নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি গাঁজা ও ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন মামলায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সোনারগাঁ থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে মাদক মামলায় তিনজন, ওয়ারেন্টভুক্ত একজন, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় একজন, খুন মামলায় দুজন এবং মাদকসেবী তিনজন রয়েছেন।
সোনারগাঁ থানা পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
মাদকসেবী হিসেবে গ্রেপ্তাররা হলেন লালমনিরহাটের ইকরামুল হক (৪৫), সোনারগাঁয়ের দক্ষিণ দামোরদী এলাকার শাহ পরান (৩৮) এবং কাবিলগঞ্জ এলাকার মোঃ মিন্টু আহাম্মেদ শুভ ওরফে মিন্টু মিয়া (৪২)।
মাদক মামলায় গ্রেপ্তাররা হলেন ময়মনসিংহের আশিকুল ইসলাম আশিক (২৭), সোনারগাঁয়ের পরমেশ্বরদী এলাকার আকতার হোসেন বাবু (৪৪) এবং দুর্গাপ্রসাদ এলাকার মোঃ রাসেল (৩৭)।
খুন মামলায় গ্রেপ্তার করা হয়েছে কাঁচপুর নগর এলাকার আমির হোসেন (৫৮) ও কুড়িগ্রামের নাগেশ্বরী এলাকার শাহিনুর ইসলাম (৩০)কে।
এ ছাড়া সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সোনারগাঁ পৌরসভার শাহপুর এলাকার জিয়া উদ্দিন ভূইয়া জীবন (৫৫) এবং ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে আমবাগ এলাকার দেওয়ান আরজু (৫৫)কে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের দাবি, বিশেষ অভিযানে মাদক মামলায় গ্রেপ্তারদের কাছ থেকে ১ কেজি গাঁজা ও ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা ও আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।



