সোনারগাঁয়ে পঞ্চমীঘাট স্কুলের মালামাল বিক্রির ঘটনায় ক্ষোভ: জড়িতদের শাস্তির দাবিতে ঝাড়ু–জুতা মিছিল

নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের মালামাল রাতের অন্ধকারে গোপনে বিক্রির প্রতিবাদে ঝাড়ু ও জুতা মিছিল করেছে বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীসহ স্থানীয় এলাকাবাসী। রবিবার (১৬ নভেম্বর) দুপুরে সাদিপুর ইউনিয়নের পঞ্চমীঘাট স্কুলের সামনে এ প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রতিবাদকারীরা অভিযোগ করেন, বিদ্যালয়ের পরিচালনা কমিটির বর্তমান সভাপতি মনিরুজ্জামান ভূইয়া, সাবেক সভাপতি কামরুজ্জামান ভূইয়া মাসুম এবং একাধিক অভিযোগে বিতর্কিত প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলমের নির্দেশে স্কুল বন্ধ থাকার দিনে রাতের আধাঁরে নিয়মবহির্ভূতভাবে মালামাল বিক্রি করা হয়। পরে এলাকাবাসী পিকআপভর্তি মালামাল আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।

মানববন্ধনে সাদিপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি তাজুল ইসলাম বলেন, “এ ইউনিয়নকে নিজেদের সম্পত্তি মনে করে মাসুম ও মনিরুজ্জামান ইচ্ছেমতো সিদ্ধান্ত নিচ্ছেন। নিয়মবহির্ভূতভাবে স্কুলের মালামাল বিক্রির পর এখন উল্টো নির্দোষ মানুষের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। আমরা জড়িতদের সর্বোচ্চ শাস্তি চাই।”

ইউপি সদস্য হাবিবুর রহমান মাসুদ মোল্লা বলেন, “একটি শিক্ষাপ্রতিষ্ঠানের মালামাল চুরি করে বিক্রি করার মতো ন্যাক্কারজনক ঘটনা পুরো ইউনিয়নের ভাবমূর্তি নষ্ট করেছে। দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে এলাকাবাসী সবসময় ঐক্যবদ্ধ ছিল এবং থাকবে। দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”

স্থানীয়রা জানান, শিক্ষা প্রতিষ্ঠানের মালামাল বিক্রির পুনরাবৃত্তি রোধে কঠোর নজরদারি এবং পরিচালনা কমিটিতে সৎ ও যোগ্য ব্যক্তিদের অন্তর্ভুক্তি জরুরি। মানববন্ধন শেষে ঝাড়ু ও জুতা প্রদর্শনের মধ্য দিয়ে দুর্নীতির বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ জানানো হয়।

এ বিষয়ে অভিযুক্ত সাবেক সভাপতি কামরুজ্জামান ভূইয়া মাসুম দাবি করেন, “একটি কুচক্রী মহল আমাদের হয়রানি করতে ঘটনা সাজিয়েছে। আমরা তাদের বিরুদ্ধে মিটিংও করেছি।” বর্তমান সভাপতি মনিরুজ্জামান ভূইয়া বলেন, “স্কুলের একটি কমিটির সিদ্ধান্তে মালামাল বিক্রি করেছি। তবে মাধ্যমিক শিক্ষা অফিসের অনুমতি নেওয়া হয়নি। বিক্রি শেষে গাড়িতে মাল তুলতে রাত হয়ে যায়। এখানে চুরির ঘটনা নেই।”

উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর রাতে বিদ্যালয় বন্ধ থাকা অবস্থায় পরিচালনা কমিটির নির্দেশে নিয়মবহির্ভূতভাবে মালামাল একটি ভাঙ্গারির পিকআপে তোলা হলে এলাকাবাসী তা আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *