Author: নিউজসোনারগাঁ২৪ডটকম

  • যে কারণে মদিনা শপিংমলে আগুন লাগে

    যে কারণে মদিনা শপিংমলে আগুন লাগে

    নিজস্ব প্রতিবেদক: সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় অবস্থিত আল মদিনা শপিংমলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে শপিংমলের নিচতলার ফায়ার ইকুইপমেন্ট রুমে আগুন লাগে। খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

    ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় বৈদ্যুতিক মিটার, তারসহ বিভিন্ন সরঞ্জাম পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
    তবে ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তাদের অভিযোগ, দোকানদারদের উচ্ছেদের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে। যদিও এ অভিযোগ অস্বীকার করে মার্কেট মালিক নবী হোসেন বলেন, প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

  • শম্ভুপুরায় গৃহবধূ ঝুমুরের মৃত্যুর ঘটনায় জনির গ্রেপ্তার ও বিচার দাবি

    শম্ভুপুরায় গৃহবধূ ঝুমুরের মৃত্যুর ঘটনায় জনির গ্রেপ্তার ও বিচার দাবি

    নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নে গৃহবধূ ঝুমুরের মৃত্যুকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবার ও স্থানীয়দের অভিযোগ, পরকীয়ার সম্পর্কের জেরে প্রতারণা, মানসিক নির্যাতন ও হুমকির মুখে পড়ে ঝুমুর আত্মহননে বাধ্য হয়েছেন। তারা অভিযুক্ত জনির গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।
    নিহতের বাবা বাসেদ মিয়া অভিযোগ করেন, ঝুমুরের স্বামী প্রবাসে থাকার সুযোগে জনি বিয়ের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। এক পর্যায়ে বিভিন্নভাবে টাকা-পয়সা হাতিয়ে নেওয়ার পর জনি তাকে এড়িয়ে চলতে শুরু করেন এবং হুমকি দিতে থাকেন। এরই ধারাবাহিকতায় বিয়ের দাবিতে গত রোববার জনির বাড়িতে গেলে ঝুমুর নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন দেন বলে দাবি পরিবারের।
    গুরুতর দগ্ধ অবস্থায় তাকে ঢাকা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার তার মৃত্যু হয়।
    এদিকে, ঘটনার পর বিষয়টি ধামাচাপা দিতে প্রভাবশালী মহলের তৎপরতার অভিযোগ উঠেছে। নিহতের পরিবারের দাবি, অর্থের বিনিময়ে ঘটনাটি আপস-মীমাংসার চেষ্টা করছেন শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাবেদ আলী, ইউপি সদস্য শামিম, এজাজ এবং ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেনসহ কয়েকজন স্থানীয় ব্যক্তি।
    তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাবেদ আলী। তিনি বলেন, “ঘটনার বিষয়ে আমি কিছু জানি না। ঝুমুর ইউপি সদস্য শামিমের এলাকার বাসিন্দা। বিষয়টি নিয়ে তারা কথা বলছেন।”
    ইউপি সদস্য শামিম বলেন, “ঝুমুরের সঙ্গে জনির সম্পর্ক ছিল বলে শুনেছি। বিষয়টি নিয়ে সমঝোতার আলোচনা হয়েছিল।” তবে আইনগতভাবে এমন সমঝোতা বৈধ কি না জানতে চাইলে তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান।
    অন্যদিকে অভিযুক্ত জনি পরকীয়ার অভিযোগ অস্বীকার করলেও এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি। এক পর্যায়ে তিনি সাংবাদিককে উদ্দেশ্য করে বলেন, “আপনি নিউজ করে যা করার করেন।”
    এ ঘটনায় নিহতের পরিবার দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। তবে অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত শেষে প্রকৃত সত্য উদঘাটিত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

  • সোনারগাঁয়ের মেঘনা নদীতে গোসল করতে নেমে দুই স্কুলছাত্রের মৃত্যু

    সোনারগাঁয়ের মেঘনা নদীতে গোসল করতে নেমে দুই স্কুলছাত্রের মৃত্যু

    নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা লঞ্চঘাট এলাকায় মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুই স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।
    বুধবার দুপুরে ঢাকার শনির আখড়া এলাকা থেকে সাত বন্ধু সোনারগাঁয়ের মেঘনা লঞ্চঘাট এলাকায় ঘুরতে আসে। একপর্যায়ে তারা মেঘনা নদীতে গোসল করতে নামে। এ সময় পাঁচজন তীরে উঠতে পারলেও মেরাজ (১৫) ও কায়েস (১৩) নামে দুই ছাত্র নদীতে তলিয়ে যায়।
    খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। প্রায় তিন ঘণ্টার চেষ্টার পর নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
    নিহত মেরাজ বর্ণমালা স্কুলের দশম শ্রেণির ছাত্র এবং ঢাকার দড়িয়া এলাকায় বসবাস করত। অপর নিহত কায়েস শনির আখড়ার একে স্কুল অ্যান্ড কলেজের ছাত্র।

    সোনারগাঁ নৌ-পুলিশের উপপরিদর্শক (এসআই) আল মামুন হায়দার জানান, মঙ্গলবার দুপুরে সাতজন ছাত্র মেঘনা লঞ্চঘাট এলাকায় ঘুরতে এসে নদীতে গোসল করতে নামে। গোসলের সময় দুইজন পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়ে তাদের মরদেহ উদ্ধার করে।

    তিনি আরও জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • সোনারগাঁয়ের মেঘনা ফেরিঘাটে গোসল করতে নেমে দুই স্কুলছাত্র নিখোঁজ

    সোনারগাঁয়ের মেঘনা ফেরিঘাটে গোসল করতে নেমে দুই স্কুলছাত্র নিখোঁজ

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা ফেরিঘাট এলাকায় মেঘনা নদীতে গোসল করতে নেমে ফাহিম ও মেরাজ নামে দুই স্কুলছাত্র নিখোঁজ হয়েছে।
    শনিবার দুপুরে ঢাকার শনির আখড়া এলাকা থেকে ৮ বন্ধু সোনারগাঁয়ে ঘুরতে এসে মেঘনা নদীতে গোসল করতে নামে। এ সময় ৬ জন নিরাপদে তীরে উঠতে পারলেও ফাহিম ও মেরাজ নিখোঁজ হয়।
    ঘটনার প্রায় তিন ঘণ্টা অতিবাহিত হলেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় মেঘনা ফেরিঘাট এলাকায় উৎসুক জনতার ভিড় জমেছে।
    বৈদ্যেরবাজার নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছে। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ দুই স্কুলছাত্রের সন্ধান মেলেনি।

  • সোনারগাঁয়ে ১ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

    সোনারগাঁয়ে ১ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

    নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ১ কেজি গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ১১টা ৪৫ মিনিটে কাঁচপুর চেঙ্গাইন রোড এলাকার বালুর মাঠের উত্তর-পূর্ব কর্নারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
    গ্রেপ্তারকৃতরা হলেন, ফাহিম (২০), মুঞ্জুরুল ইসলাম (৪৫) ও হাবিবুর রহমান ওরফে চিকন আলী (২৮)। তাদের কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
    সোনারগাঁ থানার ওসি গোলাম সারোয়ারের তত্ত্বাবধানে এসআই আরিফুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
    পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত মুঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে তিনটি এবং হাবিবুর রহমান ওরফে চিকন আলীর বিরুদ্ধে দুটি মাদক মামলা বিচারাধীন রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
    পুলিশের দাবি, মাদকসহ সকল ধরনের অপরাধ দমনে সোনারগাঁ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

  • বিদেশে পাঠানোর নামে অর্থ আত্মসাতের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

    বিদেশে পাঠানোর নামে অর্থ আত্মসাতের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

    নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী ফারুক আহমেদের বিরুদ্ধে বিদেশে পাঠানোর নামে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

    টাঙ্গাইলের নাগরপুর আমলি আদালতে দায়ের করা মামলায় মানড়া গ্রামের বাসিন্দা মোশাররফ হোসেন অভিযোগ করেন, তার ছেলে শাকিল হোসেনকে বিদেশে মাসিক এক লাখ টাকা বেতনের চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে মোট ৯ লাখ টাকা দাবি করা হয়। এর মধ্যে বিভিন্ন সময়ে ব্যাংক হিসাব ও নগদে ৪ লাখ টাকা গ্রহণ করা হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

    মোশাররফ হোসেন জানান, বিদেশে চাকরির আশ্বাস দিয়ে তার কাছ থেকে ৪ লাখ টাকা নেওয়া হয়। পরে ২ লাখ টাকা ফেরত দেওয়া হলেও বাকি ২ লাখ টাকা ফেরত দেওয়া হয়নি। টাকা চাইলে তাকে নানা ধরনের হয়রানি ও হুমকির মুখে পড়তে হয়েছে। এমনকি মতিঝিলে অবস্থিত অফিসে টাকা চাইতে গেলে তার ওপর হামলার ঘটনাও ঘটে বলে তিনি অভিযোগ করেন। বিচার না পেয়ে তিনি আদালতের শরণাপন্ন হয়েছেন।
    নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. মিজানুর রহমান বলেন, “দীর্ঘদিন ধরেই তিনি এই ব্যবসার সঙ্গে জড়িত বলে বিভিন্ন অভিযোগ রয়েছে। মামলার বাদী আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। তার বক্তব্য শুনে আমরা মর্মাহত। চেয়ারম্যান প্রার্থী হিসেবে ফারুক আহমেদ বিপুল অর্থ ব্যয় করেছেন বলে এলাকায় প্রচার রয়েছে। এসব অর্থের উৎস সম্পর্কে প্রশ্ন উঠেছে।”
    তবে অভিযোগ অস্বীকার করে ফারুক আহমেদ বলেন, “বাদীর সঙ্গে আমার বিরোধ রয়েছে। বরং আমি তার কাছে টাকা পাব। আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। বিষয়টি আইনি প্রক্রিয়ার মাধ্যমে মোকাবিলা করব।”
    মামলাটি বর্তমানে আদালতের বিচারাধীন রয়েছে।

  • সোনারগাঁয়ে বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদে গ্রাম্য আদালত বিষয়ক বার্ষিক সচেতনতামূলক ক্যাম্পেইন

    সোনারগাঁয়ে বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদে গ্রাম্য আদালত বিষয়ক বার্ষিক সচেতনতামূলক ক্যাম্পেইন

    নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদে গ্রাম্য আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
    বুধবার (১১ জুন) সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ ক্যাম্পেইনের প্রতিপাদ্য ছিল, “অল্প সময়ে, স্বল্প খরচে বিচার পেতে চলো যাই গ্রাম্য আদালতে।”
    অনুষ্ঠানে গ্রাম্য আদালতের কার্যক্রম, সুবিধা এবং স্থানীয় পর্যায়ে দ্রুত ও স্বল্প ব্যয়ে বিরোধ নিষ্পত্তির বিভিন্ন দিক তুলে ধরা হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সাধারণ জনগণকে গ্রাম্য আদালত সম্পর্কে সচেতন করতে এ আয়োজন করা হয়।
    সেমিনারে বক্তারা বলেন, ইউনিয়ন পরিষদের মাধ্যমে চেয়ারম্যান ও সদস্যদের সমন্বয়ে স্থানীয় ছোটখাটো বিরোধ দ্রুত নিষ্পত্তি করা সম্ভব। এতে সময় ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি আদালতের ওপর চাপও কমে।
    ক্যাম্পেইনের অংশ হিসেবে উপস্থিত সাধারণ জনগণের মধ্যে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
    বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এবং ৩ নম্বর ওয়ার্ড সদস্য দেলোয়ার হোসেন বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাসুদ ভুঁইয়া।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা গ্রাম্য আদালত সমন্বয়কারী মনিরুল ইসলাম মনির, ইউনিয়ন পরিষদের সদস্য আবুল হোসেন, মোহাম্মদ আলমগীর হোসেন, মো. নজরুল ইসলাম, সংরক্ষিত মহিলা সদস্য আসিয়া বেগম, উর্মি আক্তার ও নার্গিস আক্তারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
    অনুষ্ঠানে বৈদ্যেরবাজার ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আগত প্রায় ১২০ জন নারী-পুরুষ অংশগ্রহণ করেন। বক্তারা গ্রাম্য আদালতের সেবাকে আরও জনপ্রিয় ও কার্যকর করতে সকলের সহযোগিতা কামনা করেন।

  • সোনারগাঁয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে চুরির অভিযোগ

    সোনারগাঁয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে চুরির অভিযোগ

    নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়ন এক স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বাড়ির কাজের মহিলার স্বামীকে অভিযুক্ত করেছেন বাড়ির মালিক। গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন তিনি
    অভিযোগ সূত্রে জানা যায়,  গত ৫ তারিখের পর উপজেলার স্বেচ্ছাসেবক লীগ নেতা সালাউদ্দিন মাসুম বাড়ি ছেড়ে অন্যত্র চলে যান। এ সুযোগে বাড়িতে সম্প্রতি চুরির ঘটনা ঘটে। তবে ঠিক কোন দিন চুরির ঘটনা সংঘটিত হয়েছে, সে বিষয়ে নিশ্চিত তথ্য জানাতে পারেননি তিনি।
    সালাউদ্দিন মাসুম জানান, গত ৫ জুন তার বাড়িতে দুর্বৃত্তরা হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর করে ব্যাপক ক্ষয়ক্ষতি করে। পরে বাড়ির কিছু অংশ সংস্কার করা হয়। ঈদুল আজহার সময় তার পরিবারের সদস্যরা বাড়িতে এসে ঈদ উদযাপন করেন। ঈদ শেষে তারা চলে যাওয়ার পর বৃহস্পতিবার তিনি জানতে পারেন যে তার বাড়িতে চুরি হয়েছে।
    তিনি আরও জানান, স্থানীয় লোকজনের মাধ্যমে তিনি জানতে পারেন, তাদের বাড়িতে কর্মরত এক গৃহকর্মীর স্বামী আলমগীর চুরির সঙ্গে জড়িত। তার বাড়িতে চুরির কিছু মালামাল পাওয়া গেছে। অভিযোগ অনুযায়ী, ঘরে থাকা বিভিন্ন মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যাওয়া হয়েছে।
    এ ঘটনায় স্থানীয়ভাবে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে চুরি হওয়া মালামালের পরিমাণ এবং এ বিষয়ে থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
    অভিযোগের বিষয়ে অভিযুক্ত আলমগীরের বক্তব্য পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটিত হবে বলে স্থানীয়রা মনে করছেন।

  • মাদ্রাসা থেকে বের হয়ে নিখোঁজ ছাত্র, থানায় অভিযোগ

    মাদ্রাসা থেকে বের হয়ে নিখোঁজ ছাত্র, থানায় অভিযোগ

    নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের বন্দর উপজেলার বালুচর এলাকার কিশোর ইমরান হোসেন ওরফে সামির (১৬) নামে এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়েছে। এ ঘটনায় তার বাবা মো. ইমাম হোসেন নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

    অভিযোগ সূত্রে জানা যায়, ইমরান হোসেন সামির আমলাপাড়া বড় মাদ্রাসার তাইছির জামাতের ছাত্র। গত ১৩ জুন ২০২৬ তারিখ সকাল আনুমানিক ৭টার দিকে তিনি মাদ্রাসা থেকে একটি স্কুল ব্যাগ নিয়ে কাউকে কিছু না বলে বের হয়ে যান। পরে বিকেল ৪টার দিকে তিনি একই শ্রেণির এক সহপাঠীর মোবাইল নম্বরে ফোন করেন। ফোন রিসিভ করার পর নিজের পরিচয় দিলেও এরপর থেকে তার ব্যবহৃত ফোন নম্বর বন্ধ পাওয়া যাচ্ছে।
    পরিবারের সদস্যরা জানান, বিষয়টি জানার পর তারা মাদ্রাসার শিক্ষক ও সহপাঠীদের সঙ্গে যোগাযোগ করেন। তবে কেউ তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য দিতে পারেননি। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও এখন পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।
    নিখোঁজ ইমরান হোসেন সামিরের গায়ের রং ফর্সা, মুখমণ্ডল গোলাকার এবং উচ্চতা প্রায় ৫ ফুট ৭ ইঞ্চি।
    এ বিষয়ে তার বাবা মো. ইমাম হোসেন আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করে দ্রুত তার ছেলেকে খুঁজে বের করার আবেদন জানিয়েছেন। কেউ তার সন্ধান পেলে নিকটস্থ থানায় যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন পরিবারের সদস্যরা।

  • সোনারগাঁয়ে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার

    সোনারগাঁয়ে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার

    নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সোনারগাঁও থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে।
    পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ারের তত্ত্বাবধানে গত ১২ জুন বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ডাকাত দলের সদস্য রিপন (৪৩), শরীফ হোসেন (২৯) ও সাদ্দাম হোসেন (২৬)কে গ্রেপ্তার করা হয়।
    গ্রেপ্তারকৃত রিপন সোনারগাঁও উপজেলার ইসলামপুর এলাকার আব্দুল বাতেনের ছেলে, শরীফ হোসেন কাদিরগঞ্জ এলাকার আনোয়ার হোসেনের ছেলে এবং সাদ্দাম হোসেন মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার তেতৈতলা এলাকার মৃত আবু বক্করের ছেলে।
    পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত রিপনের বিরুদ্ধে সোনারগাঁও থানায় ডাকাতি, দস্যুতা, মাদক ও সন্ত্রাসবিরোধী আইনে মোট ২২টি মামলা বিচারাধীন রয়েছে। এছাড়া শরীফ হোসেন ও সাদ্দাম হোসেনের বিরুদ্ধে ডাকাতি ও দস্যুতাসহ পৃথকভাবে ৬টি করে মামলা বিচারাধীন রয়েছে।
    সোনারগাঁও থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি আন্তঃজেলা ডাকাত চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

  • রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল সোনারগাঁ উপজেলা পরিষদের শিশু পার্ক, সংস্কারের দাবি

    রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল সোনারগাঁ উপজেলা পরিষদের শিশু পার্ক, সংস্কারের দাবি

    রবিউল হুসাইন, যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা পরিষদ চত্বরে নির্মিত একমাত্র শিশু পার্কটি এখন প্রায় ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। পার্কটির বিভিন্ন খেলাধুলার সরঞ্জাম নষ্ট হয়ে পড়ে থাকায় বিনোদন ও খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে কোমলমতি শিশুরা। স্থানীয়দের অভিযোগ, সরকারি অর্থায়নে নির্মিত পার্কটি এখন শুধু সাইনবোর্ডেই সীমাবদ্ধ।
    সরেজমিনে দেখা যায়, পার্কের ভেতরে থাকা দোলনা, স্লাইডারসহ বিভিন্ন রাইড দীর্ঘদিন ধরে অচল অবস্থায় পড়ে রয়েছে। শিশুদের আকর্ষণের জন্য স্থাপন করা বাঘ, সিংহ, জিরাফ, ময়ূর, হাতি, ক্যাঙ্গারু ও হরিণসহ বিভিন্ন ভাস্কর্যের বেশিরভাগই ভেঙে গেছে। পুরো পার্ক এলাকা ঝোপঝাড়ে ছেয়ে থাকায় শিশুদের খেলাধুলার উপযোগী পরিবেশ নেই।
    উপজেলা ডাকবাংলোর উত্তর-দক্ষিণ পাশে অবস্থিত আবাসিক এলাকার মধ্যে ২০২২ সালে পার্কটি নির্মাণ করা হয়। উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত হলেও আশপাশের এলাকার শিশুরাও অবসর সময়ে এখানে এসে খেলাধুলা ও বিনোদন উপভোগ করত। তবে বর্তমানে পার্কটির অধিকাংশ রাইড অকেজো হয়ে পড়ে আছে।
    স্থানীয়রা জানান, পার্কটিতে শিশুদের জন্য কোনো ছাউনি বা বৃষ্টির সময় আশ্রয়ের ব্যবস্থাও নেই। ফলে রোদ কিংবা বৃষ্টির সময় শিশুদের নিরাপদে অবস্থানের সুযোগ থাকে না।
    স্থানীয় বাসিন্দা মাহবুবুর রহমান বলেন, “উপজেলা পরিষদ চত্বরে ছোট পরিসরে গড়ে তোলা এই পার্কটি একসময় শিশুদের আনন্দের কেন্দ্র ছিল। কিন্তু দীর্ঘদিনের অযত্ন ও অবহেলায় এর বিভিন্ন রাইড নষ্ট হয়ে পড়ে আছে। দ্রুত সংস্কার করে শিশুদের খেলাধুলার উপযোগী পরিবেশ ফিরিয়ে আনা প্রয়োজন।”
    এদিকে পার্কের অযত্নে বেড়ে ওঠা ঝোপঝাড়ে সাপ, পোকামাকড় ও মশার উপদ্রব দেখা দেওয়ায় অনেক অভিভাবক সন্তানদের নিয়ে সেখানে যেতে ভয় পান।
    এ বিষয়ে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিক আল জিনাত বলেন, “উপজেলা পরিষদের শিশু পার্কটির বর্তমান অবস্থা সম্পর্কে আমি অবগত আছি। পার্কটি সংস্কারের জন্য ইতোমধ্যে জেলা পরিষদের কাছে প্রয়োজনীয় বরাদ্দ চেয়ে আবেদন করা হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে দ্রুত সংস্কার করে শিশুদের ব্যবহারের উপযোগী করা হবে।”
    স্থানীয়দের দাবি, দ্রুত সংস্কার ও নিয়মিত রক্ষণাবেক্ষণের মাধ্যমে শিশু পার্কটিকে পুনরায় সচল করা হলে এলাকার শিশুরা নিরাপদ ও আনন্দময় পরিবেশে খেলাধুলার সুযোগ পাবে।

  • সোনারগাঁয়ে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ আটক ২

    সোনারগাঁয়ে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ আটক ২

    নিজস্ব প্রতিবেদক: সোনারগাঁয়ে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ আটক ২
    সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের সিরাব এলাকায় এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে যুবদলের এক নেতাসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
    শুক্রবার (১২ জুন) অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, জামপুর ইউনিয়ন ২নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো. শহীদ (৪০) এবং একই এলাকার শাহিন মিয়া।
    মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী তার স্বামী ও সন্তানদের নিয়ে সিরাব এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন। গত ১০ জুন বিকেল সাড়ে ৫টার দিকে তিনি রান্নাঘরে কাজ করছিলেন। এ সময় অভিযুক্ত শহীদসহ কয়েকজন তার মুখ চেপে ধরে এবং সন্তানদের ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক পাশের একটি চারতলা ভবনের নিচতলার একটি কক্ষে নিয়ে যায়।
    অভিযোগে বলা হয়, সেখানে তার হাত ও মুখ বেঁধে পরনের কাপড় খুলে পালাক্রমে ধর্ষণ করা হয়। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অভিযুক্তরা তাকে কক্ষে রেখে চলে যায়। সন্ধ্যায় তার স্বামী বাড়িতে ফিরে এলে তিনি পুরো ঘটনা জানান।
    ঘটনার পর ভুক্তভোগী সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে আটক করে।
    সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার হোসেন বলেন, “সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।”

  • সোনারগাঁয়ে ব্রাজিল ফুটবল সমর্থক দলের প্রতি ভালোবাসা ও সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা

    সোনারগাঁয়ে ব্রাজিল ফুটবল সমর্থক দলের প্রতি ভালোবাসা ও সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা

    নিজস্ব প্রতিনিধি: সোনারগাঁয়ে ব্রাজিল জাতীয় ফুটবল দলের প্রতি ভালোবাসা ও সমর্থন জানাতে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা।

    শুক্রবার (১২ জুন) বিকেলে উপজেলার থেকে শোভাযাত্রাটি শুরু হয়। এতে শতাধিক মোটরসাইকেল অংশ নেয়। অংশগ্রহণকারীরা ধরে মদনপুর হয়ে এলাকা প্রদক্ষিণ করেন। প্রায় ৩০ কিলোমিটার পথ অতিক্রম শেষে শোভাযাত্রাটি পুনরায় মোগরাপাড়া চৌরাস্তায় এসে শেষ হয়।

    সোনারগাঁও উপজেলা ব্রাজিল সমর্থক গোষ্ঠীর উদ্যোগে আয়োজিত এ শোভাযাত্রায় বিভিন্ন বয়সী ফুটবলপ্রেমীরা অংশ নেন। তাদের হাতে ছিল ব্রাজিলের জাতীয় পতাকা, দলের জার্সি ও নানা ধরনের ব্যানার–ফেস্টুন। মহাসড়কজুড়ে হলুদ-সবুজ রঙের এই উপস্থিতি পথচারী ও স্থানীয়দের দৃষ্টি আকর্ষণ করে।

    আয়োজকরা জানান, সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে সমর্থকদের একত্রিত করে এ আয়োজন করা হয়। ব্রাজিল দলের প্রতি ভালোবাসা প্রকাশের পাশাপাশি সমর্থকদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করাই ছিল মূল উদ্দেশ্য।

    শোভাযাত্রায় অংশ নেওয়া সমর্থক সজীব বলেন, “ফুটবল আমাদের আবেগের জায়গা। ব্রাজিলের নান্দনিক ও আক্রমণাত্মক ফুটবল সবসময়ই আমাদের মুগ্ধ করে। তাই প্রিয় দলকে ঘিরে আনন্দ ভাগাভাগি করতে আমরা একত্রিত হয়েছি।”

    আরেক সমর্থক পারভেজ বলেন, “ছোটবেলা থেকেই ব্রাজিলের সমর্থক। দলের প্রতি ভালোবাসা থেকেই এই শোভাযাত্রায় অংশ নিয়েছি। আশা করি, ভবিষ্যতের প্রতিযোগিতাগুলোতে ব্রাজিল আরও ভালো সাফল্য অর্জন করবে।”

    শোভাযাত্রাকে ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। প্রিয় দলকে ঘিরে সমর্থকদের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যেও ব্যাপক সাড়া ফেলেছে।

  • সোনারগাঁয়ে যুবলীগ নেতা আলামিন হোসেন গ্রেপ্তার

    সোনারগাঁয়ে যুবলীগ নেতা আলামিন হোসেন গ্রেপ্তার

    নিজস্ব প্রতিবেদক:  নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের কাজরদী গ্রামের যুবলীগ নেতা আলামিন হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
    পুলিশ সূত্রে জানা যায়, আজ ভোরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে একটি বিস্ফোরক মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।
    বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। তবে মামলার বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

  • সোনারগাঁয়ে শপিংমলের মোবাইলের দোকানে দুর্ধর্ষ চুরি, প্রায় দেড় কোটি টাকার মোবাইল খোয়া

    সোনারগাঁয়ে শপিংমলের মোবাইলের দোকানে দুর্ধর্ষ চুরি, প্রায় দেড় কোটি টাকার মোবাইল খোয়া

    নিজস্ব প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকার প্রিন্সিপাল-১০০ শপিংমলে অবস্থিত আমিনুল টেলিকমে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা দোকানের তালা ভেঙে প্রায় দেড় কোটি টাকা মূল্যের ১৪৬টি মোবাইল ফোন নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
    শুক্রবার (১২ জুন) সকাল সোয়া ৯টার দিকে এ ঘটনা ধরা পড়ে।
    দোকানের কর্মচারীরা জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে তারা বাসায় চলে যান। শুক্রবার সকালে দোকানে এসে দেখতে পান দোকানের দুটি তালা ভাঙা। পরে শাটার খুলে ভিতরে প্রবেশ করলে দোকান এলোমেলো অবস্থায় দেখতে পান। ডিসপ্লেতে রাখা বিভিন্ন ব্র্যান্ডের প্রায় ১৪৬টি মোবাইল ফোন চুরি হয়ে গেছে।
    তারা আরও জানান, একটি আধুনিক শপিংমলে দিনের আলোয় এমন চুরির ঘটনা উদ্বেগজনক। ঘটনার পর মার্কেটের সিসিটিভি ক্যামেরা পরীক্ষা করতে গিয়ে জানা যায়, দোকানের ক্যামেরাটি দীর্ঘদিন ধরে অচল ছিল। এ নিয়ে তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, একটি বড় শপিংমলের নিরাপত্তা ব্যবস্থা কীভাবে এত দুর্বল হতে পারে, তা তদন্ত করা প্রয়োজন। বিষয়টি নিয়ে তারা আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন।
    এদিকে মার্কেটের একাধিক ব্যবসায়ী জানান, চুরি হওয়া মোবাইলগুলোর মধ্যে কিছু আইফোন সরাসরি চীন থেকে আমদানি করা হয়েছিল। এসব মোবাইলের সবগুলোর বৈধ কাগজপত্র না থাকায় চুরি হওয়া মালামাল উদ্ধারে প্রশাসনের কার্যক্রম কতটা সফল হবে, তা নিয়েও সংশয় রয়েছে।

    প্রিন্সিপাল হাড্রেট প্লাজার একজন নিরাপত্তা কর্মী জানান, আমরা প্রতিদিন সকাল ৯টায় মার্কেট খুলে দেই। এসময় দোকানদার থেকে শুরু করে কাষ্টমার ডুকে কে চুর কে চুর না আমরা কিভাবে বুঝবো। এছাড়া এসময় মার্কেট থেকে কাউকে বড় কোন ব্যাগ নিয়েও বের হতে দেখিনি।
    খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।

  • গভীর রাতের নির্দেশনা, ১২ ঘণ্টার মধ্যে পরিদর্শন; জামপুরের স্কুল শিক্ষার্থীদের দুর্ভোগ নিরসনে উদ্যোগ

    গভীর রাতের নির্দেশনা, ১২ ঘণ্টার মধ্যে পরিদর্শন; জামপুরের স্কুল শিক্ষার্থীদের দুর্ভোগ নিরসনে উদ্যোগ

    নিজস্ব প্রতিনিধি:  সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের কলতাপাড়া এলাকায় অবস্থিত আনন্দ পাঠশালা কিন্ডারগার্টেনের শিক্ষিকা ও কোমলমতি শিক্ষার্থীদের হাঁটু পানিতে নেমে রাস্তা পারাপারের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বিষয়টি নজরে আসে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান এবং তাঁর পুত্র খাইরুল ইসলাম সজীবের।
    বিষয়টি তাদের দৃষ্টিগোচর হওয়ার পর গভীর রাতেই জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়। সেই নির্দেশনার আলোকে এমপির পক্ষ থেকে সেলিম হোসেন দিপু সরেজমিনে বিদ্যালয় ও পারাপারের রাস্তাটি পরিদর্শন করেন।
    পরিদর্শন শেষে তিনি জানান, শিক্ষার্থী ও এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে একটি অস্থায়ী সমাধানের ব্যবস্থা করা হবে। পাশাপাশি দীর্ঘমেয়াদী সমাধানের বিষয়েও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হবে বলে জানান তিনি।
    এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. কাউসার, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী হিমেল, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি হাজী খালেদুজ্জামান শাকিলসহ দলীয় নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
    স্থানীয়রা দ্রুত উদ্যোগ গ্রহণের আশ্বাসকে স্বাগত জানিয়ে স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে শিক্ষার্থী ও শিক্ষকদের আর জলাবদ্ধতার কারণে দুর্ভোগ পোহাতে না হয়।