ফেসবুকে ভিডিও পোস্টকে কেন্দ্র করে কলেজ শিক্ষার্থীকে মারধরের অভিযোগ
সোনারগাঁ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ফেসবুকে একটি রাজনৈতিক ভিডিও পোস্ট করাকে কেন্দ্র করে মোবাশ্বির হোসাইন তামিম (১৯) নামে এক কলেজ শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার (১৭ মে) সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার জামপুর ইউনিয়নের সিরাব এলাকার বাসিন্দা মোবাশ্বির হোসাইন তামিম তার ফেসবুক আইডি থেকে এনসিপির কেন্দ্রীয় নেতা নাসির উদ্দিন পাটোয়ারীর একটি ভিডিও পোস্ট করেন। এরপর একই দিন দুপুরে ইমরান নামে এক যুবক তাকে মোবাইল ফোনে কলেজে আসতে বলে।
অভিযোগে উল্লেখ করা হয়, দুপুর আনুমানিক ১টা ২০ মিনিটে সোনারগাঁ আইডিয়াল কলেজের পূর্ব পাশে রবিউল ও আমিনুলের দোকানের সামনে গেলে পূর্ব পরিকল্পিতভাবে অভিযুক্তরা ও তাদের সঙ্গে থাকা আরও ১০ থেকে ১৫ জন তামিমের ওপর হামলা চালায়। এ সময় তাকে মাটিতে ফেলে এলোপাতাড়ি মারধর করা হয়।
তামিম অভিযোগ করেন, হামলায় তার শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম হয় এবং ইমরান তার বাম চোখের উপরে ঘুষি মেরে রক্তাক্ত জখম করে। তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
পরে স্বজনরা আহত তামিমকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন।
এ ঘটনায় অভিযুক্ত করা হয়েছে বস্তুল এলাকার ইমরান, তুহিন তিহিন, আকাশ, আবু জজ, মামুন এবং চনপাড়া এলাকার সিহাবসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে।
ভুক্তভোগী জানান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা শেষে থানায় অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে।
সোনারগাঁ থানার পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Category: ইউনিয়ন
-

ফেসবুকে ভিডিও পোস্টকে কেন্দ্র করে কলেজ শিক্ষার্থীকে মারধরের অভিযোগ
-

সোনারগাঁয়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা বারদী ইউনিয়নের বড় আলমদী শাউপাড়া বাগান এলাকা থেকে আশরাফুল (১৭) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
নিহত আশরাফুল বারদী ইউনিয়নের মহিলা গ্রাম পুলিশ ফুলেছা বেগমের বাবাহারা একমাত্র ছেলে। পরিবারের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়।
নিহতের মা ফুলেছা বেগম ও তার বোন অভিযোগ করে বলেন, আশরাফুল আত্মহত্যা করতে পারে না। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন তারা।
এ বিষয়ে সোনারগাঁ থানা পুলিশ জানায়, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন -

সোনারগাঁয়ে ঠিকাদারকে কুপিয়ে হত্যা, থানায় মামলা
নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নিউটন আবাসিক এলাকায় নুর উদ্দিন হাওলাদার নামে এক ঠিকাদারকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্ত্রী মাইমুনা আক্তার সোনারগাঁ এ একটি মামলা দায়ের করেছেন।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, নিহত নুর উদ্দিন হাওলাদার পেশায় একজন ঠিকাদার ছিলেন। প্রায় দেড় বছর আগে অভিযুক্তদের বাড়িতে বিল্ডিং নির্মাণের কাজ সম্পন্ন করেন তিনি। পরবর্তীতে নতুন কাজ ও আর্থিক লেনদেনকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।
অভিযোগে উল্লেখ করা হয়, গত ১৪ মে বিকেল আনুমানিক ৩টার দিকে নিউটন আবাসিক এলাকায় ভাড়াটিয়া বাসায় অবস্থান করছিলেন নুর উদ্দিন। এ সময় জাহিদ ওরফে হাসা, মেহেদী হাসান ওরফে শুভ, আব্দুর রব, হোসনা আক্তারসহ অজ্ঞাতনামা আরও কয়েকজন লোহার রড, ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে সেখানে গিয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।
একপর্যায়ে নুর উদ্দিন প্রতিবাদ করলে অভিযুক্তরা তাকে এলোপাতাড়িভাবে কুপিয়ে গুরুতর আহত করে। তার চিৎকারে স্থানীয় ভাড়াটিয়া মিজান ও জামালসহ আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
পরে গুরুতর আহত অবস্থায় নুর উদ্দিনকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার তিনি মারা যান।
নিহতের স্ত্রী মাইমুনা আক্তার বলেন, “আমার স্বামীর ওপর পরিকল্পিতভাবে হামলা চালিয়ে হত্যা করা হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”
এ বিষয়ে সোনারগাঁ থানার ওসি বলেন, “ঘটনার অভিযোগ পেয়েছি। মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।” -

বিএনপির সব পদ থেকে জোবায়ের সামির পদত্যাগ
নিউজ সোনারগাঁ : বারদী ইউনিয়ন বিএনপির সহ-ছাত্র বিষয়ক সম্পাদক ও বারদী ইউনিয়ন ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক মোঃ জোবায়ের আহমেদ সামি স্বেচ্ছায় বিএনপির সকল রাজনৈতিক পদ-পদবী থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
শুক্রবার (১৫ মে) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ ঘোষণা দেন।
স্ট্যাটাসে জোবায়ের সামি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে দলীয় দায়িত্ব পালন করে আসছেন। তিনি জানান, ২০২৬ সালের ১ ফেব্রুয়ারি দেওয়া এক পোস্টে তিনি বলেছিলেন, “যেদিন তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন এবং আজহারুল ইসলাম মান্নান সাহেব এমপি হবেন, সেদিনই আমি আমার সকল পদ-পদবী থেকে পদত্যাগ করবো।”
তিনি বলেন, “আলহামদুলিল্লাহ, আজ সেই দিন এসেছে। তাই আমি আমার স্বইচ্ছায় দলের সকল পদ-পদবী থেকে পদত্যাগ ঘোষণা করলাম।”
তবে তিনি স্পষ্টভাবে জানান, রাজনীতি ও জনগণের অধিকার আদায়ের আন্দোলন থেকে নিজেকে কখনো দূরে সরিয়ে নিচ্ছেন না। ভবিষ্যতে দলের দুঃসময় এলে এবং প্রয়োজন হলে জনগণের দাবি আদায়ের আন্দোলনে রাজপথে সামনের সারিতে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
জোবায়ের সামি আরও বলেন, “সুদিনের কোকিল হয়ে থাকতে চাই না; দুঃসময়ের সাহসী কর্মী হয়েই মানুষের পাশে থাকতে চাই।”
সবশেষে তিনি সবার কাছে দোয়া কামনা করেন। -

সোনারগাঁয়ে নজরুল ইসলাম হত্যাকাণ্ডে রহস্য, ডাকাতি নাকি পূর্বপরিকল্পিত হত্যা?
নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের মুতিশপুর গ্রামে নজরুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনায় রহস্যের সৃষ্টি হয়েছে। এটি ডাকাতির ঘটনা নাকি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড, তা নিয়ে এলাকায় চলছে নানা আলোচনা। এ ঘটনায় নিহতের স্ত্রী নাসু আক্তার আহত হয়েছেন।
বুধবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম মুতিশপুর গ্রামের মৃত গাজীউল রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে কে বা কারা নজরুল ইসলামের বাড়ির দেয়াল টপকে ঘরে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করে। এসময় তার স্ত্রী নাসু আক্তারকেও মারধর করা হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নজরুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
এলাকাবাসী জানান, নজরুল ইসলামের দুই মেয়ের বিয়ে হয়ে গেছে। কয়েক বছর আগে মোটরসাইকেল দুর্ঘটনায় তার একমাত্র ছেলে মারা যায়। বর্তমানে তিনি স্ত্রীকে নিয়ে গ্রামের একটি টিনশেড বাড়িতে বসবাস করতেন। তিনি সুতা ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। সামান্য আয়েই চলত তাদের সংসার। বসতভিটা ছাড়া তেমন কোনো অর্থ-সম্পদও ছিল না বলে জানান স্থানীয়রা।
স্থানীয়দের ভাষ্য, নজরুল ইসলামের বাড়িটি কিছুটা নির্জন স্থানে হওয়ায় ঘটনার সময় আশপাশের কেউ কিছু টের পায়নি। তবে বাড়ির দরজা-জানালা ও অন্যান্য আলামত দেখে ঘটনাটি রহস্যজনক বলে মনে করছেন তারা। এটি সাধারণ ডাকাতির ঘটনা নাকি পূর্বশত্রুতার জেরে পরিকল্পিত হত্যাকাণ্ড, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
আহত নাসু আক্তার অসুস্থ থাকায় তার কাছ থেকেও বিস্তারিত তথ্য পাওয়া সম্ভব হয়নি। তিনি সুস্থ হলে ঘটনার বিষয়ে আরও তথ্য জানা যেতে পারে বলে জানিয়েছেন স্থানীয়রা।
ঘটনার পর সোনারগাঁ থানা পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ ঘটনাটির রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে। -

সোনারগাঁয়ে হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে হামে আক্রান্ত হয়ে জাহিদুল ইসলাম নামে পাঁচ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে ঢাকার মহাখালী সংক্রামক রোগ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত জাহিদুল ইসলাম উপজেলার সাদিপুর ইউনিয়নের বরাবো গ্রামের মহাফুজের ছেলে এবং আলতাফ হোসেনের নাতি।
হাসপাতাল সূত্রে জানা যায়, প্রথমে ডায়রিয়াজনিত সমস্যায় আক্রান্ত হলে শিশুটিকে মহাখালীর কলেরা হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার শরীরে হামের লক্ষণ দেখা দিলে তাকে মহাখালী সংক্রামক রোগ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়।
এ বিষয়ে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. সুমাইয়া ইয়াকুব জানান, শিশুটির মৃত্যুর খবর পাওয়ার পর স্বাস্থ্য বিভাগের একটি প্রতিনিধি দল ওই গ্রামে পাঠানো হয়েছে। তারা এলাকায় খোঁজখবর নিয়ে দেখছেন, অন্য কোনো শিশুর শরীরে হামের লক্ষণ রয়েছে কি না। -

সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণ, দগ্ধ ১২
নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা ঘাট এলাকায় অবস্থিত জেরা বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় ১২ জন দগ্ধ হয়েছেন। বুধবার (১৩ মে) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন, মনির হোসেন (৪৫), আল আমিন (৪০), নাজমুল শেখ (৪০), সাইফুল ইসলাম (৩০), রামিজুল (৪৫), আমির (২৫), শঙ্কর (২৫), কাউসার (৩০), তুহিন শেখ (৩০), ওসমান গনি (৩০), সুপ্রভাত ঘোষ (৪২) ও বদরুল হায়দার (৫০)।
দগ্ধদের সহকর্মীরা জানান, দুপুরে বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা নিজস্ব ক্যান্টিনে খাবার খাচ্ছিলেন। এ সময় হঠাৎ ভেতরে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ক্যান্টিনে থাকা অন্তত ১২ জনের হাত, মুখ ও পা দগ্ধ হয়।
পরে তাদের উদ্ধার করে দ্রুত ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, দুপুরে ১২ জন দগ্ধ রোগী হাসপাতালে এসেছেন। তাদের শরীরের কত শতাংশ পুড়েছে তা পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে। পরে বিস্তারিত জানানো হবে।
বিদ্যুৎকেন্দ্রের সেফটি কর্মকর্তা ফখরুল ইসলাম জানান, দগ্ধদের মধ্যে আমির, শঙ্কর, কাউসার ও আল আমিন ক্যান্টিন বয় হিসেবে কর্মরত। বাকিরা বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তা। দুপুরে রান্নার কাজ শেষে অসাবধানতাবশত গ্যাসের চুলা চালু অবস্থায় ছিল। পরে কেউ আগুন ধরাতেই বিস্ফোরণের ঘটনা ঘটে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সারোয়ার বলেন, মেঘনা ঘাট এলাকার একটি বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দগ্ধদের চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। -

তালতলা-বারদী সড়কে আস্থাফিডের ট্রাক উল্টে যান চলাচল বন্ধ
নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের মহঝমপুর বাজার এলাকায় বেহাল সড়কের কারণে আবারও দুর্ঘটনার ঘটনা ঘটেছে। সোমবার (১১ মে) রাত আনুমানিক ১০টার দিকে তালতলা-বারদী আঞ্চলিক সড়কের লাধুরচর এলাকায় আস্থাফিড কোম্পানির একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে পড়ে। এতে কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, ট্রাকটি পশুখাদ্য বহন করে যাচ্ছিল। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত, কাদা ও ভাঙাচোরা অংশ থাকায় চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি রাস্তার এক পাশে উল্টে যায়। এ সময় ট্রাকে থাকা মালামাল সড়কে ছড়িয়ে পড়ে।
দুর্ঘটনার পরপরই সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। স্থানীয় লোকজন ও শ্রমিকরা কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে উল্টে যাওয়া ট্রাকটি সরানোর কাজ করেন। পরে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহঝমপুর বাজারসহ তালতলা-বারদী সড়কের বিভিন্ন অংশ দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে রয়েছে। সামান্য বৃষ্টিতেই সড়কে পানি ও কাদা জমে চরম দুর্ভোগ সৃষ্টি হয়। প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো উদ্যোগ নিচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের।
এলাকাবাসীর দাবি, গুরুত্বপূর্ণ এই আঞ্চলিক সড়ক দিয়ে প্রতিদিন হাজারো মানুষ ও পণ্যবাহী যান চলাচল করে। দ্রুত সড়কটি সংস্কার না করা হলে ভবিষ্যতে আরও বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সড়ক কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী। -

সোনারগাঁয়ে ২১শত অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে প্রায় ২১০০ চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
সোমবার (১১ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার জামপুর ও সাদিপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে জামপুর ইউনিয়নের মিরেরটেক এলাকায় চান অ্যান্ড সূর্য ফিলিং স্টেশন সংলগ্ন কালভার্টের ভেতরে, মিরেরটেক বাজারের পশ্চিম পাশে, ফিলিং স্টেশনের পূর্ব পাশে এবং সাদিপুর ইউনিয়নের কাঠালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন প্রায় ২ কিলোমিটার এলাকায় অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুহা তাবিল এবং তিতাস গ্যাসের সোনারগাঁ জোনের ম্যানেজার প্রকৌশলী শবিউল আওয়াল।
মোবাইল কোর্টের মাধ্যমে পরিচালিত এ অভিযানে অবৈধ গ্যাস লাইনের সোর্স পয়েন্ট কিলিং করা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, সোনারগাঁ এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও যেখানে অবৈধ সংযোগ পাওয়া যাবে, সেখানে আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। -

মিলেমিশে রাতের আঁধারে আনন্দবাজার সংলগ্ন বালু উত্তোলন, হুমকির মুখে ঐতিহ্যবাহী হাট
নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদী খননের নামে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এতে বিলীনের শঙ্কায় পড়েছে শতবর্ষী ঐতিহ্যবাহী আনন্দবাজার হাট। নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা এ হাটের পাশ থেকে দীর্ঘদিন ধরে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করায় নদীর পাড় দুর্বল হয়ে পড়ছে বলে অভিযোগ স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর।
স্থানীয় সূত্রে জানা যায়, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) থেকে মুন্সিগঞ্জের চাকদা ড্রেজিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (প্রাইভেট) লিমিটেড মেঘনা নদী খননের কাজ পায়। অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানটির পক্ষে সোনারগাঁয়ের মোমেন সিকদারের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি ও স্থানীয় রাজনৈতিক নেতাদের ছত্রচ্ছায়ায় প্রশাসনকে ম্যানেজ করে নদী ড্রেজিংয়ের নামে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে।
এলাকাবাসীর দাবি, প্রতিদিন রাতের আঁধারে ১০ থেকে ১২টি ড্রেজার বসিয়ে মেঘনা নদী থেকে বালু উত্তোলন করা হচ্ছে। এতে হুমকির মুখে পড়েছে আনন্দবাজার, ছনপাড়া, টেকপাড়া, খামারগাঁও ও পূর্ব দামোদরদী এলাকার বিস্তীর্ণ জনপদ। অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের কারণে নদীভাঙনের আশঙ্কা তৈরি হয়েছে।স্থানীয়রা জানান, আনন্দবাজার হাট শুধু একটি বাণিজ্যকেন্দ্র নয়, এটি এলাকার ইতিহাস, ঐতিহ্য ও মানুষের জীবিকার অন্যতম প্রধান অবলম্বন। প্রতিদিন দূর-দূরান্ত থেকে শত শত মানুষ এ হাটে কেনাবেচার জন্য আসেন। হাটকে কেন্দ্র করে গড়ে উঠেছে অসংখ্য ব্যবসাপ্রতিষ্ঠান ও কর্মসংস্থান।
এলাকাবাসীর অভিযোগ, সোনারগাঁ উপজেলা যুবদলের সদস্য ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মাসুদ রানার নেতৃত্বে একটি প্রভাবশালী সিন্ডিকেট বালু উত্তোলনের সঙ্গে জড়িত। এ সিন্ডিকেটে সোনারগাঁ ও মেঘনা উপজেলার কয়েকজন প্রভাবশালী ব্যক্তি এবং মেঘনা উপজেলার নলচর গ্রামের রবিউল্লাহ রবিসহ শতাধিক ব্যক্তি রয়েছেন বলে দাবি স্থানীয়দের।
স্থানীয়রা আরও জানান, নদী ড্রেজিংয়ের কাজ দিনের বেলায় অনুমোদিত কাটিং ড্রেজারের মাধ্যমে করার নিয়ম থাকলেও রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলন চলছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে রাতে বালু উত্তোলনের চেষ্টা করা হলে এলাকাবাসী প্রতিরোধ গড়ে তুলবে।
ব্যবসায়ীরা বলেন, নদীর তীর ঘেঁষে বালু উত্তোলনের ফলে মাটির স্থিতিশীলতা নষ্ট হচ্ছে। এতে ভয়াবহ নদীভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে। ভাঙন শুরু হলে হাটের দোকানপাট, সড়ক ও আশপাশের বসতবাড়ি মারাত্মক ঝুঁকির মুখে পড়বে। তাই দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।এলাকাবাসীর ভাষ্য, ইতোমধ্যে নদীর পাড়ের কয়েকটি অংশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এখনই কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে কয়েক বছরের মধ্যেই আনন্দবাজার হাটের অস্তিত্ব বিলীন হয়ে যেতে পারে। অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের জরুরি পদক্ষেপ দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
অবৈধ বালু উত্তোলনের বিষয়ে মোমেন সিকদারের ছোট ভাই মামুন বলেন, “বিআইডব্লিউটিএ’র নিয়ম অনুযায়ী ইজারাদার নদী খননের কাজ করছে। আমার বড় ভাই শুধু কাজটি দেখভাল করছেন। যদি কেউ রাতের আঁধারে অবৈধভাবে বালু কাটে, তার দায়ভার আমাদের নয়। পারলে নিউজ করে ব্যবস্থা নেন।”
এ বিষয়ে পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ও যুবদল নেতা মাসুদ রানা বলেন, “আমি নদী থেকে বালু উত্তোলনের সঙ্গে জড়িত নই। সেখানে বালু কাটার জন্য আমার ড্রেজার ভাড়া দেওয়া হয়েছে।”
-

সোনারগাঁয়ে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির দায়ে অভিযান চালিয়ে মাছ জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদফতর। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাছ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
রোববার (১০ মে) বিকেলে উপজেলার কাঁচপুর মাছ বাজারে পরিচালিত যৌথ অভিযানে ৮ কেজি ৮ শত গ্রাম পিরানহা মাছ জব্দ করা হয়। পাশাপাশি নিষিদ্ধ মাছ বিক্রি ও মজুদের অভিযোগে সোহেল নামে এক মাছ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার।
অভিযান সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিন ধরে কাঁচপুর মাছ বাজারে কিছু অসাধু ব্যবসায়ী নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে প্রশাসন এ অভিযান পরিচালনা করে।
সিনিয়র উপজেলামৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার বলেন, “মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী অভিযান পরিচালনা করা হয়েছে। নিষিদ্ধ মাছ বিক্রির দায়ে মাছ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান বলেন, “পিরানহা মাছ বাজারে বিক্রি ও চাষ সরকারিভাবে নিষিদ্ধ। মাছটি দেখতে রুপচাঁদা মাছের মতো হওয়ায় এক শ্রেণির অসাধু ব্যবসায়ী সাধারণ মানুষকে বিভ্রান্ত করে বিক্রি করছে।”তিনি আরও বলেন, “অভিযানে জব্দ করা মাছ বিধি মোতাবেক ধ্বংস করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
-

সোনারগাঁয়ে সৌদি প্রবাসীর বাড়িতে দিনে-দুপুরে চুরি, লুট ২২ লাখ টাকার মালামাল
নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এক সৌদি প্রবাসীর বাড়িতে দিনে-দুপুরে চুরির ঘটনা ঘটেছে। এ সময় ঘরে থাকা প্রায় ২২ লাখ টাকার স্বর্ণালংকার, নগদ অর্থ ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
বুধবার (৭ মে) সকালে উপজেলার আনন্দবাজার টেঙ্গারচর এলাকার সৌদি প্রবাসী সিরাজুল ইসলামের স্ত্রী শামীমা আক্তার বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ২টার দিকে শামীমা আক্তার ফার্নিচার কেনার উদ্দেশ্যে মোগরাপাড়া চৌরাস্তায় যান। এ সুযোগে দুর্বৃত্তরা বাড়ির বাথরুমের অ্যাডজাস্ট ফ্যান ভেঙে ঘরে প্রবেশ করে। পরে তরকারি কাটার বটি দিয়ে আলমারির তালা ভেঙে ভেতরে থাকা ১০ ভরি স্বর্ণ, ৩ ভরি রুপা, ২০০ সৌদি রিয়াল ও নগদ ৮০ হাজার টাকাসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।
ভুক্তভোগী শামীমা আক্তার জানান, বাড়ি ফাঁকা থাকার সুযোগে পরিকল্পিতভাবে চুরির ঘটনা ঘটানো হয়েছে। চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ২২ লাখ টাকা।
এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুহিবুল্লাহ বলেন, “ঘটনার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে দ্রুত জড়িতদের আইনের আওতায় আনা হবে।” -

সোনারগাঁয়ে তক্ষকসহ দুই পাচারকারী আটক, জরিমানা
নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিলুপ্তপ্রায় প্রাণী তক্ষকসহ দুইজনকে আটক করেছে পুলিশ। রোববার বিকেল ৫টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টোল প্লাজা সংলগ্ন চেকপোস্ট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন—রংপুর জেলার তারাগঞ্জ থানার খাইরিয়াল খুটির এলাকার ইসমাঈলের ছেলে মো. খায়রুল ইসলাম (৪৬) এবং কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার বড়ধনপুর এলাকার সিদ্দিকের স্ত্রী তানজিনা (৩৫)।
ঘটনার পর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০২৬-এর ১০ ধারা অনুযায়ী অপরাধ প্রমাণিত হওয়ায় ৪৪(১) ধারায় তাদের প্রত্যেককে মোট ৫ হাজার টাকা জরিমানা করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান জানান, চট্টগ্রামের লালমাই পাহাড় এলাকা থেকে একটি জীবিত তক্ষক বাসযোগে ঢাকায় পাচার করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি জীবিত তক্ষক উদ্ধার এবং পাচারকারী চক্রের দুই সদস্যকে আটক করা হয়।
পরে উদ্ধারকৃত তক্ষকটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
অভিযানকালে সোনারগাঁ জোনের ফরেস্ট অফিসার সাব্বির হোসেন, এসআই আরিফসহ সোনারগাঁ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। -

সোনারগাঁয়ে নগদ ডিস্ট্রিবিউশন হাউসে সশস্ত্র ডাকাতি, ৭ লাখ টাকা ও ই-মানি লুটের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি নগদ ডিস্ট্রিবিউশন হাউসে সশস্ত্র হামলা ও ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় এজাহার দায়ের করেছেন ভুক্তভোগী প্রতিষ্ঠান মালিক।
এজাহার সূত্রে জানা যায়, উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় জালাল টাওয়ারের ৪র্থ তলায় অবস্থিত ‘টি-এন্টারপ্রাইজ’ নামের একটি নগদ ডিস্ট্রিবিউশন হাউসে শনিবার (২ মে ২০২৬) সকাল আনুমানিক ৯টার দিকে এ ঘটনা ঘটে।
অভিযোগে উল্লেখ করা হয়, পশ্চিম সনমান্দি এলাকার বাসিন্দা শহিদুল্লাহর ছেলে রবিউল আউয়াল পিন্টু (৩০) তার নেতৃত্বে অজ্ঞাতনামা ৮-১০ জনের একটি দল দেশীয় অস্ত্রসহ অফিসে অনধিকার প্রবেশ করে। তাদের হাতে একটি শর্টগান, কয়েকটি পিস্তল, রামদা, চাপাতি ও ছুরি ছিল বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। রবিউল আউযার পিন্টু কেন্দ্রীয় জিয়া পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক বলে জানা যায়। সোনারগাঁয়ে বিভিন্ন বিএনপি নেতা সাথে তার ছবি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
এসময় হামলাকারীরা অফিসের কর্মকর্তা-কর্মচারীদের ওপর অতর্কিত হামলা চালিয়ে মারধর করে এবং তাদের জিম্মি করে ফেলে। পরে তারা অফিসের ক্যাশে থাকা নগদ ৭ লাখ টাকা, প্রায় ১ লাখ ৫ হাজার টাকা মূল্যের ৫টি স্মার্টফোন, সিমকার্ডসহ সিসিটিভি ডিভিআর ও অন্যান্য মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
ভুক্তভোগীর দাবি, লুট হওয়া মোবাইল ফোনগুলোর সিমে প্রায় ১ কোটি টাকার ই-মানি ব্যালেন্স ছিল। তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা পূর্বপরিকল্পিতভাবে প্রতিষ্ঠানের তথ্য সংগ্রহ করে এ ডাকাতি সংঘটিত করেছে।
এ ঘটনায় মামলা করলে প্রাণনাশের হুমকি ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলেও এজাহারে উল্লেখ করা হয়।
এ বিষয়ে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। -

সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত
নিউজ সোনারগাঁ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশের সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। নিহতরা হলেন, ট্রাক চালক মোহাম্মদ আলী (৩৫) এবং ট্রাকটিতে বহন করা আনারসের মালিক মনির খলিফা (২৮)। তারা ঘটাস্থলেই নিহত হয়েছেন বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশ কাঁচপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিম আহমেদ। ঘটনাটি ঘটেছে শুক্রবার (১ মে) দিবাগত রাত ২টার দিকে।
নিহত ট্রাক চালক মোহাম্মদ আলী বরিশালের মেহেন্দিগঞ্জের সেকান্দর আলী মাঝির ছেলে। মনির খলিফা খাগড়াছড়ি জেলার মানিকছরির গোপামারা এলাকার আব্দুল খালেক খলিফার ছেলে।
ওসি শামিম আহমেদ জানান, সোনারগাঁ থানাধীন টিপরদী এলাকায় চৈতি গার্মেন্টসের বিপরীত পাশে ঢাকামুখী লেনে একটি মিনিট্রাক সামনে থাকা অজ্ঞাত একটি গাড়ির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে মিনিট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের মরদেহ উদ্ধার করেন।
-

কাঁচপুর ব্রিজে ট্রাকে আগুন
নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাঁচপুর ব্রিজে দ্রুতগতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা দেওয়ার পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকামুখী একটি ট্রাক অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের মাঝখানের ডিভাইডারে সজোরে আঘাত করে। ধাক্কার পরপরই ট্রাকটির ইঞ্জিনে আগুন ধরে যায় এবং মুহূর্তের মধ্যেই আগুন পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে।
আগুনের তীব্রতা বাড়তে থাকলে ট্রাকের চালক ও হেলপার প্রাণ বাঁচাতে চলন্ত অবস্থায় লাফিয়ে নিচে পড়ে যান। এতে তারা আহত হন, যার মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে স্থানীয়রা জানিয়েছেন। দুর্ঘটনার পর তাদের কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।
খবর পেয়ে কাঁচপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ট্রাকটির সামনের অংশ আগুনে পুড়ে যায়।
এদিকে অগ্নিকাণ্ডের কারণে কিছু সময়ের জন্য মহাসড়কের ওই অংশে যান চলাচল ব্যাহত হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে যান চলাচল পুনরায় শুরু হয়।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ আলম জানান, অতিরিক্ত গতির কারণেই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা দেয় এবং সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়। আহত চালক ও হেলপার প্রাথমিক চিকিৎসার জন্য অন্যত্র চলে গেছেন বলে ধারণা করা হচ্ছে।
দুর্ঘটনাকবলিত ট্রাকটি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।