Category: ইউনিয়ন

  • কাঁচপুর ব্রিজে ট্রাকে আগুন

    কাঁচপুর ব্রিজে ট্রাকে আগুন

    নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাঁচপুর ব্রিজে দ্রুতগতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা দেওয়ার পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

    শুক্রবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকামুখী একটি ট্রাক অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের মাঝখানের ডিভাইডারে সজোরে আঘাত করে। ধাক্কার পরপরই ট্রাকটির ইঞ্জিনে আগুন ধরে যায় এবং মুহূর্তের মধ্যেই আগুন পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে।
    আগুনের তীব্রতা বাড়তে থাকলে ট্রাকের চালক ও হেলপার প্রাণ বাঁচাতে চলন্ত অবস্থায় লাফিয়ে নিচে পড়ে যান। এতে তারা আহত হন, যার মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে স্থানীয়রা জানিয়েছেন। দুর্ঘটনার পর তাদের কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।
    খবর পেয়ে কাঁচপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ট্রাকটির সামনের অংশ আগুনে পুড়ে যায়।
    এদিকে অগ্নিকাণ্ডের কারণে কিছু সময়ের জন্য মহাসড়কের ওই অংশে যান চলাচল ব্যাহত হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে যান চলাচল পুনরায় শুরু হয়।
    কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ আলম জানান, অতিরিক্ত গতির কারণেই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা দেয় এবং সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়। আহত চালক ও হেলপার প্রাথমিক চিকিৎসার জন্য অন্যত্র চলে গেছেন বলে ধারণা করা হচ্ছে।
    দুর্ঘটনাকবলিত ট্রাকটি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

  • সোনারগাঁয়ের বৈদ্যের বাজারে আধুনিক ট্রলার ঘাট নির্মাণে দৃশ্যমান অগ্রগতি

    সোনারগাঁয়ের বৈদ্যের বাজারে আধুনিক ট্রলার ঘাট নির্মাণে দৃশ্যমান অগ্রগতি

    নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঐতিহাসিক বৈদ্যের বাজারে দীর্ঘদিনের প্রত্যাশিত আধুনিক ট্রলার ঘাট নির্মাণকাজে দৃশ্যমান অগ্রগতি হয়েছে। শতবর্ষী এই বাজারের ব্যবসায়ী ও স্থানীয়দের প্রাণের দাবির প্রেক্ষিতে নেওয়া প্রকল্পটি ইতোমধ্যে আশার আলো দেখাতে শুরু করেছে।
    সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঘাট নির্মাণের গুরুত্বপূর্ণ ধাপ ‘মাটি সল্টেজ’ কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। এর ফলে প্রকল্প বাস্তবায়নে গতি বেড়েছে এবং পরবর্তী নির্মাণ কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব হচ্ছে।
    প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের সার্বিক তত্ত্বাবধান ও দিকনির্দেশনায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিন্নাত এবং বৈদ্যের বাজার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী আব্দুল্লাহ আল মামুনের প্রচেষ্টায় কাজটি এগিয়ে যাচ্ছে।
    উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিন্নাত বলেন, বৈদ্যের বাজার একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র। দীর্ঘদিন ধরে এখানে একটি আধুনিক ও টেকসই ট্রলার ঘাটের প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছিল। ইতোমধ্যে মাটি সল্টেজের কাজ শেষ হয়েছে, যা ভবিষ্যৎ নির্মাণের জন্য মজবুত ভিত্তি তৈরি করেছে। নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করার চেষ্টা চলছে।
    ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী আব্দুল্লাহ আল মামুন বলেন, সংসদ সদস্যের পরিকল্পনার অংশ হিসেবে ঘাটটি নির্মাণ করা হচ্ছে। তিনি নিজেও সার্বক্ষণিক তদারকি করছেন বলে জানান এবং কাজের গুণগত মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
    এদিকে বাজারের ব্যবসায়ীরা জানান, আধুনিক ট্রলার ঘাট ছিল সময়ের দাবি। এই উদ্যোগ বাস্তবায়িত হলে ব্যবসা-বাণিজ্যে নতুন গতি আসবে এবং দীর্ঘদিনের ভোগান্তি কমবে।
    উদ্বোধনী কার্যক্রমে উপস্থিত ছিলেন সোনারগাঁ থানা যুবদলের আহ্বায়ক সদস্য আমিনুল ইসলাম, ইউনিয়ন যুবদল নেতা সোহাগ ভূঁইয়া ও মাহফুজ খানসহ স্থানীয় নেতাকর্মীরা।
    স্থানীয়দের মতে, আধুনিক ও দৃষ্টিনন্দন এই ট্রলার ঘাট নির্মিত হলে নদীপথে যাতায়াত, পণ্য পরিবহন এবং ব্যবসায়িক কার্যক্রম আরও সহজ হবে। এতে বৈদ্যের বাজার স্থানীয় ছাড়াও আশপাশের এলাকার গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র হিসেবে আরও শক্তিশালী অবস্থান তৈরি করবে।
    প্রকল্প সংশ্লিষ্টরা জানান, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করে দ্রুতই ঘাটটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে। এলাকাবাসী এখন কাঙ্ক্ষিত এই ট্রলার ঘাটের উদ্বোধনের অপেক্ষায় রয়েছে।

  • সোনারগাঁয়ের দড়িকান্দি–বাংলাবাজার সড়ক বেহাল, চরম দুর্ভোগে হাজারো মানুষ

    সোনারগাঁয়ের দড়িকান্দি–বাংলাবাজার সড়ক বেহাল, চরম দুর্ভোগে হাজারো মানুষ

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার দড়িকান্দি থেকে বাংলাবাজার পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। খানাখন্দে ভরা, ভাঙাচোরা এই সড়কটি এখন জনদুর্ভোগের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন হাজার হাজার মানুষ এই পথ দিয়ে চলাচল করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তেমন কোনো কার্যকর উদ্যোগ চোখে পড়ছে না বলে অভিযোগ স্থানীয়দের।
    এই সড়কের পাশে রয়েছে অন্তত পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠান, একটি ইউনিয়ন পরিষদ, চারটি কবরস্থান এবং একটি ব্যস্ত বাজার। ফলে সকাল থেকে বিকাল পর্যন্ত শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের চলাচলে সড়কটি সবসময়ই ব্যস্ত থাকে। এছাড়াও আশেপাশের বিভিন্ন কারখানার শ্রমিকরা প্রতিদিন এই সড়ক ব্যবহার করে কর্মস্থলে যাতায়াত করেন।
    স্থানীয়দের অভিযোগ, সড়কের বেহাল অবস্থার কারণে যাতায়াতে মারাত্মক ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে সড়কের অবস্থা আরও করুণ হয়ে ওঠে। বৃষ্টির পানি জমে বড় বড় গর্ত তৈরি হওয়ায় যানবাহন চলাচল প্রায় অচল হয়ে পড়ে। এতে করে শিক্ষার্থীরা সময়মতো স্কুলে পৌঁছাতে পারে না, শ্রমিকরা কাজে যেতে দেরি করে এবং ব্যবসায়ীদেরও ক্ষতির মুখে পড়তে হয়।
    সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন অসুস্থ রোগী ও জরুরি সেবা প্রার্থীরা। অনেক সময় রোগীদের দ্রুত হাসপাতালে নেওয়া সম্ভব হয় না। বিশেষ করে প্রসূতি মায়েদের ক্ষেত্রে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। স্থানীয়রা জানান, রাস্তার এমন অবস্থার কারণে অনেক ডেলিভারি রোগী সময়মতো চিকিৎসকের কাছে পৌঁছাতে পারেন না, যা জীবনঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়।
    এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলেও এখনো পর্যন্ত কোনো স্থায়ী সমাধান হয়নি। তারা দ্রুত এই সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন।
    স্থানীয়দের পক্ষ থেকে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান-এর দৃষ্টি আকর্ষণ করে বলা হয়েছে, জনগণের দুর্ভোগ লাঘবে জরুরি ভিত্তিতে সড়কটির সংস্কার কাজ শুরু করা প্রয়োজন। তারা আশা করছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেবে এবং দীর্ঘদিনের এই দুর্ভোগ থেকে এলাকাবাসী মুক্তি পাবে।

  • সোনারগাঁয়ে শতবর্ষী কালভার্ট ভরাটের প্রতিবাদে মানববন্ধন, পাঁচ গ্রামের পানিবন্দি হওয়ার আশঙ্কা

    সোনারগাঁয়ে শতবর্ষী কালভার্ট ভরাটের প্রতিবাদে মানববন্ধন, পাঁচ গ্রামের পানিবন্দি হওয়ার আশঙ্কা

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা-এর সাদিপুর ইউনিয়নের নয়াপুর বাজার এলাকায় শত বছরের পুরোনো একটি কালভার্ট সংরক্ষণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় এলাকাবাসী।

    রোববার (২৬ এপ্রিল) মদনপুর-টু-গাউছিয়া সড়কের পাশে অনুষ্ঠিত এই কর্মসূচিতে পাঁচ গ্রামের কয়েকশত নারী-পুরুষ অংশ নেন।

    মানববন্ধনে বক্তারা জানান, নয়াপুর বাজার সংলগ্ন এই কালভার্টটি দীর্ঘদিন ধরে সাদিপুর, হাতুরাপাড়া, আন্দারমানিকসহ অন্তত পাঁচ গ্রামের পানি নিষ্কাশনের একমাত্র মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। স্থানীয়দের অভিযোগ, সড়ক সংস্কার কাজের সময় কালভার্টটি ভরাট করে ফেলা হয়েছে, ফলে পানি চলাচল বন্ধ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সোনারগাঁও উপজেলা উত্তরের সাবেক আমির মাওলানা ইসহাক মিয়া, গ্রাম বাংলা টিউব লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আবু বক্কর, নয়াপুর উত্তরপাড়া মসজিদের সেক্রেটারি মো. ঈসমাইল, মো. আরিফ এবং সমাজসেবক মো. রুহুল আমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

    বক্তারা বলেন, কালভার্টটি শুধু একটি অবকাঠামো নয়, এটি এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থার মূল অংশ। এটি বন্ধ হয়ে গেলে আশপাশের অন্তত পাঁচ গ্রামের বসতবাড়ি, ফসলি জমি ও জনজীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং মানুষ পানিবন্দি হয়ে পড়বে।

    তারা আরও জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ইতোমধ্যে জেলা প্রশাসক, প্রকল্প পরিচালক, অতিরিক্ত প্রধান প্রকৌশলী এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করা হয়েছে।

    মানববন্ধন থেকে এলাকাবাসীর দাবি, রাস্তা সংস্কারের পাশাপাশি ঐতিহ্যবাহী এই কালভার্ট ও সংযুক্ত খাল অক্ষত রেখে কাজ সম্পন্ন করতে হবে, যাতে এলাকার স্বাভাবিক পানি প্রবাহ বজায় থাকে।

    পরে বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

  • সোনারগাঁয়ে দুই সহোদর বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোর্টিশ

    সোনারগাঁয়ে দুই সহোদর বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোর্টিশ

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দুই সহোদর বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
    রোববার (২৬ এপ্রিল ২০২৬) সোনারগাঁ উপজেলা বিএনপির প্রধান কার্যালয় থেকে দপ্তর সম্পাদক মো. ফজল হোসেন স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।
    নোটিশে বলা হয়, সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রউফ এবং স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল দলীয় গঠনতন্ত্র ও শৃঙ্খলা ভঙ্গ করে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি এবং দলের সুনাম ক্ষুণ্ণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাদের কর্মকাণ্ড দলীয় আদর্শ ও শৃঙ্খলার পরিপন্থী বলে উল্লেখ করা হয়।
    এ প্রেক্ষিতে, তাদের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য জেলা ও কেন্দ্রীয় কমিটিতে সুপারিশ করা হবে না—তার ব্যাখ্যা দিতে নোটিশ প্রাপ্তির তিন কার্যদিবসের মধ্যে লিখিতভাবে এবং সশরীরে উপস্থিত হয়ে সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান এবং সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন-এর নিকট জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
    নির্ধারিত সময়ের মধ্যে জবাব দিতে ব্যর্থ হলে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তাদের বিরুদ্ধে চূড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য জেলা ও কেন্দ্রীয় কমিটিতে সুপারিশ পাঠানো হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

  • শম্ভুপুরায় মাদকসহ তিন মাদকাসক্ত আটক, গাছে বেঁধে রাখল এলাকাবাসী

    শম্ভুপুরায় মাদকসহ তিন মাদকাসক্ত আটক, গাছে বেঁধে রাখল এলাকাবাসী

    নিউজ সোনারগাঁ :  নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা এলাকায় মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ তিন মাদকাসক্তকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী। পরে তাদের গাছে বেঁধে রাখা হয়।
    স্থানীয় সূত্রে জানা যায়, এলাকাবাসীর সন্দেহ হলে তাদের আটক করা হয় এবং তল্লাশি চালিয়ে ইয়াবা, গাঁজা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই তাদের হাতেনাতে ধরা হয় বলে দাবি স্থানীয়দের।
    আটককৃতরা হলেন— শাওন (পিতা: জাহাঙ্গীর), জাহাঙ্গীর (পিতা: নুর ইসলাম, গ্রাম: রামগৌবিন্দের গাঁও) এবং রোমান (পিতা: মেছের আলী, গ্রাম: মোগারচর)।
    ঘটনার পর তাদের স্থানীয় ইউপি সদস্য মেজবাহ উদ্দিন স্বপনের হেফাজতে রাখা হয়েছে। এলাকাবাসী জানিয়েছেন, সকালে তাদের সোনারগাঁ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
    এ বিষয়ে স্থানীয়দের দাবি, এলাকায় মাদকের বিস্তার রোধে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে আইনশৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন তারা।

  • সোনারগাঁয়ে বড় ভাইয়ের হামলায় ছোট ভাই গুরুতর আহত

    সোনারগাঁয়ে বড় ভাইয়ের হামলায় ছোট ভাই গুরুতর আহত

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাড়িয়ার চর এলাকায় বড় ভাইয়ের নেতৃত্বে হামলায় ছোট ভাই গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে। আহতের নাম আব্দুল জলিল।
    বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপি নেতা আব্দুর রবের নেতৃত্বে একদল লোক তার ছোট ভাই আব্দুল জলিলের ওপর হামলা চালায়।
    আহত জলিল জানান, গত কয়েকদিন ধরে তার বড় ভাই আব্দুর রবের অবৈধ চুনা কারখানার বিরুদ্ধে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতিবাদ জানিয়ে আসছিলেন। পরবর্তীতে তিতাস কর্তৃপক্ষ কারখানাটি ভেঙে দিলে এর জেরে তার ওপর এই হামলা চালানো হয় বলে অভিযোগ করেন তিনি।
    গুরুতর আহত অবস্থায় আব্দুল জলিলকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
    এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

  • মাদক নির্মূলে সোনারগাঁয়ে বিক্ষোভ ও মানববন্ধন, দ্রুত মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের দাবি

    মাদক নির্মূলে সোনারগাঁয়ে বিক্ষোভ ও মানববন্ধন, দ্রুত মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের দাবি

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয়রা।

    শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে উপজেলার জামপুর ইউনিয়নের তালতলা এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জামপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণ অংশ নেন। মানববন্ধনে মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়।

    মানববন্ধনে জামপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। কর্মসূচি শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি তালতলা বাজার পুলিশ তদন্ত কেন্দ্র থেকে শুরু হয়ে মদনপুর-আড়াইহাজার সড়ক প্রদক্ষিণ করে।

    মানববন্ধনে বক্তারা বলেন, জামপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাদকের ভয়াবহতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মাদক ব্যবসায়ী ও সেবীদের সবাই চেনেন ও জানেন উল্লেখ করে তারা বলেন, এসব মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে হবে। তারা আরও বলেন, মাদকাসক্ত ব্যক্তি একটি পরিবারকে ধ্বংস করে দেয়। তাই পরিবার ও সমাজকে রক্ষায় মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

    এসময় উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির ১নং সহ-সভাপতি ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোঃ আল মুজাহিদ মল্লিক, জামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম সানোয়ার, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ গিয়াসউদ্দিন ভুঁইয়া, সোনারগাঁও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভুঁইয়া, উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেন, উপজেলা কৃষকদলের আহ্বায়ক ফজলুল হক মেম্বার ও সদস্য সচিব এম এ মিলন ভুঁইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু মোরশেদ মোল্লা, উপজেলা মৎস্যজীবী দলের সাবেক সভাপতি সামির হাসান, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আমিনুল মোল্লা শান্ত, ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুজ্জামান, ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার ফারুক, সহ-সভাপতি সুলতান আল মামুন, জামপুর ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক মকবুল ভুঁইয়া, সোনারগাঁও উপজেলা যুবদলের সদস্য মোঃ আল আমিন, জামপুর ইউনিয়ন জাসাসের সভাপতি মোঃ আলমগীর হোসেন, ৪নং ওয়ার্ড বিএনপি সভাপতি আকরাম আজাদ মিল্টন, ৫নং ওয়ার্ড সভাপতি শরীফুজ্জামান শাহীন, ৬নং ওয়ার্ড সভাপতি ইয়ামিন মিয়া, ৭নং ওয়ার্ড সভাপতি আমজাদ হোসেন (আঃ লতিফ মেম্বার), ৮নং ওয়ার্ড সভাপতি মোঃ আমানুল্লাহ, ৯নং ওয়ার্ড বিএনপি সভাপতি, ৩নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেনসহ জামপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

  • আটবাড়ি গ্রাম থেকে চেয়ারম্যান প্রার্থী সেলিম হোসেন দিপুর প্রচারণা শুরু

    আটবাড়ি গ্রাম থেকে চেয়ারম্যান প্রার্থী সেলিম হোসেন দিপুর প্রচারণা শুরু

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে শুরু হয়েছে নির্বাচনী প্রচারণা। চেয়ারম্যান পদপ্রার্থী সেলিম হোসেন দিপু আনুষ্ঠানিকভাবে তার প্রচারণা শুরু করেছেন ৭ নম্বর ওয়ার্ডের আটবাড়ি গ্রাম থেকে।
    শুক্রবার জুম্মার নামাজ আদায়ের মাধ্যমে আটবাড়ি জামে মসজিদে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে তিনি তার নির্বাচনী কার্যক্রমের সূচনা করেন। নামাজ শেষে স্থানীয় মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সবার কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।
    এ সময় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, তরুণ সমাজ এবং তার সমর্থকরা উপস্থিত ছিলেন। উপস্থিত অনেকেই সেলিম হোসেন দিপুকে আগামী নির্বাচনে চেয়ারম্যান হিসেবে দেখতে আশাবাদ ব্যক্ত করেন।
    প্রচারণার শুরুতেই সেলিম হোসেন দিপু বলেন, “আমি বারদী ইউনিয়নের সার্বিক উন্নয়ন, স্বচ্ছতা ও জনগণের সেবার লক্ষ্যে নির্বাচন করছি। সকলের সহযোগিতা ও দোয়া নিয়ে আমি এগিয়ে যেতে চাই।”
    স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড ও জনসেবার সঙ্গে সম্পৃক্ত থাকায় ইতোমধ্যে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন।
    প্রচারণার প্রথম দিনেই তার অংশগ্রহণে এলাকায় উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায় বলে জানা গেছে।

  • সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলামের মৃত্যুতে রাজনৈতিক নেতাদের শোক

    সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলামের মৃত্যুতে রাজনৈতিক নেতাদের শোক

    পিরোজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
    জানা যায়, আজ ভোর প্রায় ছয়টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তার মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
    তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, সাবেক সংসদ সদস্য আব্দুল আল কায়সার হাসনাত, সাবেক সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, সোনারগাঁও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহফুজুর রহমান কালাম, পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর সুরা সদস্য ড. প্রিন্সিপাল মাওলানা ইকবাল হোসেন ভুঁইয়া সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
    শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

  • সোনারগাঁয়ে মেম্বার পদপ্রার্থী মোশারফ প্রধানের উদ্যোগে একদিন ব্যাপি বিনামূল্যে চক্ষু চিকিৎসা।

    সোনারগাঁয়ে মেম্বার পদপ্রার্থী মোশারফ প্রধানের উদ্যোগে একদিন ব্যাপি বিনামূল্যে চক্ষু চিকিৎসা।

    সোনারগাঁয়ে মেম্বার পদপ্রার্থী মোশারফ প্রধানের উদ্যোগে একদিন ব্যাপি বিনামূল্যে চক্ষু চিকিৎসা।

    সোনারগাঁয়ে’র শম্ভুপুরা ইউনিয়নে মেম্বার পদপ্রার্থী হাজী মোঃ মোশারফ প্রধানের উদ্যোগে মাহাবুব অপটিক্যাল এর ব্যবস্থাপনা একদিন ব্যাপি বিনামূল্যে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

    ২২ এপ্রিল(মঙ্গলবার)সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত উপজেলা’র শম্ভুপুরা ইউনিয়ন রামগোবিন্দের গাঁও গ্রামে পরিচালিত হয়।

    হাজী মোঃ মোশারফ প্রধানের উদ্যোগে মাহাবুব অপটিক্যাল এর আয়োজনে গ্রামীণ চক্ষু হাসপাতালের কারিগরি সহযোগিতায় এই মহতী উদ্যোগ গ্রহণ করা হয়।

    ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও ব্যবস্থাপত্র প্রদান করেন প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডাক্তার নাহাল মোস্তাক খান(অর্ণব) সকাল থেকেই উপজেলার শম্ভুপুরা ইউনিয়ন থেকে কয়েকশ নারী-পুরুষ ও শিশু চক্ষু সেবা নিতে ভিড় জমান।
    বিশেষজ্ঞ চিকিৎসকরা আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে রোগীদের চোখ পরীক্ষা করেন।

    ইউনিয়নের স্থানীয় লোকজন এই মানবিক উদ্যোগের প্রশংসা করে সেবা নিতে আসা রোগীরা জানান,স্থানীয় পর্যায়ে এ ধরনের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাওয়ার সুযোগ তাদের জন্য অত্যন্ত সহায়ক হয়েছে। বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠীর জন্য এই ক্যাম্প বড় ধরনের সুবিধা বয়ে এনেছে।

    উপস্থিত স্থানীয়দের মধ্যে মোঃ মফিজ উদ্দিন জানান,শম্ভুপুরা ইউনিয়নের দরিদ্র জনগোষ্ঠীর চক্ষু সেবা এক মহতী উদ্যোগ।

  • সোনারগাঁয়ে খেলারত অবস্থায় নিখোঁজ দুই শিশু ভাই, পরিবারে উৎকণ্ঠা

    সোনারগাঁয়ে খেলারত অবস্থায় নিখোঁজ দুই শিশু ভাই, পরিবারে উৎকণ্ঠা

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জুবায়ের (১০) ও জুনায়েত (৭) নামের আপন দুই ভাই নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
    জানা যায়, নিখোঁজ দুই শিশু সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের উলুকান্দি মাদ্রাসার শিক্ষার্থী। তাদের বাড়ি সোনারগাঁ পৌরসভার গোবিন্দপুর এলাকায়। মঙ্গলবার (২১ এপ্রিল) মাদ্রাসা থেকে বাড়িতে ফেরার পর বিকেলে বাড়ির সামনে খেলাধুলা করছিল তারা। এক পর্যায়ে সেখান থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় দুই ভাই।
    পরিবারের সদস্যরা জানান, সন্ধ্যা গড়িয়ে রাত হলেও তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও এখনো তাদের সন্ধান মেলেনি। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যেও উদ্বেগ ছড়িয়ে পড়ে এবং অনেকে খোঁজাখুঁজিতে অংশ নেন।
    এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে। কেউ তাদের সন্ধান পেলে দ্রুত নিচের নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
    যোগাযোগ: ০১৯৩০৪৯৫৯৩৪ / ০১৯৫৬০১৭২১৩
    এদিকে, স্থানীয়দের পক্ষ থেকে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করা হয়েছে, যাতে শিশু দুটিকে দ্রুত উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া যায়।

  • টিকাদান নিশ্চিত করলেই গড়বে সুস্থ প্রজন্ম: এমপি মান্নান

    টিকাদান নিশ্চিত করলেই গড়বে সুস্থ প্রজন্ম: এমপি মান্নান

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেছেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ ও সবল হিসেবে গড়ে তুলতে টিকাদান কর্মসূচির কোনো বিকল্প নেই। সরকারের স্বাস্থ্যখাতের বিভিন্ন উদ্যোগ ইতোমধ্যে ইতিবাচক ফল দিচ্ছে। এই ধারাবাহিকতা বজায় রাখতে স্বাস্থ্যকর্মী, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

    সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলার মেঘনা শিল্প নগরী এলাকায় প্রতাপেরচর কমিনিউটিকে উৎসবমুখর পরিবেশে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    তিনি আরও বলেন, হাম-রুবেলা সহ প্রতিটি টিকাদান কর্মসূচি আমাদের সন্তানদের মারাত্মক রোগ থেকে সুরক্ষা দেয়। তাই কোনো শিশুকে যেন এই কর্মসূচির বাইরে রাখা না হয়, সে বিষয়ে অভিভাবকদের সচেতন হতে হবে।

    সোনারগাঁ উপজেলায় ২০ দিনে সর্বমোট ৫৫ হাজার শিশুকে হাম ও রুবেলা টিকা দেয়া হবে বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুমাইয়া ইয়াকুব।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসিফ আল জিন্নাত ও সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুমাইয়া ইয়াকুব,স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

  • বৈদ্যেবাজারে সন্ধ্যার থেকে শুরু হয় ইয়াবা বেচাকেনা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

    বৈদ্যেবাজারে সন্ধ্যার থেকে শুরু হয় ইয়াবা বেচাকেনা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

    সফিকুল ইসলাম ইমাম, নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের একাধিক এলাকায় সন্ধ্যার পর ইয়াবা বেচাকেনা ও মাদকের আসর বসার অভিযোগ উঠেছে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।
    অভিযোগ সূত্রে জানা গেছে, ইউনিয়নের সুনামই বাজার, আমান গেইট সংলগ্ন ব্রিজের পশ্চিম পার, হামছাদী বকুলতলা, বৈদ্যের বাজার রিফুজি গুচ্ছপাড়া, মামরকপুরের আক্রা, ছনপাড়া আশ্রয়ন প্রকল্প, দামোদরদী, ঈদগাঁ, খংসদরদী আমিরা বস্তি, দক্ষিণ দামোদরদী জেলে পাড়া এবং পশ্চিম দামোদরদীর মতির ইরি স্কিম ব্লকসহ বিভিন্ন এলাকায় প্রতিদিন সন্ধ্যা নামলেই ইয়াবা কেনাবেচা শুরু হয়।
    স্থানীয়দের দাবি, এসব এলাকায় ক্রেতা-বিক্রেতাদের প্রকাশ্য আনাগোনা চলে এবং কিছু কিছু স্থানে নিয়মিত মাদকের আসর বসে। বিশেষ করে আমিরা বস্তিতে জোয়ারের মতো মাদকসেবীদের জমায়েত লক্ষ্য করা যায় বলে অভিযোগ রয়েছে।
    ভুক্তভোগীরা আরও জানান, স্থানীয় কতিপয় প্রভাবশালী ব্যক্তি ও অসাধু চক্রের ছত্রছায়ায় এসব অবৈধ কার্যক্রম পরিচালিত হচ্ছে, যার ফলে প্রশাসনের নজর এড়িয়ে মাদক ব্যবসা দিন দিন বিস্তার লাভ করছে।
    এ অবস্থায় এলাকার সচেতন মহল দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর জোরালো অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন। তারা বলেন, মাদকের ভয়াবহ প্রভাব থেকে যুব ও কিশোর সমাজকে রক্ষা করতে জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
    বৈদ্যের বাজার ইউনিয়নবাসীর পক্ষ থেকে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানানো হয়েছে।

  • সোনারগাঁয়ে ইয়াবা ট্যাবলেটসহ ভাই-বোন আটক

    সোনারগাঁয়ে ইয়াবা ট্যাবলেটসহ ভাই-বোন আটক

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের খিদিরপুর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১১৫ পিস ইয়াবাসহ এক ভাই ও বোনকে আটক করেছে তালতলা বাজার তদন্ত কেন্দ্র পুলিশ।
    শনিবার পরিচালিত এ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে খিদিরপুর সংলগ্ন ভারগা ও নাওরা ভিডা এলাকায় অভিযান চালানো হয়। তালতলা বাজার তদন্ত কেন্দ্র পুলিশের এসআই মামুনুর রশিদ ও এএসআই নাসিরের নেতৃত্বে একটি চৌকস দল দীর্ঘ সময় নজরদারির পর সন্দেহভাজন দুইজনকে আটক করে।
    আটককৃতরা হলেন—মো. সেলিম (২৩) ও তার বোন মোছা. ছনিয়া আক্তার (২৮)। তারা স্থানীয় বাসিন্দা আমির হোসেনের সন্তান বলে জানা গেছে।
    পুলিশ জানায়, আটক দুইজন দীর্ঘদিন ধরে এলাকায় গোপনে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। তাদের জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত থাকার বিষয়টি স্বীকার করেছে বলেও জানিয়েছে পুলিশ।
    পরে তাদের দেহ তল্লাশি করে মোট ১১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবাগুলো বিক্রির উদ্দেশ্যে সংগ্রহ করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
    এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাদের আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
    পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সমাজ থেকে মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় সচেতন মহল পুলিশের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে।

  • সোনারগাঁয়ে মহজমপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল

    সোনারগাঁয়ে মহজমপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল

    নিউজ সোনারগাঁ : সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের মহজমপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
    শনিবার (১৮ এপ্রিল) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
    বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহাজদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আল মুজাহিদ মল্লিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, শহীদুল্লাহ সরকার, রফিকুল ইসলাম, ইউপি সদস্য নাসির উদ্দীন, আল মামুনসহ শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
    প্রধান অতিথির বক্তব্যে আল মুজাহিদ মল্লিক বলেন, এসএসসি পরীক্ষা শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। এই পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে। তিনি শিক্ষার্থীদের নৈতিকতা, অধ্যবসায় ও পরিশ্রমের মাধ্যমে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।
    তিনি আরও বলেন, পরিশ্রমই সাফল্যের চাবিকাঠি। যত বেশি পরিশ্রম করবে, তত ভালো ফলাফল অর্জন সম্ভব। শিক্ষার্থীদের ভালো ফলাফলের মাধ্যমে প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ণ রাখার পাশাপাশি ভবিষ্যতে সমাজে মর্যাদাপূর্ণ অবস্থান তৈরি করারও আহ্বান জানান তিনি। ভালো ফলাফল অর্জনকারীদের পুরস্কৃত করার আশ্বাসও দেন।
    অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।