পরিমল বিশ্বাস, নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালিয়ে দুটি চুনা কারখানা গুড়িয়ে দিয়েছে তিতাস কর্তৃপক্ষ। একই সঙ্গে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
বুধবার (৪ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত পিরোজপুর ইউনিয়নের প্রতাপেরচর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে আব্দুল মোনায়েম সুগার মিলের বিপরীত পাশে একটি এবং মোনায়েম গেটের বিপরীতে আরেকটি চুনা কারখানা ভেঙে ফেলা হয়।
অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনিম সোহানা। তার সঙ্গে উপস্থিত ছিলেন সোনারগাঁ জোনের ম্যানেজার শবিউল আওয়ালসহ তিতাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
তিতাসের পক্ষ থেকে জানানো হয়, অবৈধভাবে স্থাপিত গ্যাস বিতরণ লাইনের উৎস পয়েন্ট কিলিং ও ক্যাপিং করা হয়েছে। অভিযানের সময় কারখানাগুলোতে কোনো মালামাল পাওয়া যায়নি। অবৈধ স্থাপনা হিসেবে চিহ্নিত হওয়ায় বেজসহ পুরো কাঠামো গুড়িয়ে দেওয়া হয়।
তিতাস কর্তৃপক্ষ জানান, সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। যেখানেই অবৈধ সংযোগ পাওয়া যাবে, সেখানেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সোনারগাঁয়ে তিতাসের অভিযানে ২ চুনা কারখানা গুড়িয়ে, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

Leave a Reply