শেখ হাসিনা গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছেন: সাবেক প্রতিমন্ত্রী রেজাউল করিম

নিউজ সোনারগাঁ : সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মো. রেজাউল করিম বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছেন। তিনি দাবি করেন, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের অন্যতম পুরোধা, যিনি সারা জীবন দেশের গণতন্ত্র রক্ষায় কাজ করে গেছেন।
শনিবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের রামগোবিন্দেরগাঁও এলাকায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিল এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রেজাউল করিম আরও বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন আপোষহীন নেত্রী। নির্যাতন ও দমন-পীড়নের মুখেও তিনি কখনও দমে যাননি। তার শূন্যতা আজ দেশের মানুষ গভীরভাবে অনুভব করছে। বাংলাদেশের ক্রান্তিলগ্নে খালেদা জিয়ার নেতৃত্ব অত্যন্ত প্রয়োজন ছিল বলেও তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে শিল্পপতি ও সিআইপি বজলুর রহমানের সভাপতিত্বে বিশেষ বক্তব্য রাখেন সোনারগাঁ পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিক, পৌর যুবদলের সাবেক সভাপতি ফারুক আহমেদ তপন এবং বিএনপি নেতা আব্দুর রশিদ মিয়া।
আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী, সমর্থক, স্থানীয় মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থী এবং বিভিন্ন মসজিদের ইমামরা উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *