পরিমল বিশ্বাস, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালিয়ে ৫৯০টি চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার কাঁচপুর ইউনিয়নের সোনাপুর কলাবাগান ও সোনাপুর দশতলা ভবন সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে অবৈধভাবে নেওয়া ৫৯০টি চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একই সঙ্গে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারকারীদের সতর্ক করা হয়।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুনিম সোহানা এবং তিতাস গ্যাসের সোনারগাঁ জোনের ম্যানেজার শবিউল আওয়ালের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তিতাস গ্যাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অবৈধ সংযোগের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোথাও অবৈধ গ্যাস সংযোগ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে সংযোগ বিচ্ছিন্নসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



