Category: সর্বশেষ

  • সোনারগাঁয়ে চাঁদাবাজি ও দখলবাজির মহোৎসব : অভিযোগ যুবদল নেতার

    সোনারগাঁয়ে চাঁদাবাজি ও দখলবাজির মহোৎসব : অভিযোগ যুবদল নেতার

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চাঁদাবাজি, দখলবাজি, চোরাই তেল ব্যবসা ও নৌ-পথে চাঁদাবাজির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন সোনারগাঁ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফ প্রধান। বুধবার (৩০ জুলাই) সকালে মেঘনা নিউ টাউনে তার নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।

    সংবাদ সম্মেলনে আশরাফ প্রধান বলেন, “বিভিন্ন গণমাধ্যমে ২৯ জুলাই ‘সোনারগাঁয়ে যুবদলের দুই নেতার চাঁদাবাজি’ শীর্ষক সংবাদ প্রকাশিত হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এ খবরের প্রতিবাদ জানাতে আমি এই সংবাদ সম্মেলন ডেকেছি।”

    তিনি আরও বলেন, “সোনারগাঁয়ে চাঁদাবাজি, দখলবাজি, চোরাই তেল ব্যবসা, নৌপথে চাঁদাবাজি এবং শিল্পকারখানায় আধিপত্য বিস্তার করে অর্থ আত্মসাতের ঘটনায় বিএনপির প্রভাবশালী একটি মহল জড়িত। বিশেষ করে উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের নেতৃত্বাধীন একটি চক্র দীর্ঘদিন ধরে এসব অপরাধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তারা পিরোজপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি জাকির হোসেন ওরফে পলিথিন জাকিরের সঙ্গে হাত মিলিয়ে নৌপথে চাঁদাবাজি এবং ডাকাতির সঙ্গে জড়িত। গত কয়েকদিনে ৬ জন নৌচাঁদাবাজ পুলিশের হাতে আটক হয়েছে, আরও ৩ জন ডাকাতি করতে গিয়ে ধরা পড়েছে। এসব ঘটনা প্রমাণ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ভিডিওতেও রয়েছে।”

    আশরাফ প্রধান অভিযোগ করে বলেন, “মেঘনা শিল্পনগরীতে অবস্থিত অন্তত ৩৮টি মিল-কারখানায় এই চক্র চাঁদাবাজি করছে। মেঘনা গ্রুপ, বসুন্ধরা গ্রুপসহ অনেক প্রতিষ্ঠানের ওপর তারা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। রফিকুল ইসলাম বিডিয়ার হুলসিম, জয়নাল মেম্বার ক্যামিকেল মিল, তমিজউদ্দিন একটি কারখানা দখল করেছেন। আমরাও স্বীকার করছি—আমি ও আমার ভাই মাত্র তিনটি কারখানার দেখভাল করি, তবে কোনো চাঁদাবাজি নয়।”

    তিনি আরও বলেন, “আজহারুল ইসলাম মান্নানের ভাই আলআমি ও মাসুদ চোরাই তেলের ব্যবসা এবং ফুটপাত থেকে প্রতিদিন চাঁদা আদায় করে। তার ছেলে সজিব নৌপথের চাঁদাবাজি নিয়ন্ত্রণ করে এবং বিভিন্ন ঠিকাদারদের কাছ থেকে ৮০ হাজার থেকে দেড় লাখ টাকা পর্যন্ত চাঁদা আদায় করে। এই অপকর্মের শিকার হয়েছেন ঠিকাদার নজরুল ও শরীফ কন্টাক্টর।”

    আশরাফ প্রধান বলেন, “আমি ৯০ সাল থেকে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত, ছাত্রদল হয়ে এখন যুবদলে দায়িত্ব পালন করছি। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে তা রাজনৈতিক ষড়যন্ত্র ছাড়া কিছু নয়। আমি চ্যালেঞ্জ করে বলছি—আমার বিরুদ্ধে আনা একটি অভিযোগও যদি কেউ প্রমাণ করতে পারে, তবে আমি দায় স্বীকার করে মাথা পেতে নেব।”

    তিনি এসব মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ জানান এবং প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।

  • সোনারগাঁয়ে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও গণভোজ

    সোনারগাঁয়ে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও গণভোজ

    পরিমল বিশ্বাস:

    নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও শারীরিক সুস্থতা কামনায় এক দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়।

    ৩০ জুলাই (বুধবার) সন্ধ্যার পর সোনারগাঁ উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক হাজী সেলিম সরকারের উদ্যোগে এই মাহফিল অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আল আমিন অভি, জেলা তাতী দলের সাধারণ সম্পাদক সালমান আহম্মেদ, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাকারিয়া, সাদিপুর ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সভাপতি জয়নাল মীর, সেচ্ছাসেবক দলের উপজেলা যুগ্ম আহ্বায়ক শফিক ভূঁইয়া, তাঁতী দলের ইউনিয়ন সভাপতি শাহিন, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক গাফফার, ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মাসুম সিকদার, যুবদলের যুগ্ম আহ্বায়ক নূর নবী, তাঁতী দলের সহ-সভাপতি জাকির হোসেনসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

    দোয়া মাহফিল শেষে হাজী সেলিম সরকার বলেন,

    “দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন আপসহীন নেত্রী। তিনি কখনো অন্যায়ের সঙ্গে আপস করেননি। তাঁর সুস্থতা এবং দীর্ঘায়ু কামনায় আমরা আল্লাহর কাছে দোয়া করেছি। সেইসাথে আমরা বিশ্বাস করি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশ আরও সামনে এগিয়ে যাবে এবং সঠিক নেতৃত্বে দেশ পরিচালিত হবে।”

  • সোনারগাঁ-বন্দর মিলে নারায়ণগঞ্জ-৩ আসন

    সোনারগাঁ-বন্দর মিলে নারায়ণগঞ্জ-৩ আসন

    নিউজ সোনারগাঁ: নারায়ণগঞ্জের ৫টি সংসদীয় আসনের মধ্যে তিনটি আসন পুনবিন্যাস করা হয়েছে। ৩০ জুলাই নির্বাচন কমিশন এ তথ্য জানিয়েছে।

    নারায়ণগঞ্জ-৫ আসনটি আগে শহর ও বন্দর এলাকা নিয়ে গঠিত ছিল। এবার এটাকে পুনবিন্যাস করে শুধু সিটি করপোরেশন এলাকা নিয়ে গঠন করা হয়েছে।

    নারায়ণগঞ্জ-৪ আসন থেকে সিদ্ধিরগঞ্জ বাদ দেওয়া হয়েছে। এ আসনে রাখা হয়েছে ফতুল্লা, এনায়েতনগর, বক্তাবলী, কাশীপুর, কুতুবপুর, গোগনগর ও আলীরটেক ইউনিয়নকে। এর মধ্যে গোগনগর ও আলীরটেক ছিল নারায়ণগঞ্জ-৫ আসনে ।

    নারায়ণগঞ্জ-৩ আসন আগে ছিল সোনারগাঁ উপজেলা কেন্দ্রীক। এখন সোনারগাঁয়ের সঙ্গে বন্দর উপজেলাকে সংযুক্ত করা হয়েছে।

    নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) ও নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে কোন পরিবর্তন হয়নি।

  • সোনারগাঁয়ে স্ত্রীকে হত্যা করে পালিয়েছে স্বামী

    সোনারগাঁয়ে স্ত্রীকে হত্যা করে পালিয়েছে স্বামী

    নিউজ সোনারগাঁ: সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের সোনাখালী গ্রামে শোভা নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী রায়হানের বিরুদ্ধে। আজ বুধবার (৩০ জুলাই) বেলা ১১টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

    স্থানীয় সূত্রে জানা গেছে, রায়হান শোভার ঘরে ঝুলন্ত লাশ রেখে পালিয়ে যায়। খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শোভা বেগমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

    নিহত শোভার মামাতো ভাই সিফাত জানান, চার বছর আগে সনমান্দি ইউনিয়নের মুসুরাকান্দি গ্রামের উজ্জর মিয়ার ছেলে রায়হানের সঙ্গে পরিবারের অমতে পালিয়ে বিয়ে করেন শোভা। পরবর্তীতে পারিবারিক সম্মতিতে সামাজিকভাবে তাদের বিবাহ সম্পন্ন হয়। কিন্তু বিয়ের কিছুদিন পর শোভার পরিবার জানতে পারে রায়হানের আর্থিক অবস্থা খুবই দুর্বল। শোভা একবেলা খেলে আরেক বেলা না খেয়ে থাকতেন। এসব কারণে শোভার পরিবার তাদের নিজ বাড়িতে এনে থাকতে দেয়।

    পরিবারে থাকার সময় তাদের একটি ছেলে সন্তান জন্ম নেয়। কিন্তু স্বামীর বেকারত্ব ও দায়িত্বহীনতায় শোভা মানসিকভাবে দুর্বল হয়ে পড়েন এবং স্বামীকে কাজে যোগদানের জন্য চাপ দিতে থাকেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই কলহ লেগে থাকত।

    আজ সকালে স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে ঘরের দরজা বন্ধ করে দেন রায়হান। কিছুক্ষণ পরে শোভার মা মানসুরা বেগম মেয়ের ঘরে গিয়ে দরজা খুলে দেখেন, শোভা ঘরের আড়ার সঙ্গে ঝুলছে।

    শোভার মা বলেন, “বেলা ১১টার দিকে মেয়ের ঘরে কোনো সাড়া না পেয়ে ডাকতে যাই। দরজা খুলে দেখি, আমার মেয়ে আড়ার সঙ্গে ঝুলছে। আমার ধারণা, স্বামী-স্ত্রীর ঝগড়ার একপর্যায়ে রায়হান আমার মেয়েকে হত্যা করে ফাঁসের নাটক সাজিয়ে পালিয়ে গেছে।”

    পুলিশ জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং অভিযুক্ত রায়হানকে আটকের জন্য অভিযান চলছে।

    —সংবাদ প্রেরক
    নিউজ সোনারগাঁ

  • টাকার অভাবে মুখের ক্যান্সারে ধুকে ধুকে মৃত্যুর দিকে তরুণ চন্দ্রশীল

    টাকার অভাবে মুখের ক্যান্সারে ধুকে ধুকে মৃত্যুর দিকে তরুণ চন্দ্রশীল

    নিউজ সোনারগাঁ: সোনারগাঁয়ের চেঙ্গাকান্দি গ্রামের হতভাগ্য এক নাম—তরুণ চন্দ্রশীল (৫৪)। এক সময় যিনি ছিলেন পরিবারে ভরসার প্রতীক, স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ছোট্ট সুখের সংসার গড়েছিলেন দিন-রাত পরিশ্রম করে। পেশায় দারোয়ান ছিলেন তিনি, রাত জেগে পাহারা দিয়ে জীবিকার টাকা তুলে ঘর-বাড়ি করেছিলেন সোনার আশা নিয়ে।

    কিন্তু হঠাৎ করেই জীবনে নেমে আসে এক ভয়ানক অন্ধকার—মুখে ধরা পড়ে ক্যান্সার। চাকরি হারিয়ে চিকিৎসার খরচ চালাতে হিমশিম খেতে থাকেন তিনি। ঘরবাড়ি, শেষ সম্বলটুকুও বিক্রি করে দেন এক বুক আশা নিয়ে, হয়তো স্বামীকে সুস্থ করে তুলতে পারবেন।

    কিন্তু ভাগ্য যেন মুখ ফিরিয়ে নেয়। চিকিৎসা শেষ না হতেই থেমে যায় টাকার জোগান। অসহায় হয়ে পড়েন তরুণ। কোনো উপায় না পেয়ে সরকারি-বেসরকারি বিভিন্ন দফতরে সাহায্যের জন্য আবেদন করেন, কিন্তু সাড়া মেলেনি তেমন।

    আজ সেই তরুণ চন্দ্রশীল ধুকে ধুকে মৃত্যুর দিকে এগোচ্ছেন বিনা চিকিৎসায়, অন্ধকার একটি ঘরের চার দেয়ালে বন্দী জীবন।

    তার স্ত্রী লক্ষি রাণী কেঁদে কেঁদে বলেন,
    “ভাই, আমি সব কিছু বিক্রি করে ওর চিকিৎসা করাইছি। ডাক্তাররা বলছে ঠিকঠাক চিকিৎসা পাইলেই ভালো হয়ে যাইত। কিন্তু আর কয়টা দিন চিকিৎসা করানোর মতো টাকাও নাই আমার কাছে। তাই হাতজোড় করে বলতেছি—যদি কেউ সাহায্য করতেন, আমার স্বামীটা হয়তো আবার বাঁচত।”

    এই মুহূর্তে তরুণ চন্দ্রশীলের প্রয়োজন সঠিক চিকিৎসা ও সহানুভূতির হাত। একজন মানুষের জীবন হয়তো আপনার একটুকরো সহযোগিতাতেই ফিরে পেতে পারে আলোর মুখ।

    তরুণ চন্দ্রশীলের পরিবারের পাশে দাঁড়াতে ইচ্ছুক হৃদয়বান ও বিত্তবানদের প্রতি নিউজ সোনারগাঁ আন্তরিকভাবে সহযোগিতার আহ্বান জানাচ্ছে।

  • সোনারগাঁয়ে সাদিপুরে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করলেন এস এম ওয়ালিউর রহমান আপেল

    সোনারগাঁয়ে সাদিপুরে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করলেন এস এম ওয়ালিউর রহমান আপেল

    পরিমল বিশ্বাস: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র মেরামতের ৩১ দফা” বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে নয়াপুর বাজারে স্থানীয় দোকানপাট ও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক মহাপরিচালক, বীর মুক্তিযোদ্ধা ও সোনারগাঁ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী এস এম ওয়ালিউর রহমান আপেল।

    এ সময় শত শত নেতাকর্মীদের নিয়ে তিনি বিভিন্ন দোকানে যান এবং গাড়ি থেকে সাধারণ মানুষের হাতে হাতে লিফলেট তুলে দেন।

    এতে উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও সাদিপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সেলিম সরকার, কাচপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন জয়, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আল-আমিন অভি, সাদিপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ফারদিন আহমেদ মাসুদ, সোনারগাঁ থানা ছাত্রদল নেতা লিটন সাউদসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

    লিফলেট বিতরণকালে এস এম ওয়ালিউর রহমান আপেল বলেন, “তারেক রহমানের ঘোষিত ৩১ দফা পড়ুন, বোঝার চেষ্টা করুন। এই দফাগুলো বাস্তবায়ন হলে দেশ নতুন সম্ভাবনার পথে এগিয়ে যাবে। আমি এসেছি আপনাদের দোয়া নিতে, একজন মনোনয়ন প্রত্যাশী হিসেবে নয়, একজন সেবক হিসেবে। সোনারগাঁ একটি ঐতিহ্যবাহী এলাকা, এর সুনাম সারাদেশে। তাই এ অঞ্চলকে সুন্দরভাবে গড়ে তুলতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”

    তিনি আরও বলেন, “সততা, নিষ্ঠা ও দলের প্রতি আনুগত্য নিয়ে আমাদের সবাইকে এগিয়ে যেতে হবে। বিএনপিকে সুসংগঠিত করতে হবে। পাশাপাশি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি।”

    এই কর্মসূচি ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়। নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যতেও এমন কর্মসূচির মাধ্যমে জনগণের কাছে বিএনপির বার্তা পৌঁছে দেওয়া হবে।

  • সোনারগাঁ জি. আর স্কুলের হারনো ঐতিহ্য ফিরিয়ে আনার চেষ্টা করছি….তুহিন মাহমুদ

    সোনারগাঁ জি. আর স্কুলের হারনো ঐতিহ্য ফিরিয়ে আনার চেষ্টা করছি….তুহিন মাহমুদ

    নিউজ সোনারগাঁ: ১২৫ বছরের পুরনো সোনারগাঁয়ের অন্যতম বিদ্যাপীঠ সোনারগাঁ জি আর ইনস্টিটিউশনের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন অত্র প্রতিষ্ঠানের এডহক কমিটির সভাপতি ও জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতা তুহিন মাহমুদ।
    গতকাল মঙ্গলবার সকালে সোনারগাঁ গঙ্গাবাসী ও রামচন্দ্র পোদ্দার ইনস্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজের গঙ্গাবাসী অডিটরিয়ামে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশ তিনি কথা বলেন।
    তিনি আরো বলেন সোনারগাঁ জি আর ইনস্টিটিউশনের শিক্ষার মান বাড়ানোর জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এজন্য অভিভাবকদের সহযোগিতা প্রয়োজন। অভিভাবক, এলাকাবাসী, শিক্ষক ও শিক্ষার্থী সকলের সম্মিলিত প্রচেষ্টায় এ স্কুলের শিক্ষার মান বৃদ্ধি করা সম্ভব হবে ইনশাল্লাহ।
    সোনারগাঁ জি আর ইনস্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে
    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গভর্ণিংবডির সদস্য মো.মোরছালীন ও এডহক কমিটির শিক্ষক প্রতিনিধি মো. এখলাছুর রহমান।
    অনুষ্ঠানে আগত অভিভাবকরা শিক্ষার মান উন্নয়নে তাদের বিভিন্ন মতামত তুলে ধরেন।
    পরে প্রতিষ্ঠানের অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। ফলাফলে শাখা ভিত্তিক প্রথম স্থান অধিকারকারী শিক্ষার্থীদেরকে
    ক্রেস্ট প্রদান করা হয়।

  • সোনারগাঁয়ে ১ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক

    সোনারগাঁয়ে ১ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক

    নিউজ সোনারগাঁ: নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানা পুলিশের অভিযানে ১ হাজার পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

    গত সোমবার (২৮ জুলাই ২০২৫) রাত আনুমানিক ৮টা ১০ মিনিটের সময় সোনারগাঁ থানার এসআই (নিঃ) মোঃ নাইমুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ পিরোজপুর ইউনিয়নের আষাড়িয়ার চর এলাকায় মেঘনা টোলপ্লাজা সংলগ্ন পুলিশ চেকপোস্টে ডিউটি করছিলেন। দায়িত্ব পালনকালে সন্দেহভাজন যানবাহন তল্লাশির অংশ হিসেবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস (রেজি: ঢাকা মেট্রো-ব-১৫-৬৯৫০) থামানো হয়। বাসটি থামার সঙ্গে সঙ্গেই এক ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টা করলে পুলিশ সদস্যরা ধাওয়া দিয়ে তাকে আটক করেন।

    আটক ব্যক্তির নাম মোঃ আলম (৩৪), ব্লাক-আই মুছুনী ক্যাম্প কক্সবাজার জেলার মৃত হাসান আলীর ছেলে।

    পরে আসামির দেহ তল্লাশি করে পরিহিত লুঙ্গির নিচে থাকা হাফপ্যান্টের পকেট থেকে কালো পলিথিনে মোড়ানো কসটেপযুক্ত ২০টি ছোট পোটলা উদ্ধার করা হয়। প্রতিটি পোটলায় ৫০ পিস করে সর্বমোট ১,০০০ পিস ইয়াবা পাওয়া যায়।

    এই ঘটনায়  উদ্ধারকৃত সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে আসামীকে মঙ্গলবার (২৯ জুলাই ২০২৫) গ্রেফতারকৃত আসামিকে নারায়ণগঞ্জ জেলা আদালতে প্রেরণ করা হয়।

    পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কটি সোনারগাঁ থানার মধ্য দিয়ে যাওয়ায় এই সড়ককে ব্যবহার করে মাদক কারবারিরা টেকনাফ, চট্টগ্রাম ও কুমিল্লা থেকে রাজধানীসহ আশপাশের এলাকায় মাদক পাচার করছে। তবে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে সোনারগাঁ থানা পুলিশ এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • বারদীতে ত্যাগী নেতার পরিবারের পাশে আল মুজাহিদ, ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও গণসংযোগ

    বারদীতে ত্যাগী নেতার পরিবারের পাশে আল মুজাহিদ, ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও গণসংযোগ

    পরিমল বিশ্বাস:
    সোনারগাঁয়ে বারদী ইউনিয়নে বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ জুলাই) সকালে সোনারগাঁ উপজেলা বিএনপির ১নং সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী আল মুজাহিদ মল্লিক এই কর্মসূচিতে অংশ নেন।

    এর আগে তিনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেনের বাড়িতে যান। লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে মারা যাওয়া এই ত্যাগী নেতার পরিবারের খোঁজখবর নেন এবং তাদের হাতে আর্থিক অনুদান তুলে দেন। এসময় তিনি বলেন, “বিল্লাল হোসেন ছিলেন দলের একজন নিরলস ও ত্যাগী কর্মী। তার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন।”

    পরে বারদী বাজারে দলের নেতাকর্মীদের সাথে নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা’ বাস্তবায়নের লক্ষ্যে সাধারণ জনগণের মাঝে লিফলেট বিতরণ করেন তিনি। দোকানদার ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণের মাধ্যমে সরকারের দুর্নীতিবিরোধী অবস্থান এবং বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়।

    গণসংযোগে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা সামসুল ইসলাম, শাহ আলম, সুলতান আল মামুন, লুৎফর রহমান, সোনারগাঁ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আব্দুর রহিমসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

    এসময় আল মুজাহিদ মল্লিক বলেন, “৩১ দফা বাস্তবায়িত হলে বাংলাদেশ একটি সুখী, উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হবে। এই দফাগুলোর মধ্যে শিক্ষা, স্বাস্থ্য, বিচার বিভাগীয় স্বাধীনতা, দুর্নীতিমুক্ত প্রশাসনসহ জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করার রূপরেখা রয়েছে।”

    তিনি আরও বলেন, “এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে কাজ করতে হবে। দল যদি আমাকে যোগ্য মনে করে মনোনয়ন দেয়, তাহলে সোনারগাঁয়ের শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করবো। পাশাপাশি মাদকমুক্ত একটি সুস্থ সমাজ গড়ে তোলার জন্য প্রতিশ্রুতিবদ্ধ থাকবো।”

    তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য দোয়া কামনার পাশাপাশি সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

  • সোনারগাঁয়ে স্ত্রী- শ্বাশুড়িকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

    সোনারগাঁয়ে স্ত্রী- শ্বাশুড়িকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

    নিউজ সোনারগাঁ : সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায় স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে হত্যার দায়ে স্বামী কাউছারকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডে র আদেশ দেওয়া হয়েছে।

    সোমবার (২৮ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদালত-২ এর বিচারক হুমায়রা তাসমিন এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি কাউছার আদালতে উপস্থিত ছিলেন।

    নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান জানান, ২০১৬ সালের ১৯ ফেব্রুয়ারি সকালে শাশুড়ি রাশিদা বেগম ও ছেলে ইমদাদুল হক কাঁচপুরে মেয়ের ভাড়া বাসায় বেড়াতে আসেন। ওই দিন বিকেলে ইমদাদুল বাইরে গেলে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বাধে। একপর্যায়ে শাশুড়ি মেয়ের পক্ষ নেওয়ায় কাউছার ক্ষিপ্ত হয়ে ঘরের দরজা বন্ধ করে প্রথমে স্ত্রী লাভলী বেগমকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে মেয়েকে বাঁচাতে ছুটে আসা শাশুড়ি রাশিদাকেও একইভাবে কুপিয়ে হত্যা করে সে।

    এলাকাবাসী ঘটনার সময় কাউছারকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। নিহত লাভলীর ভাই ইমদাদুল হক বাদী হয়ে সোনারগাঁ থানায় হত্যা মামলা দায়ের করেন।
    দীর্ঘ তদন্ত শেষে মামলার বিচারকাজ চলাকালে রাষ্ট্রপক্ষ মোট ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে। প্রমাণিত অভিযোগের ভিত্তিতে আদালত এ রায় প্রদান করেন

  • সোনারগাঁয়ে প্রবাসীর বাড়িতে ভয়াবহ ডাকাতি: ২ কোটি টাকার মালামাল লুট

    সোনারগাঁয়ে প্রবাসীর বাড়িতে ভয়াবহ ডাকাতি: ২ কোটি টাকার মালামাল লুট

    সোনারগাঁ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের উলুকান্দি মামরকপুর এলাকায় এক প্রবাসীর বাড়িতে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল (রোববার) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে কামরুল মিয়ার বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।

    সোমবার (২৮ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার ও সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরে বিকেলে প্রবাসীর স্ত্রী উম্মেহানী বেগম বাদী হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ করেছেন।

    এর আগে রবিবার (২৭ জুলাই) রাত আড়াইটার দিকে রান্নাঘরের গ্রিল কেটে ওই বাড়িতে ঢুকে ৭৫ ভরি স্বর্ণ, একটি আইফোন এবং জমি কেনার রেজিস্ট্রেশন খরচের নগদ ২২ লাখ টাকা লুট করা হয়।

    সৌদি প্রবাসী কামরুল ইসলামের মা রাজিয়া বেগম জানান, ‘তার চার ছেলে সৌদি আরব প্রবাসী। সবার স্ত্রী ও আট শিশু সন্তান নিয়ে তারা বসবাস করেন। তাদের ঘরে কোনো পুরুষ ছিল না। রবিবার রাত আড়াইটার দিকে ১০-১৫ জনের ডাকাতদল তাদের রান্না ঘরের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। পরে ঘরের সবাইকে একটি কক্ষে আটক করে। শিশুদের গলায় ছুরি ধরে আলমারির চাবি ছিনিয়ে নেয়। এর পর একে একে তিনটি কক্ষের আসবাবপত্র তছনছ করে ৭৫ ভরি স্বর্ণ, একটি আইফোন এবং জমি কেনার রেজিস্ট্রেশন খরচের নগদ ২২ লাখ টাকা লুট করে নেয়।’

    খবর পেয়ে নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার( খ-অঞ্চল) আসিফ ইমাম ও সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

    মো. রাশেদুল হাসান খান বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগ গ্রহণ করা হয়েছে। স্বর্ণ ও নগদ টাকার বিষয়টি গুরুত্ব দিয়ে ডাকাতির বিষয়টি তদন্ত করা হচ্ছে। ডাকাতির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।’

  • পাওনা টাকা চাওয়ায় চাপাতি দিয়ে কোপ — সোনারগাঁ পৌর বিএনপি নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ

    পাওনা টাকা চাওয়ায় চাপাতি দিয়ে কোপ — সোনারগাঁ পৌর বিএনপি নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ

    নিউজ সোনারগাঁ ডেস্ক:নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক ব্যক্তিকে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে সোনারগাঁ পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মোবারক হোসেনের বিরুদ্ধে।

    ঘটনাটি ঘটেছে সোমবার (২৮ জুলাই) সকালে পৌরসভার আদমপুর বাজারে। প্রত্যক্ষদর্শীরা জানান, মোবারক তার বন্ধু মোক্তার হোসেনকে বাজারে প্রকাশ্যে চাপাতি দিয়ে আক্রমণ করে। এতে মোক্তারের মাথায় গুরুতর আঘাত লাগে।

    জানা গেছে, অভিযুক্ত মোবারকের কাছে বন্ধু মোক্তার হোসেন ২ হাজার টাকা পেতেন। টাকা চাইলে নানা অজুহাত দিয়ে এড়িয়ে যান মোবারক। গত রবিবার মোক্তার মোবারকের দত্তপাড়া এলাকার বাড়িতে গিয়ে পাওনা টাকা চেয়ে কথা বলেন। মোবারককে না পেয়ে তার পরিবারের সদস্যদের কাছে টাকার বিষয়টি জানিয়ে ফিরে আসেন।

    এর জের ধরে পরদিন সকালে মোবারক প্রথমে মোক্তারের বাড়িতে গিয়ে তাকে না পেয়ে ঘরে ভাঙচুর চালায়। পরে আদমপুর বাজারে মোক্তারকে দেখে প্রকাশ্যে চাপাতি নিয়ে হামলা চালায়। এতে বাজারে উপস্থিত লোকজন মোবারককে ধরে পিটুনি দিয়ে আটক করে রাখে এবং পুলিশে খবর দেয়।

    তবে অভিযোগ রয়েছে, পুলিশ ঘটনাস্থলে না পৌঁছানোয় স্থানীয়রা মোবারককে মোক্তারের বাড়িতে নিয়ে আটক করে রাখে। কিছুক্ষণ পর সুযোগ বুঝে মোবারক কৌশলে পালিয়ে যায়।

    এ বিষয়ে স্থানীয়রা জানান, উভয়েই মাদকসেবী এবং পূর্ব পরিচিত বন্ধু। পাওনা টাকা নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

    এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ বলেছে, অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

  • সনমান্দিতে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও উঠান বৈঠক করেছেন আল মুজাহিদ মল্লিক

    সনমান্দিতে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও উঠান বৈঠক করেছেন আল মুজাহিদ মল্লিক

    নিউজ সোনারগাঁ : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচির প্রচারে সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নের হরহরদী বাজার এলাকায় লিফলেট বিতরণ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

    ২৬ জুলাই (শনিবার) বিকেলে এ কর্মসূচিতে নেতৃত্ব দেন সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের মনোনয়নপ্রত্যাশী আল মুজাহিদ মল্লিক। তিনি স্থানীয় জনসাধারণ ও দলীয় নেতাকর্মীদের মাঝে ৩১ দফা কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন এবং বলেন, “এই ৩১ দফা বাস্তবায়ন হলে বাংলাদেশ একটি সুখী ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হবে।”

    তিনি আরও বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অল্প সময়ের জন্য রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকলেও তার দূরদর্শী নেতৃত্ব এবং দেশপ্রেম তাকে জনগণের হৃদয়ে অমর করে রেখেছে। আজ তার আদর্শকে ধারণ করে আমি মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।”

    বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতা ও ত্যাগের কথা উল্লেখ করে তিনি বলেন, “তিনি আপোষহীন নেত্রী। আর বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিদেশে থেকেও দলকে যেভাবে নেতৃত্ব দিচ্ছেন, তা অতুলনীয়। এই নেতৃত্বের প্রতি আস্থা রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।”

    তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “দলের স্বার্থে লোভ-লালসা পরিহার করে কাজ করতে হবে। দল যদি আমাকে উপযুক্ত মনে করে মনোনয়ন দেয়, তাহলে আমি আপনাদের পাশে থেকে কাজ করব। সুখে-দুঃখে আপনাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি।”

    উক্ত কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন প্রফেসর মনির হোসেন, সামসুল ইসলাম, শাহ আলম, সুলতান আল মামুন, লুৎফর রহমান, জামপুর ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক আল আমিন (সঞ্চালক), সোনারগাঁ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আব্দুর রহিমসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মী।

    বক্তারা সবাই তারেক রহমানের ৩১ দফার পক্ষে জনমত গড়ে তুলতে তৃণমূলে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।

  • বেতন ভাতা, কওমি শিক্ষক ও সাংবাদিকদের জাতীয়করণের আহ্বান ড. ইকবাল হোসাইন ভূইয়ার

    বেতন ভাতা, কওমি শিক্ষক ও সাংবাদিকদের জাতীয়করণের আহ্বান ড. ইকবাল হোসাইন ভূইয়ার

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিশিষ্ট উলামায়ে কেরাম, মাদ্রাসা শিক্ষক ও স্থানীয় নেতাকর্মীদের অংশগ্রহণে এক প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (২৬ জুলাই) সকালে সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের নয়াপুর ফুট প্যারাডাইজ কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনারগাঁ উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইসহাক মিয়া।
    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মঈন উদ্দিন আহমেদ।
    বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমীর মমিনুল হক এবং নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূইয়া।

    প্রধান বক্তা ড. ইকবাল হোসাইন ভূইয়া বলেন,
    “সোনারগাঁয়ে একসময় আরবি বিশ্ববিদ্যালয় ছিল, কিন্তু এখন শিক্ষার মান কোথায় গিয়ে ঠেকেছে? ভালো মানের শিক্ষা প্রতিষ্ঠানও নেই। তাই এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান ও মাদ্রাসাগুলোকে জাতীয়করণ করতে হবে, শিক্ষকদের জাতীয় বেতন কাঠামোর আওতায় আনতে হবে।”

    তিনি আরও বলেন,
    “ইমাম, কওমি মাদ্রাসার শিক্ষক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সরকারিভাবে বেতন-ভাতা দিতে হবে। কোরআনের আলোকে সমাজ গড়তে হলে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। ‘উই ওয়ান্ট জাস্টিস’ শুধু মুখে নয়, বাস্তবতায় আনতে হবে।”

    অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সোনারগাঁ উত্তর থানা জামায়াতের সেক্রেটারি মাওলানা ইব্রাহিম এবং দক্ষিণ থানা সেক্রেটারি মো. আসাদুল ইসলাম।

    আরও বক্তব্য রাখেন—

    • মাওলানা শাহ আলম, আরবি প্রভাষক, গোপালদী মাদ্রাসা
    • মাওলানা রহমত উল্লাহ মাদানী
    • মাওলানা আবুল কালাম আজাদ
    • মাওলানা মহিউদ্দিন, প্রিন্সিপাল, বারদী নেছারিয়া আলিম মাদ্রাসা
    • মাওলানা আবু জাফর আতাউল্লাহ, সাবেক প্রিন্সিপাল, সাদিপুর মাদ্রাসা
    • দেওয়ান খোরশেদ আলম, নারায়ণগঞ্জ জেলা কর্মপরিষদ সদস্য ও সোনারগাঁ উপজেলার তদারক কর্মকর্তা

    সোনারগাঁ দক্ষিণ থানা জামায়াতের সভাপতি মাহবুবুর রহমান বলেন,
    “হাতের বদল হয়েছে, নেতার বদল হয়েছে; কিন্তু আদর্শের কোনো পরিবর্তন হয়নি।”

    মাওলানা কবির হোসাইন, প্রিন্সিপাল, তানযিমুল কোরআন মাদ্রাসা বলেন,
    “আমরা ঐক্যবদ্ধভাবে ইসলামী সমাজ গঠনে কাজ করে যাচ্ছি।”

    সভাপতির বক্তব্যে মাওলানা ইসহাক মিয়া বলেন,
    “সকল মত ও পথের মানুষকে নিয়ে আমরা একটি সুন্দর সমাজ গড়তে চাই। আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।”

    📌 উল্লেখযোগ্য দাবি:

    • ইমাম, কওমি শিক্ষক ও সাংবাদিকদের সরকারি বেতন
    • মাদ্রাসাগুলোর জাতীয়করণ
    • শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা

    এ অনুষ্ঠানটি জামায়াতের রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় পর্যায়ে উল্লেখযোগ্য বার্তা বহন করে।

  • সোনারগাঁয়ে জামপুর ইউনিয়ন বিএনপির সদস্য নবায়ন ও ফরম বিতরণ অনুষ্ঠিত

    সোনারগাঁয়ে জামপুর ইউনিয়ন বিএনপির সদস্য নবায়ন ও ফরম বিতরণ অনুষ্ঠিত

    নিউজ সোনারগাঁ :নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রাথমিক সদস্য নবায়ন ও সদস্য ফরম বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

    ২৫ জুলাই (শুক্রবার) দুপুরে জামপুর ইউনিয়নের বশিরগাঁও এলাকায় ১ নম্বর থেকে ৯ নম্বর ওয়ার্ড পর্যন্ত বিএনপির ওয়ার্ড সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে প্রাথমিক সদস্য ফরম তুলে দেওয়া হয়।

    এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি, জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এবং নারায়ণগঞ্জ-৩ আসনের মনোনয়নপ্রত্যাশী আল মুজাহিদ মল্লিক। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম সানোয়ার।

    এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ওসমান মেম্বার, সুলতান আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম সরকার, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম মেম্বারসহ সকল ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

    আল মুজাহিদ মল্লিক বলেন, “তারেক রহমানের নির্দেশনায় এই সদস্য নবায়ন কার্যক্রম শুরু হয়েছে। যারা দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন, দুঃসময়ে দলের পাশে ছিলেন, তাদেরই অগ্রাধিকার ভিত্তিতে মূল্যায়ন করতে হবে। সদস্যপদ প্রদানের ক্ষেত্রে ভালোভাবে যাচাই-বাছাই করে যোগ্যদের অন্তর্ভুক্ত করতে হবে।”

    আজহারুল ইসলাম সানোয়ার বলেন, “বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করতে হলে ত্যাগীদের মূল্যায়ন অপরিহার্য। প্রত্যেকটি ওয়ার্ডে সুষ্ঠুভাবে সদস্য ফরম বিতরণ করা হয়েছে এবং আমরা তারেক রহমানের নির্দেশনায় ঐক্যবদ্ধভাবে কাজ চালিয়ে যাব।”

    এ কার্যক্রমের মধ্য দিয়ে জামপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে বলে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।

  • সোনারগাঁয়ে নদী থেকে লিজা নামের গৃহবধু মরদেহ উদ্ধার

    সোনারগাঁয়ে নদী থেকে লিজা নামের গৃহবধু মরদেহ উদ্ধার

    নিউজ সোনারগাঁ:নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মারীখালি নদী থেকে লিজা (২২) নামে এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে সোনারগাঁ সরকারি কলেজের পার্শ্ববর্তী মারীখালি নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

    পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, স্থানীয়রা মারীখালি নদীতে ভাসমান অবস্থায় একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে বৈদ্যেরবাজার নৌপুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে লাশের গাঁয়ে কোন ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে লাশের গায়ে পচন ধরেছে।
    নিহতের মামা মো. বাদল জানান, লিজা  সোনারগাঁ উপজেলার মঙ্গলেরগাঁও কান্দাপাড়া গ্রামের আনিছ ওরফে আলীনূরের মেয়ে। পাশ^বর্তী তাতুয়াকান্দি গ্রামে তার বিয়ে হয়। গত এক সপ্তাহ আগে তার  দুই সন্তান রেখে স্বামীর বাড়ি থেকে সে বেরিয়ে আর বাড়িতে ফিরে আসেনি। খোঁজ খবর নিয়ে তাকে না পেয়ে সোনারগাঁ থানায় জিডি করা হয়। লিজার স্বামী সজিব মালয়শিয়া প্রবাসী। ঠিক কি কারণে এ হত্যাকান্ডা তা পরিবারের কেউ বুঝতে পারছে না।
    বৈদ্যেরবাজার নৌ-পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর মো. মাহবুবুর রহমান বলেন, উদ্ধারকৃত মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। কি কারণে এ হত্যাকান্ড ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।