নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের গৌরবরদী গ্রামে চলমান রাস্তার পিচ ঢালাই কাজে অনিয়ম ও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নোয়াগাঁও ইউনিয়ন শাখার পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।
এনসিপির নেতাকর্মীরা জানান, জনগণের অর্থে নির্মিত উন্নয়ন প্রকল্পে কাজের গুণগত মান নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। কিন্তু গৌরবরদী গ্রামের পোস্ট অফিস ধন্দী বাজার এলাকার সড়কে চলমান পিচ ঢালাইয়ের কাজে একাধিক অনিয়ম তাদের নজরে এসেছে।
তাদের অভিযোগ, পিচ ঢালাইয়ের আগে রাস্তার ওপর প্রয়োজনীয় প্রাইম কোট বা ট্যাক কোট (আঠালো বিটুমিন) ব্যবহার করা হয়নি। এছাড়া ব্যবহৃত পাথরের কণাগুলো আকারে বড় হওয়ায় রাস্তার ফিনিশিং অত্যন্ত নিম্নমানের হয়েছে। এতে ভবিষ্যতে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ার পাশাপাশি রাস্তার স্থায়িত্বও কমে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।
এনসিপির পক্ষ থেকে আরও দাবি করা হয়, রাস্তার পুরুত্বও পর্যাপ্ত নয়। অন্তত প্রায় ৩ ইঞ্চি পুরুত্ব নিশ্চিত করা হলে সড়কটি আরও টেকসই ও দীর্ঘস্থায়ী হতো।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এনসিপি নেতারা বলেন, জনগণের অর্থে নির্মিত কোনো উন্নয়নকাজে যেন অনিয়ম বা নিম্নমানের কাজ না হয়, সে বিষয়ে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত। একই সঙ্গে নির্মাণকাজের মান নিশ্চিত করারও দাবি জানান তারা।
Category: সর্বশেষ
-

নোয়াগাঁওয়ে নিম্নমানের রাস্তা নির্মাণের অভিযোগ, এনসিপির প্রতিবাদ
-

এসিল্যান্ড অফিসের সহকারী মুক্তারের বিরুদ্ধে অসহায় বৃদ্ধার জমি দখলের চেষ্টার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের অফিস সহকারী মুক্তার হোসেনের বিরুদ্ধে জমি জালিয়াতি, প্রতারণা, ক্ষমতার অপব্যবহার এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী বৃদ্ধা জোহরা খাতুন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সোমবার (২৯ জুন) সকালে জোহরা খাতুন নিজে বাদী হয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমানের কাছে অভিযোগটি জমা দেন।
অভিযোগে জোহরা খাতুন উল্লেখ করেন, তিনি দীর্ঘ ৬০ থেকে ৭০ বছর ধরে সরকারি খাজনা পরিশোধ ও নিয়মিত খারিজ সম্পন্ন করে সংশ্লিষ্ট জমিতে বসবাস করে আসছেন। সম্প্রতি এসিল্যান্ড অফিসের অফিস সহকারী মুক্তার হোসেন ক্ষমতার অপব্যবহার করে খাজনা ও খারিজ ছাড়াই জাল দলিল তৈরি করে প্রতারণার মাধ্যমে তার জমি দখলের চেষ্টা করছেন বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও দাবি করেন, জমি দখলের চেষ্টায় বাধা দিলে মুক্তার হোসেন তার ভাগিনা নাঈমকে দিয়ে তাকে ও তার পরিবারের সদস্যদের বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন এবং হামলার হুমকি দিচ্ছেন। এছাড়া জমি রেজিস্ট্রি না দিয়ে অর্থ আত্মসাতেরও অভিযোগ করেন তিনি। এ ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার দাবি করেছেন জোহরা খাতুন ও তার পরিবার।
এ বিষয়ে অভিযুক্ত অফিস সহকারী মুক্তার হোসেন বলেন, “জোহরা খাতুন আমার খালা হন। বিষয়টি পারিবারিক। খুব শিগগিরই আমরা বসে আপস-মীমাংসার চেষ্টা করব।”
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান বলেন, “অভিযোগটি পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।” -

সোনারগাঁয়ে ৪ চুনা কারখানা গুড়িয়ে দিল তিতাস, পাঁচ হাজার টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৪টি চুনা কারখানা গুড়িয়ে দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। একই সঙ্গে কারখানাগুলোর অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
সোমবার (২৯ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এপিরদী এলাকায় এসিআই হেলথকেয়ারের বিপরীত পাশে ১টি, মল্লিকপাড়ায় ১টি, প্রতাপেরচরে ১টি এবং সল্ট এলাকার বিপরীত পাশে ১টিসহ মোট ৪টি অবৈধ চুনা কারখানা উচ্ছেদ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) সুনিম সোহানা এবং তিতাস গ্যাসের মেঘনাঘাট জোনের ব্যবস্থাপক (প্রকৌশলী) সুরঞ্জিত।
অভিযান চলাকালে এক্সকাভেটর মেশিনের সাহায্যে কারখানাগুলোর স্থাপনা ভেঙে ফেলা হয়। এছাড়া ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে এনে পানি স্প্রে করা হয়, যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। যেখানে অবৈধ গ্যাস সংযোগ পাওয়া যাবে, সেখানেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। -

সোনারগাঁয়ে ৪ দিনের জন্য বন্ধ সরদারবাড়ি, চলছে কোকা-কোলার শুটিং; দর্শনার্থীদের ভোগান্তি
নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন-এর অন্যতম প্রধান আকর্ষণ ঐতিহাসিক সরদারবাড়ি চার দিনের জন্য দর্শনার্থীদের প্রবেশে বন্ধ রাখা হয়েছে। সেখানে একটি কোকা-কোলা কোম্পানির বিজ্ঞাপনের শুটিং চলছে বলে জানা গেছে। ফলে দেশের বিভিন্ন স্থান থেকে ঘুরতে আসা দর্শনার্থীরা সরদারবাড়ি পরিদর্শন করতে না পেরে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।
সোমবার (২৯ জুন) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, সরদারবাড়িতে দর্শনার্থীদের প্রবেশ সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। জাদুঘরের ভেতরে শুটিংয়ের বিভিন্ন সেট ও সাজসজ্জার কাজ চলছে। এ সময় অনেক দর্শনার্থী সরদারবাড়ির সামনে এসে ফিরে যেতে বাধ্য হন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুটিংয়ের জন্য ব্যবহৃত ডেকোরেশনের কারণে সরদারবাড়ির ভবনের কিছু নকশা ও অলংকরণ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ রয়েছে। তবে এ বিষয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উপ-পরিচালক শাখাওয়াতের সঙ্গে কথা হলে তিনি জানান, জাদুঘরের পরিচালক চার দিনের জন্য সরদারবাড়ি কোকা-কোলা কোম্পানির কাছে ভাড়া দিয়েছেন। এজন্য ৬ লাখ টাকা ভাড়া নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। তবে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদনের কোনো কাগজপত্র তিনি দেখাতে পারেননি।
ঘুরতে আসা কয়েকজন দর্শনার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, “অনেক দূর থেকে এসে জানতে পারলাম সরদারবাড়ি চার দিনের জন্য বন্ধ। আগে থেকে কোনো নোটিশ বা ঘোষণা থাকলে আমরা হয়তো অন্যদিন আসতাম। বিনা নোটিশে দেশের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনা বন্ধ রাখায় আমরা চরম ভোগান্তির শিকার হয়েছি।”
এ ঘটনায় দর্শনার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। তাদের দাবি, ভবিষ্যতে এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে কর্তৃপক্ষ যেন জনসাধারণকে আগাম অবহিত করে এবং ঐতিহাসিক স্থাপনার স্বাভাবিক দর্শন কার্যক্রম বিঘ্নিত না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। -

সোনারগাঁয়ে মাংস ব্যবসা ব্যবসায়ীকে জরিমানা
নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে এক মাংস ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই দিনে শব্দদূষণবিরোধী অভিযানে দুটি পরিবহন থেকে তিনটি হাইড্রোলিক হর্ন জব্দ করে ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার (২৯ জুন) বিকেলে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা বাজারে এ অভিযান পরিচালনা করেন সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান। অভিযানে সহযোগিতা করেন উপজেলা ভেটেরিনারি সার্জন, ভূমি কার্যালয়ের কম্পিউটার অপারেটর আতাউর রহমান এবং সোনারগাঁ থানা পুলিশ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান জানান, বাজারে মূল্যতালিকা প্রদর্শন না করে মাংস বিক্রির অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় মাংস ব্যবসায়ী মো. মান্নান মূল্যতালিকা প্রদর্শন না করা এবং ভিন্ন ভিন্ন মানের পণ্য পৃথকভাবে চিহ্নিত না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ধারায় তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও জানান, বাজারের অন্যান্য ব্যবসায়ীদের মূল্যতালিকা প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে একই দিন বিকেলে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬-এর ৮(১) ধারা লঙ্ঘনের দায়ে দুটি পরিবহন থেকে তিনটি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। এ সময় সংশ্লিষ্টদের কাছ থেকে মোট ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক রীমা আক্তার, অফিস সহকারী রাকিবুল ইসলাম এবং সোনারগাঁ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
-

সোনারগাঁয়ে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, দুর্ভোগে শিক্ষার্থী, বৃদ্ধ ও শিশুরা
নিজস্ব প্রতিবেদক, প্রচণ্ড গরমের মধ্যে ঘন ঘন লোডশেডিংয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন অসুস্থ ব্যক্তি, বৃদ্ধ, শিশু এবং এইচএসসি পরীক্ষার্থীরা। দিনে ও রাতে বারবার বিদ্যুৎ বিভ্রাটের কারণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। এ বিষয়ে কি করনীয় সোনারগাঁ পল্লী বিদ্যুৎতের কর্তাব্যক্তিরা কিছু জানেন না বলে জানান।
স্থানীয় সূত্রে জানা যায়, সোনারগাঁ উপজেলার ওপর দিয়ে একাধিক সাবস্টেশনের বিদ্যুৎ লাইন প্রবাহিত হওয়ায় বিভিন্ন এলাকায় পালাক্রমে লোডশেডিং করা হচ্ছে। বিশেষ করে ১৩ নম্বর ফিডারের আওতাধীন গ্রামীণ এলাকায় সবচেয়ে বেশি বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে। মোগরাপাড়া চৌরাস্তা থেকে শুরু করে আশপাশের এলাকায় দিনে তিন থেকে চারবার এবং রাতেও তিন থেকে চারবার বিদ্যুৎ চলে যাচ্ছে। ফলে ব্যবসা-বাণিজ্য, দৈনন্দিন কাজকর্ম এবং রাতের ঘুম সবকিছুই ব্যাহত হচ্ছে।
মোগরাপাড়া চৌরাস্তার এক মোবাইল ফোন ব্যবসায়ী জানান, সকালে দোকান খুলতেই বিদ্যুৎ থাকে না। আবার বাড়িতে ফিরলেও একই অবস্থা। বিদ্যুৎ না থাকায় ব্যবসায় ক্ষতি হচ্ছে, রাতে ঠিকমতো ঘুমানোও সম্ভব হচ্ছে না। এতে অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি শারীরিকভাবেও অসুস্থ হয়ে পড়ছেন তারা।
তিনি আরও বলেন, “দিনভর পরিশ্রম করার পর রাতে যদি বারবার বিদ্যুৎ চলে যায়, তাহলে বিশ্রাম নেওয়াই সম্ভব হয় না। বিদ্যুতের ইউনিট মূল্য বেড়েছে, তবুও কাঙ্ক্ষিত সেবা পাওয়া যাচ্ছে না। এভাবে চলতে থাকলে আন্দোলনে নামতে বাধ্য হব।”এইচএসসি পরীক্ষার্থী সোহান বলেন, “সামনে পরীক্ষা। প্রচণ্ড গরমে বিদ্যুৎ ছাড়া পড়াশোনা ও ঘুমানো খুবই কষ্টকর হয়ে পড়েছে। রাতেও ঘন ঘন বিদ্যুৎ চলে যাওয়ায় প্রস্তুতিতে ব্যাঘাত ঘটছে।”
সোনারগাঁয়ের ক্ষুদ্র শিল্প মালিকরা জানান, আমরা ছোটখাটো কল কারখানা চালাই। এই কলকারখানা চালিয়ে নিজে বাঁচি ও কিছু শ্রমিক বাঁচে। গত দুই বছর যাবত বিভিন্ন সমস্যা কাটিয়ে উঠার চেষ্টার পর নতুন করে শুরু হয়েছে বিদ্যুতের সমস্যা। দিনে রাতে কয়েকবার লোডশেডিংয়ের ফলে আমাদের উৎপাদন সর্বনিম্নে নেমে গেছে। উৎপাদন কম হওয়ার কারণে বিক্রিও কম এতে নিজে চলাতো দুরের কথা ব্যাংকের টাকাও পরিশোধ করতে পারছিনা। এভাবে চলতে থাকলে কলকারখানা বন্ধ করে দিয়ে পথে বসতে হবে।
এ বিষয়ে সোনারগাঁ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম আশরাফুল আলম বলেন, “লোডশেডিং একটি জাতীয় সমস্যা। বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ পরিস্থিতির ওপর ভিত্তি করে সারা দেশে বিদ্যুৎ বিতরণ করা হয়। সোনারগাঁ অন্যান্য অনেক এলাকার তুলনায় তুলনামূলক বেশি বিদ্যুৎ পাচ্ছে। লোডশেডিং করা আমাদের নিজস্ব সিদ্ধান্ত নয়।”
-

সোনারগাঁয়ে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, দোয়া মাহফিল ও আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা’র হোসেনপুর এস.পি ইউনিয়ন ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৮(জুন)রবিবার সকালে কলেজ অডিটোরিয়ামে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে কলেজ গভর্নিং বডির সভাপতি মো. জিয়াউর রহমান জিসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই এর সাবেক পরিচালক ও এম আর গ্রুপের চেয়ারম্যান,হোসেনপুর এস.পি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নবগঠিত সভাপতি আলহাজ্ব মোহাম্মদ বজলুর রহমান (সিআইপি)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী আব্দুল মতিন,হিতৈষী সদস্য মো.কবির হোসেন ভূঁইয়া বাবুল,শিক্ষাবোর্ড প্রতিনিধি মো.আলী আহমদ মেম্বার,ডিজি প্রতিনিধি মো.আব্দুল রশিদ,কলেজের সাবেক হিতৈষী সদস্য হাজী আলমগীর হোসেন।কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইয়াসমীন আরা,শিক্ষক প্রতিনিধি মো.আব্দুল গনি ও মো.আহসান হাবীব।
এছাড়াও অনুষ্ঠানে হোসেনপুর এস.পি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক মিয়াজী,মো. হুমায়ূন কবির মাস্টার,কলেজের শিক্ষক-শিক্ষিকা,অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,শুধু শিক্ষাই নয়,এই প্রতিষ্ঠান আলোকিত মানুষ গড়ার কারখানা। সুশিক্ষায় শিক্ষিত হয়ে জাতি গঠনে ভূমিকা রাখতে হবে। ভালো ফলাফলের মাধ্যমে বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে হবে এবং একজন মানবিক ও সামাজিক দায়বদ্ধ মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে।
অনুষ্ঠান শেষে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। -

সোনারগাঁয়ে বীর মুক্তিযোদ্ধা বিল্লাল চেয়ারম্যান হত্যা: ১২ বছরেও মেলেনি বিচার, ক্ষুব্ধ পরিবার
স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, ইউনিয়ন বিএনপির তৎকালীন সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা বিল্লাল হোসেন হত্যা মামলার ১২ বছর পেরিয়ে গেলেও বিচার সম্পন্ন না হওয়ায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন তাঁর পরিবারের সদস্যরা। তাদের অভিযোগ, দীর্ঘ এক যুগেও মামলার বিচারিক প্রক্রিয়া সন্তোষজনকভাবে এগোয়নি, ফলে তারা এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত।
জানা যায়, ২০১৪ সালের ২৭ জুন সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়নের ফতেপুর গ্রামে দুর্বৃত্তরা পথরোধ করে বিল্লাল হোসেনকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় দুই দিন পর, ২৯ জুন, নিহতের ছেলে মাসুম বিল্লাহ বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সনমান্দী ইউনিয়ন আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য আনোয়ার হোসেন, শহীদুল্লাহ মিয়াসহ আওয়ামী লীগ ও যুবলীগের ২০ জন নেতা-কর্মীকে আসামি করা হয়।
নিহতের পরিবারের অভিযোগ, আসামিরা দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকলেও তৎকালীন সময়ে তাদের গ্রেপ্তার কিংবা মামলার কার্যকর তদন্তে দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি। পরবর্তীতে দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর অভিযুক্তরা আত্মগোপনে চলে যান বলে দাবি পরিবারের।
নিহতের ছেলে ও ইউনিয়ন বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ বলেন, “আমার বাবাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ১২ বছর পেরিয়ে গেলেও আমরা বিচার পাইনি। আমরা চাই, দ্রুত বিচার নিশ্চিত করে দোষীদের আইনের আওতায় আনা হোক।”
তিনি আরও বলেন, “বাবার হত্যার বিচার না হওয়ায় আমাদের পরিবার আজও মানসিক কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে। রাষ্ট্রের কাছে আমাদের একটাই দাবি, এই হত্যাকাণ্ডের সুষ্ঠু ও দ্রুত বিচার নিশ্চিত করা হোক।”
এদিকে, বিল্লাল হোসেন হত্যাকাণ্ডের ১২ বছর পূর্তি উপলক্ষে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলে আবারও মামলার অগ্রগতি এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবি উঠেছে। পরিবারের সদস্যরা আশা প্রকাশ করেছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে বহু প্রতীক্ষিত ন্যায়বিচার নিশ্চিত করবে। -

সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় দস্যুতার প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও একটি সিএনজিচালিত অটোরিকশাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৬ জুন) উপজেলার পিরোজপুর ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ারের তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) ইকরাম উজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, ভাটিবন্দর এলাকার অহিদুল্লাহর ছেলে মৃদুল হাসান আপন (১৯), একই এলাকার মনির হোসেনের ছেলে মারুফ (১৯), ছোট সাদিপুর এলাকার কারী উল্লাহর ছেলে সাব্বির আহম্মেদ (১৯) এবং আইনের সহিত সংঘাতে জড়িত দুই শিশু, সামির মিয়া (১৬) ও সোহাগ (১৬)।
অভিযানকালে তাদের কাছ থেকে দুটি স্টিলের সুইচ গিয়ার ছুরি, একটি ধারালো চাপাতি, একটি ধারালো দা এবং নারায়ণগঞ্জ-থ-১১-৫৫১৬ নম্বরের একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া সোনারগাঁ থানার রেকর্ডপত্র পর্যালোচনায় তাদের বিরুদ্ধে পূর্বে কোনো বিরূপ তথ্য পাওয়া যায়নি।
সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, মাদক ও অন্যান্য অপরাধ দমনে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। -

সোনারগাঁও লোক ও কারুশিল্প ফাউন্ডেশন পরিদর্শনে মালদ্বীপের হাইকমিশনার
নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের মাননীয় হাইকমিশনার হার এক্সেলেন্সি শিউনীন রশিদ। এ সময় তাঁর সঙ্গে পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
সফরকালে হাইকমিশনার ও তাঁর পরিবারের সদস্যরা ফাউন্ডেশনে সংরক্ষিত বাংলাদেশের সমৃদ্ধ লোকজ ঐতিহ্য, বর্ণাঢ্য ইতিহাস এবং চিরায়ত লোকশিল্প ও কারুশিল্প ঘুরে দেখেন। তারা বিভিন্ন গ্যালারি ও প্রদর্শনী পরিদর্শনের মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত হন।
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কর্তৃপক্ষ অতিথিদের আন্তরিকভাবে স্বাগত জানায় এবং বাংলাদেশের লোকজ শিল্প-সংস্কৃতির সৌন্দর্য ও ঐতিহ্য তুলে ধরতে পেরে সন্তোষ প্রকাশ করে।
ফাউন্ডেশন কর্তৃপক্ষ আশা প্রকাশ করে, এই সফরের মাধ্যমে মাননীয় হাইকমিশনার ও তাঁর পরিবারের সদস্যরা বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে একটি স্মরণীয় অভিজ্ঞতা অর্জন করেছেন। পাশাপাশি তারা জানান, সংস্কৃতি দেশ ও মানুষের মধ্যে পারস্পরিক বন্ধন ও সৌহার্দ্য আরও দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। -

সোনারগাঁয়ে ৫ চুনা কারখানা উচ্ছেদ, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করে পরিচালিত ৫টি চুনা কারখানা উচ্ছেদ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। অভিযানে কারখানাগুলোর অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি স্থাপনাগুলো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।
বৃহস্পতিবার (২৬ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত পরিচালিত এ অভিযানে ঝাউচর বালুর মাঠ সংলগ্ন ১টি, মেঘনা আইডিয়াল কিন্ডারগার্টেন সংলগ্ন ১টি, মসজিদ সংলগ্ন ১টি, প্রতাপেরচর এলাকায় আব্দুল মোনেম সুগার মিলের বিপরীত পাশে ১টি এবং সল্ট ইন্ডাস্ট্রিজের বিপরীত পাশে ১টিসহ মোট ৫টি চুনা কারখানা উচ্ছেদ করা হয়।
অভিযান পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) তারিকুল ইসলাম এবং তিতাস গ্যাসের সোনারগাঁ জোনের ব্যবস্থাপক প্রকৌশলী শবিউল আওয়ালের নেতৃত্বাধীন একটি দল।
অভিযান চলাকালে এক্সক্যাভেটর মেশিনের সাহায্যে কারখানাগুলোর স্থাপনা ভেঙে ফেলা হয়। এছাড়া ফায়ার সার্ভিসের সহযোগিতায় কারখানাগুলোর আগুন নিয়ন্ত্রণ করা হয়।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে তাদের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। যেখানেই অবৈধ গ্যাস সংযোগের সন্ধান পাওয়া যাবে, সেখানেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। -

মাদকের কড়াল গ্রাসে ধ্বংসের পথে সোনারগাঁ, এমপি আজহারুল ইসলাম মান্নানের হস্তক্ষেপ কামনা
নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভাজুড়ে মাদকের বিস্তার ভয়াবহ আকার ধারণ করেছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সচেতন নাগরিকরা। তাদের দাবি, মাদকের সহজলভ্যতার কারণে ধীরে ধীরে ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে এলাকার যুবসমাজ। এ অবস্থায় মাদক নির্মূলে কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য স্থানীয় সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান-এর হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গুরুত্বপূর্ণ বাজার এলাকায় ইয়াবা, গাঁজা, ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদকের বেচাকেনা দীর্ঘদিন ধরে চললেও তা নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ দৃশ্যমান নয়। বিশেষ করে তরুণ ও কিশোরদের একটি অংশ মাদকের প্রতি আসক্ত হয়ে পড়ায় পরিবার ও সমাজে উদ্বেগ বাড়ছে।
সচেতন মহলের অভিযোগ, মাদকের কারণে এলাকায় চুরি, ছিনতাই, কিশোর গ্যাং, পারিবারিক কলহ এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাচ্ছে। অনেক পরিবার তাদের সন্তানদের নিয়ে চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে। শিক্ষার্থীদের মধ্যেও মাদকের প্রভাব বিস্তারের আশঙ্কা দেখা দিয়েছে।
নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকমে প্রকাশিত মাদকবিরোধী বিভিন্ন প্রতিবেদনের পর সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় পর্যায়ে এ বিষয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই মন্তব্য করে মাদক ব্যবসায়ী ও তাদের আশ্রয়দাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।স্থানীয় বাসিন্দারা বলেন, প্রশাসনের নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি মাদক ব্যবসায়ীদের রাজনৈতিক ও সামাজিক প্রভাবমুক্তভাবে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে যুবসমাজকে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সামাজিক উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত করার উদ্যোগ গ্রহণ জরুরি।
এ বিষয়ে সচেতন নাগরিকরা বলেন, “সোনারগাঁকে মাদকমুক্ত করতে জনপ্রতিনিধি, প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক ও সমাজের সর্বস্তরের মানুষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। বিশেষ করে সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের সরাসরি তদারকি ও কার্যকর ভূমিকা এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।”
স্থানীয়দের প্রত্যাশা, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হলে সোনারগাঁর যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা সম্ভব হবে।
-

কাঁচপুরে বাস টার্মিনাল পরিদর্শনে প্রতিমন্ত্রী: ছয় মাসের মধ্যে নাগরিক সুবিধা নিশ্চিতের আশ্বাস
নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে নির্মাণাধীন বাস টার্মিনাল পরিদর্শন করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ। বুধবার (২৪ জুন) বিকেলে পরিদর্শনকালে তিনি জানান, আগামী ছয় মাসের মধ্যে ঢাকা-যাত্রাবাড়ী বাস টার্মিনালের সার্বিক কার্যক্রম বাস্তবায়ন করে যাত্রীসেবার মান উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করা হবে।
প্রতিমন্ত্রী বলেন, ঢাকাকে যানজটমুক্ত করতে সরকার সমন্বিত বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে যাত্রাবাড়ী-সায়েদাবাদ বাস টার্মিনালের কিছু কার্যক্রম কেরানীগঞ্জ ও নারায়ণগঞ্জের কাঁচপুরে স্থানান্তরের কাজ চলমান রয়েছে।
তিনি আরও বলেন, বিগত সরকারের আমলে কয়েকটি বাস টার্মিনালকে ডিপো হিসেবে ব্যবহার করায় রাজধানীতে তীব্র যানজট সৃষ্টি হয়েছিল। বর্তমান সরকার সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে এবং সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে। এ লক্ষ্যে দেশের গুরুত্বপূর্ণ বাস টার্মিনালগুলো পরিদর্শন করা হচ্ছে।
প্রতিমন্ত্রী জানান, ঢাকা-সিলেট মহাসড়কের উন্নয়ন কাজ ইতোমধ্যে ৪৮ শতাংশ সম্পন্ন হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন সড়ক ও মহাসড়কের চলমান উন্নয়ন কাজ দ্রুত সময়ের মধ্যে শেষ করা হবে। রাজধানীর গুরুত্বপূর্ণ সিগন্যাল পয়েন্টগুলোতে পর্যায়ক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
পরিদর্শনকালে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ জিয়াউল হক, প্রধান প্রকৌশলী সৈয়দ ময়নুল হাসান, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, জেলা প্রশাসক রায়হান কবির, উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারোয়ার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও কাঁচপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হক রুমি এবং কাঁচপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোমেন খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। -

সোনারগাঁয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই সদস্য গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
মঙ্গলবার (২৩ জুন) নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ারের তত্ত্বাবধানে পরিচালিত বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন, মাছুম আহম্মেদ (৪৫)। তিনি কাঁচপুর ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা এবং সাবেক কাঁচপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সোনারগাঁ থানা স্বেচ্ছাসেবক লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক পদপ্রার্থী ছিলেন।
অপর গ্রেফতারকৃত সজল ভূঁইয়া (৩৮) নোয়াগাঁও ইউনিয়ন যুবলীগের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত। তিনি সোনারগাঁ ইউনিয়নের শেখকান্দি দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা।পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পর আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।
সোনারগাঁ থানা পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। -

কাঁচপুরে আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মুখে মাস্ক পরে মিছিল
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মুখে মাস্ক পরে মিছিল বের করার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২৩ জুন) দুপুরে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের কাঁচপুর এলাকায় নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের ব্যানারে এ মিছিল করা হয় বলে সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হয়েছে। এ সংক্রান্ত প্রায় ২ মিনিট ২৯ সেকেন্ডের একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে শতাধিক ব্যক্তিকে মুখে মাস্ক পরে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় বলে জানা গেছে। তারা আওয়ামী লীগ, শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনাকে কেন্দ্র করে বিভিন্ন স্লোগান দেন। মিছিলে অংশগ্রহণকারীদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি।
এ বিষয়ে দাবি করা হয়েছে, নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য নাসিম ওসমানের পুত্র ও মহানগর যুবলীগ নেতা আজমেরী ওসমানের সমর্থকরা এ মিছিল করেছেন। তবে এ বিষয়ে স্বাধীনভাবে কোনো পক্ষের বক্তব্য যাচাই করা যায়নি।
এদিকে, ঘটনাটি সম্পর্কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে অবগত নন বলে জানিয়েছেন।
কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ বলেন, “মিছিলের বিষয়ে আমরা অবগত নই। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সারোয়ার বলেন, “সকাল থেকে আমি কাঁচপুর এলাকায় অবস্থান করছি। আমার জানা মতে ওই এলাকায় কোনো মিছিল হয়নি। তবে কাঁচপুর থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত পুলিশ মোতায়েন রয়েছে। বিষয়টি যাচাই করা হচ্ছে।”
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন ও অপরাধ) তারেক আল মেহদী বলেন, “এ ধরনের কোনো মিছিলের ভিডিও এখনো আমাদের কাছে আসেনি। অনেক সময় পুরোনো ভিডিওও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”
-

সোনারগাঁয়ে ডিবি পুলিশ পরিচয়ে কাপড় ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ, নগদ টাকা লুটের দাবি
নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের বুরুমদী গ্রামে ডিবি পুলিশের পরিচয় দিয়ে এক কাপড় ব্যবসায়ীর বাড়িতে হামলা, ভাঙচুর ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৩ জুন) সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী রিয়াদ কবির সোনারগাঁও থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, একই এলাকার পিয়ার হোসেন, মাসুম, শফিকুল ইসলাম, আল-আমিন, লিটন হোসেন, ফর্মা হোসেনসহ কয়েকজন ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে রিয়াদ কবিরের বাড়িতে প্রবেশ করেন। তারা মাদক উদ্ধারের কথা বলে বাড়িতে তল্লাশি চালান এবং ঘরের আসবাবপত্র তছনছ করেন। এ সময় রিয়াদ কবিরকে মারধরের পাশাপাশি ঘরে থাকা নগদ ৪ লাখ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।
ঘটনার পর অভিযুক্তরা চলে যাওয়ার সময় একটি পরিচয়পত্র ফেলে যায় বলে দাবি করেন ভুক্তভোগী। পরিচয়পত্রটিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একজন সিপাহির নাম ও পরিচয় উল্লেখ রয়েছে। পরে শরীফ হোসেন নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক সদস্যের পরিচয়ে কেউ ওই পরিচয়পত্র ফেরত দেওয়ার জন্য হুমকি দিয়েছেন বলেও অভিযোগ করা হয়।
তবে শরীফ হোসেন দাবি করেন, তিনি কাউকে ফোন করেননি এবং ঘটনাটি সম্পর্কে কিছু জানেন না।
ভুক্তভোগী রিয়াদ কবির বলেন, পূর্ব শত্রুতার জেরে একটি চক্র পুলিশ ও প্রশাসনের নাম ব্যবহার করে তার পরিবারকে হয়রানি করছে। মাদক উদ্ধারের অজুহাতে বাড়িতে তাণ্ডব চালিয়ে নগদ অর্থ নিয়ে যাওয়া হয়েছে। নিরাপত্তা ও আইনি প্রতিকার চেয়ে তিনি থানায় অভিযোগ করেছেন।
অভিযোগের বিষয়ে পিয়ার হোসেন বলেন, তিনি এ ঘটনার সঙ্গে জড়িত নন। গত তিনদিন ধরে তিনি ওই এলাকায় যাননি বলেও দাবি করেন। তবে তিনি শুনেছেন, প্রশাসনের লোকজনকে রিয়াদ ও তার পরিবারের সদস্যরা মারধর করেছেন।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সারোয়ার জানান, অভিযোগ গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় ব্যবহার করে কাউকে হয়রানি করা গুরুতর অপরাধ। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।