Category: ‌শিক্ষা

  • সোনারগাঁয়ে এসএসসি ’৯০ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত

    সোনারগাঁয়ে এসএসসি ’৯০ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে হোসেনপুর শম্ভুপুরা পিরোজপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের এসএসসি ’৯০ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন পর সহপাঠীদের মিলনমেলায় দিনটি পরিণত হয় আনন্দ-উচ্ছ্বাস ও স্মৃতিচারণায় ভরপুর এক উৎসবে।
    শুক্রবার (১৭ এপ্রিল) সকালে হোসেনপুর শম্ভুপুরা পিরোজপুর ইউনিয়ন ডিগ্রি কলেজের অডিটোরিয়ামে এ পুনর্মিলনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম উদ্বোধন করা হয়।
    পরে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে সহপাঠীদের মধ্যে প্রাণবন্ত আড্ডা, খুনসুটি ও শৈশব-কৈশোরের স্মৃতিচারণা চলে। অনুষ্ঠানে অংশ নেন এসএসসি ’৯০ ব্যাচের শিক্ষার্থীরা, তাদের পরিবারের সদস্যরা এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ। শিক্ষকদের উপস্থিতিতে পুরো আয়োজনটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
    এদিকে সাংস্কৃতিক পর্বে গান, আবৃত্তি ও নৃত্য পরিবেশনের মাধ্যমে জমে ওঠে অনুষ্ঠান। দীর্ঘদিন পর একত্রিত হয়ে পুরনো দিনের স্মৃতি রোমন্থনে মেতে ওঠেন সবাই।
    অনুষ্ঠানের শেষপর্বে বিভিন্ন আয়োজনে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।
    আয়োজকরা জানান, ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে, যাতে বন্ধন আরও দৃঢ় হয় এবং প্রজন্ম থেকে প্রজন্মে এই সম্পর্ক টিকে থাকে।

  • মন্ত্রীর নির্দেশ মানছে না সোনারগাঁও পৌর বিএনপি, শিক্ষা প্রতিষ্ঠানে রয়ে গেছে ব্যানার

    মন্ত্রীর নির্দেশ মানছে না সোনারগাঁও পৌর বিএনপি, শিক্ষা প্রতিষ্ঠানে রয়ে গেছে ব্যানার

    নিউজ সোনারগাঁ : শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক পোস্টার, ব্যানার ও ফেস্টুন অপসারণে সরকারের নির্দেশনার পরও তা মানছে না সোনারগাঁও পৌর বিএনপির নেতাকর্মীরা—এমন অভিযোগ উঠেছে। এ নিয়ে স্থানীয়ভাবে সমালোচনার সৃষ্টি হয়েছে।
    জানা গেছে, সম্প্রতি বাংলাদেশ সরকারের রেল প্রতিমন্ত্রী হাবিবুর রহমান হাবিব এক সভায় দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে রাজনৈতিক পোস্টার, ব্যানার ও ফেস্টুন নিজ উদ্যোগে অপসারণের নির্দেশ দেন। নির্দেশনার পর দেশের বিভিন্ন স্থানে এসব অপসারণ করা হলেও সোনারগাঁও পৌরসভার কিছু এলাকায় এখনো তা দৃশ্যমান রয়েছে।
    সরেজমিনে পৌরসভার আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের একটি ভবনের দ্বিতীয় তলায় মূল সড়কের দিকে মুখ করে একটি ব্যানার ঝুলছে। ব্যানারটিতে সোনারগাঁও পৌর বিএনপির প্রচার সম্পাদকের উদ্যোগে দলের শীর্ষ নেতাদের সঙ্গে স্থানীয় কয়েকজন নেতার ছবি সংযুক্ত করে ঈদের শুভেচ্ছা জানানো হয়েছে। এছাড়া বিদ্যালয়ের মূল ফটকের সামনে একটি গাছে মেয়র প্রার্থী মোতালের হোসেনের ছবিসংবলিত আরেকটি পোস্টারও ঝুলতে দেখা গেছে।
    স্থানীয়রা জানান, ঈদ শেষ হওয়ার পরও দীর্ঘদিন ধরে এসব পোস্টার ও ব্যানার অপসারণ করা হয়নি। এতে সরকারের নির্দেশনার প্রতি অবজ্ঞা প্রদর্শন করা হচ্ছে বলে মনে করছেন তারা।
    এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বিএনপি নেতাকর্মী বলেন, দলের কেন্দ্রীয় নির্দেশনা ও সরকারের সিদ্ধান্তের প্রতি সম্মান দেখিয়ে দ্রুত এসব ব্যানার ও পোস্টার সরিয়ে ফেলা উচিত।
    তবে এ বিষয়ে সোনারগাঁও পৌর বিএনপির দায়িত্বশীল নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

  • সোনারগাঁয়ে সিনহা স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল

    সোনারগাঁয়ে সিনহা স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল

    নিউজ সোনারগাঁ : সোনারগাঁ উপজেলার কাঁচপুরে অবস্থিত সিনহা স্কুল অ্যান্ড কলেজে এসএসসি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
    বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অধ্যক্ষ আব্দুল আলীমের সভাপতিত্বে প্রধান অতিথি ও বিশেষ অতিথিসহ শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি পীর মোহাম্মদ পীরু এবং নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাউদ্দিন সালু।
    অনুষ্ঠানে বক্তারা এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপের দিকে তোমরা এগিয়ে যাচ্ছো। সামনে থাকা পরীক্ষার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে ভালো ফলাফল অর্জনের আহ্বান জানান তারা। পাশাপাশি শিক্ষার্থীদেরকে দেশের ভবিষ্যৎ হিসেবে উল্লেখ করে নৈতিকতা ও অধ্যবসায়ের মাধ্যমে নিজেদের গড়ে তোলার পরামর্শ দেন বক্তারা।
    বক্তারা আরও আশাবাদ ব্যক্ত করেন, সিনহা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা ভালো ফলাফল অর্জনের মাধ্যমে প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ণ রাখবে এবং ভবিষ্যতে সমাজে মর্যাদাপূর্ণ অবস্থান তৈরি করবে।
    অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

  • সোনারগাঁ জি.আর ইনস্টিটিউশনে এসএসসি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    সোনারগাঁ জি.আর ইনস্টিটিউশনে এসএসসি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গঙ্গাবাসী ও রামচন্দ্র পোদ্দার ইনস্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজে এসএসসি-২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার দুপুরে প্রতিষ্ঠানের বাহাউল হক ভবনের গঙ্গাবাসী অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরিদা ইয়াসমিন।
    অনুষ্ঠানে স্কুল ও কলেজ শাখার শিক্ষক-শিক্ষিকা এবং বিদায়ী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিদায়ী শিক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
    বিদায় অনুষ্ঠানে বিশেষভাবে সম্মাননা প্রদান করা হয় কলেজ শাখার এইচএসসি-২০২৫ ব্যাচের শিক্ষার্থী রাকিবুল ইসলামকে। তিনি ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ অর্জন করেন এবং পরবর্তীতে বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের স্বনামধন্য ৮টি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পান। বর্তমানে তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) অধ্যয়নরত।
    অনুষ্ঠানে সহকারী শিক্ষক শাহদাত হোসেন রতনের সঞ্চালনায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। এছাড়াও বক্তব্য রাখেন কলেজ শাখার সহকারী অধ্যাপক মো. মজিবুর রহমান এবং প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক এখলাছুর রহমান।
    দোয়া পরিচালনা করেন সহকারী শিক্ষক মোতালেব হোসেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।

  • সোনারগাঁয়ে পহেলা বৈশাখে শিক্ষার্থীদের নিম্নমানের পুরস্কার: প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ

    সোনারগাঁয়ে পহেলা বৈশাখে শিক্ষার্থীদের নিম্নমানের পুরস্কার: প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ

    নিউজ সোনারগাঁ : পহেলা বৈশাখ ১৪৩৩ উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নিম্নমানের পুরস্কার দেওয়ার অভিযোগ উঠেছে সোনারগাঁ উপজেলা প্রশাসনের বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিযোগী শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
    জানা গেছে, বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে সোনারগাঁ উপজেলা পরিষদের উদ্যোগে এ রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিন্নাতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।
    প্রতিযোগিতা শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। তবে পুরস্কার হিসেবে তাদের হাতে তুলে দেওয়া হয় পেন্সিল বক্স, যা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন অংশগ্রহণকারী ও অভিভাবকরা।
    মোগরাপাড়া সরকারি এইচজিজিএস স্মৃতি বিদ্যায়তনের এক অভিভাবক বলেন, “আমাদের শিক্ষার্থীরা মেধা তালিকায় শীর্ষ স্থান অর্জন করেছে, অথচ তাদের যে পুরস্কার দেওয়া হয়েছে তা অত্যন্ত সাধারণ। আমাদের এলাকার অনেক কিন্ডারগার্টেনেও এর চেয়ে ভালো পুরস্কার দেওয়া হয়।”
    একজন পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থী জানায়, “আমাদের দেওয়া পুরস্কার খুবই নিম্নমানের। এর চেয়ে ভালো কিছু দেওয়া যেত।”
    এ বিষয়ে বাংলাদেশ যুবশক্তি (এনসিপি)-এর যুগ্ম আহ্বায়ক তুহিন মাহমুদ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, “আয়োজনের জাঁকজমকে কোনো ঘাটতি নেই—কিন্তু শিক্ষার্থীদের পুরস্কারের ক্ষেত্রে সেই গুরুত্ব দেখা যায় না। এটা কি তাদের প্রাপ্য সম্মান?”
    এ বিষয়ে বক্তব্য জানতে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
    এ ঘটনায় স্থানীয় মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

  • সোনারগাঁয়ে নানাখী মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

    সোনারগাঁয়ে নানাখী মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের নানাখী মডেল স্কুলে উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
    বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন নানাখী মডেল স্কুলের সভাপতি আবু হামযা সাআদ।
    অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সাবেক সচিব সৈয়দ বোরহান উদ্দিন হিরণ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাউসার। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক সিরাজুল ইসলাম।
    এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালক আনিসুর রহমান, কৃষ্ণ রায়, আছফার, কমল মিত্র, আরিফুল ইসলাম বাবু, সাব্বির আহম্মেদ, সৈয়দ ফারহান আহম্মেদ, ফয়সাল আহম্মেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
    অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অহিদুল ইসলাম। এ সময় শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।
    প্রধান অতিথির বক্তব্যে কাউসার বলেন, খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং তাদের মাদক থেকে দূরে রাখে। তাই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত এমন আয়োজন হওয়া প্রয়োজন। তিনি বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং যারা বিজয়ী হতে পারেনি তাদের আগামীতে আরও ভালো করার জন্য উৎসাহিত করেন।
    অনুষ্ঠান শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

  • সোনারগাঁও সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

    সোনারগাঁও সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সোনারগাঁও সরকারি কলেজে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
    বৃহস্পতিবার (২ এপ্রিল) কলেজ ক্যাম্পাসজুড়ে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এ প্রতিযোগিতার সমাপ্তি ঘটে। “ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, সুস্থ দেহে সুন্দর মন” স্লোগানে আয়োজিত এই অনুষ্ঠানে ছাত্র-ছাত্রী, শিক্ষক ও কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।
    দিনব্যাপী প্রতিযোগিতায় ছাত্রীদের মিউজিক্যাল চেয়ার, ছাত্রদের ভলিবল ও মোরগ যুদ্ধের পাশাপাশি শিক্ষকদের মিনি গোলবারে বল নিক্ষেপ, শিক্ষিকাদের পিলো পাসিং এবং চতুর্থ শ্রেণির কর্মচারীদের ঝুড়িতে বল নিক্ষেপ ছিল বিশেষ আকর্ষণ।
    দুপুরে কলেজের মুক্তমঞ্চে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল কালাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্রীড়া প্রতিযোগিতা কমিটির আহ্বায়ক ও পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ মোজামেল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক জান্নাতুল ফেরদৌস।
    এসময় বিভিন্ন বিভাগের শিক্ষক ও বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মাহফুজুল ইসলাম হায়দার, আইসিটি বিভাগের প্রভাষক আল মামুন সিকদার এবং মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক এলিজা আক্তার।
    প্রতিযোগিতার শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে কলেজ বিএনসিসি, রোভার স্কাউট ও রেড ক্রিসেন্ট ইউনিটের সদস্যরা দায়িত্ব পালন করেন।
    উল্লেখ্য, এবারের ক্রীড়া প্রতিযোগিতায় ১০০ ও ২০০ মিটার দৌড়, বর্শা নিক্ষেপ, চাকতি নিক্ষেপ, লৌহ গোলক নিক্ষেপ, ব্যাডমিন্টন, ফুটবল ও ভলিবলসহ বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হয়। সফলভাবে আয়োজন সম্পন্ন করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছে কলেজ প্রশাসন।

  • সোনারগাঁও সরকারি কলেজে নবনির্বাচিত এমপি আজহারুল ইসলাম মান্নানকে ফুলেল শুভেচ্ছা

    সোনারগাঁও সরকারি কলেজে নবনির্বাচিত এমপি আজহারুল ইসলাম মান্নানকে ফুলেল শুভেচ্ছা

    নিউজ সোনারগাঁ: সোনারগাঁও সরকারি কলেজ-এর পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান-কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। এ সময় কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল কালাম আনুষ্ঠানিকভাবে তাকে শুভেচ্ছা জানান।
    অনুষ্ঠানে কলেজের অন্যান্য শিক্ষক ও কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। তারা নবনির্বাচিত এমপিকে অভিনন্দন জানিয়ে শিক্ষা খাতে তার সহযোগিতা প্রত্যাশা করেন।
    এ সময় আজহারুল ইসলাম মান্নান বলেন, সোনারগাঁও সরকারি কলেজে শিক্ষার মান আরও উন্নত করতে শিক্ষক সমাজকে দায়িত্বশীল ও যত্নশীল ভূমিকা পালন করতে হবে। তিনি শিক্ষার্থীদের গুণগত শিক্ষা নিশ্চিত করতে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।
    পরিশেষে কলেজের সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন নবনির্বাচিত এই সংসদ সদস্য।

  • জুনিয়র বৃত্তি’র মেধা স্থানে প্রথম সোনারগাঁ জি.আর এর আলিফ মোল্লা

    জুনিয়র বৃত্তি’র মেধা স্থানে প্রথম সোনারগাঁ জি.আর এর আলিফ মোল্লা

    নিউহ সোনারগাঁ: এবারের অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফলে সোনারগাঁয়ের শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান সোনারগাঁ.জি আর ইনস্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী আলিফ মোল্লা  মেধা স্থানে প্রথম হয়েছে। এবার সোনারগাঁ উপজেলা মোট ৩২টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের  ১হাজার ৮০জন পরীক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে সোনারগাঁ জি.আর ইনস্টিটিউশন এর অষ্টম শ্রেণির শিক্ষার্থী ট্যালেন্টপুলে বৃত্তি পেয়ে পুরো উপজেলায় মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করেছে।
    এছাড়া তিনটি ট্যালেন্টপুল ও ৯ টি সাধারণ বৃত্তি পেয়ে পুরো উপজেলায় দ্বিতীয় স্থান অর্জন করেছে এ শিক্ষা প্রতিষ্ঠান।
    জুনিয়র বৃত্তি পরীক্ষায় পুরো উপজেলায় প্রথম স্থান অধিকারকারী আলিফ মোল্লা সোনারগাঁ পৌরসভার লাহাপাড়া গ্রামের মনির হোসেন মোল্লা ও মোমেনা আক্তার লাভলী দম্পতির পুত্র।
    সোনারগাঁ জি.আর ইনস্টিটিউশনের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরিদা ইয়াসমিন বলেন, এবারের বৃত্তি পরীক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিশেষ ক্লাস করানো হয়েছিল। তাছাড়া শিক্ষকদের দিকনির্দেশনায়  শিক্ষার্থীরাও কঠোর পরিশ্রম করেছে। আলিফ মোল্লার সাফল্যে তিন তাকে শুভেচ্ছা জ্ঞাপন করেন।
    এ প্রতিষ্ঠানের অন্য দুজন ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্তরা হলো মোরসালিন হোসাইন সূর্য ও আহনাফ আনান তৌসিফ।
    সাধারণ বৃত্তি প্রাপ্ত ৯জনের মধ্যে ৪ জন ছেলে ও ৫ জন মেয়ে শিক্ষার্থী। ৪জন ছেলে বৃত্তি প্রাপ্তরা হলো আদনান, জুবায়ের আল রাহি, নাকিবুল আলম নাকিব ও আবু সাইদ। এছাড়া ৫ জন মেয়ে বৃত্তি প্রাপ্তরা হলো দিঘী,নওরিন, হাফসা, নুসরাত জাহান নুহা ও নাদিয়া আক্তার দোলা।

  • ভাষা আন্দোলনের অগ্রসেনানী সোনারগাঁয়ের ড. নূরুল হক ভূঁইয়া

    ভাষা আন্দোলনের অগ্রসেনানী সোনারগাঁয়ের ড. নূরুল হক ভূঁইয়া

    নিউজ সোনারগাঁ : বাঙালির স্বাধিকার আন্দোলন ও বুদ্ধিবৃত্তিক চর্চার ইতিহাসে কিছু নাম ধ্রুবতারার মতো উজ্জ্বল হলেও প্রচারের আলো থেকে তাঁরা অনেকটা অন্তরালেই রয়ে গেছেন। তেমনই এক ক্ষণজন্মা পুরুষ ভাষা আন্দোলনের প্রথম সারির সংগঠক এবং প্রখ্যাত বিজ্ঞানী ড. এ এস এম নূরুল হক ভূঁইয়া। জাতির ক্রান্তিলগ্নে তাঁর বলিষ্ঠ নেতৃত্ব এবং বিজ্ঞানের নিভৃত সাধনায় তাঁর অনবদ্য অবদান আজ আমাদের গর্বের সম্পদ।

    জন্ম ও শৈশব: ড. নুরুল হক ভূইয়া ১৯২৩ সালের ১ মে,  ঐতিহাসিক সোনারগাঁয়ের নোয়াগাঁও ইউনিয়নের  গোবিন্দপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে  জন্ম গ্রহণ করেন।ড. নূরুল হক ভূইয়ার পুরো নাম আবু সাইদ মোহাম্মদ নুরুল হক ভূইয়া। পিতা মৌলভী সাহাবদ্দীন ভূঁইয়ার আদর্শে বড় হওয়া নূরুল হকের শৈশব নাম ছিল মনির হোসেন। ছয় ভাই ও এক বোনের সংসারে মেধার দীপ্তিতে শৈশব থেকেই তিনি ছিলেন অনন্য।

    শিক্ষাজীবন: মেধার অসামান্য স্বাক্ষর

    বড় ভাই রমিজদ্দীন ভূঁইয়ার হাত ধরে বিদ্যাপীঠে যাত্রা শুরু। প্রাথমিক স্তরেই তাঁর নাম পরিবর্তিত হয়ে ‘নূরুল হক ভূঁইয়া’ স্থায়ী হয়। ১৯৩৯ সালে মহজমপুর উচ্চ বিদ্যালয় থেকে ডিস্টিংশনসহ প্রথম বিভাগে প্রবেশিকা (এন্ট্রান্স) পাস করার পর তিনি উচ্চশিক্ষার পথে ধাবিত হন। ১৯৪৪ সালে বিএসসি (অনার্স) এবং ১৯৪৫ সালে অত্যন্ত কৃতিত্বের সাথে এমএসসি সম্পন্ন করেন। পরবর্তীকালে ১৯৭৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ‘স্টাডিজ অন মেটাল সালফাইড’ বিষয়ের ওপর গবেষণার স্বীকৃতিস্বরূপ পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

    কর্মজীবন ও শেকড়ের টান:

    ১৯৪৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে প্রভাষক হিসেবে যোগদানের মাধ্যমে শুরু হয় তাঁর দীর্ঘ ৩৭ বছরের গৌরবময় শিক্ষকতা জীবন। ১৯৮৪ সালে বিভাগীয় চেয়ারম্যান হিসেবে তিনি অবসর নেন। তিনি ছিলেন ঢাকা বিশ্ব বিদ্যালয়ের স্যার এফ  রহমান হলের প্রথম প্রভোস্ট। ড. নুরুল হক ভূইয়ার দেশপ্রেম ছিল প্রশ্নাতীত। ১৯৪৮ সালে কমনওয়েলথ বৃত্তি এবং ১৯৬০ সালে পাকিস্তান এটমিক এনার্জি কমিশনের ফেলোশিপ লাভের সুযোগ এলেও বিদেশের হাতছানি তাঁকে টলাতে পারেনি; মাতৃভূমির সেবা করতেই তিনি দেশে থেকে যাওয়াকে শ্রেষ্ঠ মনে করেছিলেন।

    ভাষা আন্দোলনে অবিস্মরণীয় ভূমিকা:

    ড. নূরুল হক ভূঁইয়া ছিলেন ১৯৫২-র ভাষা আন্দোলনের অন্যতম নেপথ্য কারিগর। রাজনৈতিক প্রজ্ঞা ও সাংস্কৃতিক চেতনায় ঋদ্ধ এই মানুষটি ১৯৪৭ সালের ১ সেপ্টেম্বর অধ্যাপক আবুল কাসেমের সাথে মিলে প্রতিষ্ঠা করেন ঐতিহাসিক ‘তমুদ্দুন মজলিস’। তিনি ছিলেন এর প্রতিষ্ঠাতা সাংস্কৃতিক সম্পাদক।

    ভাষা আন্দোলনের সাংগঠনিক ভিত্তি মজবুত করতে ১৯৪৭ সালের ১ অক্টোবর গঠিত প্রথম ‘রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’-এর প্রথম আহ্বায়কের গুরুদায়িত্ব অর্পিত হয় তাঁর কাঁধেই। পাকিস্তান প্রতিষ্ঠার অব্যবহিত পরেই তাঁর বড় ভাই রমিজ উদ্দিন ভূইয়ার তৎকালীন আবাসস্থল ‘লিলি কটেজ’-এ অনুষ্ঠিত ঐতিহাসিক বৈঠকে তিনি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে সোচ্চার হন, যা পরবর্তীকালে গণআন্দোলনের রূপ নেয়।

    বিজ্ঞানী ও লেখক হিসেবে অবদান:

    বিজ্ঞান সাধনায় তিনি ছিলেন এক বিরল প্রতিভা। পাটের অগ্নিরোধক মিশ্রণ এবং পাটখড়ি থেকে জাইলোজ উৎপাদনের পদ্ধতি আবিষ্কার করে তিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে দৃষ্টি আকর্ষণ করেন। এছাড়া বর্জ্য জিপসাম থেকে সার উৎপাদনের তাঁর আবিষ্কৃত পদ্ধতি শিল্পক্ষেত্রে বৈপ্লবিক ভূমিকা রাখে। মাতৃভাষায় বিজ্ঞান চর্চাকে জনপ্রিয় করতে তিনি শিক্ষার্থীদের জন্য রচনা করেন অনন্য পাঠ্যবই ‘শিল্প রসায়ন ও রসায়ন প্রযুক্তি’।

    প্রচারবিমুখ ও প্রচারবিলাসহীন এই মহান মনীষী ১৯৯৮ সালে মৃত্যুর বরণ করার পূর্ব পর্যন্ত সময়ে নিরবে  নিভৃতে বাংলাদেশের সেবা করে গেছেন। আজ আমরা যে স্বাধীন ভূখণ্ড ও মাতৃভাষার মর্যাদা নিয়ে বিশ্বমঞ্চে দাঁড়িয়ে আছি, তার ভিত্তিপ্রস্তর স্থাপনে ড. নূরুল হক ভূঁইয়ার ত্যাগ ও অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। গুণী এই মানুষের জীবন ও কর্ম নতুন প্রজন্মের কাছে এক অনন্ত অনুপ্রেরণার উৎস।

    মাহফুজুল ইসলাম হায়দার
    সহযোগী অধ্যাপক, ইতিহাস,
    সোনারগাঁও সরকারি কলেজ।

  • বুয়েট, কুয়েট ও রুয়েট সহ ৮ প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পেলো সোনারগাঁ জি.আর এর মেধাবী শিক্ষার্থী রাকিবুল

    বুয়েট, কুয়েট ও রুয়েট সহ ৮ প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পেলো সোনারগাঁ জি.আর এর মেধাবী শিক্ষার্থী রাকিবুল

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সোনারগাঁ গঙ্গাবাসী রামচন্দ্র পোদ্দার ইনস্টিটিউটশন মডেল স্কুল এন্ড কলেজের মেধাবী ছাত্র রাকিবুল ইসলাম দেশ সেরা ৮ প্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তির সুযোগ পেয়েছেন। তার এ সাফল্যে তার বাবা, মা, শিক্ষক ও এলাকাবাসী উচ্ছ্বাস প্রকাশ করেছেন। রাকিবুল ইসলাম সোনারগাঁ গঙ্গাবাসী রামচন্দ্র পোদ্দার ইনস্টিটিউটশন মডেল স্কুল এন্ড কলেজ থেকে ২০২৩ সালে এসএসসি ও  ২০২৫ সালে এইচএসসি সাফল্যের সাথে বিজ্ঞান শাখা থেকে জিপিএ-৫ পেয়ে পাশ করে।

    উক্ত প্রতিষ্ঠানের কলেজ শাখা থেকে সদ্য এইচএসসি পাস করার পর দেশ
    সেরা বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষা দিয়ে বুয়েটে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ৫২৫ তম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৭৮৮তম,বুটেক্স এ ১৫৭ তম, কুয়েট এ ১০৭২ তম, রুয়েট এ ১৫৬১ তম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৩৩৭৫ তম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১৬৮ তম, ও মেডিক্যাল এ ৬২.৫ নাম্বার পেয়ে ভর্তির সুযোগ পায়।

    রাকিবুল ইসলাম উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হামছাদী পশ্চিম পাড়া গ্রামের শহিদুল্লাহ মিয়ার ছেলে।

    রাকিবুল ইসলাম ইসলামের বড় ভাই সাকিবুল ইসলাম সবুজ জানান, তার ভাইয়ের সাফল্য তারা আনন্দিত ও উচ্ছ্বাসিত। সোনারগাঁ জি.আর.ইনস্টিটিউশনের শিক্ষকদের প্রতি তার পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়েছেন। সোনারগাঁ জি.আর. ইনস্টিটিউশন থেকে শিক্ষকরা  আগামীতেও এমন মেধাবী শিক্ষার্থী বের করে নিয়ে আসবেন এমন প্রত্যাশা সব সময়। পাশাপাশি এমন মেধা শিক্ষার্থীরা যাতে সাফল্যের পথে এগিয়ে যায় এমন প্রত্যাশা করেন।

    সোনারগাঁ জি. আর. ইনস্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরিদা ইয়াসমিন জানান,  প্রতিষ্ঠানে অনেক মেধাবী শিক্ষার্থী রয়েছে। তারা শিক্ষার পরিবেশ পেলে আগামী দিনেও রাকিবের মতো শিক্ষার্থীরা দেশের সেরা বিভিন্ন প্রতিষ্ঠানে সোনারগাঁ জি.আর. ইনস্টিটিউশনের সুনাম অক্ষুন্ন রাখবে এ প্রত্যাশা। আমরা চাই আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দেশের বিভিন্ন স্থানে সাফল্যের সাথে গুরুত্বপূর্ণ স্থান দখল করে নিবেন।

  • সোনারগাঁয়ে শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

    সোনারগাঁয়ে শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

    নিউজ সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পৌরসভার দত্তপাড়া এলাকায় অবস্থিত পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমানের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী।

     

    বুধবার ১৪ জানুয়ারী  প্রায় দুই ঘণ্টা উপজেলা পরিষদ চত্বরে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এর আগে, মঙ্গলবার বিকেলে শিক্ষকের ওপর এ হামলার ঘটনা ঘটে।

     

    বিক্ষোভ চলাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিবুল্লাহ এবং মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বিক্ষোভস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের অভিযোগ শোনেন এবং তাদের দেওয়া স্মারকলিপি গ্রহণ করেন।

     

    একই সঙ্গে তারা শিক্ষকের ওপর হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন এবং বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়েরের পরামর্শ দেন।

     জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট দেশে পটপরিবর্তনের পর তৎকালীন প্রধান শিক্ষক মতিউর রহমানকে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও স্থানীয় রাজনৈতিক নেতাদের যোগসাজশে বিদ্যালয় থেকে সরিয়ে দেওয়া হয়। এ ঘটনার সঙ্গে বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমানের সংশ্লিষ্টতা ছিল বলে অভিযোগ রয়েছে। এরপর থেকেই দুই শিক্ষকের মধ্যে বিরোধ চলমান।

    পরবর্তীতে তৎকালীন প্রধান শিক্ষক মতিউর রহমান উচ্চ আদালতের শরণাপন্ন হলে আদালত তার পক্ষে রায় দেন এবং তিনি পুনরায় বিদ্যালয়ের দায়িত্ব গ্রহণ করেন। এদিকে বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান ওই রায়ের বিরুদ্ধে রিট আবেদন করেন, যা বর্তমানে আদালতে বিচারাধীন। ফলে দু’জনই নিজেদের প্রধান শিক্ষক দাবি করে নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত হচ্ছেন।

    নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিভাবক জানান, মূলত দুই প্রধান শিক্ষকের দ্বন্দ্বে ইন্ধন দিচ্ছেন স্থানীয় কিছু প্রভাবশালী রাজনৈতিক নেতা।

    বিদ্যালয়ে আধিপত্য বিস্তারের জন্য তারা দুটি গ্রুপ তৈরি করেছেন। এই অবস্থা অব্যাহত থাকলে শিক্ষার্থীদের লেখাপড়ার মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং যেকোনো সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনার আশঙ্কা রয়েছে।

    সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিববুল্লাহ বলেন, বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে গ্রুপিং একটি আলাদা বিষয়। তবে শিক্ষকের ওপর হামলার ঘটনায় এখনো কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে

  • সোনারগাঁয়ে বাসমাহ স্কুল এন্ড কালচারাল সেন্টারে বর্ণাঢ্য গ্র্যাজুয়েশন প্রোগ্রাম অনুষ্ঠিত

    সোনারগাঁয়ে বাসমাহ স্কুল এন্ড কালচারাল সেন্টারে বর্ণাঢ্য গ্র্যাজুয়েশন প্রোগ্রাম অনুষ্ঠিত

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাসমাহ স্কুল এন্ড কালচারাল সেন্টার (সনমান্দী শাখা)-এ শিক্ষার্থীদের গ্র্যাজুয়েশন প্রোগ্রাম উপলক্ষে এক জাঁকজমকপূর্ণ ও বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উৎসবমুখর এই আয়োজনে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন গ্রেড ফাইভের শিক্ষার্থী সাফওয়ান। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গ্রেড ফোরের শিক্ষার্থী মাহবুব ও তানহা।

    স্বাগত বক্তব্যে বাসমাহ স্কুল এন্ড কালচারাল সেন্টারের সম্মানিত বোর্ড মেম্বার আমিন মাহমুদ শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার গুরুত্ব তুলে ধরেন।

    অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে শিক্ষা প্রদর্শনী, হামদ, নাত ও কবিতা আবৃত্তি পরিবেশন করা হয়, যা পুরো আয়োজনকে করে তোলে প্রাণবন্ত ও আকর্ষণীয়। গ্র্যাজুয়েশন প্রোগ্রামের মূল পর্বে বিভিন্ন শ্রেণি থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে বেস্ট হ্যান্ডরাইটিং, বেস্ট এটেনডেন্সসহ গ্রেড ফাইভের শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন অনুষ্ঠানের বিশেষ অতিথি সোনারগাঁ সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মাহফুজুল ইসলাম হায়দার।

    উল্লেখ্য, গত পাঁচ বছর ধরে বাসমাহ ফাউন্ডেশন দেশ ও মানবতার কল্যাণে সারাদেশব্যাপী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষা, আবাসন, বিশুদ্ধ পানির ব্যবস্থা, শীতবস্ত্র বিতরণ ও কুরবানি প্রকল্পসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমের মাধ্যমে প্রতিষ্ঠানটি সমাজে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

    অনুষ্ঠানের শেষ পর্যায়ে বাসমাহ ফাউন্ডেশনের সিইও মীর সাখাওয়াত হোসাইন ও তাঁর পরিবারসহ দেশ, জাতি এবং শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন ‘বাসমাহ অরফান’স হোম স্কুল এন্ড কালচারাল সেন্টার’-এর এডুকেশন ইনচার্জ আহমেদ আমিন।

  • সোনারগাঁ জি. আর স্কুলের গভর্নিং বডির নির্বাচনে মনোনয়ন জমা দিলেন সাংবাদিক মিজান

    সোনারগাঁ জি. আর স্কুলের গভর্নিং বডির নির্বাচনে মনোনয়ন জমা দিলেন সাংবাদিক মিজান

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ১২৫ বছরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সোনারগাঁ জি. আর ইনস্টিটিউশন মডেল স্কুল অ্যান্ড কলেজ-এর গভর্নিং বডির নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন দৈনিক আমাদের সময় পত্রিকার স্টাফ রিপোর্টার মিজানুর রহমান মামুন

    রবিবার দুপুরে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরিদা ইয়াসমিন এর নিকট আনুষ্ঠানিকভাবে তিনি স্কুল শাখার অভিভাবক সদস্য পদে মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় তার সঙ্গে বিপুল সংখ্যক অভিভাবক, সমর্থক ও সহকর্মী উপস্থিত ছিলেন।

    মিজানুর রহমান মামুন ছাড়াও একই পদে দুলাল মিয়াআনোয়ার হোসেন মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী ৫ নভেম্বর (বুধবার) অনুষ্ঠিতব্য নির্বাচনে এই তিনজন প্রার্থীর মধ্যে থেকে অভিভাবকরা প্রত্যক্ষ ভোটের মাধ্যমে দুইজনকে নির্বাচিত করবেন।

    অন্যদিকে, কলেজ শাখার অভিভাবক সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন লিয়াকত হোসেনমো. মোশাররফ হোসেন। তাদের বিপরীতে অন্য কোনো প্রার্থী না থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

    এছাড়া সংরক্ষিত নারী অভিভাবক সদস্য পদে হাওয়া আক্তার মনোনয়নপত্র দাখিল করেছেন। তিনিও কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

  • সোনারগাঁ জি আর ইনস্টিটিউট স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি ফলাফলে বিপর্যয়

    সোনারগাঁ জি আর ইনস্টিটিউট স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি ফলাফলে বিপর্যয়

    নিউজ সোনারগাঁ : ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে সোনারগাঁ উপজেলার ১০টি উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে হতাশাজনক ফল করেছে সোনারগাঁ জিআর ইনস্টিটিউট স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটিতে এবারের পাশের হার মাত্র ১৮.৪৯ শতাংশ

    চলতি বছরে মোট ১১৯ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে কেবল ২২ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। বাকি ৯৭ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়, যা প্রতিষ্ঠানটির সামগ্রিক ফলাফলকে মারাত্মকভাবে নিচে নামিয়ে দিয়েছে।

    ফলাফলের এই বিপর্যয়ের জন্য শিক্ষক, অভিভাবক ও পরীক্ষার্থীদের পারস্পরিক উদাসীনতাকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। অনেকের মতে, পাঠদানে গাফিলতি, পরীক্ষার পূর্ব প্রস্তুতির ঘাটতি এবং শিক্ষার্থীদের অনীহা—সব মিলিয়ে এমন হতাশাজনক ফলাফলের জন্ম দিয়েছে।

    সোনারগাঁ জি.আর. ইনস্টিটিউট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফরিদা ইয়াসমিন বলেন,
    “আমি যখন প্রতিষ্ঠানের দায়িত্ব গ্রহণ করি, তখন পরীক্ষার্থীরা ইতোমধ্যে টেস্ট পরীক্ষায় অংশ শেষ করেছে। এরপর বৈষম্যবিরোধী আন্দোলন এবং পরবর্তীতে অধ্যক্ষ পরিবর্তন নিয়ে আন্দোলনের কারণে শিক্ষার্থীরা নিয়মিত পড়াশোনা করতে পারেনি। ফলে টেস্ট পরীক্ষায় অধিকাংশ শিক্ষার্থী অকৃতকার্য হয়। সে সময় আমরা তাদের ফরম পূরণে বাধা দিতে চেয়েছিলাম, কিন্তু দেশের সার্বিক পরিস্থিতি অনুকূল না থাকায় বাধ্য হয়ে তাদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে হয়। এই কারণেই শিক্ষার্থীদের ফলাফল আশানুরূপ হয়নি।”

    স্থানীয় শিক্ষা সংশ্লিষ্টরা দ্রুত পদক্ষেপ নিয়ে প্রতিষ্ঠানটির শিক্ষা মান উন্নয়নের দাবি জানিয়েছেন।

  • সোনারগাঁয়ে এইচএসসি পরীক্ষায় স্টার ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ সেরা

    সোনারগাঁয়ে এইচএসসি পরীক্ষায় স্টার ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ সেরা

    নিউজ সোনারগাঁ : 

    আজ ১৬ই অক্টোবর বৃহস্পতিবার ২০২৪-২৫ এর প্রকাশিত এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে সোনারগাঁ উপজেলার ১০টি উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে সোনারগাঁ স্টার ফ্লাওয়ার শাহ আলী রফিকুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজ

    চলতি বছরে প্রতিষ্ঠানটির মোট ১৪৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে, এর মধ্যে ১৪২ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। পাশের হার দাঁড়িয়েছে ৯৭.৯৩ শতাংশ

    ভাল ফলাফলের প্রতিক্রিয়ায় প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা রফিকুল ইসলাম বলেন, “এই ফলাফল আমাদের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের যৌথ প্রচেষ্টার ফল। আমরা ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়নে আরও আন্তরিকভাবে কাজ করে যাব।”

    সোনারগাঁ অঞ্চলে ধারাবাহিক ভালো ফলাফলের মাধ্যমে স্টার ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ ইতোমধ্যেই একটি সুনাম অর্জন করেছে।