সোনারগাঁয়ে ৪ চুনা কারখানা ও একটি ঢালাই কারখানা গুঁড়িয়ে দিল তিতাসের অভিযান

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৪টি চুনা কারখানা ও একটি ঢালাই কারখানা গুঁড়িয়ে দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৭ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় মোবাইল কোর্টের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মল্লিকপাড়া এলাকায় ১টি, পিরোজপুর মুজাফফর ফাউন্ডেশন মাদরাসা সংলগ্ন ১টি, ঝাউচর মসজিদ সংলগ্ন ১টি এবং পিরোজপুর আমবাগান এলাকায় ১টিসহ মোট ৪টি চুনা কারখানা ও একটি ঢালাই কারখানা উচ্ছেদ করা হয়। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারিকুল ইসলাম এবং তিতাস গ্যাসের মেঘনাঘাট জোনের ম্যানেজার প্রকৌশলী সুরঞ্জিত সেন।
উচ্ছেদ অভিযানে এক্সকেভেটরের মাধ্যমে কারখানাগুলো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এছাড়া ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ ও পানি স্প্রে করা হয়।
তিতাস কর্তৃপক্ষ জানায়, সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। যেখানে অবৈধ সংযোগ পাওয়া যাবে, সেখানেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *