নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুরে প্রশাসনের অনুমতি ছাড়াই টানা পাঁচ দিন ধরে চলছে শিশু-কিশোর মেলা। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকরা।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে জামপুর ইউনিয়নের কদমতলী এলাকার বালুর মাঠে সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রায় ২০ থেকে ২৫টি স্টল নিয়ে মেলা বসেছে। বিভিন্ন ধরনের খেলনা, খাবার ও বিনোদনসামগ্রীর দোকান রয়েছে সেখানে।
মেলায় অংশ নেওয়া কয়েকজন দোকানির সঙ্গে কথা বলে জানা যায়, স্থানীয় কয়েকজনের নেতৃত্বে মেলাটি আয়োজন করা হয়েছে। প্রতিটি স্টলের জন্য দৈনিক ৫০০ টাকা করে ভাড়া নেওয়া হচ্ছে বলেও জানান তারা।
স্থানীয় অভিভাবকদের অভিযোগ, মেলার কারণে কোমলমতি শিক্ষার্থীরা লেখাপড়ায় অমনোযোগী হয়ে পড়ছে। সকাল থেকে রাত পর্যন্ত অনেক শিক্ষার্থী মেলায় ঘোরাফেরা করছে। স্থানীয়দের দাবি, মেলাটি প্রায় ১২ দিন চলার কথা রয়েছে।
অভিভাবকদের আরও অভিযোগ, মেলার বিষয়ে মাঝে মধ্যে পুলিশ এসে ঘুরে গেলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ফলে প্রশাসনের অনুমতি ছাড়া মেলা চলায় তাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত বলেন, “এই মেলার বিষয়ে আমি কিছুই জানি না। আমার পক্ষ থেকে কোনো অনুমোদন দেওয়া হয়নি।”



