নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাহে রমজানকে সামনে রেখে অতিরিক্ত মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির অভিযোগে ১৪ জন ক্ষুদ্র ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকার কাঁচাবাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত। এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তৌফিকুর রহমান এবং সোনারগাঁ থানার ওসি মো. মহিববুল্লাহ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, তিনজন লেবু ব্যবসায়ীকে মোট ৯ হাজার টাকা, তিনজন সবজি ব্যবসায়ীকে ৯ হাজার টাকা, তিনজন মাংস ব্যবসায়ীকে ৯ হাজার টাকা, একজন মাছ ব্যবসায়ীকে ১ হাজার টাকা, তিনজন ফল ব্যবসায়ীকে ৫ হাজার টাকা এবং একজন তরমুজ ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত বলেন, রমজান মাসজুড়ে বাজার মনিটরিং অব্যাহত থাকবে। কেউ অতিরিক্ত দামে পণ্য বিক্রি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে জরিমানার পাশাপাশি কারাদন্ডও দেওয়া হবে।
সোনাগাঁয়ে বেশী দামে পন্য বিক্রি করায় ব্যবসায়ীদের জরিমানা

Leave a Reply