Author: নিউজসোনারগাঁ২৪ডটকম

  • সোনারগাঁয়ে আওয়ামী লীগের  নেত্রী গ্রেপ্তার, আদালতে প্রেরণ

    সোনারগাঁয়ে আওয়ামী লীগের নেত্রী গ্রেপ্তার, আদালতে প্রেরণ

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী সংগঠন ঢাকা মহানগর দক্ষিণ যুব মহিলা লীগের জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক খালেদা আক্তার রোজি ওরফে লাবণ্য (৪৬) কে গ্রেপ্তার করেছে।

    থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ০৫ জানুয়ারি ২০২৫ ইং তারিখ সন্ধ্যা আনুমানিক ৬টা ৪৫ মিনিটে সোনারগাঁ থানা এলাকার একটি স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
    পুলিশ জানায়, তার বিরুদ্ধে সোনারগাঁ থানার এফআইআর নং-১১, তারিখ-১৭ সেপ্টেম্বর ২০২৪, জিআর নং-৩৪৫, একই তারিখে রাত ১২টা ১০ মিনিটে মামলা রুজু হয়। মামলায় The Explosive Substances Act, 1908 এর ৩/৬ ধারাসহ দণ্ডবিধি ১৮৬০ এর ১৪৩/১৪৭/১৪৮/১৪৯/৩০৭/৩২৩/৩২৬/১০৯/১১৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
    গ্রেপ্তারের পর তাকে যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছে সোনারগাঁ থানা পুলিশ।

  • কাঁচপুরে কোস্ট গার্ডের অভিযানে ১৭ লাখ টাকার জাটকা জব্দ

    কাঁচপুরে কোস্ট গার্ডের অভিযানে ১৭ লাখ টাকার জাটকা জব্দ

    নিউজ সোনারগাঁ : গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন পাগলা আজ রবিবার (৪ জানুয়ারি ২০২৬) সকাল ৬টায় নারায়ণগঞ্জের কাচপুর ব্রিজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
    অভিযানকালে সন্দেহজনক দুটি ট্রাক তল্লাশি করে প্রায় ১৭ লাখ ৫০ হাজার টাকা মূল্যের আনুমানিক ২ হাজার ৫০০ কেজি জাটকা জব্দ করা হয়। এসময় ট্রাকের চালক ও হেল্পারদের কাছ থেকে মুচলেকা নিয়ে ট্রাকসহ ছেড়ে দেওয়া হয়।
    জব্দকৃত জাটকা নারায়ণগঞ্জ সদর উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় বিভিন্ন মাদ্রাসা এবং গরিব ও দুঃস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়।
    কোস্ট গার্ড সূত্র জানায়, মৎস্যসম্পদ রক্ষা ও অবৈধ জাটকা আহরণ বন্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • সোনারগাঁয়ে শতবর্ষী ভবনের ছাদ ধসে নারী আহত, অবস্থা আশঙ্কাজনক

    সোনারগাঁয়ে শতবর্ষী ভবনের ছাদ ধসে নারী আহত, অবস্থা আশঙ্কাজনক

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বিশেষ খানা গ্রামে প্রায় ৪শ’ বছরের পুরোনো একটি ভবনের ছাদ ধসে আক্তার বানু (৬০ ঊর্ধ্ব) নামে এক নারী গুরুতর আহত হয়েছেন। রোববার (৫ জানুয়ারি) মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে।
    আহত আক্তার বানুকে প্রথমে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি ঢামেকে চিকিৎসাধীন রয়েছেন।
    ঘটনাস্থলে গিয়ে আহত নারীর ভাতিজা নয়ন জানান, রাতে ভবন ধসে পড়ার খবর পেয়ে তারা দ্রুত সেখানে ছুটে যান এবং আহত অবস্থায় আক্তার বানুকে উদ্ধার করে হাসপাতালে নেন।
    আহত নারীর নাতি আরাফাত জানান, রাতের খাবার শেষে তারা ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ১২টার দিকে ভবনের লোহা বা রড খুলে নেওয়ার চেষ্টা করছে এমন চোরের উপস্থিতি টের পেয়ে তারা বাইরে বের হন। চোরদের ধরতে না পেরে কিছুক্ষণ পর ঘরে ফিরে শুয়ে পড়েন। এরপর রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ দোতলার ছাদ ধসে পড়ে। এতে তার দাদি আক্তার বানু মারাত্মকভাবে আহত হন।
    আরাফাতের দাবি, চোরচক্র দীর্ঘদিন ধরেই ওই ভবনসহ আশপাশের পুরোনো ভবনগুলো থেকে লোহা ও রড খুলে নিয়ে যাচ্ছে। শনিবার দিবাগত রাতেও চোরেরা ভবনে প্রবেশ করে রড খুলতে চেষ্টা করে। তাদের তাড়িয়ে দেওয়ার প্রায় ১০ মিনিট পরই ছাদটি ধসে পড়ে।
    ভবনে বসবাসকারী অন্যান্য পরিবারের সদস্যরাও জানান, স্থানীয় কিছু বিপথগামী যুবক মাদক কেনার টাকার জন্য প্রায় ৩শ’ বছরের পুরোনো এসব ভবন থেকে নিয়মিত লোহা ও রড খুলে নিয়ে যায়। এতে ভবনগুলো দিন দিন আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।
    স্থানীয়দের ভাষ্যমতে, এক যুগেরও বেশি সময় আগে উপজেলা প্রশাসন ভবনগুলোকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ঘোষণা করে সতর্ক করলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
    সরেজমিনে দেখা গেছে, ওই ভবনে নিম্ন আয়ের ও মধ্যবিত্ত একাধিক পরিবার বসবাস করছে। একই সঙ্গে সেখানে একটি সরকারি ইউনিয়ন ভূমি অফিসও রয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে বসবাস ও চাকরি করলেও প্রতিনিয়ত আতঙ্কের মধ্যেই দিন কাটাচ্ছেন তারা।

  • সোনারগাঁয়ে তিতাসের অভিযানে ৩টি চুনা কারখানা ও একটি ঢালাই কারখানা গুঁড়িয়ে দেওয়া হয়েছে

    সোনারগাঁয়ে তিতাসের অভিযানে ৩টি চুনা কারখানা ও একটি ঢালাই কারখানা গুঁড়িয়ে দেওয়া হয়েছে

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নে তিতাস গ্যাসের মোবাইল কোর্ট অভিযানে তিনটি চুনা কারখানা ও একটি ঢালাই কারখানা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে এসব কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
    রোববার (৪ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। সোনারগাঁ ইকোনমিক জোন গেটের পশ্চিম পাশে একটি, গেটের পূর্ব পাশে একটি, ঝাউচর বালুর মাঠের পাশে একটি চুনা কারখানা এবং একটি ঢালাই কারখানা ভেঙে দেওয়া হয়।
    অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সায়মা রাইয়ান। এ সময় তিতাস গ্যাসের মেঘনাঘাট জোনের ম্যানেজার সুরঞ্জিতসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
    চুনা কারখানাগুলো এক্সকেভেটরের মাধ্যমে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। পাশাপাশি ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ এবং পানি স্প্রে করা হয়।
    তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে নিয়মিত অভিযান চলমান রয়েছে। ভবিষ্যতেও যেখানেই অবৈধ গ্যাস সংযোগ পাওয়া যাবে, সেখানেই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

    সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নে বিএনপির উদ্যোগে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
    শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যার পর জামপুর ইউনিয়নের বশিরগাঁও এলাকায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
    দোয়া মাহফিলে জামপুর ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মিল্টনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির ১ নম্বর সহ-সভাপতি ও জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিক।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম মেম্বার, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূঁইয়া, জামপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি লতিফ মেম্বার ও ওসমান মেম্বার, বিএনপি নেতা শহিদুল্লাহ সরকার, উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ মামুন ভূঁইয়া, উপজেলা বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক শাহ আলম, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহিন শিকদার, জামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি পদপ্রার্থী মামুনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
    প্রধান অতিথির বক্তব্যে আল মুজাহিদ মল্লিক বলেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন একজন আপসহীন নেত্রী। তার রুহের মাগফিরাত কামনা করছি। তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন সৎ ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ এবং দেশের অন্যতম শ্রেষ্ঠ রাষ্ট্রপতি। তার সততা ও আদর্শ বুকে ধারণ করেই আমরা রাজনীতি করে আসছি।
    তিনি বলেন, বিএনপির আদর্শে রাজনীতি করলে চাঁদাবাজি ও দখলবাজির কোনো জায়গা নেই। আমি সবসময় আপনাদের পাশে আছি। ধানের শীষের বাইরে কখনো রাজনীতি করিনি, ভবিষ্যতেও করবো না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
    দোয়া মাহফিল শেষে দেশ ও জাতির শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

  • সোনারগাঁয়ে মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষ, আহত ১০

    সোনারগাঁয়ে মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষ, আহত ১০

    সোনারগাঁয়ে

    নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

    শনিবার (৩ জানুয়ারি) দুপুর ১২টার দিকে মহাসড়কের পিরোজপুর বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। আহত ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি।

    কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদির জিলানী জানান, রাজধানীর সায়েদাবাদ থেকে চট্টগ্রামগামী তিসা পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাসযাত্রী ও ট্রাকের থাকা দুই শ্রমিকসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষে মহাসড়কের চট্টগ্রামগামী লেনে প্রায় এক ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়।

    পরে হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। বাসটিকে জব্দ করে থানায় নেওয়া হয়েছে। ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

  • সোনারগাঁয়ে ২৫শত ইয়াবাসহ তিন মাদক কারবারী আটক, প্রাইভেটকার জব্দ

    সোনারগাঁয়ে ২৫শত ইয়াবাসহ তিন মাদক কারবারী আটক, প্রাইভেটকার জব্দ

    নিউজ ডেস্ক: সোনারগাঁয়ে ২৫শত পিস ইয়াবা ও একটি সাদা রঙের প্রাইভেটকারসহ তিনজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
    আটকরা হলেন জহুরা বেগম (৩৫), স্বামী মতু আবুল কালাম এবং তাছিয়া নুর (১৯), পিতা মফিজুল। তারা উভয়েই কক্সবাজার জেলার টেকনাফ থানার নীলা ইউনিয়নের উলুচামারী এলাকার বাসিন্দা। অপর আটক ব্যক্তি মোঃ বিপুল হোসেন (৩৭), পিতা বেলাল হোসেন। তিনি কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার কাঠেরপুল মঠপাড়া এলাকার বাসিন্দা।
    অভিযানকালে তাদের কাছ থেকে ২৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে একটি সাদা রঙের প্রাইভেটকার জব্দ করা হয়েছে, যার রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-গ ২৮-২৬৮৪। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনানুগ প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিদের আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

  • সোনারগাঁয়ের অলিপুরায় অবৈধ মাটি কাটায় এক লক্ষ টাকা জরিমানা, আটক ১

    সোনারগাঁয়ের অলিপুরায় অবৈধ মাটি কাটায় এক লক্ষ টাকা জরিমানা, আটক ১

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ও সনমান্দী ইউনিয়নের মধ্যবর্তী স্থানে অলিপুরা ব্রিজের নিচে সরকারি জায়গা দখল করে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
    বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে ঘটনাস্থল পরিদর্শন শেষে সোনারগাঁ সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত) এবং পরিবেশ সংরক্ষণ আইনে মোট এক লক্ষ টাকা জরিমানা করেন। এর মধ্যে ইট ভাটা আইনে ৫০ হাজার এবং পরিবেশ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
    অভিযানকালে অবৈধ মাটি কাটার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইটভাটার মালিক গিয়াস উদ্দিনের ছেলে আনিসুর রহমান রবিনকে আটক করে হাতকড়া পরানো হয়। পরে ম্যাজিস্ট্রেটের নির্দেশে জরিমানার টাকা পরিশোধ ও ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না থাকার অঙ্গীকারে তাকে ছেড়ে দেওয়া হয়।
    প্রশাসন সূত্রে জানা যায়, গত সাত দিন ধরে অলিপুরা ব্রিজের নিচে সরকারি জমি থেকে মাটি কেটে তা ইটভাটায় ব্যবহার করা হচ্ছিল এবং এর মাধ্যমে জায়গা দখলের চেষ্টা চলছিল। স্থানীয় সাংবাদিকদের সংবাদ প্রকাশের পর বিষয়টি প্রশাসনের নজরে আসে। এরপর মাটি কাটা বন্ধের নির্দেশ দেওয়া হলেও তা অমান্য করা হয়।
    গ্রামবাসীর উপস্থিতিতে পুনরায় মাটি কাটার প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত আনিসুর রহমান রবিনকে নগদ এক লক্ষ টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে সাত বছরের কারাদণ্ডের বিধানও ঘোষণা করা হয়।
    উপজেলা প্রশাসন জানিয়েছে, সরকারি জমি রক্ষা ও পরিবেশ সংরক্ষণে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

  • দুই দল থেকে মনোনয়ন পেয়েও মনোনয়নপত্র দাখিল করেননি সাবেক এমপি লিয়াকত হোসেন খোকা

    দুই দল থেকে মনোনয়ন পেয়েও মনোনয়নপত্র দাখিল করেননি সাবেক এমপি লিয়াকত হোসেন খোকা

    নিউজ ডেস্কঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দুইটি রাজনৈতিক দল থেকে মনোনয়ন পেলেও মনোনয়নপত্র দাখিল করেননি জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।
    নির্বাচনী তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত তিনি জেলা প্রশাসক কার্যালয়ে মনোনয়ন জমা দেননি। বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে। দুই দল থেকে মনোনয়ন পাওয়ার পরও কেন তিনি শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নিলেন না, তা নিয়ে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যেও কৌতূহল দেখা দিয়েছে।
    তবে এ বিষয়ে লিয়াকত হোসেন খোকার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। সংশ্লিষ্টরা বলছেন, দলীয় কৌশল, রাজনৈতিক সমীকরণ কিংবা ব্যক্তিগত সিদ্ধান্তের কারণেই তিনি মনোনয়নপত্র দাখিল থেকে বিরত থাকতে পারেন।
    মনোনয়নপত্র দাখিল না করায় নির্বাচনী মাঠে ওই আসনের রাজনৈতিক হিসাব-নিকাশে নতুন করে পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন

  • বৈদ্যেরবাজার ইউপি সদস্য বাবু ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার

    বৈদ্যেরবাজার ইউপি সদস্য বাবু ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার

    নিউজ সোনারগাঁ: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের সদস্য সাইফুল ইসলাম বাবুকে গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
    মঙ্গলবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাইফুল ইসলাম বাবু বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য।
    এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

  • সোনারগাঁয়ে শব্দ দূষণকারী ৪ যানবাহনে জরিমানা

    সোনারগাঁয়ে শব্দ দূষণকারী ৪ যানবাহনে জরিমানা

    সোনারগাঁ উপজেলায় শব্দ দূষণকারী চারটি যানবাহনে অভিযান চালিয়ে ১২ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় ৪টি হর্ন জব্দ করা হয়।

    মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত সোনারগাঁ উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ তৌফিকুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালত হয়।

    এ সময়  সোনারগাঁ থানা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোঃ হুজ্জাতুল ইসলাম প্রসিউকিশন প্রদান করেন।

    মঙ্গলবার সন্ধ্যায় পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এ এইচ এম রাসেদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

    তিনি বলেন, অভিযানে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ মোতাবেক সোনারগাঁ উপজেলায় শব্দদূষণকারী ৪টি যানবাহনকে ১২ হাজার টাকা জরিমানা ও ৪টি হর্ন জব্দ করা হয়। নারায়ণগঞ্জে শব্দদূষণকারী যানবাহনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

  • সোনারগাঁয়ে তিতাসের অভিযান: ২টি চুনা কারখানা গুঁড়িয়ে দেওয়া, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা

    সোনারগাঁয়ে তিতাসের অভিযান: ২টি চুনা কারখানা গুঁড়িয়ে দেওয়া, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে দুটি চুনা কারখানা গুঁড়িয়ে দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। একই সঙ্গে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
    মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত দওপাড়া, ভবনাথপুর ও সোনারগাঁ থানার পেছনের এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুটি চুনা কারখানার অবৈধ স্থাপনা এক্সকাভেটরের মাধ্যমে ভেঙে ফেলা হয়।
    নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজ সুনিম সোহানার নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানের সময় ফায়ার সার্ভিসের সহায়তায় কারখানাগুলোর আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং নিরাপত্তার জন্য পানি স্প্রে করা হয়।
    তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, সোনারগাঁ উপজেলায় অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে নিয়মিত অভিযান চলছে। যেখানে অবৈধ সংযোগ পাওয়া যাবে, সেখানেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তারা সতর্ক করেন।

  • সোনারগাঁয়ে ৬ দিন ধরে নিখোঁজ দশম শ্রেণীর ছাত্র

    সোনারগাঁয়ে ৬ দিন ধরে নিখোঁজ দশম শ্রেণীর ছাত্র

    নিউজ সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি স্কুলছাত্র ৬ দিন ধরে নিখোঁজ রয়েছে। নিখোঁজ ছাত্রের নাম মিরাজুল ইসলাম রিফাত। সে সোনারগাঁয়ের শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান সোনারগাঁ গঙ্গাবাসী ও রামচন্দ্র পোদ্দার ইনস্টিটিউশন মডেল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থী।
    পরিবার সূত্রে জানা যায়, গত বুধবার সকাল ৯টার দিকে কোচিংয়ে যাওয়ার উদ্দেশ্যে বৈদ্যেরবাজার ইউনিয়নের হামছাদী গ্রামের বাড়ি থেকে স্কুল ব্যাগ নিয়ে বের হয় রিফাত। এরপর আর বাড়ি ফিরে আসেনি। আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
    নিখোঁজ ছাত্রের বাবা আবুল কালাম জানান, রিফাত ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী। বাড়ি থেকে বের হওয়ার সময় সে তার ব্যবহৃত মোবাইল ফোনটি রেখে যায়। ছেলের কোনো খোঁজ না পেয়ে পরিবার চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছে। এ অবস্থায় রিফাতের মা নাছিমা আক্তার অসুস্থ হয়ে পড়েছেন।
    এ ঘটনায় রিফাতের মা নাছিমা আক্তার বাদী হয়ে গত রোববার সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
    সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিবুল্লাহ জানান, নিখোঁজের ঘটনায় থানায় জিডি গ্রহণ করা হয়েছে। ছাত্রটির বিবরণ সংশ্লিষ্ট বিভিন্ন থানায় পাঠানো হয়েছে এবং তাকে উদ্ধারে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।
    এদিকে নিখোঁজ স্কুলছাত্রের সন্ধান পেতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্থানীয়দের সহযোগিতা কামনা করেছে তার পরিবার।

  • স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম

    স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম

    নিউজ সোনারগাঁ : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম। মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে আজ তিনি নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে তার মনোনয়নপত্র দাখিল করেন। বিষয়টি তার ঘনিষ্ঠ নেতাকর্মীরা নিশ্চিত করেছেন।
    জানা গেছে, বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী থাকলেও এবার দলীয় মনোনয়ন পাননি তিনবারের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম। মনোনয়ন বঞ্চিত হলেও তিনি দীর্ঘদিন ধরে সোনারগাঁয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজনৈতিক কার্যক্রম চালিয়ে আসছিলেন।
    মনোনয়ন বঞ্চিত হওয়ার পর তিনি সোনারগাঁয়ের আরও ছয়জন মনোনয়ন বঞ্চিত নেতার সঙ্গে একত্র হয়ে বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের মনোনয়ন বাতিলের দাবিতে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে চিঠি প্রদানসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন।
    পরবর্তীতে দলীয় নেতাকর্মীদের অনুরোধে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন এবং সে লক্ষ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেন। তার সঙ্গে আরও তিনজন বিএনপির মনোনয়ন বঞ্চিত নেতা মনোনয়নপত্র সংগ্রহ করেন। স্বতন্ত্র প্রার্থী হবেন কিনা—এ নিয়ে সংশয় থাকলেও শেষ পর্যন্ত নেতাকর্মীদের মনোবাসনা রক্ষায় অধ্যাপক রেজাউল করিম স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন।

  • মনোনয়নপত্র জমা দিলেন জামায়েত নেতা ড. ইকবাল হোসেন

    মনোনয়নপত্র জমা দিলেন জামায়েত নেতা ড. ইকবাল হোসেন

    নিউজ সোনারগাঁ : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়েত ইসলামের প্রতীক দাঁড়িপাল্লা নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলটির নেতা ড. মাওলানা প্রিন্সিপাল ইকবাল হোসেন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে আজ তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসিফ আল জিনাত এর কাছে আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র জমা দেন।
    মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ড. ইকবাল হোসেনের সঙ্গে জামায়েত ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় মনোনয়নকে কেন্দ্র করে উপজেলা কার্যালয় এলাকায় উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।
    মনোনয়নপত্র জমা দেওয়ার পর ড. ইকবাল হোসেন বলেন, “আমি জনগণের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচনে অংশগ্রহণ করেছি। আল্লাহর ওপর ভরসা রেখে এবং জনগণের সমর্থন নিয়ে ইনশাআল্লাহ এই আসনে বিজয়ী হতে চাই। নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন, সুশাসন ও নৈতিক রাজনীতি প্রতিষ্ঠায় কাজ করবো।”
    তিনি আরও বলেন, শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের পছন্দের প্রার্থী নির্বাচিত করতে পারবে—এই প্রত্যাশা সবার।

  • নারায়ণগঞ্জ–৩ আসনে ১০ দলের একক প্রার্থী ড. ইকবাল হোসেন

    নারায়ণগঞ্জ–৩ আসনে ১০ দলের একক প্রার্থী ড. ইকবাল হোসেন

    নিউজ সোনারগাঁ :নারায়ণগঞ্জ–৩ (সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ১০ দলের জোটের একক প্রার্থী হিসেবে জামায়াতে ইসলামী নেতা ড. মাওলানা প্রিন্সিপাল ইকবাল হোসেনকে ঘোষণা করা হয়েছে।

    রোববার জোটের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়। প্রার্থী ঘোষণা শেষে আজ সোমবার ড. ইকবাল হোসেন দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সংশ্লিষ্ট নির্বাচন কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করবেন।

    জোট নেতারা জানান, নারায়ণগঞ্জ–৩ আসনে একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতেই ১০ দলের সমর্থনে ড. ইকবাল হোসেনকে একক প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। তারা আশা প্রকাশ করেন, জনগণের ব্যাপক সমর্থনে তিনি বিজয় অর্জন করবেন।

    মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে এলাকায় নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।