বন্দরে স্বতন্ত্র প্রার্থী মাকসুদের কর্মীর ওপর হামলা ও টাকা ছিনতাই, থানায় মামলা

নিউজ সোনারগাঁ: নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী মাকসুদ হোসেনের এক কর্মীর ওপর সন্ত্রাসী হামলা ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় বন্দর থানায় মামলা হয়েছে। এ ঘটনায় আহতের মা নিলুফা ইয়াছমিন নিলু বাদী হয়ে সোমবার (১৯ জানুয়ারি) রাতে তিনজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে গ্রেপ্তারের তথ্য জানাতে পারেনি পুলিশ।

মামলায় অভিযুক্তরা হলেন ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট আবুল কালামের ছেলে আবুল কাউসার আশার অনুসারী হিসেবে পরিচিত বন্দর থানার নবীগঞ্জ কবিলের মোড় এলাকার মৃত আমান সরদারের দুই ছেলে শাহীন আহম্মেদ সৌরভ (৩৮) ও রাজিব (৪৫) এবং একই থানার ২৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোর্শেদ (৩৮)।

আহত শাহীন আহম্মেদ পরাগ (৩৮) বন্দর উপজেলার দাঁশেরগাঁও এলাকার মৃত এ টি এম রুহুল আমিন মিয়ার ছেলে।

মামলার বিবরণে জানা যায়, গত রোববার (১৮ জানুয়ারি) দুপুরে শাহীন আহম্মেদ পরাগ বন্দর সাব-রেজিস্ট্রি অফিস থেকে জমি বিক্রির নগদ ১০ লাখ ৭০ হাজার টাকা নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। দুপুর আনুমানিক দুইটার দিকে নবীগঞ্জ কবিলের মোড় পাকা সড়কে পৌঁছালে অভিযুক্তরা ও অজ্ঞাত আরও কয়েকজন পূর্বপরিকল্পিতভাবে তার পথরোধ করে। এ সময় তারা পিস্তল ও দেশীয় ধারালো অস্ত্র দিয়ে মারধর করে সঙ্গে থাকা টাকা ছিনিয়ে নেয়। অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত সৌরভ পরাগের বুকে পিস্তল ঠেকিয়ে গুলি করে হত্যার হুমকি দেন।

বাদী নিলুফা ইয়াছমিন নিলু আরও অভিযোগ করেন, স্বতন্ত্র প্রার্থী মাকসুদ হোসেনের পক্ষে নির্বাচনী কাজ করলে হত্যাসহ মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকিও দেওয়া হয়।

এ বিষয়ে বন্দর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, টাকা ছিনিয়ে নেওয়া ও মারধরের ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলমান রয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *