নিজস্ব প্রতিবেদক :: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের বুরুমদী গ্রামে মাদক ব্যবসায়ীদের আশ্রয়-প্রশ্রয় না দেওয়াকে কেন্দ্র করে একটি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী ও স্থানীয়দের অভিযোগ, মাসুম, হাসান ও আল-আমিনের নেতৃত্বে ১০ থেকে ১৫ জনের একটি দল ওই বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট করা হয়। হামলায় কয়েকজন নারীকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
স্থানীয়দের দাবি, এলাকায় মাদকসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এ ধরনের হামলার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। মাদক ব্যবসায়ীদের আশ্রয়-প্রশ্রয় না দেওয়াকে কেন্দ্র করেই হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন তারা।
এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন। একই সঙ্গে অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
পাশাপাশি বুরুমদী ও আশপাশের এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার করে মাদক ব্যবসা এবং এর সঙ্গে সংশ্লিষ্ট অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
তবে এ ঘটনায় অভিযুক্ত মাসুম, হাসান ও আল-আমিনের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্যও জানা যায়নি।



