সোনারগাঁয়ে তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক : সোনারগাঁ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের নানাখী এলাকায় অবস্থিত তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ জুলাই) দুপুরে মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনারগাঁ চাষি হাউজিংয়ের ব্যবস্থাপনা পরিচালক ডা. শফিকুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন মাদরাসার প্রতিষ্ঠাতা হাফেজ মাওলানা মুফতি হোসাইন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির ১ নম্বর সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আল মুজাহিদ মল্লিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী কাউসার আহমেদ, উপজেলা কৃষকদলের সভাপতি ফজলুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তব্যে কাউসার আহমেদ কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা ভবিষ্যতেও ভালো ফলাফল করে মাদরাসার সুনাম অক্ষুণ্ন রাখবে এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করবে। তিনি অভিভাবকদের সন্তানদের লেখাপড়ার প্রতি যত্নশীল হওয়ার এবং তাদের সার্বিক কর্মকাণ্ডের প্রতি নজর রাখার আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে আল মুজাহিদ মল্লিক বলেন, সন্তানদের অল্প বয়সে মোবাইল ফোন ব্যবহার করতে না দিয়ে পড়াশোনায় মনোযোগী করে গড়ে তুলতে হবে। তিনি বলেন, এইচএসসি পাস করার আগে সন্তানদের হাতে মোবাইল ফোন না দেওয়াই ভালো। পাশাপাশি মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, মাদক একটি পরিবারকে ধ্বংস করে দিতে পারে। তাই সন্তানদের মাদক থেকে দূরে রেখে কুরআনের শিক্ষা ও নামাজের প্রতি উদ্বুদ্ধ করতে হবে।
তিনি কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, তারা যেন ভবিষ্যতে আরও ভালো ফলাফল করে মাদরাসার সুনাম বৃদ্ধি করে এবং দেশের কল্যাণে নিজেদের নিয়োজিত রাখে। এছাড়া সুন্দর আয়োজনের জন্য মাদরাসা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠান শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন অতিথিরা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *