জিতলেন মান্নান লড়াই করলেন ইকবাল

নিউজ সোনারগাঁ: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ) আসনে শেষ পর্যন্ত জমে ওঠে দুই প্রার্থীর সরাসরি লড়াই। সব জল্পনা–কল্পনার অবসান ঘটিয়ে দাঁড়িপাল্লার সঙ্গে শ্বাসরুদ্ধকর প্রতিদ্বন্দ্বিতায় জয় ছিনিয়ে নেয় ধানের শীষ।
বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান ধানের শীষ প্রতীক নিয়ে ১ লাখ ৫৪ হাজার ১০৩ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড. ইকবাল হোসেন পান ১ লাখ ৩২ হাজার ২৩ ভোট। ভোটের ব্যবধান দাঁড়ায় প্রায় ২২ হাজার।
নির্বাচনের শুরুতে এই আসনে চারজনকে মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে ধরা হলেও শেষ পর্যন্ত লড়াই সীমাবদ্ধ হয়ে পড়ে মান্নান ও ইকবালের মধ্যেই। স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক নিয়ে মাঠে ছিলেন সাবেক এমপি গিয়াস উদ্দিন এবং ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন সাবেক প্রতিমন্ত্রী রেজাউল করিম। তবে ভোটের শেষ দিকে তারা কার্যত প্রতিযোগিতা থেকে ছিটকে পড়েন।
জানা গেছে, এ আসনে মোট ৯ জন প্রার্থী অংশ নিলেও ধানের শীষ ও দাঁড়িপাল্লা প্রতীকের প্রচার-প্রচারণাই বেশি আলোচনায় ছিল। ভোটের দিন কেন্দ্রগুলোতে ছিল টানটান উত্তেজনা, আর ফল ঘোষণার পর স্পষ্ট হয় দুই প্রার্থীর মধ্যকার হাড্ডাহাড্ডি লড়াইয়ের চিত্র।
শেষ পর্যন্ত সকল হিসাব পাল্টে দিয়ে ধানের শীষের বিজয়ে উচ্ছ্বাস দেখা গেছে সমর্থকদের মধ্যে, আর দাঁড়িপাল্লা শিবিরে নেমে আসে হতাশা। স্থানীয় রাজনৈতিক মহল বলছে, এই ফলাফল আগামী দিনের রাজনীতিতেও বড় প্রভাব ফেলবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *