নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. নুরে ইয়াছিন নোবেলকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
সম্প্রতি সোনারগাঁয়ে সংঘটিত জনসম্পৃক্ত আন্দোলনের সাথে জড়িত স্থানীয় অধিবাসীদের বিভিন্নভাবে হয়রানি করার অভিযোগ তার বিরুদ্ধে উত্থাপিত হয়েছে বলে কেন্দ্রীয় কমিটির কাছে অভিযোগ এসেছে। এ ধরনের কর্মকাণ্ড সংগঠনের নীতি ও আদর্শের পরিপন্থী উল্লেখ করে নোটিশে তার কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।
নোটিশে বলা হয়েছে, তিনি থানা যুবদলের যুগ্ম আহ্বায়কের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা সত্ত্বেও অভিযোগ অনুযায়ী অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডে জড়িত রয়েছেন। এ অবস্থায় তার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে ব্যাখ্যা দিতে তাকে আগামীকাল ১৫ মার্চ রোববার বিকাল ৩টায় কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
এ সময় যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপির সম্মুখে তাকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে নোটিশটি প্রেরণ করেন সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া।
Category: বৈদ্যের বাজার
-

সোনারগাঁ থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক নোবেলকে কারণ দর্শানোর নোটিশ
-

ওপেন টেন্ডারে ৯৭ লাখ টাকায় আনন্দবাজার হাটের ইজারা পেলেন দুই ইউপি সদস্যের পরিবার
নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঐতিহ্যবাহী আনন্দবাজার হাটের ইজারা ওপেন টেন্ডারের মাধ্যমে সম্পন্ন হয়েছে। ৯৭ লাখ টাকার সর্বোচ্চ দর দিয়ে বাজারটির ইজারা পান বাছেদ মেম্বার।
বাজার পরিচালনার দায়িত্বে রয়েছেন নবী মেম্বারের ভাই নজরুল ইসলাম। টেন্ডার প্রক্রিয়া শেষে আজ সংশ্লিষ্ট সকলের উপস্থিতিতে ফলাফল ঘোষণা করা হয়।
ইজারা কার্যক্রম শেষে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আরা জিনাত আনুষ্ঠানিকভাবে ইজারাদারের নাম ঘোষণা করেন। এসময় স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি বিধি-বিধান অনুসরণ করে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সর্বোচ্চ দরদাতাকে ইজারা প্রদান করা হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন ইজারাদারের মাধ্যমে বাজারের শৃঙ্খলা ও রাজস্ব আদায়ে ইতিবাচক পরিবর্তন আসবে। -

সোনারগাঁয়ে আদালতের রায়ে ঢাকঢোল পিটিয়ে জমি বুঝিয়ে দেওয়া হলো প্রকৃত মালিককে
নিউজ সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের পানাম গাবতুলী এলাকায় বিজ্ঞ আদালতের রায় ও ডিক্রির আলোকে বিরোধীয় জমি প্রকৃত মালিককে বুঝিয়ে দেওয়া হয়েছে। বুধবার (৩১ জানুয়ারি ২০২৬) সরেজমিনে আদালত, পুলিশ ও প্রশাসনের উপস্থিতিতে ঢাকঢোল পিটিয়ে দখল কার্যক্রম সম্পন্ন করা হয় এবং জমির সীমানা নির্ধারণ করে লাল নিশান টানানো হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ সদর আদালতের বিজ্ঞ সিনিয়র সহকারী সিভিল জজ আদালতে দায়েরকৃত দেওয়ানি মামলার বাদী মো. শাহাবুদ্দিন আদালতের রায় ও ডিক্রির ভিত্তিতে জমির দখল বুঝে পান। আদালতের নির্দেশে দেওয়ানি মামলার দখলি পরোয়ানা কার্যকর করা হয়।
ডিএসবি, নারায়ণগঞ্জ সূত্র জানায়, সদর আদালতের সিনিয়র সিভিল জজের স্মারক নং ০৩/২০২৬ (তারিখ: ১৮/০১/২০২৬) এর প্রেক্ষিতে দেওয়ানি ডিক্রিজারি নং ০৬/২০২৫ মামলার দখলি পরোয়ানা জারির জন্য ৩১ জানুয়ারি ২০২৬ তারিখ নির্ধারণ করা হয়।
নির্ধারিত দিনে দখল কার্যক্রমে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও সহযোগিতার জন্য ২৩ সদস্যের একটি পুলিশ ফোর্স নিয়োগ দেওয়া হয়। এতে ছিলেন ১ জন সাব-ইন্সপেক্টর (এসআই), ২ জন সহকারী সাব-ইন্সপেক্টর (এএসআই), ১০ জন পুরুষ কনস্টেবল ও ১০ জন নারী কনস্টেবল।
বিজ্ঞ জেলা জজ আদালতের নাজিরের উপস্থিতিতে আদালতের রায় ও ডিক্রির আলোকে বাদীর জমির দখল বুঝিয়ে দেওয়া হয়। এ সময় জমির সীমানা নির্ধারণ করে লাল নিশান টানানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি হওয়ায় পানাম গাবতুলী এলাকার সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও শান্তি ফিরে এসেছে।
আপনি চাইলে এটি আরও সংক্ষিপ্ত বা শিরোনাম ভিন্নভাবে সাজিয়ে দিতে পারি, অথবা অন্য পত্রিকার স্টাইল অনুযায়ীও এডিট করে দেব। -

মেঘনায় ট্রলারডুবি: নিখোঁজ দুই যুবকের মরদেহ উদ্ধার
নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যোরবাজার ইউনিয়নের সোনাময়ী এলাকায় মেঘনা নদীতে ট্রলারডুবির একদিন পর নিখোঁজ দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ ও সোনারগাঁ ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
শুক্রবার (১৪ নভেম্বর) দুপুর ২টার দিকে নদীর তলদেশ থেকে রানা ও শুভ নামে দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। নিহত রনি সরদার (৩৪) বরিশালের বন্দর উপজেলার বিসারত গ্রামের আলী সরদারের ছেলে এবং নিহত শুভ (১৯) একই এলাকার স্বপন মৃধার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে সিমেন্টবোঝাই ট্রলারটি মাঝনদীতে গিয়ে হঠাৎ ডুবে যায়। এসময় ট্রলারে থাকা রানা ও শুভ পানিতে তলিয়ে নিখোঁজ হন।
খবর পেয়ে নৌ–পুলিশ এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দল দুই ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে তাদের সন্ধান পাননি। পরে শুক্রবার সকালে পুনরায় অভিযান চালানো হয়। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় ডুবুরি দল নিখোঁজ দুই যুবকের মরদেহ উদ্ধার করে সোনারগাঁ থানায় নিয়ে যায়।
বৈদ্যোরবাজার নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মাহবুবুর রহমান জানান, মাঝনদীতে অবস্থানকালে ট্রলারটি ডুবে যায়। পরে যৌথ অভিযানে দুই যুবকের মরদেহ উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
-

সোনারগাঁয়ে মেঘনা নদীতে সিমেন্টভর্তি ট্রলার ডুবে দুই যুবক নিখোঁজ
নিউজ সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সোনাময়ী এলাকায় মেঘনা নদীতে দুই হাজার ব্যাগ সিমেন্টবোঝাই একটি ট্রলার ডুবে দুই যুবক নিখোঁজ হয়েছেন।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ দুই যুবকের নাম রানা ও শুভ। তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
ঘটনার পর সোনারগাঁ ফায়ার সার্ভিসের ডুবুরি দল সন্ধ্যা ৬টা পর্যন্ত উদ্ধার অভিযান চালায়, কিন্তু নিখোঁজদের খোঁজ পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৈদ্যেরবাজারের আমান সিমেন্ট ফ্যাক্টরি থেকে বরিশালের উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য দুই হাজার ব্যাগ সিমেন্টবোঝাই করে ট্রলারটি। দুপুর ২টার দিকে মাঝনদীতে নোঙর করে বিশ্রাম নিচ্ছিলেন ট্রলারের চালক রানা ও সহযোগী শুভ। কিছুক্ষণ পর ট্রলারের তলা ফেটে পানি ঢুকে সেটি নদীর তলদেশে ডুবে যায়।
খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিস ও বৈদ্যেরবাজার ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে।
বৈদ্যেরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মাহবুবুর রহমান জানান, “সিমেন্টবোঝাই ট্রলারটি মাঝনদীতে অবস্থানকালে ডুবে যায়। ট্রলারে থাকা দুই যুবক এখনো নিখোঁজ রয়েছেন। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।”
সোনারগাঁ ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার জাহেদুল ইসলাম বলেন, “ধারণা করা হচ্ছে ট্রলারের তলা ফেটে পানি ঢুকে এটি ডুবে গেছে। দুই ঘণ্টা চেষ্টা করেও নিখোঁজদের উদ্ধার করা সম্ভব হয়নি। শুক্রবার সকাল থেকে আবারও উদ্ধার অভিযান শুরু হবে।”
অন্যদিকে, আমান সিমেন্ট কোম্পানির ম্যানেজার নাদিরুজ্জামান বলেন, “ট্রলারটি আমাদের কারখানা থেকে সিমেন্টবোঝাই করে বরিশালের উদ্দেশ্যে রওনা দেয়ার কথা ছিল। বিকেল সাড়ে ৩টার দিকে খবর পাই, ট্রলারটি নদীতে ডুবে গেছে।”
উদ্ধার অভিযান চলমান রয়েছে।
-

আমি শুধু উন্নয়নের স্বার্থে আওয়ামী–জাপা এমপির সঙ্গে ছবি তুলেছি : মামুন
নিউজ সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন অভিযোগ করেছেন, সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু অনলাইন মাধ্যমে তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। এ ঘটনায় তিনি আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে সোনারগাঁয়ের পানামা রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, “আমি দীর্ঘদিন সুনামের সঙ্গে বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছি। সম্প্রতি কিছু অসাধু মহল বিভিন্ন ফেক আইডি ও অনুমোদনহীন অনলাইন মাধ্যমে আমার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য ছড়াচ্ছে। এ অপপ্রচারকারীদের বিরুদ্ধে আদালতের মাধ্যমে শিগগিরই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও বলেন, “একটি কুচক্রী মহল সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করছে এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংবাদ প্রকাশ করে আমার মানহানি করার চেষ্টা চালাচ্ছে। সরকারি বরাদ্দ নিয়ে এলাকার উন্নয়ন কর্মকাণ্ডের স্বার্থে সাবেক সাংসদদের সঙ্গে আমার ছবি থাকলেও আমি কখনো আওয়ামী লীগ বা জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম না, কোনো পদ-পদবিও নেই বা ছিল না। শুধু উন্নয়নের স্বার্থে সুসম্পর্ক রেখেছি।”
মামুন অভিযোগ করে বলেন, “গত ৫ আগস্ট দেশের রাজনৈতিক পরিবর্তনের পর ওই ছবিগুলোকে পুঁজি করে আমাকে রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা চলছে। কিন্তু কেউ প্রমাণ করতে পারবে না যে আমি কোনো দলের সক্রিয় কর্মী বা পদধারী।”
ভারপ্রাপ্ত চেয়ারম্যান হওয়ার বিষয়ে তিনি জানান, বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের ১০ জন নির্বাচিত সদস্যের সর্বসম্মত রেজুলেশনের মাধ্যমে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এখানে কাউকে অর্থ দিতে হয়নি। এ প্রক্রিয়ায় সোনারগাঁ বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান ও সাধারণ সম্পাদক মোশারফ হোসেনেরও কোনো সম্পৃক্ততা নেই। মনগড়া সংবাদ প্রকাশ করে তাকে ও তার পরিবারকে হেয় করার চেষ্টা চালানো হচ্ছে।
তিনি আরও জানান, ইতোমধ্যে ফেক আইডি ও অপপ্রচারকারীদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে তিনি আশা প্রকাশ করেন যে সোনারগাঁ থানা পুলিশ দ্রুত এসব মূল হোতাদের গ্রেপ্তার করবে।
সংবাদ সম্মেলনে আব্দুল্লাহ আল মামুন সকল সাংবাদিকদের প্রতি সঠিক তথ্য যাচাই করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানান এবং দেশ ও জাতির কল্যাণে দায়িত্বশীল ভূমিকা রাখার অনুরোধ করেন।
-

সোনারগাঁয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ কর্মসূচি
নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্দ্যেরবাজার ইউনিয়নের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল। কর্মসূচির সভাপতিত্ব করেন সোনারগাঁও উপজেলা বিএনপির সহ-সভাপতি হাজী শফিউদ্দীন মেম্বার।
এসময় উপস্থিত ছিলেন—নারায়ণগঞ্জ জেলা তাতীদলের সাধারণ সম্পাদক সালমান আহমেদ রুবেল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরে ইয়াসিন নোবেল, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক গাজী পিয়ার হোসেন নয়ন, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আল আমিন অভি ও রুবেল নিলয়, উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক আশিক, সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা বাবু, সোনারগাঁও পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জনি, সোনারগাঁও সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আবু ইসলাম, হোসেনপুর এসপি ইউনিয়ন ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি শুভ, নোয়াগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ নজরুল, জামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা হাসু, সাদিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা হাসু
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বৈদ্দ্যেরবাজার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোহাম্মদ জিয়াউর রহমান।
-

সোনারগাঁয়ে ছাত্রদলের উদ্যোগে ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ
নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ছাত্রদলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগ ও লিফলেট করা হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার বৈদ্যেরবাজার এলাকায় সর্বসাধারণের মাঝে বৈদ্যেরবাজার ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।
গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সাবেক সহ-সভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল।
এছাড়া গণসংযোগে আরও উপস্থিত ছিলেন, শিল্প মন্ত্রণালয়ের সাবেক কর্মকতা নিবাস চন্দ্র বর্মণ, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির, সোনারগাঁ তাঁতীদলের সিনিয়র সহ-সভাপতি হাজী রুহুল আমিন, জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক, স্বেচ্ছাসেবকদলের নেতা মোহাম্মদ রাব্বি মোল্লা, সোনারগাঁ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মাসুদ রানা বাবু, সোনারগাঁ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম, বৈদ্যেরবাজার ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আদিব, মোহাম্মদ হারুন, মোহাম্মদ উজ্জল হোসেন প্রমুখ।
-

সোনারগাঁয়ে ৩১ দফা বাস্তবায়নে আল মুজাহিদ মল্লিকের লিফলেট বিতরণ
পরিমল বিশ্বাস: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা’ বাস্তবায়নের লক্ষ্যে সোনারগাঁয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন উপজেলা বিএনপির সহ-সভাপতি এবং নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আল মুজাহিদ মল্লিক।
বুধবার (১৩ আগস্ট) দুপুরে বৈদ্যেরবাজার ইউনিয়নের আনন্দবাজার হাটে দোকান ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন জামপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সুলতান আল মামুন, বিএনপি নেতা লুৎফর রহমান, যুবদল নেতা এডভোকেট মাহমুদুল হাসান রঞ্জু, যুব বিষয়ক সম্পাদক আমিনুল মোল্লা শান্ত, ছাত্রনেতা সালমান, সোনারগাঁ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আব্দুর রহিম, কৃষক দল নেতা সোহেল, মোতালেব মেম্বারসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
আল মুজাহিদ মল্লিক বলেন, “৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আমরা নিয়মিত কাজ করছি। সোনারগাঁ থেকে বিএনপির মনোনয়ন পেলে প্রথমেই শিক্ষা ব্যবস্থা উন্নয়নে কাজ করব। প্রতিটি এলাকা ও ইউনিয়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে। নির্বাচিত সরকারের মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা উন্নয়ন করতে চাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করছি।”
-

সোনারগাঁয়ে প্রবাসীর বাড়িতে ভয়াবহ ডাকাতি: ২ কোটি টাকার মালামাল লুট
সোনারগাঁ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের উলুকান্দি মামরকপুর এলাকায় এক প্রবাসীর বাড়িতে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল (রোববার) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে কামরুল মিয়ার বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
সোমবার (২৮ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার ও সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরে বিকেলে প্রবাসীর স্ত্রী উম্মেহানী বেগম বাদী হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ করেছেন।
এর আগে রবিবার (২৭ জুলাই) রাত আড়াইটার দিকে রান্নাঘরের গ্রিল কেটে ওই বাড়িতে ঢুকে ৭৫ ভরি স্বর্ণ, একটি আইফোন এবং জমি কেনার রেজিস্ট্রেশন খরচের নগদ ২২ লাখ টাকা লুট করা হয়।
সৌদি প্রবাসী কামরুল ইসলামের মা রাজিয়া বেগম জানান, ‘তার চার ছেলে সৌদি আরব প্রবাসী। সবার স্ত্রী ও আট শিশু সন্তান নিয়ে তারা বসবাস করেন। তাদের ঘরে কোনো পুরুষ ছিল না। রবিবার রাত আড়াইটার দিকে ১০-১৫ জনের ডাকাতদল তাদের রান্না ঘরের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। পরে ঘরের সবাইকে একটি কক্ষে আটক করে। শিশুদের গলায় ছুরি ধরে আলমারির চাবি ছিনিয়ে নেয়। এর পর একে একে তিনটি কক্ষের আসবাবপত্র তছনছ করে ৭৫ ভরি স্বর্ণ, একটি আইফোন এবং জমি কেনার রেজিস্ট্রেশন খরচের নগদ ২২ লাখ টাকা লুট করে নেয়।’খবর পেয়ে নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার( খ-অঞ্চল) আসিফ ইমাম ও সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মো. রাশেদুল হাসান খান বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগ গ্রহণ করা হয়েছে। স্বর্ণ ও নগদ টাকার বিষয়টি গুরুত্ব দিয়ে ডাকাতির বিষয়টি তদন্ত করা হচ্ছে। ডাকাতির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।’
-

সোনারগাঁয়ে জমি বিরোধকে কেন্দ্র করে হামলা: নারীসহ আহত ৭, স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ
সোনারগাঁ (নারায়ণগঞ্জ), ১০ জুন: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের মামরকপুর গ্রামে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। হামলায় নারীসহ অন্তত ৭ জন গুরুতর আহত হয়েছেন। ভুক্তভোগীদের অভিযোগ, দেশীয় অস্ত্রে সজ্জিত একদল সন্ত্রাসী ঘরে ঢুকে ব্যাপক ভাঙচুর, লুটপাট ও শ্লীলতাহানির মতো ঘটনা ঘটায়।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৯ জুন সন্ধ্যা ৭টার দিকে স্থানীয় নিলু নামের এক নারী সোনারগাঁ থানায় লিখিত অভিযোগে জানান, প্রতিবেশী আব্দুল কাদের, মো. জুয়েল (২৪), মো. তুহিন (২২), মো. শরীফ (৩৮), ইয়াছিন (৩৩), আব্দুস সাত্তার (৬৫), আমানুল্লাহ (৩০), কবির হোসেন, সামিম (৩২), হাসেল (২৫), সাইদুল (২০) ও তাদের সহযোগী আরও ৫-৬ জন অজ্ঞাতনামা ব্যক্তি একযোগে তার বাড়িতে হামলা চালায়।
হামলাকারীরা লোহার রড, চাপাতি, চাইনিজ কুড়াল, এসএস পাইপসহ দেশীয় অস্ত্র নিয়ে ঘরের দরজা-জানালা ভাঙচুর করে প্রায় ৭০-৮০ হাজার টাকার মালামালের ক্ষতি করে। হামলার একপর্যায়ে তারা নিলুর ভাই খোরশেদ আলম, মোশারফ হোসেন, সানাউল্লাহ, জানে আলম, তোফাজ্জল হোসেনসহ পরিবারের সদস্যদের এলোপাতাড়ি মারধর ও কুপিয়ে জখম করা হয়।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, হামলাকারীরা নিলুর বোনের গলা থেকে এক ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়, যার মূল্য প্রায় ১ লাখ ৯০ হাজার টাকা। পাশাপাশি তার বোনকে শ্লীলতাহানির চেষ্টা করে। হামলার সময় ভুক্তভোগীদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায় এবং যাবার সময় প্রাণনাশের হুমকি দিয়ে যায়।
আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসার পর গুরুতর আহত ৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
-

সোনারগাঁয়ে ৮ বছরের শিশু নিখোঁজ, পরিবার চরম উদ্বিগ্ন
সোনারগাঁও উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের আনন্দবাজার পঞ্চবটী এলাকা থেকে তাবাচছুম নামের ৮/৯ বছরের একটি শিশু নিখোঁজ হয়েছে। পরিবার জানায়, গতকাল সোমবার (১৯ মে) বিকাল থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ তাবাচছুমের পিতার নাম শাহ আলম ও মাতার নাম হালিমা। মেয়েটি প্রতিদিনের মতো বিকেলে বাসা থেকে বের হলেও আর ফেরেনি। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। তার নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।
যদি কেউ এই শিশুর সন্ধান পান বা দেখে থাকেন, অনুগ্রহ করে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে: যোগাযোগ: ০১৯৩৩৫৮৪৬১৫
নিখোঁজ তাবাচছুমের খোঁজ পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সাধারণ মানুষের সহায়তা কামনা করেছে পরিবারটি।
-

তাদের হাতে জিম্মি ঐতিহ্যবাহী আনন্দবাজার হাট
কতিপয় ব্যক্তির হাতে জিম্মি হয়ে পড়েছে সোনারগাঁ উপজেলার ঐতিহ্যবাহী আনন্দবাজার হাট। বালু বালু থেকে শুরু করে নদী খেকো ও নদী ডাকাত হিসেবে পরিচিত লোকেরা বর্তমানে পরিচালনা করছে আনন্দবাজার হাটের ব্যবসায়ীদের। স্থানীয়দরের অভিযোগ নদী খেকো ও চাঁদাবাজ মাজারুলের নেতৃত্বে, কসাই মোতালেব, খুনি আমির হোসেন, মহসিন, বাবু চোরা ও কানকাটা শাহজাহানের ছেলে ফয়সালসহ ৭-৮ জন সন্ত্রাসী বাজারের ব্যবসায়ীদের নিকট খাজনার নামে জোরপূর্বক চাঁদা দাবি করে। চাঁদা না দেয়ায় তিন দোকানদারকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়।
ভুক্তভোগীদের অভিযোগ, প্রতিটি দোকান থেকে সাপ্তাহিক হাটে দুই হাজার টাকা করে চাঁদা দাবি করে এই সন্ত্রাসীরা। চাঁদা না দিলে দোকান বন্ধ করে দেওয়া হবে কিংবা প্রাণনাশের হুমকি দেওয়া হয়। আহতদের মধ্যে রয়েছে বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হাজী হাসেম সাহেবের ছেলে ইমন বেপারী, কাদির বেপারীর ছেলে রাসেল এবং অনিক।
এই সন্ত্রাসীদের তাণ্ডবের কারণে বাজারে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিভিন্ন স্থান থেকে আসা ক্রেতারা দ্রত বাজার ত্যাগ করে এবং প্রায় ৫০০ দোকান বন্ধ হয়ে যায়। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে কসাই মোতালেব বিএনপি নেতা জাকির খানের নাম ভাঙিয়ে বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করে আসছিল।
এ ঘটনার পর আনন্দ বাজার হাট কমিটির সেক্রেটারি হাজী আবদুর রহমান বাদী হয়ে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
আহত ইমন বলেন, “মাজহার, খুনি আমির, কসাই মোতালেব, সুদী মহসিন, বাবু ও ফয়সাল চিহ্নিত সন্ত্রাসী। তারা ফ্যাসিস্ট সরকারের পৃষ্ঠপোষকতায় চাঁদাবাজি ও সন্ত্রাস চালাচ্ছে। দ্রুত তাদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”
বর্তমানে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং যে কোনো সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।
-

সোনারগাঁয়ে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ
(নিরাপত্তাহীনতায় ভুগছেন তমিজ উদ্দিন)
সোনারগাঁ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হামছাদী এলাকার বামনা দিঘীরপাড় গ্রামে মো. তমিজ উদ্দিন নামে এক ব্যক্তি তার জমি জোরপূর্বক দখল, চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ করেছেন।
ভুক্তভোগী তমিজ উদ্দিন গত ২৮ এপ্রিল (সোমবার) সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগে তিনি জানান, হামছাদী মৌজার এস.এ. দাগ ৪৭৩ ও ৪৭২ এবং আর.এস. দাগ ৬৫০ ও ৬৪৯ নম্বরের আওতাভুক্ত মোট ২১ শতাংশ জমি তিনি দলিল, খাজনা ও পৈত্রিক সূত্রে মালিক হিসেবে ভোগদখল করে আসছেন। সেখানে দীর্ঘ ৪০-৫০ বছর ধরে তিনি বাউন্ডারি ওয়ালসহ টিনের ঘর নির্মাণ করে গাছপালা রোপণ করে শান্তিপূর্ণভাবে বসবাস করছেন। ঘরে বিদ্যুৎ সংযোগ ও ইউনিয়ন পরিষদ থেকে হোল্ডিং নম্বরও রয়েছে।
তিনি অভিযোগ করেন, প্রতিবেশী মৃত আক্কল আলীর ছেলে রফিক (৪৮), মৃত আফির উদ্দিনের ছেলে শাহ আলম (৪৫), হযরত আলীর স্ত্রী (৫৫) এবং মৃত আব্দুল বাতেনের ছেলে সাদ্দাম হোসেন (৩২) দীর্ঘদিন ধরে ওই জমি দখলের চেষ্টা করে আসছেন। বাধা দিলে তারা ১০ লাখ টাকা চাঁদা দাবি করে এবং প্রাণনাশের হুমকি দেয়।
তমিজ উদ্দিন আরও জানান, ২৮ এপ্রিল সকালে তার ভাই আবুল কালাম ও ভাতিজা রায়হান জমির লিচু পাড়তে গেলে অভিযুক্তরা তাদের বাধা দেয় এবং হুমকি প্রদান করে। এক পর্যায়ে অভিযুক্তরা ৭টি গাছ থেকে আনুমানিক ১২ হাজার টাকা মূল্যের লিচু জোরপূর্বক নিয়ে যায়।
এ ঘটনায় পরিবারসহ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান তমিজ উদ্দিন।
এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
-

সোনারগাঁয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার মামলার আসামি করোনা যোদ্ধাখ্যাত সানাউল্লাহ গ্রেফতার
নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলার মামলায় ৯১ নম্বর আসামি সানাউল্লাহ বেপারীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেল ৪টার দিকে সোনারগাঁ ঈদগাহ মাঠ থেকে তাকে আটক করা হয়।
সানাউল্লাহ বেপারী বৈদ্যেরবাজার ইউনিয়নের মামরকপুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে।
পুলিশ জানায়, ২০২৪ সালে কাঁচপুর ব্রিজ এলাকায় ছাত্র ও জনতার ওপর হামলার ঘটনায় সোনারগাঁ থানায় মামলা হয় (নং-১৬)। এতে ২৩৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৬০ জনকে আসামি করা হয়।
ওসি মো. মফিজুর রহমান জানান, গোয়েন্দা সংস্থার সহায়তায় অভিযান চালিয়ে সানাউল্লাহকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আগের মামলা রয়েছে এবং নতুন অভিযোগ যাচাই করা হচ্ছে। রিমান্ড আবেদন করা হবে বলেও তিনি জানান।
-

সোনারগাঁয়ে মেঘনায় ধরা পড়ছে ‘কুত্তা চেউয়া’, স্থানীয়রা নাম দিয়েছেন ‘রাজা চেউয়া’
নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ উপজেলার মেঘনা নদীতে সম্প্রতি ধরা পড়ছে একটি ব্যতিক্রমী ধরনের চেউয়া মাছ, যেটিকে স্থানীয় জেলেরা বলছেন ‘কুত্তা চেউয়া’। মাছটির অদ্ভুত চেহারা ও গঠন দেখে অনেকেই মুখ ফিরিয়ে নিচ্ছেন, আবার কেউ কেউ আগ্রহ নিয়ে কিনেও নিচ্ছেন। বৈদ্যেরবাজার ঘাটে গত কয়েকদিন ধরেই পাওয়া যাচ্ছে এই মাছগুলো।
অনেকে এই মাছ চিনে বা না চিনে কিনে নিয়ে গেলেও বেশিরভাগ মানুষ একে ‘লাল চেউয়া’ বা ‘সাদা চেউয়া’ নামেই চিনে থাকেন। তবে এই ‘কুত্তা চেউয়া’ অন্যান্য চেউয়া মাছের তুলনায় দেখতে বেশ ভিন্ন হওয়ায় অনেকের মাঝেই রয়েছে বিভ্রান্তি। জেলেদের দাবি, এই ধরনের মাছ আগেও দেখেছি কিন্তু কুকুরে বাচ্চা যখন জম্ম হয় তখন সে বাচ্চা আর কুত্তা চেউয়ার মুখের সাদৃশ্য খুঁজে পান অনেকে সেজন্য এগুলো না খেয়ে ফেলে দিতো।
শুরুতে মানুষ এই মাছ খেতে অনীহা প্রকাশ করলেও এখন অনেকেই এটিকে ‘রাজা চেউয়া’ নামে ডেকে আনন্দের সঙ্গে কিনে নিচ্ছেন। তবে কেউ কেউ আবার মাছটি কিনে রান্নার পর ফেলে দিচ্ছেন, কারণ ছোটবেলা থেকেই অনেকে শুনে এসেছেন—এই মাছ খেলে শরীরে ব্যথা হতে পারে।
বৈদ্যেরবাজার ঘাটের মাছ ব্যবসায়ী হালিম মিয়া জানান, আমরা এখন নিজের ভালো-মন্দ বিচার করার ক্ষমতা হারিয়ে ফেলেছি। যা আগে খাওয়ার অযোগ্য বলে মনে করা হতো, এখন সেটিই হয়ে উঠছে আকর্ষণীয়—শুধু নাম পাল্টে যাওয়ার কারণে। কুত্তা চেউয়া আগে খেলে নাকি শরীর ব্যাথা করতো সে কারনে কেউ খেতো না এখন অন্য চেউয়ার চেয়ে বেশি দামে কিনে নেয়।
এ নিয়ে মাছ গবেষক বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতামত এখনো পাওয়া যায়নি। তবে স্থানীয়ভাবে এই ‘কুত্তা চেউয়া’ এখন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।