আড়াইহাজার-এ পিস্তল ও গুলিসহ দুই দুষ্কৃতিকারী গ্রেপ্তার

নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুলিশের অভিযানে একটি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ দুই দুষ্কৃতিকারীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি ২০২৬) আড়াইহাজার থানা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিনের নেতৃত্বে অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে একটি আভিযানিক দল কাজ করছিল। এ সময় এসআই (নিঃ) আপন কুমার মজুমদার ডিউটি অফিসারের মাধ্যমে খবর পান যে, থানাধীন বাজবী তিনগাঁও এলাকায় মোঃ শফিকুল ইসলামের ভাড়া দেওয়া বাড়ির সামনে স্থানীয় লোকজন অস্ত্র ও গুলিসহ দুইজনকে আটক করেছে।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে। তারা নিজেদের পরিচয় দেয়—
১. মোঃ রাব্বি (২০), পিতা মৃত জাহাঙ্গীর হোসেন, সাং-পানান, থানা-হোসেনপুর, জেলা-কিশোরগঞ্জ; বর্তমানে বাজবী তিনগাঁও এলাকায় ভাড়াটিয়া।
২. মোঃ সাব্বির (১৬), পিতা মৃত জাহাঙ্গীর হোসেন, সাং-পানান, থানা-হোসেনপুর, জেলা-কিশোরগঞ্জ; বর্তমানে রূপগঞ্জের ডহরগাঁও এলাকায় মামার বাড়িতে অবস্থানরত।
পুলিশ জানায়, রাব্বির দেহ তল্লাশীকালে তার পরিহিত প্যান্টের সামনের ডান পকেট থেকে একটি পিস্তলের ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে, পুলিশের উপস্থিতি টের পেয়ে ব্যবহৃত পিস্তলটি পাশের একটি ডোবায় ফেলে দেয়।
তার দেওয়া তথ্যের ভিত্তিতে রোববার সকাল ১০টা ১৫ মিনিটে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় ডোবায় তল্লাশি চালিয়ে একটি পিস্তল উদ্ধার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আড়াইহাজার থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *