থানার উপপরিদর্শক নাঈমুল ইসলাম বলেন, “হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের বিষয়টি জানালে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করি এবং ময়নাতদন্তের জন্য পাঠাই। বিস্তারিত তদন্ত চলছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

    এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাটির রহস্য উদঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে।

  • জামপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে বশিরগাঁও খেলার মাঠে গণ ইফতার ও দোয়া মাহফিল

    জামপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে বশিরগাঁও খেলার মাঠে গণ ইফতার ও দোয়া মাহফিল

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শতভাগ সাফল্য কামনায় এক গণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (২২ মার্চ ২০২৫) জামপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বশিরগাঁও খেলার মাঠে আয়োজিত এই মাহফিলে প্রায় ২ হাজার প্রান্তিক কৃষক ও সাধারণ জনগণ অংশ নেন।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি জনাব আজহারুল ইসলাম মান্নান। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন

    জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম সানোয়ারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, সোনারগাঁও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সোনারগাঁও পৌর বিএনপির সভাপতি হাজী শাহজাহান মেম্বার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোতালেব কমিশনার, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক হাজী সেলিম হক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান ভূইয়া মাসুম, উপজেলা বিএনপির সহ-সভাপতি তাইজুল ইসলাম সরকার, পীর মোহাম্মদ পিরু, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আতাউর রহমান, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলমগীর, উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক আব্দুর রহমান সরকার, আবুবকর সিদ্দিক, সেলিম ভূঁইয়া, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ফজল হোসেন, উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মোঃ সেলিম হোসেন দিপু, উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা ওমর ফারুক, উপজেলা বিএনপির সদস্য বিএম ডালিম, আলী নূর

    এছাড়াও নারায়ণগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রোবেল হোসাইন, সোনারগাঁও উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেন, সোনারগাঁও উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোরশেদ মোল্লা, রিপন ভূঁইয়া, মোঃ সামিম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাউসার, জামপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি গিয়াস উদ্দিন, সহ-সভাপতি ওসমান মেম্বার, লতিফ মেম্বার, শহিদুল্লাহ, ফজলু মেম্বার, মনির মল্লিক, যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার ফারুক, রফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহ আলম, বাচ্চু, এবং বিএনপি নেতা আমানউল্লাহ, আনসার, হাফিজ আহাম্মেদ, ইয়ামিন, লুৎফর, মামুনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার সুস্থতা, তারেক রহমানের দীর্ঘায়ু ও সফলতা এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

  • সোনারগাঁয়ে দারে আরকাম ছাত্র পাঠাগারের ইফতার অনুষ্ঠিত 

    সোনারগাঁয়ে দারে আরকাম ছাত্র পাঠাগারের ইফতার অনুষ্ঠিত 

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁয়ে দারে আরকাম ছাত্র পাঠাগার আয়োজিত ইফতার মাহফিল গতকাল শুক্রবার উপজেলার পিরোজপুর ইউনিয়নের জিয়ানগর এলাকায় জমিরিয়া শামসুল উলুম মাদরাসা ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। মাদরাসা ছাত্র সংগঠন দারে আরকাম ছাত্র পাঠাগার এ অনুষ্ঠানের আয়োজন করে।

    পাঠাগারে সভাপতি উজ্জল হোসেন মাসুমের সভাপতিত্বে ও মুহাম্মদ শরীয়তুল্লাহ ফরিদীর ব্যবস্থাপনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলহাজ্ব কাজী সেলিম রেজা। প্রধান মেহমান ছিলেন সোনারগাঁও পৌরসভার সাবেক কাউন্সিল ফারুক আহমেদ তপন। বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁও প্রেস ক্লাবের সহ-সভাপতি ও দৈনিক আমার দেশ পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি ফজলে রাব্বী সোহেল। এসময় সাংবাদিক মোঃ মনির হোসেন, শাখা পোস্ট মাষ্টার আব্দুর রাজ্জাক খাঁন, সমাজ সেবক উলফাত হোসেন, দারে আরকামের সিনিয়র সহ-সভাপতি শরিফুল ইসলাম, সদস্য রাজিবুল  হাসান, ওয়াসিম আকরাম, মোঃ বিল্লাল হোসেন, ফসিউল আলম রানা সহ মাদরাসার শিক্ষার্থী ও এলাকার গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    পরে জমিরিয়া শামসুল উলুম মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা তাফাজ্জল হুসাইন ফরিদী দেশ ও জাতির শান্তি ও কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন।

  • সোনারগাঁয়ে পিরোজপুর ইউনিয়নে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

    সোনারগাঁয়ে পিরোজপুর ইউনিয়নে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁয়ে পিরোজপুর ইউনিয়ন ৯ নং ওয়ার্ড বিএনপি ও অংগ সংগঠনের উদ্যােগে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের শতভাগ সাফল্য প্রত্যাশায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

    ২১ মার্চ শুক্রবার বিকেলে মেঘনা শিল্পনগরী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় ৩ হাজার এতিম ছাত্র এবং সাধারণ জনগণকে সাথে নিয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেন।

    এ সময় পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান এর সভাপতিত্বে,ও পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী জয়নাল মেম্বার সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, প্রধান বক্তা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, বিশেষ অতিথি, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, পৌর বিএনপির সভাপতি হাজী শাহজাহান মেম্বার, পৌর বিএনপির সাধারন সম্পাদক মোতালেব কমিশনার,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক হাজী সেলিম হক রুমি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান ভূইয়া মাসুম,উপজেলা বিএনপির সহ সভাপতি রফিকুল ইসলাম বিডিআর, তাইজুল ইসলাম সরকার, পীর মোহাম্মদ পিরু ডাক্তার মিজানুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আতাউর রহমান, আব্দুর রউফ, এডভোকেট সাদ্দাম বৈদ্দেরবাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ মেম্বার, পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি আলমগীর, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাদেকুল ইসলাম সেন্টু, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খায়রুল ইসলাম সজীব, উপজেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক শহিদ সরকার, আব্দুর রহমান সরকার,আবু বক্কর সিদ্দিক, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ফজল হোসেন, উপজেলা বিএনপির কোষাধক্ষ মোস্তাফিজুর রহমান , উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মোঃ সেলিম হোসেন দিপু উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা ওমর ফারুক, উপজেলা বিএনপির সদস্য বিএম ডালিম, আলী নুর, উপজেলা বিএনপি নেতা মাসুম রানা, নারায়ণগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রোবেল হোসাইন, উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেন, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল জলিল, মোরশেদ মোল্লা, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রাসেল রানা, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কাউসার আহম্মেদ, পিরোজপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি সোরহাব প্রধান, সহ সভাপতি, ছামাদ মেম্বার, ইঞ্জিনিয়ার সামসুল হক পিরোজপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক তমিজ উদ্দিন, হাসান রিয়াজুল, শাহিনুর, রিপন, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাসেম প্রধান বিএনপি নেতা আবুল, সহ অন্যান গণ্যমান ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

    এ সময় আজহারুল ইসলাম মান্নান বলেন, সোনারগাঁয়ে বিএনপির কোন নেতাকর্মী চাঁদাবাজি ও ভুমি দখলে যুক্ত থাকার প্রমান দিতে তাকে দল থেকে বহিষ্কার করা হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সব সময় অসহায়দের পাশে থেকেছি যেকোনো নৈরাজ্য রুখতে আমরা সব সময় ঐকবদ্ধ হয়ে কাজ করে যাব।

  • ছুটির দিনে জমে উঠেছে সোনারগাঁয়ের ঈদবাজার

    ছুটির দিনে জমে উঠেছে সোনারগাঁয়ের ঈদবাজার

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: রমজানের ২০তম দিনে ছুটির সুযোগ কাজে লাগিয়ে সোনারগাঁয়ের ঈদবাজারে উপচেপড়া ভিড় দেখা গেছে। বড় বড় শপিং মল থেকে শুরু করে ফুটপাতের দোকান—সবখানেই কেনাকাটার ধুম লেগেছে। নারী-পুরুষ, শিশু থেকে বৃদ্ধ—সব বয়সী মানুষের উপস্থিতিতে সরগরম হয়ে উঠেছে পুরো বাজার এলাকা।

    উপজেলার সবচেয়ে জনবহুল ও বাণিজ্যিক এলাকা মোগরাপাড়া চৌরাস্তা ঘুরে দেখা যায়, শপিং মল ও ফুটপাতের দোকানগুলোতে ক্রেতাদের ঢল নেমেছে। ঈদের আনন্দকে পরিপূর্ণ করতে পরিবার-পরিজন নিয়ে বাজারে এসেছেন অনেকেই।

     

    ঈদের কেনাকাটা করতে আসা নাদিয়া বলেন, “সারা বছর অপেক্ষা করি ঈদ শপিংয়ের জন্য। মার্কেটে আসতে দেরি করায় অনেক ভিড় পেয়েছি, তবে পছন্দের পোশাক কিনতে পেরে ভালো লাগছে।” তিনি জানান, নিজের কেনাকাটার পাশাপাশি ছেলে-মেয়ে শশুর শাশুরী ও স্বামীর জন্য কেনাকাটা করেছেন

     

    বিগবাজারের মালিক মোশাররফ হোসেন জানান, “ঈদের মৌসুমে আমাদের ব্যবসার প্রধান সময়। এবারও ক্রেতাদের ভালো সাড়া পাচ্ছি। বিক্রিও আগের চেয়ে ভালো হচ্ছে।”

    এদিকে, উপজেলার শিল্পনগরী কাঁচপুর এলাকায়ও ঈদের বাজার বেশ জমজমাট। সকাল থেকেই পরিবার-পরিজন নিয়ে মার্কেট ও ফুটপাতের দোকানগুলোতে ভিড় জমিয়েছেন ক্রেতারা। কাঁচপুর যেহেতু একটি শিল্প এলাকা, তাই এখানে মার্কেটের তুলনায় ফুটপাতে কেনাকাটার ভিড় বেশি লক্ষ করা গেছে। ছুটির দিনে গার্মেন্টস ও শিল্প শ্রমিকরা পরিবারের জন্য নতুন জামা-কাপড় কেনার জন্য দোকানে দোকানে ঘুরছেন। কারণ, ঈদের ছুটিতে তারা নাড়ির টানে বাড়ি ফিরবেন, তাই আগেভাগেই কেনাকাটা সেরে নিচ্ছেন।

    ফুটপাতে ঈদের পোশাক কিনতে আসা মনিষা বলেন, “এখনও বেতন-বোনাস পাইনি, কিন্তু সময়ও কম। তাই ছুটির দিনে নিজের জমানো টাকা দিয়ে পরিবারের জন্য সাধ্যের মধ্যে কেনাকাটা করছি।”

    ব্যবসায়ীদের মতে, ঈদ যত ঘনিয়ে আসবে, কেনাকাটার পরিমাণ ততই বাড়বে। বিশেষ করে শেষ মুহূর্তে বাজার আরও জমজমাট হবে বলে তারা আশা করছেন।

  • বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের মৃত্যুতে “সোনারগাঁ নাগরিক সমাজ” এর শোক বার্তা

    বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের মৃত্যুতে “সোনারগাঁ নাগরিক সমাজ” এর শোক বার্তা

    বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জনাব মো. সিরাজুল ইসলাম মাস্টারের মৃত্যুতে সোনারগাঁ নাগরিক সমাজ গভীর শোক প্রকাশ করছে। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

    তিনি ছিলেন সোনারগাঁয়ের শিক্ষা ও মুক্তিযুদ্ধের ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্র। তাঁর অসামান্য অবদান, দেশপ্রেম, এবং শিক্ষার প্রসারে তাঁর অনন্য ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।

    সোনারগাঁ নাগরিক সমাজ তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী, শুভানুধ্যায়ী ও শিক্ষার্থীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন।

  • বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম মাস্টারের মৃত্যু, বাদ জুম্মা জানাযা

    বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম মাস্টারের মৃত্যু, বাদ জুম্মা জানাযা

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জনাব মো. সিরাজুল ইসলাম মাস্টার আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি আজ রাত ১২:৪০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে সোনারগাঁ উপজেলাসহ শিক্ষাঙ্গন ও মুক্তিযোদ্ধা মহলে শোকের ছায়া নেমে এসেছে। এদিকে, আজ শুক্রবার বাদ জুম্মা সনমান্দি হাসান খাঁন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।

    মুক্তিযুদ্ধে ভূমিকা

    ১৯৫২ সালের ২৬ মে সোনারগাঁও উপজেলার সনমান্দী গ্রামের সম্ভ্রান্ত মোল্লা পরিবারে জন্মগ্রহণ করা সিরাজুল ইসলাম ছিলেন একাধিক মুক্তিযোদ্ধা সংগঠনের সংগঠক। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় তিনি নিজ গ্রামে মুক্তিযোদ্ধা প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলেন। ২নং সেক্টরের সেক্টর কমান্ডার মেজর এ টি এম হায়দারের অনুমোদনে গঠিত ‘সনমান্দী মুক্তিযোদ্ধা উপ-প্রশিক্ষণ কেন্দ্র’-এর ক্যাম্প-ইন-চার্জ হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। সোনারগাঁয়ের চিলারবাগ, সনমান্দী, লাঙলবন্দসহ বিভিন্ন সম্মুখ যুদ্ধে তিনি বীরত্বের সঙ্গে অংশগ্রহণ করেন।

    কর্মজীবন ও অবদান

    সিরাজুল ইসলাম মাস্টার একজন আদর্শবান শিক্ষক ছিলেন। ১৯৭১ সালে তিনি শিক্ষকতা জীবন শুরু করেন এবং পরবর্তীতে আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন। তাঁর যোগদানের পর বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আসে এবং বিদ্যালয়টি উপজেলার অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হয়। শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য তিনি তিনবার সোনারগাঁও উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক এবং নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন।

    এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি সনমান্দী হাছান খান উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি, সনমান্দী হাফেজিয়া মাদ্রাসার সেক্রেটারি, সনমান্দী বড় ঈদগাহ ময়দানের প্রতিষ্ঠাতা সভাপতি এবং নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সহকারী জেলা কমান্ডার (ত্রাণ ও পুনর্বাসন) হিসেবে দায়িত্ব পালন করেন।

    ব্যক্তিজীবন

    সিরাজুল ইসলাম মাস্টার ব্যক্তিজীবনে দুই পুত্র ও তিন কন্যা সন্তানের জনক। তাঁর বড় ছেলে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা হিসেবে সরকারি কলেজে সহকারী অধ্যাপক পদে কর্মরত রয়েছেন, অন্য সন্তানরাও উচ্চশিক্ষা শেষে বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন।

    শেষকৃত্য

    বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম মাস্টারের নামাজে জানাজা আজ শুক্রবার বাদ জুম্মা তাঁর নিজ গ্রাম সনমান্দী হাসান খাঁন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। তাঁর মৃত্যুতে মুক্তিযোদ্ধা, শিক্ষাঙ্গন ও সর্বস্তরের মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

    দেশের জন্য তাঁর অসামান্য অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

  • সোনারগাঁয়ে ৩৭ দিন পর অপহৃত কিশোরী উদ্ধার

    সোনারগাঁয়ে ৩৭ দিন পর অপহৃত কিশোরী উদ্ধার

    বৃহস্পতিবার ২০ মার্চ বিকেলে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন( পিবিআই) এর নারায়ণগঞ্জ পুলিশ সুপার মো.মোস্তফা কামাল রাশেদ বিপিএময়ের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    পিবিআইয়ের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের জৈনপুর গ্রামের মো. ইয়াছিন মিয়ার মাদ্রাসা পড়ুয়া মেয়ে গত ১০ ফেব্রুয়ারি  সকাল ১০টার দিকে জৈনপুর তালিমুল কোরআন মহিলা মাদ্রাসার সামনে থেকে পিরোজপুর গ্রামের কুদরত আলী কুরজুর ছেলে শাহিন মির্জার নেতৃত্বে ৪-৫জনের একটি দল মাইক্রোবাস যোগে অপহরণ করে নিয়ে যায়। অনেক খোঁজাখুজির পর না পেয়ে ১৩ মার্চ অপহৃত কিশোরীর বাবা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে একটি মামলা দায়ের করেন। মামলাটি তদন্তের জন্য নারায়ণগঞ্জ পিবিআইকে নির্দেশ দেয় আদালত।

    পরে গত বুধবার বিকেলে পিবিআইয়ে পুলিশ পরিদর্শক আব্দুল বাতেনের নেতৃত্বে অভিযান চালিয়ে শাহিন মির্জার পিরোজপুর গ্রামের বাড়ি থেকে অপহৃত কিশোরীকে উদ্ধার করে। তবে অপহরণে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

    অভিযুক্ত শাহিন মির্জার চাচাতো ভাই কবির হোসেন বলেন, প্রেমের সম্পর্কে তাদের মধ্যে বিয়ে হয়। তারা একে অপরকে ভালোবেসে বিয়ে করেছে। বিয়ের বয়স হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন প্রেমের বিয়ে তো বয়স দেখে হয় না। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন( পিবিআই) এর নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো.মোস্তফা কামাল রাশেদ বিপিএম জানান, অপহৃত কিশোরীকে উদ্ধার করে আদালতের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অপহরণে জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত রয়েছে।

  • সোনারগাঁয়ে পাঠাও কুরিয়ারে কর্মরত যুবক সড়ক দূর্ঘটনায় নিহত

    সোনারগাঁয়ে পাঠাও কুরিয়ারে কর্মরত যুবক সড়ক দূর্ঘটনায় নিহত

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় রাফি মিয়া (২৩) নামে পাঠাও কুরিয়ারে কর্মরত এক যুবকের মৃত্যু হয়েছে।

    বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মারীখালী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহত রাফি মিয়া চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার মইনুল মিয়ার ছেলে। চাকরির সুবাদে তিনি সোনারগাঁয়ের গোহাট্টা এলাকায় ভাড়া থাকতেন।

    সোনারগাঁ ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার জাহিদ মিয়া জানান, রাফি পাঠাও কুরিয়ারে অনলাইনের পণ্য ডেলিভারির কাজ করতেন। তিনি উপজেলার মেঘনা নিউটাউন এলাকা থেকে পণ্য ডেলিভারি দিয়ে ফিরছিলেন। পথে মারীখালী ব্রিজে পৌঁছালে পেছন থেকে একটি বেপরোয়া ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান।

    এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ মোর্শেদ বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে এবং পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। দুর্ঘটনার বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেব।’