Category: সর্বশেষ

  • সোনারগাঁয়ে কবুতরের বাচ্চা খাওয়া নিয়ে প্রতিবেশীর সঙ্গে বিরোধে নিহত-১

    সোনারগাঁয়ে কবুতরের বাচ্চা খাওয়া নিয়ে প্রতিবেশীর সঙ্গে বিরোধে নিহত-১

    নিউজ সোনারগাঁ: সোনারগাঁয়ে কবুতরের বাচ্চা খাওয়া নিয়ে প্রতিবেশীর সঙ্গে বিরোধ—শেষ পর্যন্ত প্রাণ হারালেন নাসির উদ্দীন (৫৫)। মঙ্গলবার দুপুরে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকার প্রো-একটিভ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি শম্ভুপুরা ইউনিয়নের ভিটিকান্দী গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে।

    পরিবারের অভিযোগ, রবিবার তাদের কবুতরের বাচ্চাটি প্রতিবেশী আসাদুল্লাহর পোষা বিড়াল খেয়ে ফেললে বিষয়টি নিয়ে নাসির উদ্দীন ও তার ছোট ভাই আক্তার হোসেন প্রতিবেশীর কাছে প্রতিবাদ জানাতে যান। এসময় আসাদুল্লাহ (৫০), তার স্ত্রী জুলেখা আক্তার বেবি (৩৮), ছেলে আবির (২৫), অভি (২৮), স্থানীয় রকমত উল্লাহর ছেলে রাসেল (৩৮)সহ আরও কয়েকজন মিলে তাদের ওপর হামলা চালায়। এতে নাসির উদ্দীন গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

    ঘটনার পর আক্তার হোসেন বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত ২–৩ জনকে আসামি করে ৩০ ডিসেম্বর সোনারগাঁ থানায় অভিযোগ দেন।

    সরেজমিনে গেলে আসামি আসাদুল্লাহর বাড়িতে কাউকে পাওয়া যায়নি। তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়।

    সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান জানান, অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

  • নোয়াগাঁওয়ে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

    নোয়াগাঁওয়ে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

    নিউজ সোনারগাঁ : সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন, তিন বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    রবিবার (২ নভেম্বর) নোয়াগাঁও ইউনিয়নের পরমেশ্বরদী মাদ্রাসা মাঠে আলেম-ওলামা, মাদ্রাসা শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
    সোনারগাঁও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোতালেব কমিশনার, উপজেলা বিএনপির সহ-সভাপতি হাজী সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির ২ নং সাংগঠনিক সম্পাদক মো. মজিবুর রহমান, ৩ নং সাংগঠনিক সম্পাদক নিজামুদ্দিন, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি সেলিম ভূঁইয়া, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, সহ-সাংগঠনিক সম্পাদক সামিম ও আসাদুজ্জামান আসাদ।

    এ সময় আরও উপস্থিত ছিলেন—নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি হারুন অর রশিদ মিঠু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রোবেল হোসাইন, ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক পারভেজ, সোনারগাঁ উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেন, উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা ওমর ফারুক, উপজেলা যুবদল নেতা রাকিব হাসান, সোহেল রানা, করিম রহমানসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের বহু নেতাকর্মী।

    দোয়া মাহফিলে আজহারুল ইসলাম মান্নান বলেন,
    “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চাই। তিনি অতিদ্রুত সুস্থ হয়ে জাতির মাঝে ফিরে আসবেন—এটাই আমাদের প্রত্যাশা।”

    দোয়া মাহফিলে দেশনেত্রীর সুস্থতা, জাতীয় রাজনৈতিক পরিস্থিতির স্থিতিশীলতা এবং দেশের শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

  • “তোষামোদি নয়, জবাবদিহিতা নিশ্চিত করতে হবে” — তুহিন মাহমুদ

    “তোষামোদি নয়, জবাবদিহিতা নিশ্চিত করতে হবে” — তুহিন মাহমুদ

    নিউজ সোনারগাঁ : সোনারগাঁয়ে নতুন কোনো সরকারি কর্মকর্তা—ইউএনও, ওসি কিংবা বিভিন্ন দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তা—যোগদান করলেই অতিরিক্ত ফুলেল অভ্যর্থনা, তোষামোদি ও অযাচিত প্রশংসার প্রবণতা প্রশাসনকে প্রশ্নবিদ্ধ করছে বলে মন্তব্য করেছেন নাগরিক কমিটি (এনসিপি)–র সিনিয়র যুগ্ম আহবায়ক তুহিন মাহমুদ।

    তিনি বলেন, দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই অতিরিক্ত তোষামোদি কর্মকর্তাদের সঠিকভাবে দায়িত্ব পালনের পরিবেশ ব্যাহত করে এবং অনিচ্ছাকৃতভাবে দুর্নীতিকে উৎসাহিত করে। অথচ বিদায়ের সময় সেই কর্মকর্তাদের বিরুদ্ধেই আবার ক্ষোভ দেখান কিছু মানুষ—এ ধরনের স্ববিরোধী আচরণ সোনারগাঁবাসীরই ক্ষতি ডেকে আনে।

    তুহিন মাহমুদ বলেন,
    “যদি কেউ দায়িত্ব পালন করে সত্যিকার অর্থে ভালো কিছু করেন, বিদায়ের সময় তাকে সম্মান দেওয়া উচিত—এটাই ন্যায়সংগত। কিন্তু যারা যোগদানের আগেই ফুল–তেল নিয়ে হাজির হন, তাদের বিশেষ উদ্দেশ্য থাকে—এটা সাধারণ মানুষও বোঝে।”

    তিনি আরও বলেন,
    “কর্মকর্তারা যেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন থেকেই জবাবদিহিতার আওতায় থাকেন—এটাই জরুরি। স্বচ্ছতা ও দায়বদ্ধতা নিশ্চিত হলে দুর্নীতি কমবে, প্রশাসনে আস্থা বাড়বে এবং সাধারণ মানুষ প্রকৃত সেবা পাবে।”

    সচেতন মহলও মনে করছে, কর্মকর্তাদের প্রতি অযাচিত তোষামোদি বন্ধ করে জবাবদিহিতা নিশ্চিত করা গেলে সোনারগাঁয়ের প্রশাসনিক পরিবেশ আরও স্বচ্ছ ও কার্যকর হবে।

  • সোনারগাঁয়ে কাঁচপুরে আরাফাত রহমান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের

    সোনারগাঁয়ে কাঁচপুরে আরাফাত রহমান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের রায়েরটেক যুব সমাজের উদ্যোগে অনুষ্ঠিত আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-এর ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। রোববার (৩০ নভেম্বর) বিকেলে কাঁচপুর রায়েরটেক পারটেক্স বালুর মাঠে জমজমাট এই খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে আর আর স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

    ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন—
    নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাউদ্দিন সালু, সোনারগাঁ থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাজী আ. বারী শামীম হক, কাঁচপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম প্রধান, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মোতালেব কমিশনার, সোনারগাঁ থানা বিএনপির দপ্তর সম্পাদক ফজল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুবেল হোসেন, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    এছাড়া আয়োজন কমিটির সদস্য আশরাফুল ইসলাম, জাহাঙ্গীর আলম, সানি, আরাফাত, জাইদুল, এনামুল, স্বপনসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

    বক্তারা বলেন, “মাদক ছাড়ো—খেলায় বাড়ো” এ স্লোগানকে সামনে রেখে সমাজ থেকে মাদকমুক্ত তরুণ প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা যুব সমাজকে মাদক থেকে দূরে রাখে এবং সুস্থ মানসিকতার বিকাশে ভূমিকা রাখে। বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের টুর্নামেন্ট থেকে একদিন জাতীয় দলের সম্ভাবনাময় খেলোয়াড় তৈরি হবে।

    বক্তারা আরও বলেন— তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘদিনের অসুস্থতার জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।

  • ঢাকা রিপোর্টার্স ইউনিটি নির্বাচনে কার্যনির্বাহী সদস্য নির্বাচিত সোনারগাঁয়ের আকতার হাবিব

    ঢাকা রিপোর্টার্স ইউনিটি নির্বাচনে কার্যনির্বাহী সদস্য নির্বাচিত সোনারগাঁয়ের আকতার হাবিব

    নিউজ সোনারগাঁ : ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) নির্বাচন–২০২৫ এ কার্যনির্বাহী সদস্য পদে জয়লাভ করেছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল আই–এর স্টাফ রিপোর্টার ও সোনারগাঁয়ের গর্ব আকতার হাবিব

    শনিবার ঘোষিত নির্বাচনের চূড়ান্ত ফলে তিনি বিপুল ভোটে বিজয়ী হন। নির্বাচনী মাঠে সাংবাদিকদের ব্যাপক সমর্থন ও আস্থার প্রতিফলন হিসেবে তার এই বিজয়কে দেখছেন সহকর্মীরা।

    নির্বাচনে বিজয়ের পর প্রতিক্রিয়ায় আকতার হাবিব বলেন,
    “সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, কর্মপরিবেশ উন্নয়ন, প্রশিক্ষণ সুযোগ বৃদ্ধি এবং সদস্যদের কল্যাণে নিরলসভাবে কাজ করাই হবে আমার মূল লক্ষ্য।”

    তার নির্বাচনী জয়কে ঘিরে সোনারগাঁয়ের সাংবাদিক মহল, সামাজিক সংগঠন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অভিনন্দন জানিয়েছেন। অনেকে বলেছেন, তার দীর্ঘদিনের পেশাদারিত্ব, নিষ্ঠা ও মানবিক কাজই তাকে এই বিজয়ের পথে এগিয়ে দিয়েছে।

    ডিআরইউ নির্বাচনে নবনির্বাচিত এই কার্যনির্বাহী সদস্যের প্রতি সাংবাদিক সমাজের প্রত্যাশা—তিনি সংগঠনের উন্নয়ন ও গণমাধ্যম কর্মীদের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

     

  • সোনারগাঁয়ে ভিক্ষুক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

    সোনারগাঁয়ে ভিক্ষুক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

    নিউজ সোনারগাঁ : সোনারগাঁয়ে আজিমউদ্দিন নামে এক বিএনপি কর্মীর বিরুদ্ধে মধ্যবয়সী এক শ্রবণ ও বুদ্ধিপ্রতিবন্ধী ভিক্ষুক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। শনিবার (২৯ নভেম্বর) রাতে ভুক্তভোগী নারী সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

    অভিযোগসূত্রে জানা যায়, গত মঙ্গলবার ভোরে বাইশটেকি গ্রামের মৃত আছমত আলীর ছেলে আজিমউদ্দিন ওই নারীর ঘরে ঢুকে অশোভন আচরণ ও জোরপূর্বক স্পর্শকাতর স্থানে হাত দিয়ে ধর্ষণের চেষ্টা করেন। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে আজিমউদ্দিন দৌড়ে পালিয়ে যান।

    ভুক্তভোগী নারী জানান, স্বামী মারা যাওয়ার পর তিনি বিভিন্ন বাড়িতে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করেন। ঘটনার পর স্থানীয় গণ্যমান্যদের বিষয়টি জানালে ‘বিচার হবে’ আশ্বাস দিয়ে চার দিন ধরে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন সোনারগাঁ থানা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক সোহেল রানা এমন অভিযোগও করেছেন তিনি।

    এ বিষয়ে সোহেল রানা বলেন, “আজিমউদ্দিন আমাদের দলের কর্মী। সে এলাকার লোক এবং আমার সঙ্গেও চলাফেরা করে। ধামাচাপা দেওয়ার বিষয়টি ঠিক নয়। পুলিশ এসে নারীটিকে থানায় নিয়ে গেছে।”

    এদিকে অভিযোগ দায়েরের পর থেকে অভিযুক্ত আজিমউদ্দিন মোবাইল বন্ধ রেখে আত্মগোপনে রয়েছেন। তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সফল হওয়া যায়নি বলে জানা গেছে।

    সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, “পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে। মামলা গ্রহণের প্রক্রিয়া চলছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।”

  • সোনারগাঁয়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

    সোনারগাঁয়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

    নিউজ সোনারগাঁ : সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (২৯ নভেম্বর) বিকেলে সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের বুরুমদী এলাকায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

    দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-০৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক মহাপরিচালক এস. এম. ওয়ালিউর রহমান আপেল, আল মুজাহিদ মল্লিক, সোনারগাঁ উপজেলা যুবদলের সাবেক সভাপতি জাকির হোসেন বাবুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

    মাহফিলে আল মুজাহিদ মল্লিক বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সম্পূর্ণ সুস্থতা কামনায় আমরা সবাই দোয়া করছি। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে দেশের মানুষের মাঝে ফিরে আসেন। জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে বিএনপির জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

    এ সময় এস. এম. ওয়ালিউর রহমান আপেল বলেন, “দীর্ঘদিন ধরে অসুস্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সকলে দোয়া করুন। তিনি একজন আপোষহীন দেশনেত্রী। এই কঠিন সময়ে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থেকে তাঁর পাশে থাকবে এবং দলকে আরও শক্তিশালী করতে কাজ করবে।”

    দোয়া মাহফিলে খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

  • সোনারগাঁও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

    সোনারগাঁও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

    নিউজ সোনারগাঁ : সোনারগাঁ পৌরসভা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শনিবার বাদ আছর তিন বারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফারুক আহমেদের সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক আতারাব্বী জুয়েলের সঞ্চালনায় স্বেচ্ছাসেবক দল, যুবদল ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    এসময় উপস্থিত ছিলেন—পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন সেলিম, শ্রমিক দলের আহবায়ক আবুল হোসেন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আলম, মো. রাছেল, সিরাজ, আলমাস, আব্দুল হাই, সজিব, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মন্টু, আল আমিন, আবু সাইদ, মাসুদ রানা, শ্রমিক দলের যুগ্ম আহবায়ক মোশাররফ হোসেন, মনির হোসেন ও আবু তাহের।

    অনুষ্ঠানটি পরিচালনা করেন পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আর্মী আলাউদ্দিন।
    দোয়া মাহফিলে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।

  • সোনারগাঁয়ে সুতা ব্যবসায়ীকে কুপিয়ে ৪ লাখ ২০ হাজার টাকা ছিনতাই

    সোনারগাঁয়ে সুতা ব্যবসায়ীকে কুপিয়ে ৪ লাখ ২০ হাজার টাকা ছিনতাই

    গাঁ : প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, রাত ৮:০৮

    নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে একরামুল হক (৫৫) নামে এক সুতা ব্যবসায়ীকে কুপিয়ে ৪ লাখ ২০ হাজার টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

    স্থানীয় সূত্রে জানা যায়, ব্যবসায়ী একরামুল হক মোগরাপাড়া এলাকার বিভিন্ন দোকান থেকে বাকিতে সুতা সংগ্রহ করে ঢাকায় বিক্রি করেন। বৃহস্পতিবার পাওনাদারদের টাকা পরিশোধের জন্য তিনি ৪ লাখ ২০ হাজার টাকা সাথে নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে ইউনিয়ন পরিষদের সামনে দুই-তিনজন ছিনতাইকারী তার গতিরোধ করে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
    বাধা দিলে হামলাকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায়।

    তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। প্রথমে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলেও অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
    আহতের বন্ধু রহমত আলী জানান, হামলায় একরামুল হকের ডান হাতের কব্জির দুটি রগ কেটে যায়, ফলে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। বর্তমানে তার অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।

    ঘটনার পর থেকেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিবার সূত্রে জানা গেছে, একরামুল হক সুস্থ হয়ে উঠলে তিনি সোনারগাঁ থানায় মামলার আবেদন করবেন।

  • সোনারগাঁয়ে বিএনপি নেতাদের বিরুদ্ধে এআই বুমিং: বাড়ছে অভ্যন্তরীণ অসন্তোষ

    সোনারগাঁয়ে বিএনপি নেতাদের বিরুদ্ধে এআই বুমিং: বাড়ছে অভ্যন্তরীণ অসন্তোষ

    নিউজ সোনারগাঁ : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁ থানা বিএনপির রাজনীতিতে যোগ হয়েছে নতুন ধরনের উত্তেজনা। তথ্যপ্রযুক্তির কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে প্রতিপক্ষ নেতাদের বিরুদ্ধে ‘বুমিং’ বা অপপ্রচার এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। এতে নেতাকর্মীদের মধ্যে দিন দিন বাড়ছে অসন্তোষ, কমছে পারস্পরিক আস্থা—যা বিএনপির তৃণমূল রাজনীতিতে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করেছে।

    জানা গেছে, সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন মোট আটজন। গত ৩ তারিখে কেন্দ্রীয়ভাবে মনোনয়ন দেওয়া হয় সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানকে। তবে দলীয় সিদ্ধান্তকে ভালোভাবে নেননি বাকি সাতজন মনোনয়নপ্রত্যাশী ও তাদের সমর্থকরা।

    মনোনয়ন পাওয়ার পর গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে চাঁদাবাজি নিয়ে মান্নানের মন্তব্য ব্যাপক আলোচনার জন্ম দেয়। দেশের বিভিন্ন গণমাধ্যমে ওই বক্তব্য প্রচার হলে সমালোচনার ঝড় ওঠে। মনোনয়ন বঞ্চিতরা দাবি তোলেন—মান্নান বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের ‘চাঁদাবাজ’ আখ্যা দিয়েছেন, তাই তার হাতে ধানের শীষ মানায় না। এ দাবিতে তারা বিভিন্ন বিক্ষোভ, সমাবেশ ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন।

    অন্যদিকে মান্নানপন্থী নেতাকর্মীরাও পাল্টা মিছিল-মিটিংয়ে নামেন। এর ধারাবাহিকতায় বিবাদ রাস্তাঘাট থেকে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। উভয় পক্ষের সমর্থকরা এআই প্রযুক্তি ব্যবহার করে একে অপরের বিরুদ্ধে বিভিন্ন অশালীন, বিভ্রান্তিকর ও অপমানজনক কনটেন্ট তৈরি ও প্রচার শুরু করেন। এতে নেতাকর্মীদের জনপ্রিয়তা প্রশ্নের মুখে পড়ার পাশাপাশি দলের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মনে করছেন তৃণমূল পর্যায়ের নেতারা।

    তৃণমূল নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, “একটি সাধারণ বিষয় নিয়ে বিএনপির নেতারা যেভাবে প্রকাশ্যে পরস্পরের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন, তা সাধারণ মানুষের কাছে নেতিবাচকভাবে প্রতিফলিত হচ্ছে। নিজেদের মধ্যেই যদি হানাহানি ও বিভক্তি থাকে, তাহলে জনগণ কাকে বিশ্বাস করবে? এতে দলের যে ক্ষতি হচ্ছে, তার সুযোগ অন্য রাজনৈতিক দলগুলোই কাজে লাগাবে।”

    স্থানীয় নেতারা দ্রুত অভ্যন্তরীণ সংকট নিরসন এবং এআই অপপ্রচারের লাগাম টেনে ধরার বিষয়ে কেন্দ্রীয় নেতৃত্বর দৃষ্টি কামনা করেছেন।

  • সোনারগাঁয়ে মালবাহী জাহাজ কেটে বিক্রি করার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

    সোনারগাঁয়ে মালবাহী জাহাজ কেটে বিক্রি করার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি শাহাদাত হোসেনের বিরুদ্ধে ভাড়ায় আনা একটি মালবাহী জাহাজ কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত জাহাজ মালিক চট্টগ্রামের ব্যবসায়ী রাকেশ শর্মা সোনারগাঁ থানায় মামলা করেছেন। তাঁর দাবি, জাহাজ কাটায় তাঁর প্রায় ১ কোটি ৬০ লাখ টাকা ক্ষতি হয়েছে।

    যেভাবে ঘটলো জাহাজ কাটার ঘটনা

    জানা যায়, চট্টগ্রাম থেকে ডিবি (ডাম্ব বার্জ) ধরনের জাহাজটি গত ১ নভেম্বর এক মাসের জন্য ৭ লাখ ২০ হাজার টাকা চুক্তিতে ভাড়া নেয় শাহাদাত হোসেনের নেতৃত্বাধীন একটি সিন্ডিকেট। পরে এটি সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের কাদিরগঞ্জ এলাকায় মেঘনা নদীর তীরে অবস্থিত এইচবি হারুন অ্যান্ড ব্রাদার্স মেঘনা শিপইয়ার্ডে নিয়ে কেটে ফেলা হয়।

    ১৫ দিন ধরে চলা এই কাটাকাটির কাজে শাহাদাতের সঙ্গে মো. জাফর, ইকবাল হোসেন, নজরুল ইসলাম, এমদাদুল হকসহ ১০–১৫ জন যুক্ত ছিল বলে অভিযোগে উল্লেখ রয়েছে। শিপইয়ার্ডটির মালিক শাহাদাতের বাবা ও সোনারগাঁ উপজেলা বিএনপির সহসভাপতি রফিকুল ইসলাম

    জাহাজ মালিকের অভিযোগ

    জাহাজের প্রকৃত মালিক রাকেশ শর্মা জানান, জাফর নামে একজন পরিবহন কাজের জন্য জাহাজ ভাড়া নেন। কিন্তু চুক্তিভঙ্গ করে সেটি সোনারগাঁয়ে এনে কেটে স্টিল প্লেট বিক্রি করে দেওয়া হয়। ঘটনাটি জানার পর রফিকুল ইসলাম ক্ষতিপূরণের আশ্বাস দিলেও পরে তা এড়াতে শুরু করেন। ফলে বাধ্য হয়ে তিনি মামলা করেন।

    গ্রেপ্তার ও তদন্ত

    মামলার পর বুধবার সকালে পুলিশ নজরুল ইসলাম নামে এক বিএনপিকর্মীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান বলেন, মামলা গ্রহণ করা হয়েছে এবং তদন্ত চলছে।

    অভিযুক্তদের অবস্থান

    অভিযুক্ত ছাত্রদল নেতা শাহাদাত হোসেনের মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে। তবে তাঁর বাবা রফিকুল ইসলাম জানান, বিষয়টি জানার পর জাহাজ কাটা বন্ধ রাখা হয়েছে এবং মালিকের সঙ্গে সমঝোতার চেষ্টা চলছে।

    পটভূমি ও স্থানীয়দের বক্তব্য

    স্থানীয়দের দাবি, রফিকুল ইসলাম এক সময় জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং সেই সময় তাঁর ছেলে শাহাদাত বিভিন্ন শিল্প এলাকায় চাঁদাবাজিসহ নানা অপকর্মের সঙ্গে জড়িত ছিল। মামুনুল হকের রিসোর্ট ঘটনার মামলায় আসামি হওয়ার পর রফিকুল ইসলাম পুনরায় বিএনপিতে ফিরে আসেন।

  • সোনারগাঁয়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

    সোনারগাঁয়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর ২০২৫) দুপুরে সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে সোনারগাঁ পৌরসভাস্থ রয়েল রিসোর্টে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার আবু জাফর। সঞ্চালনায় ছিলেন পৌর যুবদলের সাবেক সভাপতি ফারুক আহমেদ তপন।

    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য মোহাম্মদ গিয়াস উদ্দিন, যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ওয়ালিউর রহমান আপেল, অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল ও আল মুজাহিদ মল্লিক।

    এছাড়াও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ূন কবির রফিক, সোনারগাঁ থানার যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম চয়নসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের অসংখ্য নেতাকর্মী।

    দোয়া মাহফিলে মুফতি রুহুল আমিন কাসেমী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশ-জাতির সার্বিক কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করেন।

    বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া জাতির একজন জনপ্রিয় ও গণমানুষের আস্থার প্রতীক। তিনি দ্রুত আরোগ্য লাভ করে জনগণের মাঝে ফিরে আসবেন—এটাই সকলের প্রার্থনা।

    অনুষ্ঠান শেষে নেতাকর্মীদের মধ্যে তবারক বিতরণ করা হয়। বক্তারা আগামী ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বানও জানান।

  • যুবদলের শাস্তিমূলক ব্যবস্থায় দ্বৈতনীতি: সোনারগাঁ–নারায়ণগঞ্জে তীব্র সমালোচনা

    যুবদলের শাস্তিমূলক ব্যবস্থায় দ্বৈতনীতি: সোনারগাঁ–নারায়ণগঞ্জে তীব্র সমালোচনা

    নিউজ সোনারগাঁ : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের দুই নেতাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ এবং আরেক নেতাকে বহিষ্কার করাকে কেন্দ্র করে যুবদলের ভেতরে দ্বৈতনীতি নিয়ে ব্যাপক আলোচনা–সমালোচনা শুরু হয়েছে। একই ধরনের অভিযোগে ভিন্ন শাস্তি দেওয়ায় তৃণমূল থেকে জেলা যুবদল পর্যন্ত নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

    কারণ দর্শানোর নোটিশ দুই নেতাকে

    বিএনপি ঘোষিত ধানের শীষ প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে প্রকাশ্যে বিরূপ মন্তব্য ও বিরোধিতার অভিযোগে

    • সোনারগাঁ থানা যুবদলের আহ্বায়ক মো. শহীদুর রহমান স্বপন, এবং
    • নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য শহীদুল ইসলাম

    এর বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

    কেন্দ্রীয় দপ্তর সূত্রে জানা যায়—দলীয় দায়িত্বে থাকা অবস্থায় এসব নেতার আচরণ সংগঠনের শৃঙ্খলা ও আদর্শবিরোধী হওয়ায় বিষয়টি কেন্দ্রীয় নেতাদের নজরে আসে। নোটিশে তাদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের সামনে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। নোটিশ পাঠিয়েছেন সহ–দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া মিস্টি।

    একই অভিযোগে আরেকজনকে বহিষ্কার

    একই ধরনের সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে যুবদলের আরেক নেতা আশরাফকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল। দুই নেতাকে শোকজ এবং একজনকে বহিষ্কার করায় এটিকে “দ্বৈতনীতি” বলে মন্তব্য করছেন সোনারগাঁও ও নারায়ণগঞ্জ মহানগর যুবদলের বহু নেতা।

    মনোনয়ন ঘিরে উত্তপ্ত পরিস্থিতি

    নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন পান সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান। তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর কেন্দ্রীয় নেতারা মনোনীত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজের নির্দেশ দেন।

    কিন্তু মনোনয়ন ঘোষণার পর গণমাধ্যমে মান্নানের ‘চাঁদাবাজি’ প্রসঙ্গে মন্তব্যকে কেন্দ্র করে মনোনয়ন বঞ্চিতদের একটি অংশ তার বিরুদ্ধে অবস্থান নেয়। তারা মান্নানের বিরুদ্ধে দলীয় ভাবমূর্তি বিনষ্ট করার অভিযোগ তুলে তাকে মনোনয়ন পরিবর্তনের দাবি জানাতে শুরু করে। এর জের ধরে সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ এলাকায় উভয়পক্ষের পাল্টাপাল্টি মিছিল, মানববন্ধন ও সমাবেশে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

    কঠোর অবস্থানে কেন্দ্রীয় যুবদল

    দলীয় সূত্র জানায়, নির্বাচনের আগে অভ্যন্তরীণ কোন্দল সামাল দিতে কেন্দ্রীয় যুবদল কঠোর অবস্থান নিয়েছে। দলীয় সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে আরও ব্যবস্থা নেওয়ার ইঙ্গিতও পাওয়া গেছে।

    স্থানীয় নেতাদের দাবি, একই অভিযোগে ভিন্ন ভিন্ন শাস্তি দেওয়াই বর্তমানে যুবদলের ভেতর অসন্তোষের মূল কারণ। তৃণমূলের প্রশ্ন—যদি অপরাধ একই হয়, শাস্তি আলাদা কেন?

  • সোনারগাঁয়ে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার স্বামী আটক

    সোনারগাঁয়ে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার স্বামী আটক

    নিউজ সোনারগাঁ : সোনারগাঁ উপজেলার রিয়া মনি (২৪) এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞেসাবাদের জন্য গৃহবধূর স্বামী আদিল হোসেনকে আটক করেছে পুলিশ।

    বুধবার (২৬ নভেম্বর) সকালে উপজেলার কামারগাও এলাকায় র‍্যাংগস কারখানার স্টাফ কোয়ার্টারের ভেতরে এ ঘটনা ঘটে।

    নিহত রিয়া মনি জামালপুর সদর উপজেলার চুনুটিয়া গ্রামের হালিম মণ্ডলের মেয়ে এবং তার স্বামী আদিল হোসেন একই এলাকার বাদশা মিয়ার ছেলে। সে ওই কারখানার বাবুর্চি হিসেবে কর্মরত ছিলেন।

    পুলিশ ও কারখানার শ্রমিকরা জানান, রিয়া মনির সঙ্গে আদিল হোসেনের ৯ মাস আগে বিয়ে হয়। তার আগে একটি বিয়ে করেছিল ওই বিয়েকে কেন্দ্র করে তাদের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে কথা-কাটাকাটির জেরে তাকে কুপিয়ে হত্যা করা হয়।

    গৃহবধূর স্বামী আদিল জানান, সকাল বেলা ঘুম থেকে জেগে সে কাজে চলে যায়। কাজ শেষে ঘরে ফিরে দেখে তার স্ত্রীর রক্তাত্ত দেহ পড়ে আছে খাটে। এরপর তিনি আশপাশের লোকজনকে খবর দেয়।

    নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ অঞ্চল) ইমরান হোসেন জানান, এ ঘটনায় স্বামী আদিল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জের জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

  • সোনারগাঁয়ে “স্বপ্নের বাড়ি, একসাথে গড়ি” শীষক অনুষ্ঠান

    সোনারগাঁয়ে “স্বপ্নের বাড়ি, একসাথে গড়ি” শীষক অনুষ্ঠান

    স্টাফ রিপোর্টার : সোনারগাঁ, বন্দর ও গজারিয়া উপজেলার বাড়ির মালিকদের নিয়ে দেশের স্বনামধন্য শিল্পগোষ্ঠী আনোয়ার গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আনোয়ার ইস্পাত লিমিটেড–এর উদ্যোগে এবং এলাকার এক্সক্লুসিভ ডিলার রহমানিয়া ফ্যামিলি (মেসার্স রহমানিয়া এন্টারপ্রাইজ)–এর তত্ত্বাবধানে “স্বপ্নের বাড়ি, একসাথে গড়ি” শীর্ষক বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    ২৫ নভেম্বর ২০২৫, মঙ্গলবার সন্ধ্যা ৬টায় স্থানীয় একটি কনভেনশন হলে জমকালো এ আয়োজন সম্পন্ন হয়।

    অনুষ্ঠানে সোনারগাঁও, বন্দর ও গজারিয়া অঞ্চলের বাড়ির মালিকবৃন্দ ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
    রহমানিয়া ফ্যামিলির পক্ষ থেকে প্রধান উপদেষ্টা মো. হাবিবুর রহমান হাবিব ও ব্যবস্থাপনা পরিচালক মো. আনিসুর রহমান সোহান উপস্থিত থেকে অতিথিদের স্বাগত জানান।

    এছাড়া আনোয়ার ইস্পাত লিমিটেডের সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মো. ফারুক হোসেন, ডেপুটি সেলস ম্যানেজার আশরাফ সিদ্দিকী, বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের ঢাকা-৩ এরিয়া ইনচার্জ ইঞ্জিনিয়ার সুজন ইসলামসহ স্থানীয় প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন।

    অনুষ্ঠানে নির্মাণশিল্পে আনোয়ার ইস্পাতের মান, আধুনিক প্রযুক্তি, স্থায়িত্ব, নিরাপত্তা এবং ভূমিকম্প-সহনশীলতা নিয়ে বিস্তৃত প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। বাড়ির মালিকদের জন্য মানসম্মত ইস্পাতের প্রয়োজনীয়তা, নির্মাণসামগ্রীর সঠিক ব্যবহার ও কারিগরি দিকনির্দেশনাও তুলে ধরা হয়।

    ব্যবস্থাপনা পরিচালক মো. আনিসুর রহমান সোহান বলেন, “আমাদের এলাকার বাড়ির মালিকদের একত্রিত করে নির্মাণশিল্পের সঠিক তথ্য জানাতে পারা আমাদের জন্য গর্বের বিষয়। আনোয়ার ইস্পাত সবসময় মান ও আস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়।”

    অতিথিরা আনোয়ার ইস্পাতের আধুনিক উৎপাদন প্রক্রিয়া ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সরাসরি ধারণা লাভ করেন। অনুষ্ঠান শেষে অতিথিদের রাতের খাবারের আমন্ত্রণ এবং আনোয়ার ইস্পাতের পক্ষ থেকে উপহার প্রদান করা হয়।
    এক উষ্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।

  • সোনারগাঁয়ে টাকার বিনিময়ে তিন মাদক ব্যবসায়ীকে ছেড়ে দেয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

    সোনারগাঁয়ে টাকার বিনিময়ে তিন মাদক ব্যবসায়ীকে ছেড়ে দেয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

    সোনারগাঁয়ে তালতলা ফাঁড়ি পুলিশের বিরুদ্ধে মাদকসহ তিনজনকে আটক করে ‘টাকার বিনিময়ে’ ছেড়ে দেওয়ার অভিযোগ

    নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তালতলা ফাঁড়ি পুলিশের বিরুদ্ধে মাদকসহ আটক তিনজনকে টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার (২০ নভেম্বর) গভীর রাতে এশিয়ান হাইওয়ে সড়কের জামপুর ইউনিয়নের পাকুন্ডা চেকপোস্ট এলাকায় ১২ বোতল বিদেশি মদসহ তিনজনকে আটক করা হলেও, পরদিন শুক্রবার তাদের সন্দেহভাজন হিসেবে ১৫১ ধারায় আদালতে পাঠানো হয়। ঘটনার পর এলাকাজুড়ে বিস্তর চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

    ফাঁড়ির ইনচার্জ আব্দুল হক মাদকসহ আসামি আটকের বিষয়টি স্বীকার করলেও টাকার বিনিময়ে ছাড়িয়ে দেওয়ার অভিযোগ অস্বীকার করেন।

    ঘটনা কীভাবে ঘটল

    তালতলা ফাঁড়ির এএসআই মো. নাসিরউদ্দিন বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে পাকুন্ডা এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালান। এ সময় নারায়ণগঞ্জ-হ-১১২৯০৫ নম্বর সিএনজিচালিত অটোরিকশা আটক করে যাত্রীদের বাজারের ব্যাগ থেকে ১২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
    আটক ব্যক্তিরা হলেন—

    • শামীম (২৪), ললাটি গ্রাম, কাঁচপুর
    • শুভ দেবনাথ (২৮), ছাতক, সুনামগঞ্জ
    • সাইদুর রহমান সাদু (৪৫), অটোরিকশাচালক

    টাকার বিনিময়ে ‘সন্দেহভাজন’ দেখিয়ে আদালতে পাঠানোর অভিযোগ

    পরদিন শুক্রবার সকালে আটক ব্যক্তিদের স্বজনদের সঙ্গে টাকার লেনদেনের মাধ্যমে মামলা হালকা করা হয়েছে—এমন অভিযোগ স্থানীয়দের। অভিযোগ অনুযায়ী লক্ষাধিক টাকার বিনিময়ে তাদের বিরুদ্ধে মাদক মামলা না দিয়ে ১৫১ ধারায় সাধারণ সন্দেহভাজন হিসেবে আদালতে পাঠানো হয়।

    আদালত থেকে সেদিনই তিনজন জামিনে মুক্তি পান এবং পরে ফাঁড়ি থেকে তাদের জব্দ অটোরিকশা ফেরত নেওয়া হয়। তবে উদ্ধার হওয়া ১২ বোতল বিদেশি মদের কোনো হদিশ পাওয়া যাচ্ছে না।

    সাক্ষীর দাবি

    জব্দ তালিকার সাক্ষী অটোরিকশাচালক জামাল হোসেন জানান, রাতেই পাকুন্ডা ব্রিজ এলাকায় পুলিশ তল্লাশি করে ১২ বোতল মদ উদ্ধার করে এবং এএসআই নাসির সাদা কাগজে তার স্বাক্ষর নেন।

    কর্তৃপক্ষ কি বলছে

    এএসআই নাসিরউদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি পরে কথা বলবেন বলে ফোন কেটে দেন।
    ফাঁড়ির ইনচার্জ আব্দুল হক জানান, তিনজনকে মাদকসহ আটক করে আদালতে পাঠানো হয়েছে। কোন ধারায় পাঠানো হয়েছে—জানতে চাইলে তিনি নির্দিষ্টভাবে কিছু বলেননি। তবে টাকার লেনদেনের অভিযোগ অস্বীকার করেন।

    সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান বলেন, ফাঁড়ি পুলিশ আটককৃতদের ফরওয়ার্ডিং দিয়ে থানায় পাঠায় এবং সেই অনুসারে থানায় আদালতে পাঠানো হয়। ফাঁড়ি পুলিশের কার্যক্রম সম্পর্কে তিনি অবগত নন।

    মদের হদিশ নেই—প্রশ্ন জনমনে

    আটক তিনজন মুক্তি পেলেও উদ্ধারকৃত ১২ বোতল মদের বিষয়ে কোনো তথ্য না মিলায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, বিষয়টি তদন্ত করে সঠিক তথ্য প্রকাশ করা জরুরি।