Author: নিউজসোনারগাঁ২৪ডটকম

  • সোনারগাঁয়ে রাইট অফ ওয়ে কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

    সোনারগাঁয়ে রাইট অফ ওয়ে কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বিভিন্ন এলাকায় আগামীকাল সোমবার (২০ অক্টোবর ২০২৫) সকাল ৬টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

    বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, বাড়ি মজলিস, মোগড়াপাড়া চৌরাস্তা পূর্বপাশ, হাবিবপুর, কোম্পানিগঞ্জ, রতনপুর, ভবনাথপুর, চর ভবনাথপুর, জিয়ানগর, ভাটিবন্দর, উদ্ধমগঞ্জ, সাহাপুর ও বৈদ্যেরবাজার এলাকায় জরুরি রক্ষণাবেক্ষণ ও “রাইট অফ ওয়ে” কাজের জন্য এই সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

    কর্তৃপক্ষ জানিয়েছে, কাজ চলাকালীন সময়ে সাময়িক অসুবিধার জন্য তারা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে এবং গ্রাহকদের সহযোগিতা কামনা করেছে।

  • সোনারগাঁ জি. আর স্কুলের গভর্নিং বডির নির্বাচনে মনোনয়ন জমা দিলেন সাংবাদিক মিজান

    সোনারগাঁ জি. আর স্কুলের গভর্নিং বডির নির্বাচনে মনোনয়ন জমা দিলেন সাংবাদিক মিজান

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ১২৫ বছরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সোনারগাঁ জি. আর ইনস্টিটিউশন মডেল স্কুল অ্যান্ড কলেজ-এর গভর্নিং বডির নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন দৈনিক আমাদের সময় পত্রিকার স্টাফ রিপোর্টার মিজানুর রহমান মামুন

    রবিবার দুপুরে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরিদা ইয়াসমিন এর নিকট আনুষ্ঠানিকভাবে তিনি স্কুল শাখার অভিভাবক সদস্য পদে মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় তার সঙ্গে বিপুল সংখ্যক অভিভাবক, সমর্থক ও সহকর্মী উপস্থিত ছিলেন।

    মিজানুর রহমান মামুন ছাড়াও একই পদে দুলাল মিয়াআনোয়ার হোসেন মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী ৫ নভেম্বর (বুধবার) অনুষ্ঠিতব্য নির্বাচনে এই তিনজন প্রার্থীর মধ্যে থেকে অভিভাবকরা প্রত্যক্ষ ভোটের মাধ্যমে দুইজনকে নির্বাচিত করবেন।

    অন্যদিকে, কলেজ শাখার অভিভাবক সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন লিয়াকত হোসেনমো. মোশাররফ হোসেন। তাদের বিপরীতে অন্য কোনো প্রার্থী না থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

    এছাড়া সংরক্ষিত নারী অভিভাবক সদস্য পদে হাওয়া আক্তার মনোনয়নপত্র দাখিল করেছেন। তিনিও কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

  • নারী উন্নয়নে বিশেষ উদ্যোগ নেবে বিএনপি – ইমতিয়াজ বকুল

    নারী উন্নয়নে বিশেষ উদ্যোগ নেবে বিএনপি – ইমতিয়াজ বকুল

    নিউজ সোনারগাঁ : স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপি প্রার্থী অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল বলেছেন, ক্ষমতায় গেলে নারী উন্নয়নে বিশেষ উদ্যোগ নিবে বিএনপি । নারীরা যাতে ঘরে বাইরে সব জায়গায় তাদের নিরাপত্তা পায় তা নিশ্চিত করা হবে। পুরুষের পাশাপাশি নারীদেরকে তাদের প্রাপ্য অধিকার দেয়া হবে।

    রবিবার দুপুরে সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ভবনাথপুর এলাকায় রাষ্ট্র কাঠামো গঠনের ৩১ দফা এবং জিয়াউর রহমানের ১৯ দফার সংযোজনে “আগামীর অগ্রনায়ক” শীর্ষক বুকলেট বিতরণ এবং গণসংযোগ কালে তিনি এসব কথা বলেন।
    এ সময় ইমতিয়াজ বকুলের সাথে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা খন্দকার সানোয়ার, পিরোজপুর ইউনিয়ন বিএনপির সদস্য মহসিন সরকার, পিরোজপুর ইউনিয়ন বিএনপি নেতা নওয়াব সরকার, পিরোজপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা ফজলুল সরকার, আবুল কালাম,পিরোজপুর ইউনিয়ন বিএনপি নেতা মোহাম্মদ হান্নান মিয়া,সোনারগাঁ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মাসুদ রানা বাবু, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক আশিকুর রহমান, সনমান্দী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সৈয়দ কবির হোসেন,সোনারগাঁও সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম, বৈদ্যের বাজার ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আদিব, মাহবুব হোসেন লিমান প্রমুখ।

  • বিএনপি নেতা আজহারুল ইসলাম মান্নানের নাম ব্যবহার করে মিথ্যা বক্তব্য প্রচারের প্রতিবাদ

    বিএনপি নেতা আজহারুল ইসলাম মান্নানের নাম ব্যবহার করে মিথ্যা বক্তব্য প্রচারের প্রতিবাদ

    প্রেস বিজ্ঞপ্তি: সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপি নেতা আজহারুল ইসলাম মান্নানের নাম ও ছবি ব্যবহার করে একটি মিথ্যা ও বানোয়াট বক্তব্য প্রচার করা হচ্ছে। এ ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন তিনি।

    রোববার (১৯ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান বলেন, “সাম্প্রতিক সময়ে আমার নামে একটি ভুয়া বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে, যার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। বিষয়টি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।”

    তিনি আরও বলেন, “আমি বাংলাদেশের জাতীয়তাবাদী দল—বিএনপি’র প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম)-এর আদর্শে বিশ্বাসী একজন কর্মী। আমি আমাদের দলের গৌরবময় নেতৃত্ব দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নির্দেশনাতেই রাজনীতি করছি এবং ভবিষ্যতেও তাঁদের নেতৃত্বে কাজ করে যাব ইনশাআল্লাহ।”

    মান্নান বলেন, “আমি আমার দল বিএনপিকে গভীরভাবে ভালোবাসি এবং দলের স্বার্থে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। আমার দল যা সিদ্ধান্ত নেবে, আমি সেটিকেই পূর্ণভাবে মেনে নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ।”

    তিনি সবার উদ্দেশে বলেন, “গুজব ও বিভ্রান্তিকর প্রচারণায় কান না দিয়ে শুধুমাত্র আমার অফিসিয়াল পেজ ও নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য গ্রহণ করার অনুরোধ জানাচ্ছি।”

    বিবৃতির শেষে আজহারুল ইসলাম মান্নান বলেন, “গণতন্ত্রের বিজয় হোক, বাংলাদেশ জিন্দাবাদ।”

  • সোনারগাঁয়ে অধ্যাপক মামুন মাহমুদের পক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ

    সোনারগাঁয়ে অধ্যাপক মামুন মাহমুদের পক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে দলীয় প্রতীকে মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক মামুন মাহমুদের পক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার বিকেলে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির ৩ নং ওয়ার্ডের সহ-সাধারণ সম্পাদক মনির হোসেন খাঁনের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী নিয়ে সাদিপুর ইউনিয়নের ৪ ও ৫ নং ওয়ার্ডে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করা হয়।

    লিফলেট বিতরণ শেষে নেতাকর্মীরা সাদিপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের চেয়ারম্যানপাড়া বাজার থেকে ৪ নং ওয়ার্ডের রতন মার্কেট পর্যন্ত গণসংযোগ করেন।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির নেতা মোহাম্মদ আলী মোহন, সাদিপুর ইউনিয়ন বিএনপি নেতা আব্বাস আলী, মাসুদ ভূঁইয়া, মোমেন, মোশারফ, স্বপন, সেলিম, হাসেম, দুলাল মিয়া, সালাউদ্দিন, মাহাবুব, জামাল হোসেন, ছাদ্দামসহ সাদিপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

  • সোনারগাঁয়ে ১৯ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি আটক

    সোনারগাঁয়ে ১৯ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি আটক

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ১৯ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। বুধবার (১৬ অক্টোবর ২০২৫) বিকেল ৩টা ২৫ মিনিটের দিকে আষারিয়ারচর এলাকায় মেঘনা টোলপ্লাজা সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পুলিশ চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়।

    সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাশেদুল হাসান খানের নেতৃত্বে সাব-ইন্সপেক্টর (নিঃ) মোঃ আব্দুল জলিল সঙ্গীয় ফোর্সসহ চেকপোস্টে দায়িত্ব পালনকালে একটি মোটরসাইকেল থামানোর জন্য সিগন্যাল দিলে দুই আরোহী পালানোর চেষ্টা করে। পরে পুলিশ ধাওয়া করে তাদের আটক করে।

    আটককৃতরা হলেন— মোঃ শাহরিয়ার মাহমুদ (৩৫), জেলার বন্দর থানার ইস্পাহানি গ্রামের-বির আহম্মেদ এর ছেলে ও ওবায়দুল হক (৪০), উপজেলার বারদি ইউনিয়নের সেনপাড়া গ্রামের আঃ সাত্তারেরর ছেলে।

    গ্রেপ্তারের পর তাদের হেফাজত থেকে ১৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। একই সঙ্গে ঢাকা মেট্রো-ল-৬৭-১৫৮৩ নম্বরের একটি YAMAHA FZ-S Version 4.0 মোটরসাইকেল জব্দ করা হয়।

    এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাশেদুল হাসান খান।

  • আবেগ নয়, বিবেক দিয়ে ভোট দিবো—স্বপ্নের দেশ গড়বো: ড. ইকবাল হোসাইন ভূঁইয়া

    আবেগ নয়, বিবেক দিয়ে ভোট দিবো—স্বপ্নের দেশ গড়বো: ড. ইকবাল হোসাইন ভূঁইয়া

    সোনারগাঁ নিউজ :আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের এমপি প্রার্থী ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ড. ইকবাল হোসাইন ভূঁইয়া বলেছেন, “আবেগ নয়, বিবেক দিয়ে ভোট দিন—স্বপ্নের দেশ গড়ুন। এবারের নির্বাচন ঈমান ও ইসলামের সাথে জড়িত।”

    বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫) সোনারগাঁয়ের শম্ভপুরা ও পিরোজপুর ইউনিয়নের মঙ্গলেরগাঁও, দুর্গাপ্রসাদ, কাজীরগাঁও, চৌধুরীগাঁও ও তাতুয়াকান্দি এলাকায় নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

    ড. ইকবাল বলেন, “আমার মতো অনেক ইকবালই ভোট চাইতে আসবে, কিন্তু ভোট দেয়ার আগে একবার বিবেক দিয়ে ভাবুন—কাকে ভোট দিলে আল্লাহ খুশি হবেন, কোন দলকে ভোট দিলে দূর্নীতি, চাঁদাবাজি, দখলবাজি ও জুলুম বন্ধ হবে। এবারের নির্বাচনে স্বৈরাচারী কায়দায় কেন্দ্র দখলের কোনো সুযোগ দেয়া হবে না।”

    তিনি আরও বলেন, “আল্লাহ আমাদের মুসলমান করে বানিয়েছেন, এজন্য তাঁর কাছে শুকরিয়া আদায় করছি। একজন প্রকৃত মুসলমান জীবনের প্রতিটি ক্ষেত্রে—ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক ও রাষ্ট্রীয় জীবনে ইসলাম অনুসরণ করে। তাই আমাদের প্রতিটি সিদ্ধান্ত কুরআন ও হাদীসের আলোকে নিতে হবে।”

    ড. ইকবাল হুঁশিয়ারি দিয়ে বলেন, “এবার কেউ যদি দশজনের ভোট একজনে দেয়ার স্বপ্ন দেখে, তাদের সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে। জনগণের ভোটে ইনশাআল্লাহ এবারের পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট।”

    গণসংযোগে স্থানীয় জামায়াতের নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

  • স্ত্রীর চাপ সহ্য করতে না পেরে হত্যা, আদালতে স্বামীর স্বীকারোক্তি

    স্ত্রীর চাপ সহ্য করতে না পেরে হত্যা, আদালতে স্বামীর স্বীকারোক্তি

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চাঞ্চল্যকর সায়মা আক্তার মীম (২০) হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন তার স্বামী রায়হান। জবানবন্দিতে রায়হান জানান, স্ত্রী মীম তাকে অন্য স্ত্রীকে ডিভোর্স দিয়ে পুনরায় সামাজিকভাবে বিয়ে করতে চাপ দিচ্ছিলেন। এতে ক্ষুব্ধ হয়ে তিনি মীমকে হত্যা করেন।

    বুধবার (১৫ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুর মোহসিনের আদালতের খাস কামরায় রায়হান এই জবানবন্দি প্রদান করেন।

    নারায়ণগঞ্জ আদালতের পুলিশ পরিদর্শক মো. কাইয়ুম খান জানান, জবানবন্দি শেষে আদালত রায়হানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

    চার দিন নিখোঁজ থাকার পর মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে সোনারগাঁওয়ের ব্রহ্মপুত্র নদের কাইকারটেক ব্রিজসংলগ্ন ঝোপ থেকে স্কচটেপে মোড়ানো বস্তাবন্দি অবস্থায় মীমের লাশ উদ্ধার করে নৌপুলিশ। দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

    নারায়ণগঞ্জ নৌপুলিশের পুলিশ সুপার আলমগীর হোসেন বলেন, লাশ উদ্ধারের এক ঘণ্টার মধ্যেই নিহতের স্বজনরা এসে পরিচয় শনাক্ত করেন। এরপর তথ্যপ্রযুক্তির সহায়তায় রাত দেড়টার দিকে কুমিল্লা থেকে রায়হানকে গ্রেফতার করা হয়।

    পুলিশ জানায়, কুমিল্লার রায়হানের সঙ্গে মীমের পরিচয় থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তারা প্রায় এক বছর ধরে সোনারগাঁয়ের মোগরাপাড়া এলাকার আমতলায় ফিরোজ মিয়ার বাড়িতে স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস করছিলেন। এ সময় মীম অন্তঃসত্ত্বা হয়ে পড়েন।

    দুই মাস আগে রায়হান আরেকজনকে বিয়ে করলে মীম বিষয়টি জানতে পারেন এবং তাকে ডিভোর্স দিতে চাপ দেন। এ নিয়েই শুরু হয় কলহ।

    পরিকল্পিতভাবে গত ১০ অক্টোবর রাতে রায়হান মীমকে কাইকারটেক ব্রিজসংলগ্ন বালুর মাঠে নিয়ে যান। সেখানে হিজাব দিয়ে গলা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন। পরে হাত-পা স্কচটেপে পেঁচিয়ে পলিথিনে মুড়িয়ে বস্তাবন্দি অবস্থায় ব্রহ্মপুত্র নদ সংলগ্ন ঝোপে ফেলে দেন।

    নিহত সায়মা আক্তার মীম পাবনা জেলার সুজানগর থানার দয়ালনগর এলাকার সাইফুল ইসলামের মেয়ে।

  • সোনারগাঁ জি আর ইনস্টিটিউট স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি ফলাফলে বিপর্যয়

    সোনারগাঁ জি আর ইনস্টিটিউট স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি ফলাফলে বিপর্যয়

    নিউজ সোনারগাঁ : ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে সোনারগাঁ উপজেলার ১০টি উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে হতাশাজনক ফল করেছে সোনারগাঁ জিআর ইনস্টিটিউট স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটিতে এবারের পাশের হার মাত্র ১৮.৪৯ শতাংশ

    চলতি বছরে মোট ১১৯ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে কেবল ২২ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। বাকি ৯৭ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়, যা প্রতিষ্ঠানটির সামগ্রিক ফলাফলকে মারাত্মকভাবে নিচে নামিয়ে দিয়েছে।

    ফলাফলের এই বিপর্যয়ের জন্য শিক্ষক, অভিভাবক ও পরীক্ষার্থীদের পারস্পরিক উদাসীনতাকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। অনেকের মতে, পাঠদানে গাফিলতি, পরীক্ষার পূর্ব প্রস্তুতির ঘাটতি এবং শিক্ষার্থীদের অনীহা—সব মিলিয়ে এমন হতাশাজনক ফলাফলের জন্ম দিয়েছে।

    সোনারগাঁ জি.আর. ইনস্টিটিউট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফরিদা ইয়াসমিন বলেন,
    “আমি যখন প্রতিষ্ঠানের দায়িত্ব গ্রহণ করি, তখন পরীক্ষার্থীরা ইতোমধ্যে টেস্ট পরীক্ষায় অংশ শেষ করেছে। এরপর বৈষম্যবিরোধী আন্দোলন এবং পরবর্তীতে অধ্যক্ষ পরিবর্তন নিয়ে আন্দোলনের কারণে শিক্ষার্থীরা নিয়মিত পড়াশোনা করতে পারেনি। ফলে টেস্ট পরীক্ষায় অধিকাংশ শিক্ষার্থী অকৃতকার্য হয়। সে সময় আমরা তাদের ফরম পূরণে বাধা দিতে চেয়েছিলাম, কিন্তু দেশের সার্বিক পরিস্থিতি অনুকূল না থাকায় বাধ্য হয়ে তাদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে হয়। এই কারণেই শিক্ষার্থীদের ফলাফল আশানুরূপ হয়নি।”

    স্থানীয় শিক্ষা সংশ্লিষ্টরা দ্রুত পদক্ষেপ নিয়ে প্রতিষ্ঠানটির শিক্ষা মান উন্নয়নের দাবি জানিয়েছেন।

  • সোনারগাঁয়ে বৈধ গ্যাস সংযোগ বন্ধ, জনদুর্ভোগে রাস্তায় গ্রাহকরা

    সোনারগাঁয়ে বৈধ গ্যাস সংযোগ বন্ধ, জনদুর্ভোগে রাস্তায় গ্রাহকরা

    নিউজ সোনারগাঁ : বৈধ গ্যাস সংযোগ বন্ধের প্রতিবাদে সোনারগাঁও পৌরসভার দৈলেরবাগ এলাকায় মোগরাপাড়া চৌরাস্তা টু উদ্ধবগঞ্জ সড়ক অবরোধ করেছে স্থানীয় গ্যাস গ্রাহকরা। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ কর্মসূচি শুরু হয়।

    জানা গেছে, গত দুই দিন ধরে তিতাস গ্যাস কর্তৃপক্ষ হঠাৎ করে পৌরসভার উদ্ধবগঞ্জসহ কয়েকটি এলাকায় বৈধ গ্যাস সংযোগ বন্ধ করে দেয়। তবে সংযোগ বন্ধের বিষয়ে কোনো পূর্ব ঘোষণা বা ব্যাখ্যা দেয়নি তিতাস কর্তৃপক্ষ।

    ফলে চরম দুর্ভোগে পড়েছে পৌরবাসী। গ্যাস না থাকায় কেউ অস্থায়ী চুলা বানিয়ে রান্না করছে, কেউ হোটেল থেকে কিনে খাবার খাচ্ছে, আবার কেউ না খেয়ে দিন কাটাচ্ছে বলে জানা গেছে।

    এ বিষয়ে বৈধ গ্যাস গ্রাহক ফারুক আহমেদ বলেন, “দুই দিন ধরে গ্যাস নেই। গ্যাস না থাকার কারণে রান্নাবান্না করতে পরছিনা। পরিবার নিয়ে বহু কষ্ট করে দুই দিন পার করছি।  তিনি জানান, আমাদের গ্যাস সংযোগ বৈধ। প্রতি মাসে বিলও পরিশোধ করছি। এখন তিতাস নিজেদের ব্যর্থতা ডাকতে আমাদের বৈধ লাইন বন্ধ করে দিয়েছে। আমরা এখন  গ্রাহকরা রাস্তা অবরোধ করছি যতক্ষন পর্যন্ত গ্যাস আমাদের গ্যাস চালু না করবে ততক্ষন রাস্তা অবরোধ করে রাখবো।

    তিতাসের সোনারগাঁ জোনের ম্যানেজার শফিউর আওয়ারকে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।”

    উল্লেখ্য, এর আগেও কয়েক দফায় তিতাস কর্তৃপক্ষ হঠাৎ করে গ্যাস সংযোগ বন্ধ করলে স্থানীয়দের আন্দোলনের মুখে তা পুনরায় চালু করা হয়েছিল। তবে এবারও কোনো নোটিশ ছাড়াই সংযোগ বন্ধ করায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী গ্রাহকরা।

  • সোনারগাঁয়ে এইচএসসি পরীক্ষায় স্টার ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ সেরা

    সোনারগাঁয়ে এইচএসসি পরীক্ষায় স্টার ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ সেরা

    নিউজ সোনারগাঁ : 

    আজ ১৬ই অক্টোবর বৃহস্পতিবার ২০২৪-২৫ এর প্রকাশিত এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে সোনারগাঁ উপজেলার ১০টি উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে সোনারগাঁ স্টার ফ্লাওয়ার শাহ আলী রফিকুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজ

    চলতি বছরে প্রতিষ্ঠানটির মোট ১৪৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে, এর মধ্যে ১৪২ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। পাশের হার দাঁড়িয়েছে ৯৭.৯৩ শতাংশ

    ভাল ফলাফলের প্রতিক্রিয়ায় প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা রফিকুল ইসলাম বলেন, “এই ফলাফল আমাদের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের যৌথ প্রচেষ্টার ফল। আমরা ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়নে আরও আন্তরিকভাবে কাজ করে যাব।”

    সোনারগাঁ অঞ্চলে ধারাবাহিক ভালো ফলাফলের মাধ্যমে স্টার ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ ইতোমধ্যেই একটি সুনাম অর্জন করেছে।

  • সোনারগাঁয়ে নির্ধারিত এলাকায় আগামীকাল বৃহস্পতিবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

    সোনারগাঁয়ে নির্ধারিত এলাকায় আগামীকাল বৃহস্পতিবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

    নিউজ সোনারগাঁ :  সোনারগাঁ উপজেলার কয়েকটি এলাকায় রাইট অব ওয়ে (Right of Way) কাজের জন্য আগামী বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫) সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

    বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো)-এর সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নির্ধারিত সময়ের মধ্যে নতুন টিপরদী, তাজপুর, আদমপুর, পানাম সিটি, মানকেভিটা, গোয়ালদী, দরপত, অর্জুন্দী, ফতেকান্দি, দুলালপুর, রাইজদিয়া, নোয়াইল, খাগুটিয়া ও পাঠালপাড়া এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

    কর্তৃপক্ষ জানায়, কাজ সম্পন্ন হওয়ার পর দ্রুতই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। সাময়িক এই অসুবিধার জন্য তারা সকলের সহযোগিতা ও সহনশীলতা কামনা করেছেন।

  • বিএনপির ৩১ দফা শান্তি সুখের রূপরেখা – ইমতিয়াজ বকুল 

    বিএনপির ৩১ দফা শান্তি সুখের রূপরেখা – ইমতিয়াজ বকুল 

    নিউজ সোনারগাঁ : কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল বলেছেন,

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র গঠনের যে ৩১ দফা ঘোষণা করছেন সেই ৩১ দফা হচ্ছে বাংলার মানুষের জন্য শান্তি সুখের রূপরেখা।

    মানুষের কর্মসংস্থান, নিরাপত্তা বিধান ও পরিবেশ রক্ষাসহ যেসহ দফা ঘোষণা করা হয়েছে সে দফাগুলো সাধারণ মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেয়ার কাজ করছি আমরা।

    ৩১ দফার শেষ দফায় পরিবেশ রক্ষার কথা বলা হয়েছে। পরিবেশ রক্ষা করতে হলে  বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই।

    বুধবার বিকেলে সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়ন এর সনমান্দী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে রাস্ট্র কাঠামো গঠনের ৩১ তম দফার অংশ হিসেবে  শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়েছে।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল।

    এ সময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে  উপস্থিত ছিলেন, সনমান্দী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মফিজুল ইসলাম,সনমান্দী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, সনমান্দী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা হারুন প্রধান, মোহাম্মদ আমিরুল ইসলাম,মোহাম্মদ রুবেল,উসমান গনি, মোহাম্মদ শুভ,জামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা শাহ আলম হাসু,নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক আশিকুর রহমান, সোনারগাঁ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মাসুদ রানা বাবু, সনমান্দী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সৈয়দ কবির হোসেন, সনমান্দী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি মুজাহিদুর, সনমান্দী ইউনিয়ন ছাত্রদল নেতা মোহাম্মদ মিসকাত হোসেন প্রমুখ

  • সোনারগাঁয়ে ২ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি আটক

    সোনারগাঁয়ে ২ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি আটক

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ২ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।

    সোমবার (১৪ অক্টোবর ২০২৫) বিকেল সাড়ে ৫টার দিকে সোনারগাঁ থানার আষারিয়ারচর এলাকায় মেঘনা টোল প্লাজার দক্ষিণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী রাস্তায় পুলিশের চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়।

    সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (নিঃ) মো. রাশেদুল হাসান খানের নেতৃত্বে সাব-ইন্সপেক্টর (নিঃ) মো. শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ নিয়মিত চেকপোস্ট ডিউটি পরিচালনা করছিলেন। এ সময় এক নারী সন্দেহজনকভাবে হেঁটে চেকপোস্টের দিকে আসলে পুলিশ তাকে চ্যালেঞ্জ করে। পালানোর চেষ্টা করলে পুলিশ সদস্যরা ধাওয়া দিয়ে তাকে আটক করেন।

    আটককৃত নারীর নাম হাফছা (২০), স্বামী শেখ ধন, গ্রাম শীতলপাড়া, থানা কসবা, জেলা ব্রাহ্মণপাড়া। তার কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

    পুলিশ জানায়, উদ্ধার করা মাদক জব্দ তালিকাভুক্ত করে অভিযুক্ত হাফছার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

  • সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও চুনা কারখানা গুড়িয়ে দিল তিতাস কর্তৃপক্ষ

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নে তিতাস গ্যাস কর্তৃপক্ষের বিশেষ অভিযানে দুটি চুনা কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে কারখানাগুলো গুড়িয়ে দেওয়া হয়েছে।

    মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত চলা এ অভিযানে উপজেলার ঝাউচর বালুর মাঠ সংলগ্ন এলাকায় অবস্থিত দুইটি চুনা কারখানায় অভিযান চালানো হয়।

    অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনাব্বর হোসেন এবং মেঘনাঘাট জবির ম্যানেজার (প্রকৌশলী) সুরঞ্জিত।

    অভিযান শেষে এক্সক্যাভেটর মেশিনের সাহায্যে চুনা কারখানাগুলো ভেঙে ফেলা হয়। এসময় ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং প্রতিটি স্থানে অবৈধ গ্যাস সংযোগ ওয়েল্ডিংয়ের মাধ্যমে কিলিং ক্যাপিং করা হয়।

    তিতাস কর্তৃপক্ষ জানায়, সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। যেখানেই অবৈধ সংযোগ পাওয়া যাবে, সেখানেই কঠোর অভিযান পরিচালনা করা হবে।

  • সোনারগাঁয়ে নিখোঁজের ৪ দিন পর তরুণীর কসটেপে মোড়ানো ব্যাগভর্তি লাশ উদ্ধার

    সোনারগাঁয়ে নিখোঁজের ৪ দিন পর তরুণীর কসটেপে মোড়ানো ব্যাগভর্তি লাশ উদ্ধার

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিখোঁজের চার দিন পর সায়মা আক্তার মীম (২২) নামের এক তরুণীর কসটেপে মোড়ানো বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় মোগরাপাড়া ইউনিয়নের কাইকারটেক ব্রিজ সংলগ্ন ঝোপ থেকে লাশটি উদ্ধার করা হয়।

    নিহত মীম পাবনা জেলার সুজানগর থানার দয়ালনগর গ্রামের সাইফুল ইসলামের মেয়ে। তিনি সোনারগাঁয়ের মোগরাপাড়া আমতলা এলাকার ফিরোজ মিয়ার বাড়ির ভাড়াটিয়া এবং স্থানীয় কলাপাতা বার্গার কিংয়ের কর্মী ছিলেন।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার সকাল ১০টার দিকে কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হওয়ার পর থেকেই নিখোঁজ ছিলেন সায়মা। খোঁজাখুঁজি করেও না পেয়ে পরিবারের পক্ষ থেকে মঙ্গলবার সকালে সোনারগাঁ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

    বিকেল ৪টার দিকে স্থানীয়রা কাইকারটেক ব্রিজ সংলগ্ন ঝোপের মধ্যে বড় একটি ব্যাগ পড়ে থাকতে দেখে দুর্গন্ধ টের পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ব্যাগটি উদ্ধার করে খুললে ভেতরে কালো পলিথিনে মোড়ানো কসটেপে প্যাঁচানো এক নারীর হাত-পা বাঁধা লাশ পাওয়া যায়। নিহতের মামা খোকন শেখ সাগর লাশের পরিচয় শনাক্ত করেন।

    নিহতের মামা খোকন শেখ সাগর জানান, দুই বছর আগে কুমিল্লার রায়হান নামের এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কের পর মীম বিয়ে করেন। পারিবারিক অমতের কারণে তারা আলাদা থেকে জীবনযাপন করছিলেন। তার অভিযোগ, স্বামী রায়হানই শ্বাসরোধ করে মীমকে হত্যা করে ব্যাগে ভরে ফেলে যান।

    সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, “কসটেপে মোড়ানো অবস্থায় এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”