নিউজ সোনারগাঁ : গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন পাগলা আজ রবিবার (৪ জানুয়ারি ২০২৬) সকাল ৬টায় নারায়ণগঞ্জের কাচপুর ব্রিজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে সন্দেহজনক দুটি ট্রাক তল্লাশি করে প্রায় ১৭ লাখ ৫০ হাজার টাকা মূল্যের আনুমানিক ২ হাজার ৫০০ কেজি জাটকা জব্দ করা হয়। এসময় ট্রাকের চালক ও হেল্পারদের কাছ থেকে মুচলেকা নিয়ে ট্রাকসহ ছেড়ে দেওয়া হয়।
জব্দকৃত জাটকা নারায়ণগঞ্জ সদর উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় বিভিন্ন মাদ্রাসা এবং গরিব ও দুঃস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়।
কোস্ট গার্ড সূত্র জানায়, মৎস্যসম্পদ রক্ষা ও অবৈধ জাটকা আহরণ বন্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Category: ইউনিয়ন
-

কাঁচপুরে কোস্ট গার্ডের অভিযানে ১৭ লাখ টাকার জাটকা জব্দ
-

সোনারগাঁয়ে শতবর্ষী ভবনের ছাদ ধসে নারী আহত, অবস্থা আশঙ্কাজনক
নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বিশেষ খানা গ্রামে প্রায় ৪শ’ বছরের পুরোনো একটি ভবনের ছাদ ধসে আক্তার বানু (৬০ ঊর্ধ্ব) নামে এক নারী গুরুতর আহত হয়েছেন। রোববার (৫ জানুয়ারি) মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে।
আহত আক্তার বানুকে প্রথমে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি ঢামেকে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনাস্থলে গিয়ে আহত নারীর ভাতিজা নয়ন জানান, রাতে ভবন ধসে পড়ার খবর পেয়ে তারা দ্রুত সেখানে ছুটে যান এবং আহত অবস্থায় আক্তার বানুকে উদ্ধার করে হাসপাতালে নেন।
আহত নারীর নাতি আরাফাত জানান, রাতের খাবার শেষে তারা ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ১২টার দিকে ভবনের লোহা বা রড খুলে নেওয়ার চেষ্টা করছে এমন চোরের উপস্থিতি টের পেয়ে তারা বাইরে বের হন। চোরদের ধরতে না পেরে কিছুক্ষণ পর ঘরে ফিরে শুয়ে পড়েন। এরপর রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ দোতলার ছাদ ধসে পড়ে। এতে তার দাদি আক্তার বানু মারাত্মকভাবে আহত হন।
আরাফাতের দাবি, চোরচক্র দীর্ঘদিন ধরেই ওই ভবনসহ আশপাশের পুরোনো ভবনগুলো থেকে লোহা ও রড খুলে নিয়ে যাচ্ছে। শনিবার দিবাগত রাতেও চোরেরা ভবনে প্রবেশ করে রড খুলতে চেষ্টা করে। তাদের তাড়িয়ে দেওয়ার প্রায় ১০ মিনিট পরই ছাদটি ধসে পড়ে।
ভবনে বসবাসকারী অন্যান্য পরিবারের সদস্যরাও জানান, স্থানীয় কিছু বিপথগামী যুবক মাদক কেনার টাকার জন্য প্রায় ৩শ’ বছরের পুরোনো এসব ভবন থেকে নিয়মিত লোহা ও রড খুলে নিয়ে যায়। এতে ভবনগুলো দিন দিন আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।
স্থানীয়দের ভাষ্যমতে, এক যুগেরও বেশি সময় আগে উপজেলা প্রশাসন ভবনগুলোকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ঘোষণা করে সতর্ক করলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
সরেজমিনে দেখা গেছে, ওই ভবনে নিম্ন আয়ের ও মধ্যবিত্ত একাধিক পরিবার বসবাস করছে। একই সঙ্গে সেখানে একটি সরকারি ইউনিয়ন ভূমি অফিসও রয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে বসবাস ও চাকরি করলেও প্রতিনিয়ত আতঙ্কের মধ্যেই দিন কাটাচ্ছেন তারা। -

সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নে বিএনপির উদ্যোগে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যার পর জামপুর ইউনিয়নের বশিরগাঁও এলাকায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে জামপুর ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মিল্টনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির ১ নম্বর সহ-সভাপতি ও জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম মেম্বার, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূঁইয়া, জামপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি লতিফ মেম্বার ও ওসমান মেম্বার, বিএনপি নেতা শহিদুল্লাহ সরকার, উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ মামুন ভূঁইয়া, উপজেলা বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক শাহ আলম, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহিন শিকদার, জামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি পদপ্রার্থী মামুনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে আল মুজাহিদ মল্লিক বলেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন একজন আপসহীন নেত্রী। তার রুহের মাগফিরাত কামনা করছি। তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন সৎ ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ এবং দেশের অন্যতম শ্রেষ্ঠ রাষ্ট্রপতি। তার সততা ও আদর্শ বুকে ধারণ করেই আমরা রাজনীতি করে আসছি।
তিনি বলেন, বিএনপির আদর্শে রাজনীতি করলে চাঁদাবাজি ও দখলবাজির কোনো জায়গা নেই। আমি সবসময় আপনাদের পাশে আছি। ধানের শীষের বাইরে কখনো রাজনীতি করিনি, ভবিষ্যতেও করবো না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
দোয়া মাহফিল শেষে দেশ ও জাতির শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। -

সোনারগাঁয়ের অলিপুরায় অবৈধ মাটি কাটায় এক লক্ষ টাকা জরিমানা, আটক ১
নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ও সনমান্দী ইউনিয়নের মধ্যবর্তী স্থানে অলিপুরা ব্রিজের নিচে সরকারি জায়গা দখল করে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে ঘটনাস্থল পরিদর্শন শেষে সোনারগাঁ সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত) এবং পরিবেশ সংরক্ষণ আইনে মোট এক লক্ষ টাকা জরিমানা করেন। এর মধ্যে ইট ভাটা আইনে ৫০ হাজার এবং পরিবেশ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে অবৈধ মাটি কাটার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইটভাটার মালিক গিয়াস উদ্দিনের ছেলে আনিসুর রহমান রবিনকে আটক করে হাতকড়া পরানো হয়। পরে ম্যাজিস্ট্রেটের নির্দেশে জরিমানার টাকা পরিশোধ ও ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না থাকার অঙ্গীকারে তাকে ছেড়ে দেওয়া হয়।
প্রশাসন সূত্রে জানা যায়, গত সাত দিন ধরে অলিপুরা ব্রিজের নিচে সরকারি জমি থেকে মাটি কেটে তা ইটভাটায় ব্যবহার করা হচ্ছিল এবং এর মাধ্যমে জায়গা দখলের চেষ্টা চলছিল। স্থানীয় সাংবাদিকদের সংবাদ প্রকাশের পর বিষয়টি প্রশাসনের নজরে আসে। এরপর মাটি কাটা বন্ধের নির্দেশ দেওয়া হলেও তা অমান্য করা হয়।
গ্রামবাসীর উপস্থিতিতে পুনরায় মাটি কাটার প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত আনিসুর রহমান রবিনকে নগদ এক লক্ষ টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে সাত বছরের কারাদণ্ডের বিধানও ঘোষণা করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, সরকারি জমি রক্ষা ও পরিবেশ সংরক্ষণে এ ধরনের অভিযান নিয়মিত চলবে। -

সোনারগাঁয়ে জামিনে এসে বাদিকে কুপিয়ে জখম
নিউজ সোনারগাঁ : সোনারগাঁয় সেলিম মিয়া ওরফে উদয় নামে এক হত্যা মামলার আসামি জামিনে এসে মামলার বাদীর ছেলে সজিব মিয়াকে কুপিয়ে জখম করেছেন বলে অভিযোগ উঠেছে।
রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আহত সজিব মিয়াকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সজিব মিয়ার মা সেতেরা বেগম বাদী হয়ে বিকেলে সোনারগাঁ থানায় অভিযোগ করেন।
জানা গেছে, উপজেলার পিরোজপুর ইউনিয়নের মৃধাকান্দি গ্রামের জিয়াউর রহমানের মেয়ে হুমায়রা আক্তার ২০২২ সালের ২৬ জুলাই বাড়ির পাশ থেকে নিখোঁজ হন। পরবর্তীতে ২৮ জুলাই নদীর পাশে ঝোপে বালুচাপা দেওয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পার্শ্ববর্তী চেঙ্গাকান্দি গ্রামের শুক্কুর আলী, ছেলে সেলিম ওরফে উদয়, মো. জিহাদ ও স্ত্রী সেলিনা বেগমকে আসামি করে নিহতের মা সেতেরা বেগম বাদি হয়ে সোনারগাঁ থানায় মামলা করেন। ওই মামলায় গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন কারাবাস শেষে ১১ ডিসেম্বর জামিনে বের হয়ে আসেন উদয়।
এর পর থেকে মামলা তুলে নেওয়ার জন্য বাদীর পরিবারকে হুমকি দিয়ে আসছিলেন তিনি। পরে রবিবার বাদী সেতেরা বেগমের ছেলে চাকরির সুবাদে একই ইউনিয়নের ইসলামপুর এলাকায় গেলে আগে থেকে ওৎ পেতে থাকা সেলিম মিয়ার নেতৃত্বে জিহাদ, শুক্কুর আলী, সেলিনা বেগম দেশীয় অস্ত্র দা, চাপাতি, রামদা ও লোহার রড নিয়ে সজিব মিয়াকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা আহত সজিব মিয়াকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।এ বিষয়ে অভিযুক্ত সেলিম ওরফে উদয়ের মোবাইলে একাধিকবার ফোন করা হলে মোবাইল বন্ধ পাওয়া যায়। তবে অভিযুক্তের বাবাকে ফোন করা হলে তিনি এ ব্যক্তি নন বলে দাবি করেন।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মহিবুল্লাহ বলেন, হামলার ঘটনায় অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
-

সোনারগাঁয়ে মেঘনা নদী থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, বন্ধুদের বিরুদ্ধে হত্যার অভিযোগ
নিউজ সোনারগাঁ : মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলাধীন মেঘনা নদী থেকে উমায়ের হাসান (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। পরিবারের অভিযোগ, বন্ধুদের ডাকে বাসা থেকে বের হওয়ার পর তিনদিন ধরে নিখোঁজ ছিলেন তিনি।
রোববার (২৮ ডিসেম্বর) দুপুর আনুমানিক দুইটার দিকে গজারিয়া উপজেলার কাজীপুরা এলাকার মেঘনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত উমায়ের হাসান নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার চর কিশোরগঞ্জ এলাকার বাসিন্দা এবং মুক্তার গাজীর ছেলে।
গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, রোববার দুপুর সাড়ে বারোটার দিকে কাজীপুরা এলাকায় মেঘনা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা নৌ-পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুপুর দুইটার দিকে মরদেহটি উদ্ধার করে। সুরতহাল শেষে মরদেহটি ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
নিহতের মা আনার কলি অভিযোগ করে বলেন, “গত ২৪ ডিসেম্বর রাতে খাবার খেয়ে বাসায় ঘুমিয়ে ছিল উমায়ের। রাত আনুমানিক আড়াইটার দিকে তার দুই বন্ধু সোহাগ ও বায়েজিদ ফোন করে তাকে বাইরে ডেকে নেয়। এরপর থেকে সে আর বাসায় ফেরেনি। এ ঘটনায় আমি সোনারগাঁ থানায় একটি অভিযোগ করেছি। উমায়েরের ব্যবহৃত মোবাইল নম্বরও বন্ধ পাওয়া যায়। ঘটনার পর থেকে তার বন্ধুদের মোবাইল নম্বর বন্ধ এবং তারা পলাতক। আমরা ধারণা করছি, তারাই আমার ছেলেকে খুন করেছে।”
এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্ত করছে। নিহতের পরিবার দ্রুত দোষীদের গ্রেপ্তার ও সুষ্ঠু বিচার দাবি করেছে। -

সোনারগাঁয়ের বানীনাথপুরে গৌর নিতাই আখড়ার জগন্নাথ মন্দিরে চুরি
নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বানীনাথপুরে অবস্থিত শ্রী শ্রী গৌর নিতাই আখড়ার অন্তর্ভুক্ত শ্রী শ্রী জগন্নাথ, বলদেব ও শুভদ্রা দেবীর মন্দিরে চুরির ঘটনা ঘটেছে।
মন্দির সূত্রে জানা যায়, গতকাল শনিবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা মন্দিরের নিরাপত্তা গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে চুরি সংঘটিত করে। এ সময় মন্দিরে থাকা একটি ঘন্টা চুরি করে নিয়ে যায় তারা। পাশাপাশি হরিনাম সংকীর্তনের ক্যাশ বাক্স ভেঙে ভেতরে টাকা আছে কিনা তা খোঁজাখুঁজি করা হয়। তবে ক্যাশ বাক্সে কোনো অর্থ না থাকায় সেখানে থাকা কিছু কাগজপত্র এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
ঘটনার পরপরই মন্দির কর্তৃপক্ষ বিষয়টি স্থানীয়দের জানালে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে আশপাশের লোকজন মন্দিরে ছুটে আসেন। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত চুরি যাওয়া কোনো সামগ্রী উদ্ধার করা সম্ভব হয়নি।
মন্দির পরিচালনা কমিটির সদস্যরা জানান, এ ধরনের চুরির ঘটনা ধর্মীয় স্থাপনার নিরাপত্তা নিয়ে নতুন করে শঙ্কা তৈরি করেছে। ভবিষ্যতে আরও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে—এই আশঙ্কায় তারা গভীর উদ্বেগ প্রকাশ করেন। পাশাপাশি মন্দিরসহ আশপাশের ধর্মীয় স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদারের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। -

সোনারগাঁয়ে ঘর থেকে ডেকে নেওয়ার পর দুই দিন ধরে যুবক নিখোঁজ
নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ঘর থেকে ডেকে নেওয়ার পর থেকে উমায়ের হাসান (২৫) নামে এক যুবক দুই দিন ধরে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ উমায়ের উপজেলার চর কিশোরগঞ্জ এলাকার বাসিন্দা।
নাম উল্লেখ করা অভিযুক্তরা হলেন—চর হোগলা (গাজীবাড়ি) এলাকার মো. সোহাগ (২২) ও বায়েজিদ (২২)।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৪ ডিসেম্বর রাতে খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন উমায়ের হাসান। দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে অভিযুক্ত সোহাগ ও বায়েজিদ তাকে মোবাইল ফোনে ডেকে বাইরে নিয়ে যান। এরপর থেকে তিনি আর বাড়ি ফেরেননি। তার ব্যবহৃত মোবাইল ফোন নম্বরও বন্ধ পাওয়া যাচ্ছে।
নিখোঁজ যুবকের মা আনার কলি জানান, “সোহাগ ও বায়েজিদ আমার ছেলের দীর্ঘদিনের পরিচিত। ওই রাতে তাদের ফোন পেয়ে উমায়ের বাইরে যায়। পরদিন সকালে বিবাদীদের এলাকায় তাদের দেখা গেলেও পরে তাদেরসহ আমার ছেলের কোনো সন্ধান পাওয়া যায়নি। এখন তাদের মোবাইল নম্বরও বন্ধ।”
তিনি আরও অভিযোগ করেন, তার ছেলেকে অপহরণ করে অজ্ঞাত স্থানে আটকে রাখা হয়েছে বলে তিনি আশঙ্কা করছেন।এ ঘটনায় নিখোঁজ যুবকের মা মোসা. আনার কলি বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে দুই বন্ধুর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে।
এ বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর দেওয়া অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। নিখোঁজ যুবককে দ্রুত উদ্ধার ও ঘটনার রহস্য উদঘাটনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে বলে জানিয়েছে পুলিশ।
-

মোগরাপাড়া চৌরাস্তায় ফুটপাত দখলমুক্ত অভিযানে স্বস্তি, নেতৃত্বে ওসি মহিবুল্লাহ
নিউজ সোনারগাঁ: সোনারগাঁ উপজেলার ব্যস্ততম এলাকা মোগরাপাড়া চৌরাস্তায় জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে ফুটপাত দখলমুক্ত অভিযান পরিচালনা করেছে সোনারগাঁ থানা পুলিশ।
অভিযানে নেতৃত্ব দেন সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিবুল্লাহ। এ সময় দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে রাখা অবৈধ দোকানপাট, ভ্রাম্যমাণ স্টল ও চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানের ফলে পথচারী ও যানবাহনের চলাচলে স্বাভাবিকতা ফিরে আসে।
অভিযান চলাকালে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানান। তারা জানান, ফুটপাত দখলের কারণে দীর্ঘদিন ধরে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছিল।
এ বিষয়ে ওসি মহিবুল্লাহ বলেন, “মোগরাপাড়া চৌরাস্তা একটি গুরুত্বপূর্ণ সড়ক সংযোগস্থল। অবৈধ দখলের কারণে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছিল। জনস্বার্থে এই অভিযান পরিচালনা করা হয়েছে এবং ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”
পুলিশ সূত্রে জানা গেছে, পুনরায় কেউ ফুটপাত দখলের চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকাবাসীর আশা, ধারাবাহিক অভিযানের মাধ্যমে মোগরাপাড়া চৌরাস্তায় যানজট কমবে এবং পথচারীদের চলাচল আরও নিরাপদ হবে। -

সোনারগাঁয়ে জামদানী তাঁতীকে কুপিয়ে হত্যাচেষ্টা, স্বর্ণালংকার ছিনতাই
নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় পূর্বশত্রুতার জেরে এক জামদানী শাড়ির তাঁতীকে রামদা দিয়ে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ সময় আহতের পুত্রবধূর কাছ থেকে স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটেছে।
ঘটনাটি ঘটে গতকাল বুধবার সকাল সাড়ে ১১টার দিকে সোনারগাঁ থানার সাদিপুর ইউনিয়নের কোনাবাড়ী নয়াপুর এলাকায় মনোয়ারের বাড়ির পাশের সড়কে।
আহত তাঁতীর নাম শরীফ (২৫)। তিনি দীর্ঘদিন ধরে জামদানী শাড়ির তাঁত চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় আহতের বাবা আবুল কাশেম (৬২) সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগে তিনি উল্লেখ করেন, আতাউর (২৪), হাবিব (৩৫), প্রিয়া হোসেন (৩৩)সহ ৩-৪ জন অজ্ঞাতনামা ব্যক্তি তাঁর ছেলের সঙ্গে পেশাগত হিংসা ও পূর্ববিরোধের জেরে পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।
অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা শরীফের পথরোধ করে গলা চেপে ধরে কিল-ঘুষি ও লাঠি দিয়ে মারধর করে। একপর্যায়ে আতাউর নামের এক ব্যক্তি রামদা দিয়ে শরীফের মাথায় কোপ দিলে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন। পরে প্রিয়া হোসেন তার গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়।
শরীফের চিৎকারে তার বড় ভাইয়ের স্ত্রী জিয়াসমিন (৩৫) এগিয়ে এলে হামলাকারীরা তার গলার ১২ আনা স্বর্ণের চেইন (মূল্য আনুমানিক ১ লাখ ৩৫ হাজার টাকা) ও একটি নাকফুল (মূল্য ২ হাজার ৫০০ টাকা) ছিনিয়ে নেয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
পরে স্থানীয়রা আহত শরীফকে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা ঘটনাটি নিয়ে আইনগত ব্যবস্থা নিলে পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকিও দেয়।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ জানান, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। -

সোনারগাঁয়ে ডাকাতকে চিনে ফেলায় যুবককে কুপিয়ে মারাত্নক জখম
নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের এসিয়ান হাইওয়ে সড়কের গাউসিয়া টু বস্তল এলাকায় ডাকাতির কালে ডাকাতকে চিনেফেলায় যুবককে কুপিয়ে আহত করেছে ডাকাত দল।
রবিবার (২১শে ডিসেম্বর) বিকেলে উপজেলার জামপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের পেচাইন এলাকায় এই ঘটনা ঘটে। এতে আহতের মা মোসা:হেনা আক্তার বাদী হয়ে ২৩ ডিসেম্বর সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সুত্রে জানা যায়, জামপুর ইউনিয়নের উটমা এলাকার মোঃ আমির হোসেন এর ছেলে,১/মোঃ আশরাফুল(২২) , মৃত আব্দুল বারেক এর ছেলে ২/মোঃ আমির হোসেন(৪৫),কোবাগা এলাকার আঃ আজিজ ওর ছেলে ৩/মোঃ সবুজ (২২),মহজমপু উত্তর কাজীপাড়া এলাকার আহাম্মদ আলীর ছেলে ৪/মোঃ ফাহিম (২৩), এবং পেচাইন এলাকায় মোঃ বাচ্চু মিয়ার ছেলে মোঃ বাবু ওরফে বরকি বাবু(২৬) সংঘবদ্ধ একটি ডাকাত দলের সদস্য। কয়েকদিন আগে ডাকাতদল এসিয়ান হাইওয়ে সড়কে ডাকাতি কালে বাঁদীর ছেলে মোঃ আকাশ (১৯) চিনে ফেলে এবং এলাকার লোকজনকে জানায়। এতে ডাকাত দল ক্ষিপ্ত হয়ে আকাশকে বিভিন্ন ভাবে ভয় ভীতি দেখিয়ে প্রান নাশের হুমকি প্রদান করে আসছে।তারই ধারাবাহিকতায় গত ২১শে ডিসেম্বর বিকেলে মোঃ আকাশ মিয়া বাড়ি ফেরার পথে অভিযোগের ৩নং আসামি বাড়ির পাশে সড়কে ৩ নং আসামি সহ অজ্ঞাতনামা ৩/৪ জন দেশিয় অস্ত্র চাপাতি, চাইনিজ কুড়াল, সুইচ গিয়ার লোহার রড সহ তার পথ গতিরোধ করে অকথ্য ভাষায় গালাগাল করে। এতে মোঃ আকাশ প্রতিবাদ করায় ১নং বিবাদীর হুকুমে ২নং ও ৩নং বিবাদী তাকে মেরে নীলা ফুলা জখম সহ এলোপাথাড়ি কুপিয়ে শরীরের বিভিন্ন অংশে রক্তাক্ত জখম করে এবং ৪নং বিবাদী আকাশের নিকট থেকে নগদ ৪৫০০(পঁয়তাল্লিশত) টাকা ছিনিয়ে নেয়। আকাশের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে বিবাদীরা তাকে হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়।
পরে উপস্থিত লোকজনের সহায়তায় আহত আকাশকে রূপগঞ্জের গাউসিয়া এলাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে আহত আকাশ ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বলে জানা যায়।
এই বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মুহিবুল্লাহ বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজ লিখে দেন
-

সোনারগাঁয়ে হত্যা মামলার আসামীরা জামিনে বের হয়ে বাদীর পরিবারে হামলার অভিযোগ
নিউজসোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মহজমপুর উত্তর কাজীপাড়া এলাকায় আলোচিত শাওন হত্যা মামলার আসামীরা জামিনে বের হয়ে মামলা তুলে নিতে বাদীর পরিবারের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।
রোববার (২১ ডিসেম্বর) বিকেলে মহজমপুর বাজারে এ হামলার ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, মামলার বাদীর বাবা আলী আজগরকে বাজার থেকে তুলে নিয়ে রশি দিয়ে বেঁধে শারীরিকভাবে নির্যাতন করা হয়।
এ ঘটনায় আহত আলী আজগর বাদী হয়ে সোনারগাঁ থানায় গতকাল একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয়, প্রায় দেড় বছর আগে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আলী আজগরের ছেলে শাওনকে নির্মমভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে স্থানীয় সন্ত্রাসীরা। এ ঘটনায় নিহত শাওনের ভাই মোতালেব বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে ওই মামলার আসামীরা জামিনে বের হয়ে এসে মামলা তুলে নিতে মোতালেব ও তার পরিবারের সদস্যদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে আসছিল। হত্যাকারীদের ভয়ে দীর্ঘদিন ধরে বাড়ি ছেড়ে অন্যত্র বসবাস করছেন মামলার বাদী মোতালেব।
এরই ধারাবাহিকতায় রোববার বিকেলে শাওনের বাবা আলী আজগরকে একা পেয়ে অভিযুক্ত লতিফ, কামরুজ্জামান ওরফে কামু, জাবেদ, বাদশা, বাবুল, ফারুক, সুরুজ মিয়া, জাকির, জাহিদ, হোসেন, মারুফ, মিন্নত আলী ও হামিদুলসহ অজ্ঞাতনামা ৪/৫ জন মহজমপুর বাজারের শাহী মসজিদের সামনে দা, চাপাতি, লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে তার ওপর হামলা চালায়।
অভিযোগে আরও বলা হয়, অভিযুক্তরা আলী আজগরকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাঠি দিয়ে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে নীলা-ফুলা জখম করে। লতিফ, কামরুজ্জামান ওরফে কামু এবং বাবুল লোহার রড দিয়ে মাথা, দুই পায়ের হাঁটু ও দুই হাতের কব্জিসহ বিভিন্ন স্থানে আঘাত করে হত্যার চেষ্টা চালায়। একপর্যায়ে তারা আলী আজগরের ছেলে মোতালেবকে তাদের কাছে এনে দেওয়ার জন্য চাপ দেয়। এতে অস্বীকৃতি জানালে তাকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়।
খবর পেয়ে প্রায় দুই ঘণ্টা পর পরিবারের লোকজন আলী আজগরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিববুল্লাহ জানান, “এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তাৎক্ষণিকভাবে তালতলা ফাঁড়ির ইনচার্জকে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।” -

মোগরাপাড়া চৌরাস্তায় ট্রাক-লরির সংঘর্ষ, সড়কে তীব্র যানজট
নিউজ সোনারগাঁ : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় চট্টগ্রামমুখী সড়কে একটি ট্রাক ও লরির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত একজন আহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে মহাসড়কের ওই অংশে এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, চলন্ত অবস্থায় সড়কের মাঝপথে একটি ট্রাক হঠাৎ বিকল হয়ে পড়লে পেছন থেকে আসা একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে বিকল ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে লরির চালক আহত হন।
দুর্ঘটনার পর বিকল ট্রাকটি মহাসড়কের মাঝখানে আটকে পড়ায় চট্টগ্রামমুখী লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়। দীর্ঘ সময় যান চলাচল ব্যাহত হওয়ায় যাত্রী ও চালকদের চরম ভোগান্তিতে পড়তে হয়।খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যান দুটি সরিয়ে নেওয়ার চেষ্টা করে এবং যান চলাচল স্বাভাবিক করতে কাজ শুরু করে।
আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে। -

সোনারগাঁয়ে গ্যাসের আগুনে একই পরিবারের ৪জন দগ্ধ দগ্ধের একজনের মৃত্যু
নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোবাইল ফোনের চার্জার বিস্ফোরণ হয়ে ছিন্দ্র হয়ে জমে থাকা গ্যাসে আগুন ধরে শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধের মধ্যে মো. আলাউদ্দিনের মৃত্যু হয়েছে।
গতকাল মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত পৌনে ৯টায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বাকি তিনজন চিকিৎসাধীন রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সার্জারি চিকিৎসক শাওন বিন রহমান।
তিনি জানিয়েছেন, দগ্ধদের মধ্যে আলাউদ্দিনের দেহ ৪০ শতাংশ পুড়েছিল। আইসিইউতে চিকিৎসা সেবা নেওয়াকালীন তিনি গত মঙ্গলবার রাতে তিনি মারা যান।ওই পরিবারের বাকি তিন সদস্য শিশু শিমলা ৩০ শতাংশ, জরিনা বেগম ২০শতাংশ এবং শিফু আক্তারের দেহ ১২ শতাংশ পোড়ায় তারা চিকিৎসা সেবা নিচ্ছেন।
এর আগে ৬ ডিসেম্বর ভোরে উপজেলার কাঁচপুর ইউনিয়নের পাঠাত্তা এলাকার আজিমউদ্দিনের ৬তলা বাড়ির নিচতলায় নিহতের পরিবার নিয়ে বসবাস করতেন। ভোরে ঘরে মোবাইল চার্জার বিস্ফোরণ ঘটে। এসময় গ্যাস লাইন ছিন্দ্র হয়ে জমে থাকা গ্যাসে আগুন ধরে যায়। এতে নিহতের পরিবারের চার সদস্য দগ্ধ হয়। দগ্ধদের প্রতিবেশীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
-

হাজ্বী মোঃ সেলিম সরকারের অব্যাহতি প্রত্যাহার
নিউজ সোনারগাঁ : দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নীতি–আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে সাদিপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাজ্বী মোঃ সেলিম সরকারকে যে অব্যাহতি দেওয়া হয়েছিল, তা প্রত্যাহার করা হয়েছে। দলের সিদ্ধান্ত অনুযায়ী তিনি পুনরায় তার পূর্বের পদে বহাল হয়েছেন।
দলীয় সূত্রে জানা যায়, অব্যাহতির পর হাজ্বী সেলিম সরকার সংগঠনের কাছে আবেদন করেন। ওই আবেদন বিবেচনা করে এবং বিষয়টি পর্যালোচনা শেষে আজ তার অব্যাহতি আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করা হয়।
এ বিষয়ে সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন ও সভাপতি আজহারুল ইসলাম মান্নান স্বাক্ষরিত এক নির্দেশনায় তাকে পুনরায় সাদিপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি পদে বহাল করার বিষয়টি নিশ্চিত করেন।
দলের সিদ্ধান্তে পুনর্বহাল হওয়ায় স্থানীয় পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে মনে করছেন নেতাকর্মীরা।
-

সোনারগাঁয়ে গাবতলী মহাশ্মশানের ১৫ সদস্যের নবগঠিত কমিটি ঘোষণা
নিউজ সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী গাবতলী মহাশ্মশানে এক বছরের মেয়াদে ১৫ সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) সকালে সোনারগাঁ, রূপগঞ্জ ও আড়াইহাজার—এই তিন উপজেলার প্রায় ৪০ গ্রামের সনাতন ধর্মাবলম্বীদের উপস্থিতিতে কমিটি ঘোষণা করেন নারায়ণগঞ্জ জেলা পিপিএম সেবা, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান আহম্মেদ।
নবগঠিত কমিটি
- সভাপতি: মনু ঘোষ
- সাধারণ সম্পাদক: শ্রী শুভরঞ্জন বিশ্বাস
এছাড়া আরও যারা নির্বাচিত হয়েছেন—
- সহ-সভাপতি: অভিরাজ সেন সজল, চম্পা রানী, শুভ সাহা
- সহ-সাধারণ সম্পাদক: বিপ্লব সাহা, কল্পনা রানী
- সাংগঠনিক সম্পাদক: সুমন শীল
- সহ-সাংগঠনিক সম্পাদক: উত্তম নমদাস, বাবুল মল্লিক
- কোষাধ্যক্ষ: অভিজিৎ দাস
- সদস্য: সজীব শীল, রবি চক্রবর্তী, বিমল পাল
- পূজা বিষয়ক সম্পাদক: সোনাই বাবু
কমিটির দায়িত্ব ও শর্তসমূহ
ঘোষিত কমিটিকে আগামী এক বছরের মধ্যে নিম্নোক্ত শর্ত পূরণ করতে হবে—
- গঠনতন্ত্র ও নির্ধারিত শর্তসমূহ বাস্তবায়ন
- গাবতলী মহাশ্মশানে বাংলাদেশের সেরা আইকন মন্দির নির্মাণ
- সনাতন ধর্মের সব ধর্মীয় পূজা ঐ মন্দিরে সম্পন্ন করা
- প্রতিদিনের আয়-ব্যয়ের স্বচ্ছ হিসাব বোর্ডে প্রদর্শন
- মন্দির প্রাঙ্গণ মাদকমুক্ত রাখা
- মৃত ব্যক্তির সতকারের সকল তথ্য রেজিস্ট্রারে সংরক্ষণ
- কমিটির প্রত্যেকের মাসিক চাঁদা প্রদান বাধ্যতামূলক
- প্রতি তিন মাসে হিসাব উপস্থাপন ও সভা পরিচালনা
- এক সপ্তাহের মধ্যে ৪৩ গ্রামের সদস্য নিয়ে ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন
- মেয়াদ শেষে পুরো হিসাব বুঝিয়ে নতুন কমিটি গঠন
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিপন সরকার,
আড়াইহাজার পূজা পরিষদের সভাপতি হারাধন চন্দ্র দে, সাধারণ সম্পাদক বিল্পব ভৌমিক,
তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল হক,
সোনারগাঁ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমিত রায়,
জামপুর ইউনিয়ন পরিষদের সদস্য শাহিন,
বিএনপি নেতা ইব্রাহিম সরকারসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।গাবতলী মহাশ্মশানের নবঘোষিত কমিটি সনাতন ধর্মাবলম্বী জনগোষ্ঠীর জন্য উন্নয়ন, স্বচ্ছতা ও ধর্মীয় কার্যক্রমের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।