বন্দরে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ, বিচার চাইতে গিয়ে চুল কেটে দেওয়ার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দরে এক গৃহকর্মীকে ধর্ষণের পর বিচার চাইতে গেলে তার মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে বাড়িওয়ালা ও তার স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
শুক্রবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মদনপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
ভুক্তভোগী ৩০ বছর বয়সী নারী জানান, তার স্বামী মোশাররফ হোসেন পেশায় একজন রাজমিস্ত্রী। তাদের গ্রামের বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলার পাচকিপ্টা গ্রামে। প্রায় তিন বছর আগে তাদের বিয়ে হয়। বর্তমানে তারা মদনপুর এলাকায় মো. বাবুল মিয়ার বাড়িতে ভাড়া বাসায় থাকেন। আর্থিক সংকটের কারণে তিনি আশপাশের কয়েকটি বাসায় গৃহকর্মীর কাজ করেন এবং কিছুদিন ধরে বাড়িওয়ালার বাসাতেও কাজ করছিলেন।
অভিযোগ অনুযায়ী, ঘটনার দিন সকালে বাড়িওয়ালা বাবুল মিয়া তাকে ফোন করে দ্রুত কাজে যেতে বলেন। বাসায় গিয়ে তিনি দেখতে পান, বাড়িতে অন্য কেউ নেই। পরে তিনি রান্নাঘরে কাজ করার সময় বাবুল মিয়া তাকে ডেকে একটি কক্ষে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। এ ঘটনা কাউকে জানালে তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরে ভুক্তভোগী নারী বিষয়টি বাড়িওয়ালার স্ত্রী রোজিনা বেগমকে জানিয়ে বিচার দাবি করেন। কিন্তু অভিযোগ রয়েছে, উল্টো তারা দুজন মিলে তাকে হুমকি দেন এবং তার মাথার চুল কেটে দেন। পাশাপাশি বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করলে তার স্বামীর ক্ষতি করারও হুমকি দেওয়া হয়।
এ ঘটনায় বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে ভুক্তভোগী নারী বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে জানতে চাইলে থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ পাওয়ার পরই তদন্তের জন্য ধামগড় পুলিশ ফাঁড়ির কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বন্দরে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ, বিচার চাইতে গিয়ে চুল কেটে দেওয়ার অভিযোগ

Leave a Reply