নিজস্ব প্রতিবেদক : ২০ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে সোনারগায়ে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের চর ভবনাথপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও অভিযোগ সূত্রে জানা যায়, চর ভবনাথপুর এলাকার একটি ২০ শতাংশ জমি নিয়ে মোস্তাক আহম্মেদ ও বকুল মিয়ার পক্ষের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। জমিটি নিয়ে আদালতে দেওয়ানি মামলা এবং অস্থায়ী নিষেধাজ্ঞা রয়েছে বলে দাবি করেছেন মোস্তাক আহম্মেদ।
শনিবার দুপুরে মোস্তাক আহম্মেদ ও তার পরিবারের সদস্যরা ওই জমির পাশে কাজ করতে গেলে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি। এ সময় মোস্তাক আহম্মেদ, তার ভাই গোফরান উদ্দিন, ভাবী পারভীন ও লাইলী এবং ভাতিজা ইমন ও ইমরুলসহ কয়েকজন আহত হন। পরে আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
মোস্তাক আহম্মেদ অভিযোগ করেন, হামলার সময় তার গলা থেকে একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়। পরে তাদের পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে। এ ঘটনায় তিনি বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৪-৫ জনকে আসামি করে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন প্রতিপক্ষের বকুল মিয়া। তিনি জানান, সংঘর্ষে তাদের পক্ষেরও চারজন আহত হয়েছেন। তার ছোট ভাই রাসেল গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। রাসেলের চোয়ালের হাড় ভেঙে যাওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে একটি ডেন্টাল ক্লিনিকে স্থানান্তরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি। এ ঘটনায় তারাও থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে দাবি করেন বকুল মিয়া।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানান, জমিটি নিয়ে দুই পক্ষের দীর্ঘদিনের বিরোধের বিষয়টি পুলিশের জানা ছিল। বিরোধ নিষ্পত্তির জন্য উভয় পক্ষকে সময় দেওয়া হলেও তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। উভয় পক্ষের লিখিত অভিযোগ পাওয়ার পর তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



