সোনারগাঁয়ে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির দায়ে অভিযান চালিয়ে মাছ জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদফতর। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাছ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

রোববার (১০ মে) বিকেলে উপজেলার কাঁচপুর মাছ বাজারে পরিচালিত যৌথ অভিযানে ৮ কেজি ৮ শত গ্রাম পিরানহা মাছ জব্দ করা হয়। পাশাপাশি নিষিদ্ধ মাছ বিক্রি ও মজুদের অভিযোগে সোহেল নামে এক মাছ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার।
অভিযান সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিন ধরে কাঁচপুর মাছ বাজারে কিছু অসাধু ব্যবসায়ী নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে প্রশাসন এ অভিযান পরিচালনা করে।
সিনিয়র উপজেলা

মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার বলেন, “মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী অভিযান পরিচালনা করা হয়েছে। নিষিদ্ধ মাছ বিক্রির দায়ে মাছ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান বলেন, “পিরানহা মাছ বাজারে বিক্রি ও চাষ সরকারিভাবে নিষিদ্ধ। মাছটি দেখতে রুপচাঁদা মাছের মতো হওয়ায় এক শ্রেণির অসাধু ব্যবসায়ী সাধারণ মানুষকে বিভ্রান্ত করে বিক্রি করছে।”

তিনি আরও বলেন, “অভিযানে জব্দ করা মাছ বিধি মোতাবেক ধ্বংস করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *