Category: সর্বশেষ

  • ১৫ দিনব্যাপী সোনারগাঁ জাদুঘরের বর্ণাঢ্য আয়োজন

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম; সোনারগাঁয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন ১৫ দিনব্যাপী বৈশাখী মেলা ও জাদুঘরের সুবর্ণজয়ন্তী উৎসবের আয়োজন করেছে। পহেলা বৈশাখ সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় ফাউন্ডেশন প্রাঙ্গণে এ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

    এ উপলক্ষে ফাউন্ডেশন চত্বরে থাকছে জমকালো আয়োজন। ইতিমধ্যে কর্তৃপক্ষ তাদের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। ফাউন্ডেশনের প্রধান ফটক থেকে উৎসব প্রাঙ্গণ পর্যন্ত রং বেরংয়ের বাতি ও বিভিন্ন  গ্রামীন মোটিভ দিয়ে সাজানো হয়েছে। এ উৎসবকে সফল করতে ইতিমধ্যে রাজধানী ঢাকার বিভিন্ন সড়কে ভ্রাম্যমাণ গাড়ীতে করে প্রচারণা চালানো হচ্ছে।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব ইলিয়া সুমনা। ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি থাকবেন জাতীয় কারুশিল্প পরিষদের সভাপতি ও বাংলাদেশ লোক ও কারুশল্প ফাউন্ডেশনের পরিচালনা বোর্ডের সম্মানিত সদস্য চন্দ্র শেখর সাহা ও  সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান প্রমূখ। উদ্বোধন শেষে লোকজ মঞ্চে পরিবেশিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

    বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলম জানান, বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার মাধ্যমে এ উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হবে। পাশাপাশি সোনারগাঁ জাদুঘরের ৫০ বছরপূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী উৎসব পালিত হবে।

    এ উপলক্ষে দেশের বিভিন্ন এলাকার কারুশিল্পীদের উৎসবে আমন্ত্রন জানানো হয়েছে। উৎসবে জামদানি, শতরঞ্জি, নকশি কাঁথা, মৃৎশিল্প, দারুশিল্প, হাতপাখা, কাঠখোদাইশিল্প, পটচিত্র শিল্প, শোলাশিল্প, বাঁশ-বেতশিল্প এবং ক্ষুদ্র-নৃ গাষ্ঠীর কারুশিল্পীদের সৃষ্টিশীল কর্মের উপস্থাপন এবং বিপণনের সুযোগ পাচ্ছেন তারা।

    এছাড়াও উৎসব চলাকালীন প্রতিদিনই থাকছে বাউল গান ও লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া থাকবে পুতুল নাচ, হালখাতা, বায়স্কোপ, সাপের খেলা, নাগরদোলাসহ গ্রামীণ বিনোদনের নানা আয়োজন। থাকছে হারিয়ে যাওয়া গ্রামীণ খেলা তিন গুটি, সাত গুটি বাঘবন্দ, কানামাছি, গোল্লাছুট, বউচি ও কপাল টোক্কা। রসনাতৃপ্তির জন্য থাকবে মুখরোচক সব বাঙালি খাবার।

  • সোনারগাঁয়ে পরকিয়ার টানে ডাকাত সর্দারের সঙ্গে ইউপি সদস্য উধাও

    সোনারগাঁয়ে পরকিয়ার টানে ডাকাত সর্দারের সঙ্গে ইউপি সদস্য উধাও

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: পরকীয়া প্রেমের সূত্র ধরে দুই সন্তানের জনকের হাত ধরে অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছেন এক সন্তানের জননী ও সনমান্দী ইউনিয়ন পরিষদের ৪ ৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার মিনারা আক্তার মীনা। নারায়ণগঞ্জের সোনারগাঁ  উপজেলার সনমান্দী ইউনিয়নের মারব্দী বৈদ্যেরকান্দী গ্রামে এ ঘটনা ঘটে।

    স্থানীয়রা জানান, বৈদ্যেরকান্দী গ্রামের আবুল মিয়ার মেয়ে মিনারা আক্তার মীনার সাথে পার্শ্ববর্তী মারব্দী গ্রামের আনোয়ার হোসেনের সাথে বিয়ে হয় প্রায় ২০ বছর আগে। তাদের সংসারে একটি পনের বছরের কন্যা সন্তান রয়েছে। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী হওয়ার পরে মীনা জড়িয়ে পরেন পরকিয়ায়। এর ই জের ধরে পরিচয় হয় নরসিংদী জেলা মাধবদী থানার মৈশাদী গ্রামের  ডাকাত দলের সর্দার আলম হোসেন হৃদয় (৪৪) এর সাথে।

    ডাকাত সর্দার আলম হোসেন নরসিংদী সদর উপজেলার মৈশাদী গ্রামের রফিজ উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি, মাদক ও হত্যা মামলা রয়েছে বলে জানিয়েছেন তার এলাকাবাসীরা।

    এলাকা সূত্রে জানা যায়, মিনারা আক্তার মিনার স্বামী আনোয়ার হোসেন ব্যবসার সুবাধে দেশের বিভিন্ন স্থানে অবস্থান করার সুযোগে মিনার সাথে সখ্যতা গড়ে ওঠে ডাকাত সর্দার আলম এর সাথে। এর পর ভাঙতে শুরু করে আনোয়ার মিনার সংসার। এনিয়ে এলাকায় একাধিকবার শালিসি বিচার হলেও শুধরায়নি মিনা। শেষ পর্যন্ত ডাকাত সর্দারের হাত ধরে পালিয়ে যান।

    মিনারা আক্তার মীনার প্রথম স্বামী আনোয়ার হোসেন জানান আমাদের প্রায় ২০ বছরের সংসার। ব্যবসায় এর কাজে বিভিন্ন সময়ে এলাকার বাহিরে থাকার সুবাদে আমার স্ত্রীর সাথে পরকিয়ার সম্পর্ক গড়ে তোলে ডাকাত সর্দার আলম হোসেন হৃদয়। এর পর আমার নগদ অর্থ ও অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে পালিয়ে গিয়ে তারা নাকি বিয়ে করেছে।

    অভিযুক্ত ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার মিনারা আক্তার মীনার ভাই আলাউদ্দিন মিয়ার সাথে যোগাযোগ করলে তিনি জানান ঘটনা সত্য। তবে এব্যাপারে আপাতত কথা বলতে রাজি হননি তিনি।

    ইউনিয়ন পরিষদ থেকে নাগরিক সেবা নিতে আসা একাধিক ব্যাক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন, সংরক্ষিত মহিলা সদস্য মীনা পরকিয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে আমাদের ফেলে গেছেন বিপাকে। বিভিন্ন গুরুত্বপূর্ণ সনদে তার স্বাক্ষর লাগার কারনে তার খোজে ঘুরতে হচ্ছে আমাদের।

    এবিষয়ে জানতে সনমান্দী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল হক টিক্কার সাথে যোগাযোগ করলে তিনি জানান ঘটনাটি আমার দৃষ্টি গোচরে এসেছে। আমি আমার পরিষদে বিষয়টি নিয়ে মীমাংসার জন্য তাকে ডেকেছি। সে না আসলে আমি আমার উর্ধতন কর্মকর্তাকে ব্যাপারটি জানাবো। তিনি এব্যাপারে ব্যবস্থা নিবেন বলে আমি আশাবাদী।

    মিনারা আক্তার মীনার কোনো সন্ধান না পেয়ে তার মা-বাবার সঙ্গে যোগাযোগ করলে তারা বলেন, অন্য কারো সঙ্গে প্রেম রয়েছে তার। তার সঙ্গে চলে গেছেন মীনা। কোথায় গেছে তারা জানেন না।

    এ বিষয়ে ইউপি সদস্য মিনা সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করবে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

    সোনারগাঁ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মফিজুর রহমান বলেন, এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • সোনারগাঁয়ে ৯৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

    সোনারগাঁয়ে ৯৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁয়ে ৯৫ পিচ ইয়াবাসহ সুমন(৩৫) নামের ১জন মাদক কারবারি কে গ্রেপ্তার করেছে তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ। শনিবার দুপুরে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের টিটির বাজার জহির মেম্বারের অফিসের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তি একই ইউনিয়নের লাধুরচর মধ্যেপাড়া গ্রামের মৃত জালাল মিয়ার ছেলে।

    তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ ফেরদৌস বলেন, শনিবার দুপুরে এসআই সেলিম হোসেন এর নেতৃত্বে এএসআই ফরমান আলীর সহযোগিতায় সঙ্গীয়ফোর্স নিয়ে নোয়াগাঁও ইউনিয়নের টিটির বাজার জহির মেম্বারের অফিসের সামনে অভিযান চালিয়ে সুমন নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ৯৫ পিচ ইয়াবা জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।

  • নিখোঁজের ৬ দিন পর ঝোপে মিলল বৃদ্ধ সিরাজের অর্ধগলিত লাশ

    নিখোঁজের ৬ দিন পর ঝোপে মিলল বৃদ্ধ সিরাজের অর্ধগলিত লাশ

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা শিল্পাঞ্চল এলাকা থেকে নিখোঁজের ৬ দিন পর মো. সিরাজুল ইসলাম (৭০) নামের এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সকালে পিরোজপুর ইউনিয়নের কান্দারগাঁও গ্রামের একটি ঝোপের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। তিনি স্থানীয় মো. শামীম হোসেনের পিতা। সে ঝাউচর গ্রামের বাসিন্দা।

    পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গত ৬ এপ্রিল (রোববার) সকাল ১০টার দিকে সিরাজুল ইসলাম নিজ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। এরপর থেকে তার খোঁজে সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করা হয়। নিখোঁজের সময় তার পরনে ছিল সাদা পাঞ্জাবি ও লুঙ্গি।

    ঘটনার পরদিনই পরিবারের পক্ষ থেকে সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান মেলেনি, যা পরিবার ও স্থানীয়দের মধ্যে চরম উৎকণ্ঠা তৈরি করে।

    অবশেষে ১২ এপ্রিল (শনিবার) সকালে পিরোজপুর কান্দারগাঁও গ্রামের  স্থানীয়রা মেরিখালী ব্রিজ সংলগ্ন বালুর মাঠের একটি ঝোপে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অর্ধগলিত লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

    এ ঘটনায় সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।

     

  • সোনারগাঁয়ে আলমগীর বাদশার পরিবারকর তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা

    সোনারগাঁয়ে আলমগীর বাদশার পরিবারকর তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম:

    র‍্যাবের ক্রসফায়ারের নিহত নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নে বিএনপির শহীদ নেতা আলমগীর বাদশার পরিবারকে আর্থিক অনুদান প্রদান করেছে জাতীয়তাবাদী তরুণ দল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এই সহযোগিতা প্রদান করা হয়।

    আজ (১১ এপ্রিল) শুক্রবার বিকেলে কাঁচপুর এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে তরুণ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা অনুদানটি হস্তান্তর করেন।
    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী নারায়ণগঞ্জ জেলা তরুণ দলের সভাপতি মুহাম্মদ টি এইচ তোফা। প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী তরুণ দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবু বকর সিদ্দিক।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল, সাংগঠনিক সম্পাদক বেল্লাল আহম্মেদ, রূপগঞ্জ উপজেলা তরুণ দলের সভাপতি আল আমিন, জেলা তরুণ দলের সাংগঠনিক সম্পাদক মামুন প্রধান এবং শ্রমিক দল নেতা হানিফ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সোনারগাঁ উপজেলা তরুণ দলের সভাপতি আরিফ মোল্লা এবং সাধারণ সম্পাদক হারুন অর রশীদ।

    বক্তারা স্মৃতিচারণ করে বলেন, আলমগীর বাদশা ছিলেন একজন সাহসী, ত্যাগী ও দলের জন্য নিবেদিত প্রাণ নেতা। বিগত সরকার আমলে র‍্যাবের ক্রসফায়ারের নামে তাকে হত্যা করা হয়। তার মৃত্যু দলের অপূরণীয় ক্ষতি। বক্তারা তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার পরিবারের পাশে সবসময় থাকার আশ্বাস দেন।

  • লিজেন্ড কাপ ক্রিকেট টূর্ণামেন্টে সোনারগাঁও পৌরসভা লিজেন্ড ইউনিটি চ্যাম্পিয়ন হয়

    লিজেন্ড কাপ ক্রিকেট টূর্ণামেন্টে সোনারগাঁও পৌরসভা লিজেন্ড ইউনিটি চ্যাম্পিয়ন হয়

    সোনারগাঁয়ে লিজেন্ড কাপ ক্রিকেট টূর্ণামেন্টে সোনারগাঁও পৌরসভা লিজেন্ড ইউনিটি চ্যাম্পিয়ন হয়।
    শুক্রবার দুপুরে সোনারগাঁও ক্রিকেট স্টেডিয়ামে টুনামেন্টের গ্র্যান্ড ফাইনালে ঈশাখাঁ একাদশ ক্লাব বনাম সোনারগাঁও পৌরসভা লিজেন্ড  ইউনিটি অংশ নেন। খেলায় ঈশাখাঁ একাদশ ক্লাব প্রথমে ব্যাটিং করে ১৪৬ রান করে। জবাবে ১৪৭ রানের টার্গেটে ব্যাটিং করে সোনারগাঁও পৌরসভা লিজেন্ড  ইউনিটি জয়ী হয়। ঈশাখা একাদশ ক্লাব এ টুনামেন্টের আয়োজন করে।
    খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল ও খেলোয়াড়দের মাঝে চ্যাম্পিয়ন ট্রফি ও পুরস্কার বিতরন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন।
    বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সোনারগাঁও পৌরসভা বিএনপির সভাপতি মো. শাহজাহান মেম্বার,  উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান। এসময় বিএনপি ও ঈশাখাঁ একাদশ ক্লাবের নেতৃবৃন্দ এবং ক্রীড়ামোদীরা উপস্থিত ছিলেন।
  • সোনারগাঁয়ে ৫দিন ধরে বৃদ্ধ নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি

    সোনারগাঁয়ে ৫দিন ধরে বৃদ্ধ নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ উপজেলার মেঘনা শিল্পাঞ্চল এলাকা থেকে গত ৫দিন ধরে মো. সিরাজুল ইসলাম (৭০) নামের এক বৃদ্ধ নিখোঁজ রয়েছেন। গত ৬ এপ্রিল রোববার সকাল ১০টার দিকে নিজ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হোন। দীর্ঘ সময় অতিবাহিত হলেও এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি, যা পরিবার ও স্থানীয়দের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে।

    নিখোঁজের সময় তার পরনে ছিল সাদা পাঞ্জাবি ও লুঙ্গি। তিনি মো. শামীম হোসেনের পিতা। পরিবার জানায়, সম্ভাব্য সকল স্থানে খোঁজখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়েছে।

    পরিবারের পক্ষ থেকে জানানো হয়, যদি কোনো সহৃদয় ব্যক্তি এই বৃদ্ধের সন্ধান পান, তাহলে নিচের ঠিকানা ও মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।

    যোগাযোগ: ০১৭৯৯৩৭২৭২৭
    ঠিকানা: ঝাউচর, নিউটাউন, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।

    মানবিক দৃষ্টিকোণ থেকে সকলকে নিখোঁজ মো. সিরাজুল ইসলাম সম্পর্কে কোনো তথ্য পেলে তা দ্রুত জানানোর আহ্বান জানানো হয়েছে।

  • কাঁচপুরে বাসচাপায় নারী শ্রমিক নিহত

    কাঁচপুরে বাসচাপায় নারী শ্রমিক নিহত

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের কাঁচপুর বিসিক শিল্প এলাকায় বাসচাপায় রুমা আক্তার (৩৫) নামে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে রাস্তা পার হওয়ার সময় চট্টগ্রামমুখী দ্রুতগতির একটি বাস (চট্ট মেট্রো-ব-১১-১৩১২) তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

    নিহত রুমা চাঁদপুরের কচুয়া উপজেলার বুধুন্ডা গ্রামের আইয়ুব আলীর স্ত্রী এবং কাঁচপুর সোনাপুর এলাকার ভাড়াটিয়া ছিলেন। তিনি প্রাণ কোম্পানিতে কাজ করতেন।

    কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। বাসটি জব্দ করা হলেও চালক ও হেলপার পলাতক। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

  • সোনারগাঁয়ে পারিবারিক কলহে যুবলীগ নেতার আত্মহত্যা, এলাকায় শোকের ছায়া

    সোনারগাঁয়ে পারিবারিক কলহে যুবলীগ নেতার আত্মহত্যা, এলাকায় শোকের ছায়া

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: পারিবারিক কলহের জের ধরে মো. আশিক (৩০) নামের এক যুবলীগ নেতা শরীরে আগুন দিয়ে আত্মহত্যা করেছে। সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের দড়িগাঁও এলাকায় এই ঘটনাটি ঘটেছে। এর আগে গত ৭ এপ্রিল (মঙ্গলবার) বেলা আনুমানিক ১১টা ৩০ মিনিটে আশিক নিজ বসতঘরে নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন।

    পরিবারের সদস্য ও প্রতিবেশীরা তাকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে দ্রুত জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন।

    তিন দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে ১০ এপ্রিল (বৃহস্পতিবার) সকাল আনুমানিক ১১টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

    মৃত আশিক সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের দড়িগাঁও এলাকার মো. মোশাররফ মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, আশিক স্থানীয় পর্যায়ে যুবলীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন।

    এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

  • সোনারগাঁয়ের পানাম সিটিতে দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিদল

    সোনারগাঁয়ের পানাম সিটিতে দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিদল

    সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম সিটি পরিদর্শন করেছেন দক্ষিণ কোরিয়ার ২৫ সদস্যের একটি প্রতিনিধিদল। বুধবার (৯ এপ্রিল) প্রতিনিধিদলটি পানাম সিটি পৌঁছালে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা তাঁদের ফুল দিয়ে স্বাগত জানান। এ সময় উপস্থিত ছিলেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) সাবিনা আলম, সোনারগাঁও উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান, সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুরুল মোর্শেদ, সহকারী কমিশনার (ভূমি), কাঁচপুর সার্কেল সেগুফতা মেহনাজসহ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ।

    জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা কোরিয়ান প্রতিনিধিদলকে পানাম সিটির বিভিন্ন প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক স্থাপনা ঘুরিয়ে দেখান এবং পানাম সিটির ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন। তিনি প্রতিনিধি দলকে পানাম সিটির ঐতিহ্য এবং তা সংরক্ষণে সরকারের পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত জানান।

    কোরিয়ার প্রতিনিধি দলের প্রধান পানাম সিটির নান্দনিক কারুকার্য ও স্থাপত্যশৈলী দেখে মুগ্ধ হয়ে একে মানব সভ্যতার ইতিহাসে এক অসাধারণ নিদর্শন হিসেবে অভিহিত করেন। তিনি পানাম সিটির ঐতিহাসিক গুরুত্ব এবং বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে সহযোগিতার জন্য উভয় দেশের মধ্যে আরও সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব আরোপ করেন।

  • সোনারগাঁয়ে নির্ধারিত এলাকায় বিদ্যুৎ বন্ধের ঘোষণা

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম:

    সোনারগাঁ, নারায়ণগঞ্জ — সোনারগাঁ জোনাল অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল ৯ এপ্রিল ২০২৫ খ্রিঃ বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত নির্ধারিত কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

    তিতাস গ্যাস কোম্পানির গ্যাস লাইনের পাইপ মেরামত ও বৈদ্যুতিক খুঁটি স্থানান্তরের কাজের জন্য এই বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

    যে এলাকাগুলোতে বিদ্যুৎ থাকবে না সেসব এলাকাগুলো হলো হাবিবপুর, বাড়ি মজলিস, কোম্পানিগঞ্জ, দৈলেরবাগ, রতনপুর, ভাটিবন্দর, ভবনাথপুর, বৈদ্যেরবাজার।

    এ বিষয়ে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে এবং সাময়িক এই অসুবিধায় সকলের সহযোগিতা কামনা করেছে।

    ডিজিএম,
    সোনারগাঁও জোনাল অফিস, পল্লী বিদ্যুৎ

  • ইসরাইলি পন্য বর্জনের দাবি ও গণহত্যার প্রতিবাদে সোনারগাঁ মহিলা  ছাত্রদলের বিক্ষোভ

    ইসরাইলি পন্য বর্জনের দাবি ও গণহত্যার প্রতিবাদে সোনারগাঁ মহিলা ছাত্রদলের বিক্ষোভ

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: গাজায় নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি সেনাবাহিনীর বর্বর হামলার প্রতিবাদে জাতীয়তাবাদী ছাত্রদল ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোনারগাঁও মহিলা কলেজ ছাত্রদল এক প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশের আয়োজন করে।

    সোমবার (তারিখ উল্লেখ করুন) কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ বিক্ষোভ কর্মসূচিতে সভাপতিত্ব করেন সোনারগাঁও মহিলা কলেজ ছাত্রদলের সভাপতি সুমাইয়া সাদিয়া মীম।
    অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্রদলের সাধারণ সম্পাদিকা শামিয়া জামান।

    কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি অধ্যাপক মামুন মাহমুদ।
    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সম্পাদক ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল।

    বক্তারা বলেন, ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসন মানবতার চরম লঙ্ঘন। তারা এর বিরুদ্ধে বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান এবং বাংলাদেশ থেকে ছাত্রদলের পক্ষ থেকে প্রতিবাদ অব্যাহত থাকবে বলে প্রতিশ্রুতি দেন।

  • পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে সোনারগাঁ উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা

    পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে সোনারগাঁ উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: আগামী পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে সোনারগাঁ উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে সোনারগাঁ উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

    সভায় সভাপতিত্ব করেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার। এতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনজুরুল মোরশেদ এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি (কাঁচপুর অঞ্চল) সেগুপ্তা মেহনাজ, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মফিজুর রহমান,নির্বাচন কর্মকর্তা শাহিনা ইসলাম চৌধুরী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানা,ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর শাহানারা আঁচলসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

    সভায় জানানো হয়, বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে সোনারগাঁ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এবং উপজেলার ১০টি ইউনিয়নে মঙ্গল শোভাযাত্রা ও বৈশাখী মেলার আয়োজন করা হবে।

    এছাড়াও অনুষ্ঠানে আইন-শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও মঙ্গল শোভাযাত্রায় কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

    উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পহেলা বৈশাখকে শান্তিপূর্ণ ও বর্ণাঢ্যভাবে উদযাপন নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।

  • জামপুর মাঝেরচর মধুসূদন গৌর কিশোর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

    জামপুর মাঝেরচর মধুসূদন গৌর কিশোর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

    পরিমল বিশ্বাস : সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে জামপুর মাঝেরচর মধুসূদন গৌর কিশোর উচ্চ বিদ্যালয়ে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে ও দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    ৭ এপ্রিল সোমবার সকালে অত্র বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

    এ সময় জামপুর মাঝেরচর মধুসূদন গৌর কিশোর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক কুমার মন্ডল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ সভাপতি ও জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিক, বিশেষ অতিথি, জামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম সানোয়ার, পদ্মা লাইফ ইনসুরেন্স এর ব্যাবস্হাপনা পরিচালক নুর মোহাম্মদ, মাঝেরচর মধুসূদন গৌর কিশোর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুর রওফ, সাদিপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, জামপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি গিয়াসউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফারুক, উপজেলা জাসাস এর সভাপতি
    আমির হোসেন, জামপুর ইউনিয়ন জাসাসের সভাপতি, আলমগীর, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহিন মিয়া, সাধারণ সম্পাদক এলি, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আকরামুল হাসান মিল্টন, সোনারগাঁ সরকারি কলেজের সাবেক আহবায়ক রহিম মিয়া, জামপুর ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আফজাল,সহ গণ্যমান ব্যাক্তিবর্গরা ও অএ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

    এ সময় আল মুজাহিদ মল্লিক বলেন, শিক্ষাকে গুরুত্ব দিয়ে সামনে আরো এগিয়ে নিয়ে যেতে হবে শিক্ষাই হল একটি জাতির মেরুদন্ড প্রতিটি বিদ্যালয়ে শিক্ষকদের আরো কঠোর হতে হবে যাতে করে লেখাপড়ার মান ভালো হয়। এবং বিদ্যালয়ে কোনো শিক্ষার্থীর হাতে যেম কোনো স্মার্ট থাকে অন্তত ইন্টার পাস করার পর হাতে ফোন দিবেন এর আগে না সকল অভিভাবকের প্রতি এই আহবান করছি। যারা এস এস সি পরীক্ষারয় অংশগ্রহণ করবে তাদের সকলের জন্য দোয়া ও রইলো তোমরা ভালো পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করে অএ বিদ্যালয়ের সুনাম বয়ে আনবে। এবং স্কুলের আশেপাশে যেন কোনো বখাটে ঘুরাফেরা করতে না পারে যদি কাউকে সন্দেহ হয় তাহলে আমাদের কে জানালে সাথে সাথে প্রশাসনের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।

  • সোনারগাঁও সরকারী কলেজে বিদ্যুৎতায়িত হয়ে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু

    সোনারগাঁও সরকারী কলেজে বিদ্যুৎতায়িত হয়ে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ সরকারি কলেজে পানির মোটর লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে আমির হোসেন (৪৫) নামের এক মিস্ত্রির মৃত্যু হয়েছে। এ সময় আরেক সহযোগী গুরুতর আহত হয়।

    সোমবার (৭ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

    নিহত আমির হোসেন (৪৫) উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দমদমা গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। আহত সহযোগী শরীফ একই এলাকার সুরুজ্জামানের ছেলে।

    সোনারগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ আবুল কালাম জানান, কলেজে পানির মোটর লাইনে বৈদ্যুতিক কাজ করতে গিয়ে দুইজন মিস্ত্রি বিদ্যুতায়িত হয়েছেন। ঘটনাস্থলেই একজন মারা যান। আহত আরেকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিক থানা পুলিশকে অবগত করা হয়েছে।

    সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজুর রহমান বলেন, কলেজ কর্তৃপক্ষের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে কলেজ কর্তৃপক্ষের ভাষ্যমতে পানির মোটর ঠিক করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে একজন মারা যান। আরেকজনকে গুরুত্বর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহটি উদ্ধার করা হয়েছে। পরিবার থেকে বিনা ময়নাতদন্তে মরদেহটি হস্তান্তর করার আবেদন করেছেন। প্রয়োজন সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সোনারগাঁয়ে ৬ দিন ধরে প্রতিবন্ধি যুবক নিখোঁজ

    সোনারগাঁয়ে ৬ দিন ধরে প্রতিবন্ধি যুবক নিখোঁজ

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁয়ের সনমান্দি ইউনিয়নের নাজিরপুর গ্রামের এক প্রতিবন্ধী যুবক ঈদের আগের দিন নিখোঁজ হয়েছেন। নিখোঁজ যুবকের নাম সজিব (২০)। তিনি ওই গ্রামের রহমতুল্লাহর ছেলে।

    সজিবের পরিবার জানায়, গত রোববার (ঈদের আগের দিন) দুপুরে নাজিরপুর বড় বাড়ি থেকে বের হয়ে বাংলাবাজারের উদ্দেশ্যে রওনা দেন সজিব। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান না পেয়ে গত বুধবার সজিবের বাবা রহমতুল্লাহ সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

    ছেলের খোঁজ না পেয়ে উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন তার পরিবার। যদি কোনো সহৃদয় ব্যক্তি সজিবের সন্ধান পান, তাহলে অনুগ্রহ করে সোনারগাঁ থানা অথবা সরাসরি তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন নিখোঁজ যুবকের বাবা।