নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের সোনাখালী ও কাঁচপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে একটি ফিলিং স্টেশন বন্ধ পাওয়া গেলেও অন্য স্টেশনগুলোতে নিয়ম অনুযায়ী জ্বালানি বিক্রি করতে দেখা গেছে। তবে বেশিরভাগ স্টেশনেই অকটেনের মজুদ প্রায় নেই বললেই চলে।
রোববার (দুপুর ১২টা) কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিমের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযান চলাকালে কাঁচপুর এলাকায় একটি ফিলিং স্টেশন বন্ধ পাওয়া যায়। এছাড়া সোনাখালী এলাকার মেসার্স আবাদী ফিলিং স্টেশন ও কাঁচপুরের এস ইন্টারন্যাশনাল ফিলিং স্টেশন পরিদর্শন করা হয়। পরিদর্শনে দেখা যায়, স্টেশন দুটি নির্ধারিত নিয়ম অনুযায়ী জ্বালানি বিক্রি করছে এবং তাদের স্টক রেজিস্টারও যাচাই করা হয়।
এ সময় আবাদী ফিলিং স্টেশনে অকটেন সরবরাহ বন্ধ রয়েছে বলে জানা যায়। পরে তাদের কাগজপত্র পরীক্ষা করে নির্ধারিত নিয়মে জ্বালানি বিক্রির নির্দেশনা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। অন্যদিকে এস ইন্টারন্যাশনাল ফিলিং স্টেশনে ক্রেতাদের যথাযথভাবে বিক্রয় রশিদ প্রদান করতে দেখা গেছে।
মোবাইল কোর্টের পক্ষ থেকে সরকার প্রদত্ত নির্দেশনা অনুযায়ী তেল মজুদ ও বিক্রয়ের বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম জানান, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা এবং কোনো ধরনের অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
Category: উপজেলা
-

জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সোনারগাঁয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান
-

মোগরাপাড়া চৌরাস্তা উচ্ছেদ অভিযান নিয়ে মিশ্র প্রতিক্রিয়া, যানজট নিরসনেই উদ্যোগ: ইউএনও
নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় পরিচালিত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। বিষয়টি নিয়ে বক্তব্য দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত।
তিনি জানান, ঈদের আগ মুহূর্তে উচ্ছেদ অভিযান পরিচালনা নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন। তবে এই সিদ্ধান্তের পেছনে বেশ কিছু বাস্তব কারণ রয়েছে। ঈদকে কেন্দ্র করে অল্প সময়ে বিপুল সংখ্যক মানুষের বাড়ি ফেরা, মহাসড়কে তীব্র যানজট এবং সেই সুযোগে ছিনতাই ও ডাকাতির ঝুঁকি বেড়ে যাওয়ার বিষয়গুলো বিবেচনায় রেখেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
ইউএনও বলেন, বৃহৎ জনগোষ্ঠীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করাই প্রশাসনের মূল লক্ষ্য। অতীতেও এ ধরনের অভিযান পরিচালনা করা হলেও তা দীর্ঘস্থায়ী হয়নি। এবার সেটি টেকসই করার জন্য প্রশাসন দৃশ্যমান পদক্ষেপ নিচ্ছে।
তিনি আরও জানান, মহাসড়কের যানজট নিরসনে সরকার ইতোমধ্যে প্রশাসনকে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছে। এ সময় নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান নিজে উপস্থিত থেকে সকলের সহযোগিতা কামনা করেছেন। আইনশৃঙ্খলা বাহিনীও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মাঠে কাজ করছে।
উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের বিষয়েও প্রশাসন কাজ করছে বলে জানান তিনি। একই সঙ্গে উপজেলার পরিবেশকে আরও সুন্দর, সুশৃঙ্খল ও পরিকল্পিতভাবে গড়ে তুলতে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন ইউএনও।
এদিকে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় পরিবেশ স্বাভাবিক ও সুশৃঙ্খল না হওয়া পর্যন্ত প্রতিদিন বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলেও জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পথচারী ও সুশিল সমাজের লোকজন। তারা উপজেলা প্রশাসনের এই উদ্যোগটি চলমান থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
-

সোনারগাঁয়ে মোগরাপাড়া চৌরাস্তায় উচ্ছেদ অভিযান আগামীকাল
নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান জানিয়েছেন, জনগণ ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করেই আগামীকাল সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
সোমবার সকালে সোনারগাঁ উপজেলা আইনশৃঙ্খলা সভায় তিনি এ কথা বলেন। সভায় তিনি প্রশাসনকে নির্দেশ দিয়ে বলেন, মোগরাপাড়া এলাকায় মাদককারবারীদের একটি পূর্ণাঙ্গ তালিকা আগামীকালের মধ্যে প্রস্তুত করতে হবে। একই সঙ্গে সাধারণ ব্যবসায়ীদের স্বার্থ যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়টি নিশ্চিত করে চৌরাস্তায় দীর্ঘদিনের যানজট নিরসনে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
সভায় সভাপতিত্ব করেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিন্নাত। উপস্থিত ছিলেন সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মহিবুল্লাহ, সোনারগাঁ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিবসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
সভায় এমপি মান্নান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনভোগান্তি কমাতে প্রশাসনকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। তিনি মোগরাপাড়া চৌরাস্তাকে যানজট ও অবৈধ দখলমুক্ত করতে সমন্বিত উদ্যোগ নেওয়ার ওপর জোর দেন। -

সোনারগাঁয়ে নিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
নিউজ সোনারগাঁ: মহান ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সোনারগাঁয়ে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। দিবসের প্রথম প্রহরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা চত্বরে নির্মিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের স্মরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিন্নাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁয়ের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। তিনি শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
এরপর সোনারগাঁ থানা পুলিশের পক্ষ থেকে ওসি মুহিববুল্লাহর নেতৃত্বে পুলিশ সদস্যরা শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। পর্যায়ক্রমে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ নানা শ্রেণি-পেশার মানুষ পুষ্পস্তবক অর্পণ করেন।
সকাল ১০টার দিকে সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান-এর নেতৃত্বে উপজেলা বিএনপির নেতাকর্মীরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় উপস্থিত ছিলেন থানা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, পৌরসভা বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, সাধারণ সম্পাদক মোতালেবসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পুরো আয়োজন জুড়ে ছিল ভাষা শহীদদের স্মরণে নীরবতা, শ্রদ্ধা ও দেশাত্মবোধের আবহ। -

সোনারগাঁয়ে স্বেচ্ছাসেবক নেতার অবৈধ স্থাপনা উচ্ছেদ
নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্থানীয় প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সরকারি হাসপাতালের জমি দখলের ঘটনায় আইনশৃঙ্খলা সভায় দখলদারিত্ব নিয়ে সমালোচনা হয়েছে। বুধবার সকালে সোনারগাঁ উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও আসিফ আল জিনাতের সভাপতিত্বে আইনশৃঙ্খলা সভায় বিষয়টি উত্থাপিত হয়। এ নিয়ে সভায় ব্যাপক আলোচনা সমালোচনা হয়।
পরে আইনশৃঙ্খলা সভা শেষে ঘটনাস্থলে গিয়ে ইউএনও আসিফ আল জিনাত, সোনারগাঁ থানার ওসি মো. মহিবুল্লাহ, সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমাইয়া ইয়াকুব দখল হওয়া জায়গার আধাপাকা ভবনটি আংশিক ভেঙ্গে দেন। তবে স্থানীয়রা বিষয়টিকে অসম্পূর্ণ উচ্ছেদ বলে দাবি করেছেন।জানা যায়,উপজেলার ব্যস্ততম মোগরাপাড়া চৌরাস্তা-বারদী সড়কের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় তিন রাস্তার মোড়ে সরকারী জমি দখল করে সোনারগাঁও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক অমিত হাসান জোরপূর্বক অবৈধভাবে আধাপাকা মার্কেট নির্মাণ করছেন। বিষয়টি জানতে পেরে স্থানীয় প্রশাসন দখলদারদের স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ দেন। প্রশাসনকে নির্দেশনার তোয়াক্কা না করে প্রতিদিন রাতে ও দিনে অবৈধভাবে মার্কেট নির্মাণের কাজ অব্যাহত রেখেছেন। এতে করে ওই সড়কের চলাচলকারী বিভিন্ন পরিবহন যাত্রীরা চরম দূর্ভোগ পোহাচ্ছেন। বুধবার আইনশৃঙ্খলা সভা শেষে ঘটনাস্থলে গিয়ে অবৈধ স্থাপনার সামনের অংশ ভেঙ্গে ফেলে। তবে সম্পূর্ণ অংশ না ভেঙ্গে উপরের চালা রেখেই ইউএনও ও ওসি ফিরে যান।
এদিকে আইনশৃঙ্খলা সভায় সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সুমাইয়া ইয়াকুব বলেন, হাসপাতালের জমি দখলই নয়, তার কমপ্লেক্সের ভেতরে রাতের বেলায় বহিরাগতরা ঢুকে মাদক সেবন করে থাকে। এছাড়াও ছিনতাইয়ের মতো ঘটনাও ঘটে যাচ্ছে। হাসপাতালের ভেতরে প্রভাবশালীরা ঢুকে চিকিৎসকদের হুমকি দিয়ে ফ্রি ওষধ লিখিয়ে নিচ্ছেন। হাসপাতাল যেন গাড়ির গ্যারেজ। দিন রাত হাসপাতালের ভেতরে গাড়ি পার্কিং করা হচ্ছে। এ বিষয়গুলো নিয়ে তিনি অসহায় হয়ে পড়েছেন। বিষয়টি নিয়ে তিনি উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের দৃষ্টি কামনা করেছেন।
অপরদিকে গণ সংহতির নারায়ণগঞ্জ জেলা নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস এক ভিডিও বার্তায় বলেন, সরকারি হাসপাতালের জমি দখল করে স্বেচ্ছাসেবক দল নেতার অবৈধ দখলদারিত্বে নিন্দা জানিয়েছেন। দখলদারিত্বে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বিএনপিকে অনুুরোধ জানিয়েছেন। তাছাড়া প্রশাসনকে দখল হওয়া জমি উদ্ধার করে যানজট মুক্ত করার জন্য সম্পূর্ন উচ্ছেদ করার দাবি জানিয়েছেন।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত বলেন, সড়কের পাশে হাসপাতালের জমিতে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বাকি অংশ উচ্ছেদ হবে।
-

সোনারগাঁয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসে আলোচনা সভা ও চেক বিতরণ
নিউজ সোনারগাঁ: সোনারগাঁয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত হয় আলোচনা সভা ও সফল যুব সংগঠন এবং যুব ঋণপ্রাপ্তদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠান।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার ফরজানা রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মাসুদ ভূঁইয়া।
বক্তারা দেশের সার্বিক উন্নয়নে যুব সমাজের গুরুত্ব তুলে ধরে আত্মকর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন ও সরকারি নানা সহায়তা কার্যক্রমের বিষয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানের শেষপর্বে সফল যুব সংগঠনগুলোর প্রতিনিধিদের হাতে সম্মাননা ক্রেস্ট এবং নির্বাচিত যুব উদ্যোক্তাদের মাঝে যুব ঋণের চেক তুলে দেওয়া হয়।আয়োজকরা জানান, যুবদের দক্ষ করে গড়ে তোলা এবং নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
-

সোনারগাঁয়ে পরিবেশ দূষণের অভিযোগে চার যানবহনকে জরিমানা
শব্দদূষণ নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তর অভিযান চালিয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নয়াবাড়ি এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
সোনারগাঁ উপজেলায় এই অভিযানে শব্দদূষণকারী ৪টি যানবাহনকে মোট ৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে এবং ৮টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়েছে।
এই অভিযানে নেতৃত্ব দেন সোনারগাঁ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কাঁচপুর রাজস্ব সার্কেল ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সেগুফতা মেহনাজ, এবং সহকারী কমিশনার (ভূমি) সোনারগাঁ ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মঞ্জুরুল মোর্শেদ। সোনারগাঁও থানা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা এই কার্যক্রমে সহযোগিতা করেন। পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক জনাব টিটু বড়ুয়া প্রসিকিউশন প্রদান করেন।
অভিযানে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ এর ৮(১) বিধি লঙ্ঘনের দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ১৫(২) ধারা মোতাবেক এই জরিমানা ধার্য ও আদায় করা হয়। পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয় জানিয়েছে যে, শব্দদূষণ বন্ধে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
-

সোনারগাঁয়ে অস্থায়ী হাটের ইজারা কত টাকায় পেলেন যারা
সোনারগাঁ উপজেলার বিভিন্ন স্থানে কোরবানির ঈদ উপলক্ষে ২০২৫ সালের জন্য অস্থায়ী পশুর হাট বসানোর উদ্যোগ নিয়েছে স্থানীয় প্রশাসন। ইতোমধ্যে বিভিন্ন হাটের ইজারা প্রদান সম্পন্ন হয়েছে। মোট ১৪টি অস্থায়ী পশুর হাটের ইজারাদারদের নাম ও ইজারা মূল্য নির্ধারণ করা হয়েছে।
ইজারাকৃত অস্থায়ী হাট ও ইজারাদারদের তালিকা:
১. হোসেনপুর কবরস্থান সংলগ্ন বিল্লাল বেপারীর বাড়ীর পাশের হাট, ৩৮ হাজার ৫শত টাকায় ইজারা পেয়েছেন আলী আহম্মেদ।
২. মঙ্গলেরগাঁও গিয়াস উদ্দিনের বালুর মাঠ হাট ৩৬ হাজার টাকয়, ইজারা পেয়েছেন জালাল উদ্দিন।
৩. মেঘনা শিল্পনগরী উচ্চ বিদ্যালয় সংলগ্ন বালুর মাঠ হাট ৪৪ হাজার টাকায় ইজারা পেয়েছেন আলহাজ্ব জয়নাল আবেদীন মেম্বার।
৪. খুলিয়াপাড়া বালুর মাঠ হাট ৫৫ হাজর ৫শত টাকায় ইজারা পেয়েছেন মোস্তফা কামাল বাবুল।
৫. বৈদ্যেরবাজার লঞ্চঘাট সংলগ্ন মাঠ হাট ১ লাখ ২৩ হাজার টাকায় ইজারা পেয়েছেন মোঃ শফিউদ্দিন ভূইয়া।
৬. অলিপুরা বাজার সংলগ্ন হাট ৪০ হাজার টাকায় ইজারা পেয়েছেন মোহন মিয়া।
৭. ধন্ধীর বাজার হাট ৬০ হাজার ৭শত টাকায় ফরহাদ আহমেদ তুহিন।
৮. ভটেরপাড়া করিম বেপারীর বালুর মাঠ সংলগ্ন হাট ৪ লাখ ৫১ হাজার ২শত টাকায়, ইজারা পেয়েছেন মোঃ আলমগীর হোসেন।
৯. তালতলা বালুর মাঠ হাট ৭২ হাজার টাকায় , ইজারা পেয়েছেন মোঃ গোলজার হোসেন।
১০. মুন্দিরপুর নোয়াদ্দা বাবু বাজার হাট ১ লাখ ২৬ হাজার টাকায় ইজারা পেয়েছেন মোঃ জাকির হোসেন বাবুল।
১১. নয়াপুর বাগানবাড়ী হাট ৮ লাখ ২০ হাজার টাকায় ইজারা পেয়েছেন সেলিম সরকার।
১২. চৌড়াপাড়া হাট ৩৫ হাজার টাকায় ইজারা পেয়েছেন মোঃ শাহজালাল।
১৩. গঙ্গাপুর বাজার সংলগ্ন বালুর মাঠ হাট ১ লাখ ৪০ হাজার টাকায় ইজারা পেয়েছেন জনাব মোঃ সালাউদ্দিন।
১৪. কাঁচপুর ইউনিয়নের পাঠাহাত্তা বালুর মাঠ হাট – (ইজারাদারের নাম অনুল্লিখিত)
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সুষ্ঠুভাবে পশুর হাট পরিচালনা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনিক তদারকি থাকবে। হাটগুলোতে পশুর স্বাস্থ্য পরীক্ষার জন্য ভেটেরিনারি টিম ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টিম প্রস্তুত থাকবে।
-

সোনারগাঁয়ে ঈদ-উল-আযহা উপলক্ষে ১৩টি অস্থায়ী পশুর হাটের অনুমোদন
নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সোনারগাঁ উপজেলায় ১৩টি অস্থায়ী গরু ও ছাগলের হাট ইজারা প্রদানের জন্য দরপত্র আহ্বান করেছে উপজেলা প্রশাসন। নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের নির্দেশনার প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
প্রকাশিত তালিকা অনুযায়ী এবার, হোসেনপুর, মঙ্গলেরগাঁও, মেঘনা শিল্পনগরী, খুলিয়াপাড়া (সোনারগাঁ সরকারী কলেজ সংলগ্ন), বৈদ্যেরবাজার, অলিপুরা, ধন্ধীর বাজার, ভটেরপাড়া, তালতলা, মুন্দিরপুর, নয়াপুর, গঙ্গাপুর এবং কাঁচপুর এলাকায় অস্থায়ীভাবে পশুর হাট বসানো হবে। এসব হাটের সরকারি মূল্য সর্বনিম্ন ৩৪ হাজার টাকা থেকে সর্বোচ্চ ২ লাখ ৯১ হাজার ৫০০ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
দরপত্র জমাদানের সময়সূচি:
দরপত্র সংগ্রহ: ২২ মে থেকে ২৫ মে ২০২৫, সকাল ৯টা থেকে বিকাল ৪টা (অফিস চলাকালীন সময়ে)।
দরপত্র জমা: ২৬ মে ২০২৫, সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।
দরপত্র খোলা হবে: ২৬ মে বিকাল ২টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে দরপত্রদাতাদের উপস্থিতিতে।
প্রধান শর্তাবলি:
প্রতিটি দরপত্রের সঙ্গে নির্ধারিত দরের ৫০% অর্থ ডিডি/পে-অর্ডার আকারে জামানত হিসেবে জমা দিতে হবে।
সর্বোচ্চ দরদাতাকে অনুমোদনের পর অবশিষ্ট অর্থসহ ১৫% ভ্যাট ও ১০% আয়কর তাৎক্ষণিকভাবে পরিশোধ করতে হবে।
হাট বসানো যাবে ঈদের আগে সর্বোচ্চ তিন দিন।
মহাসড়কের ওপর কিংবা ১০ মিটারের মধ্যে হাট বসানো যাবে না এবং যানজট সৃষ্টি হয় এমন কোনো অবস্থান নির্বাচন করা যাবে না।
প্রতিদিন সকাল ৭টার মধ্যে ইজারাদারদের নিজ খরচে হাট প্রাঙ্গণ পরিষ্কার রাখতে হবে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ইজারা সংক্রান্ত যাবতীয় তথ্য উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে অফিস চলাকালীন সময়ে পাওয়া যাবে।
-

‘শিক্ষার্থীদের শ্রেণিকক্ষ ও পাঠমুখী করতে হবে’
শিক্ষার মানোন্নয়ন করতে হলে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয়ে শিক্ষার প্রতি গুরুত্ব দিয়ে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষ এবং পাঠমুখী করতে হবে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান।
সোমবার (১৯ মে) সকালে সোনারগাঁ উপজেলা অডিটোরিয়ামে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের শ্রেণিকক্ষ ও পাঠমুখী করার কর্মশালায় সভাপতির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
ফারজানা রহমান বলেন, শিক্ষার মানোন্নয়ন করতে হলে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয়ে কাজ করতে হবে। শিক্ষার্থীদের জন্য শিক্ষার পরিবেশ আমাদেরই তৈরি করে দিতে হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন এনসিটিবির বিশেষজ্ঞ মাহমুদুল আমীন, সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার, সহকারী কমিশনার ভূমি মঞ্জুর মোর্শেদ, সহকারী কমিশনার ভূমি সেগুফতা মেহনাজসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।
-

সোনারগাঁ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের কর্মচারীর মোটরসাইকেল চুরি
নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় চত্বর থেকে একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। চুরি হওয়া মোটরসাইকেলের মালিক মো. জাহিদ হাসান (৩২), যিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন সোনারগাঁ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের একজন কর্মচারী।
অভিযোগকারী জাহিদ হাসান জানান, প্রতিদিনের মতো ১৬ এপ্রিল ২০২৫ তারিখ সকালবেলা তিনি তার মোটরসাইকেলটি (রেজি. নম্বর: ঢাকা মেট্রো-ল-৫০-০২৬০) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে পার্ক করে অফিসে প্রবেশ করেন। দুপুর ১২:৪৫টার দিকে অফিসের সভা শেষে বের হয়ে দেখেন তার মোটরসাইকেলটি সেখানে নেই। চুরি হওয়া মোটরসাইকেলের ইঞ্জিন নম্বর G3L5E0154121 এবং চেসিস নম্বর RG642002009। এর বাজারমূল্য আনুমানিক ২,৫০,০০০ (দুই লক্ষ পঞ্চাশ হাজার) টাকা। অনেক খোঁজাখুঁজি করেও এখনো পর্যন্ত কোনো সন্ধান মেলেনি বলে জানান তিনি।
এ ঘটনায় ভুক্তভোগী সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন।
এ বিষয়ে সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্তাধীন রয়েছে এবং চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধারের চেষ্টা চলছে।
-

ড. মুহাম্মদ ইউনুসের নাম ভাঙিয়ে কোটি টাকার প্রতারণা: সোনারগাঁয়ে মৎস্য দপ্তরের পিয়নের বিরুদ্ধে অভিযোগ
নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের পিয়ন মাহবুব আলম সুমনের বিরুদ্ধে কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি, ড. মুহাম্মদ ইউনুসের নাম ভাঙিয়ে এবং নানা সরকারি সুবিধার প্রলোভন দেখিয়ে তিনি শতাধিক মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়েছেন।
ভুক্তভোগীদের লিখিত অভিযোগে জানা যায়, পিয়ন সুমন নিজেকে কর্মকর্তার চেয়ারে বসিয়ে দাবি করেন, ‘প্রধান উপদেষ্টা’ ড. মুহাম্মদ ইউনুস প্রতিটি দরিদ্র ও অসহায় পরিবারকে নগদ দুই লাখ টাকা দিচ্ছেন। এ সুবিধা পেতে হলে প্রতিজনকে ছয় হাজার টাকা জমা দিতে হবে বলে জানান তিনি।
প্রতারণার অংশ হিসেবে সুমন আবেদনকারীদের একটি করে এসএমএস প্রদান করেন, যেখানে বলা হয় ‘আপনার একাউন্টে পাঁচ হাজার টাকা জমা হয়েছে’। তবে তদন্তে জানা গেছে, এসব বার্তার কোনো সত্যতা নেই, এসএমএসগুলো কোনো বৈধ ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে সম্পর্কিত নয়।
একটি ইউনিয়ন থেকেই সুমন প্রায় ১০ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। শুধু নগদ অনুদান নয়, সরকারি ঘর, গাভী বিতরণ, মাতৃত্বকালীন ভাতা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, খাদ্য সহায়তা ভাতা ইত্যাদি প্রাপ্তির আশ্বাস দিয়ে প্রতিজনের কাছ থেকে ২৫-৫০ হাজার টাকা পর্যন্ত নিয়েছেন। বিশ্বাস অর্জনের জন্য প্রথম দিকে কয়েকজনকে সামান্য অর্থ ফেরতও দেন তিনি।
এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার জানান, একাধিক অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। তিনি বলেন, “পিয়ন সুমনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করা হয়েছে। সে প্রতারণায় লিপ্ত – এটা সত্য।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান জানান, “আমি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
-

পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে সোনারগাঁ উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা
নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: আগামী পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে সোনারগাঁ উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে সোনারগাঁ উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার। এতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনজুরুল মোরশেদ এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি (কাঁচপুর অঞ্চল) সেগুপ্তা মেহনাজ, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মফিজুর রহমান,নির্বাচন কর্মকর্তা শাহিনা ইসলাম চৌধুরী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানা,ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর শাহানারা আঁচলসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে সোনারগাঁ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এবং উপজেলার ১০টি ইউনিয়নে মঙ্গল শোভাযাত্রা ও বৈশাখী মেলার আয়োজন করা হবে।
এছাড়াও অনুষ্ঠানে আইন-শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও মঙ্গল শোভাযাত্রায় কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পহেলা বৈশাখকে শান্তিপূর্ণ ও বর্ণাঢ্যভাবে উদযাপন নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।
-

নারী দিবসে, নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়ন নিশ্চিত করার আহ্বান
নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে “অধিকার, সমতা, ক্ষমতায়ন: নারী ও কন্যার উন্নয়ন” প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে এ সভা হয়। মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরীন সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান।
প্রধান অতিথি বলেন, “নারীরা শিক্ষিত হলে পুরো সমাজ শিক্ষিত হবে। নারীকে সম্মান করতে হবে এবং বৈষম্য দূর করতে হবে।” তিনি নারীর অধিকার প্রতিষ্ঠা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে সাহসী ভূমিকার আহ্বান জানান।
অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) সেগুপ্তা মেহনাজ, নির্বাচন কর্মকর্তা শাহিনা ইসলাম চৌধুরী, আইসিটি অফিসারসহ দুই শতাধিক নারী উপস্থিত ছিলেন। বক্তারা নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়ন নিশ্চিত করার আহ্বান জানান।
-

সোনারগাঁয়ে হেফাজত কর্মী হত্যা মামলায় যুবলীগ কর্মী গ্রেপ্তার
নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁয়ে হেফাজতে ইসলামের এক কর্মী মাওলানা ইকবল হোসেন হত্যা মামলায় সাদিপুর ইউনিয়ন যুবলীগ নেতা মামুন ভূঁইয়াকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (৯ ফেব্রুয়ারি) সকালে গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থানা পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে আটক করে। মামুন ভূঁইয়া সাদিপুর ইউনিয়নের গুলনগর গ্রামের মো. ইদ্রিস ভূঁইয়ার ছেলে এবং সংগঠনের সাবেক ছাত্রলীগ নেতা।
সোনারগাঁ থানার ওসি এমএ বারী জানান, হেফাজত কর্মী মাওলানা শাহজাহান শিবলী ২০২৪ সালের ২১ অক্টোবর থানায় একটি মামলা করেন। মামলায় অভিযোগ করা হয় যে, ২০২১ সালে হেফাজতে ইসলামের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক রয়েল রিসোর্টে অবস্থানকালে ষড়যন্ত্রমূলকভাবে তাকে হেনস্তা করা হয় এবং রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করা হয়। সেই মামলায় মোট ১২৮ জনের নাম উল্লেখ করা হয়েছে।
-

সোনারগাঁয়ে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের (বালক) অংশগ্রহণে মাদক ও এর ক্ষতিকর দিক নিয়ে এক সচেতনতামূলক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব ফারজানা রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ আব্দুল বারী। সভার সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার।
সভায় বক্তারা শিক্ষার্থীদের মাদকের ভয়াবহতা সম্পর্কে অবহিত করেন এবং সুস্থ, সুন্দর ভবিষ্যৎ গড়তে মাদকের কুফল থেকে দূরে থাকার পরামর্শ দেন। এছাড়া শিক্ষার্থীদের নিজেদের পরিবার ও সমাজে মাদকবিরোধী বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।