সোনারগাঁয়ে তিতাসের অভিযানে ৩টি চুনা কারখানা ও একটি ঢালাই কারখানা গুঁড়িয়ে দেওয়া হয়েছে

নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নে তিতাস গ্যাসের মোবাইল কোর্ট অভিযানে তিনটি চুনা কারখানা ও একটি ঢালাই কারখানা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে এসব কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
রোববার (৪ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। সোনারগাঁ ইকোনমিক জোন গেটের পশ্চিম পাশে একটি, গেটের পূর্ব পাশে একটি, ঝাউচর বালুর মাঠের পাশে একটি চুনা কারখানা এবং একটি ঢালাই কারখানা ভেঙে দেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সায়মা রাইয়ান। এ সময় তিতাস গ্যাসের মেঘনাঘাট জোনের ম্যানেজার সুরঞ্জিতসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চুনা কারখানাগুলো এক্সকেভেটরের মাধ্যমে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। পাশাপাশি ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ এবং পানি স্প্রে করা হয়।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে নিয়মিত অভিযান চলমান রয়েছে। ভবিষ্যতেও যেখানেই অবৈধ গ্যাস সংযোগ পাওয়া যাবে, সেখানেই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *