ঈদ সালামি নিয়ে বিরোধ: সোনারগাঁয়ে স্ত্রীকে হত্যা, আত্মহত্যা বলে চালানোর অভিযোগ

নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ঈদ সালামি নিয়ে পারিবারিক বিরোধের জেরে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। পরে ঘটনাটিকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা।
ঘটনাটি ঘটেছে উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের সাতভাইয়া পাড়া গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে শ্বশুরবাড়ি থেকে কম সালামি পাওয়া নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে ঈদের দিন রাতে স্বামী সাগর তার স্ত্রীকে হত্যা করে পালিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।
খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ সময় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মহিবুল্লাহ নিজে উপস্থিত থেকে উদ্ধার কার্যক্রম তদারকি করেন।
পুলিশ জানায়, এটি হত্যা নাকি আত্মহত্যা—তা নিশ্চিত হতে মরদেহ নারায়ণগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই প্রকৃত ঘটনা জানা যাবে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে এবং পলাতক স্বামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *